পৌল করিন্থের মানুষদের চিঠি লেখেন

প্রেরিত হিসেবে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে, মণ্ডলীর অনিয়ম ও বিশৃঙ্খলার জন্য তিরস্কার করতে এবং বিশ্বাস গ্রহণকারীদের মতবাদ ও শৃঙ্খলার বিভিন্ন বিষয়সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে পৌল করিন্থের মানুষদের তাঁর প্রথম চিঠি লেখেন।

57 খ্রিস্টাব্দ

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

পৌল করিন্থের মানুষদের শুভেচ্ছা জানান

পৌলের ভূমিকা, যেখানে তিনি তাঁর প্রেরিতত্ব ও খ্রীষ্ট যীশুতে বিশ্বাসীদের ঐক্য দৃঢ়ভাবে ঘোষণা করেন।

1 করিন্থীয় 1:1–3

1 পৌল, ঈশ্বরের ইচ্ছায় খ্রীষ্ট যীশুর আহূত প্রেরিতশিষ্য ও আমাদের ভাই সোস্থিনি,

2 করিন্থে অবস্থিত ঈশ্বরের মণ্ডলীর প্রতি, খ্রীষ্ট যীশুতে যাদের শুচিশুদ্ধ ও পবিত্ররূপে আহ্বান করা হয়েছে তাদের প্রতি, সেই সঙ্গে যারা সর্বত্র আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে ডাকে, তাদের সকলের প্রতি; তিনি তাদের ও আমাদেরও প্রভু।

3 আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্ট থেকে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক।

পৌল তাদের বিশ্বাস গ্রহণ ও দানগুলির জন্য আনন্দ করেন

পৌল তাদের বিশ্বাস গ্রহণ এবং খ্রীষ্টের সত্যতার সাক্ষ্য হিসেবে তারা যেসব আত্মিক দান পেয়েছিল, সেগুলির জন্য আনন্দ করেন।

1 করিন্থীয় 1:4–9

4 খ্রীষ্ট যীশুতে যে অনুগ্রহ তোমাদের দেওয়া হয়েছে, সেজন্য আমি প্রতিনিয়ত ঈশ্বরকে ধন্যবাদ দিই। 5 কারণ তাঁতেই তোমরা—তোমাদের সমস্ত কথাবার্তায় ও তোমাদের সমস্ত জ্ঞানে—সর্বতোভাবে সমৃদ্ধ হয়েছ। 6 কারণ খ্রীষ্ট সম্পর্কে আমাদের সাক্ষ্য তোমাদের মধ্যে স্বীকৃত হয়েছে। 7 এই কারণে যখন তোমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের প্রকাশের জন্য সাগ্রহে অপেক্ষা করছ, তোমাদের মধ্যে কোনও আত্মিক বরদানের অভাব ঘটেনি। 8 তিনিই শেষ পর্যন্ত তোমাদের সবল রাখবেন, যেন তোমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের দিনে অনিন্দনীয় থাকতে পারো। 9 ঈশ্বর, যিনি তাঁর পুত্র, আমাদের প্রভু, যীশু খ্রীষ্টের সহভাগিতায় তোমাদের আহ্বান করেছেন, তিনি বিশ্বাসযোগ্য।

পৌল দলাদলি নয়, ঐক্যের আহ্বান জানান

যেসব নেতার নামে তারা দলভুক্ত হয়েছিল, তাঁদের অনুসরণ না করে যীশু খ্রীষ্টের নামে ঐক্যবদ্ধ হতে পৌল তাদের আহ্বান জানান; তাঁর মধ্যে কোনো বিভেদ ছিল না।

1 করিন্থীয় 1:10–17

10 ভাইবোনেরা, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে তোমাদের কাছে নিবেদন করছি, তোমরা সকলে পরস্পর অভিন্নমত হও, যেন তোমাদের মধ্যে কোনোরকম দলাদলি না হয় এবং তোমরা যেন মনে ও চিন্তায় সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ থাকো। 11 আমার ভাইবোনরা, ক্লোয়ীর পরিজনদের মধ্যে কয়েকজন আমাকে এই সংবাদ দিয়েছে যে, তোমাদের মধ্যে ঝগড়া-বিবাদ আছে। 12 আমি যা বলতে চাই, তা হল এই: তোমাদের মধ্যে একজন বলে, “আমি পৌলের অনুসারী,” অন্য একজন বলে, “আমি আপল্লোর অনুসারী,” আরও একজন বলে, “আমি কৈফার অনুসারী”; এছাড়াও অন্য একজন বলে, “আমি খ্রীষ্টের অনুসারী।”

13 খ্রীষ্ট কি বিভাজিত হয়েছেন? পৌল কি তোমাদের জন্য ক্রুশবিদ্ধ হয়েছে? তোমরা কি পৌলের নামে বাপ্তাইজিত হয়েছ? 14 আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে, ক্রীষ্প ও গায়ো ছাড়া তোমাদের মধ্যে আমি কাউকে বাপ্তিষ্ম দিইনি, 15 তাই কেউই বলতে পারে না যে, তোমরা আমার নামে বাপ্তিষ্ম গ্রহণ করেছ। 16 (হ্যাঁ, আমি স্তেফানার পরিজনদেরও বাপ্তিষ্ম দিয়েছি, এছাড়া আর কাউকে যে আমি বাপ্তিষ্ম দিয়েছি, তা আমার মনে পড়ে না।) 17 কারণ খ্রীষ্ট আমাকে বাপ্তিষ্ম দেওয়ার জন্য পাঠাননি, কিন্তু সুসমাচার প্রচারের জন্য—কিন্তু তা মানবিক জ্ঞানের বাক্য দিয়ে নয় কারণ এতে খ্রীষ্টের ক্রুশের পরাক্রম ক্ষুণ্ণ হয়।

ক্রুশ মানুষের প্রজ্ঞাকে ছাড়িয়ে যায়

পৌল দৃঢ়ভাবে জানান যে তাঁকে পাণ্ডিত্যপূর্ণ ও নিপুণ বাগ্মিতার সাহায্যে সুসমাচার প্রচার করতে পাঠানো হয়নি, যাতে ঈশ্বরের পরাক্রম উপেক্ষিত না হয়। তিনি ঘোষণা করেন যে মানুষের প্রজ্ঞা বা বিদ্যা দিয়ে সুসমাচারের সত্যগুলি আবিষ্কার করা যায় না। যদিও অবিশ্বাসীদের কাছে ক্রুশের প্রচার মূর্খতা বলে মনে হয়, তবু তা মানুষের প্রজ্ঞাকে ছাড়িয়ে যায় এবং বিশ্বাস গ্রহণকারী ইহুদি ও গ্রিক উভয়ের পরিত্রাণের জন্য ঈশ্বরের পরাক্রম। সুসমাচারের প্রজ্ঞার বিরুদ্ধে দাঁড়ানো বিদ্বান দার্শনিকদের ও ইহুদিদের বিশিষ্ট ব্যক্তিদের লজ্জিত করতে ঈশ্বর মানুষের মধ্যে সবচেয়ে অবজ্ঞাতদের বেছে নিয়েছেন। তুলনা করে তিনি দেখান মানুষের সমস্ত অর্জন কত নিকৃষ্ট, যাতে প্রভু ছাড়া আর কিছু নিয়ে কেউ গর্ব না করে।

1 করিন্থীয় 1:18–31

18 কারণ যারা ধ্বংস হচ্ছে সেই ক্রুশের বার্তা তাদের কাছে মূর্খতা, কিন্তু আমরা যারা পরিত্রাণ লাভ করছি, এই বাক্য হল ঈশ্বরের পরাক্রমস্বরূপ। 19 কারণ একথা লেখা আছে:

“আমি জ্ঞানীদের জ্ঞান নষ্ট করব,

বুদ্ধিমানদের বুদ্ধি ব্যর্থ করব।”

20 জ্ঞানবান মানুষ কোথায়? বিধানের শিক্ষকই বা কোথায়? এই যুগের দার্শনিক কোথায়? ঈশ্বর কি জগতের জ্ঞানকে মূর্খতায় পরিণত করেননি? 21 কারণ, যেহেতু ঈশ্বরের জ্ঞান অনুসারে জগৎ তার জ্ঞানে তাঁকে জানতে পারেনি, তাই যা প্রচারিত হয়েছিল সেই মূর্খতার মাধ্যমে যারা বিশ্বাস করে ঈশ্বর তাদের পরিত্রাণ দিতে প্রীত হলেন। 22 ইহুদিরা অলৌকিক বিভিন্ন চিহ্ন দাবি করে এবং গ্রিকেরা জ্ঞানের খোঁজ করে, 23 কিন্তু আমরা ক্রুশবিদ্ধ খ্রীষ্টকে প্রচার করি; তিনি ইহুদিদের কাছে প্রতিবন্ধকতাস্বরূপ ও অইহুদিদের কাছে মূর্খতাস্বরূপ। 24 কিন্তু ইহুদি ও গ্রিক নির্বিশেষে, ঈশ্বর যাদের আহ্বান করেছেন, তাদের কাছে খ্রীষ্টই হলেন ঈশ্বরের পরাক্রম ও ঈশ্বরের জ্ঞান। 25 কারণ ঈশ্বরের মূর্খতা মানুষের জ্ঞান থেকেও বেশি জ্ঞানসম্পন্ন এবং ঈশ্বরের দুর্বলতা মানুষের শক্তি থেকেও বেশি শক্তিশালী।

26 ভাইবোনেরা, ভেবে দেখো, যখন তোমাদের আহ্বান করা হয়, তখন তোমরা কী ছিলে? মানবিক মানদণ্ড অনুসারে, তোমরা অনেকেই জ্ঞানী ছিলে না; অনেকেই প্রভাবশালী ছিলে না; অনেকেই অভিজাত বংশীয় ছিলে না। 27 কিন্তু ঈশ্বর জগতের মূর্খ বিষয়গুলি মনোনীত করলেন, যেন জ্ঞানীদের লজ্জা দেন; ঈশ্বর জগতের দুর্বল বিষয়গুলি মনোনীত করলেন, যেন শক্তিসম্পন্ন বিষয়গুলিকে লজ্জিত করেন। 28 তিনি জগতের যা কিছু নিচুস্তরের, যা কিছু তুচ্ছ, আবার যেসব বিষয় কিছুই নয়, সেইসব বিষয় মনোনীত করলেন, যেন যা কিছু আছে সেগুলিকে নাকচ করেন, 29 যেন কোনো মানুষ তাঁর সামনে গর্ব করতে না পারে। 30 তাঁরই কারণে তোমরা খ্রীষ্ট যীশুতে আছ, যিনি আমাদের জন্য হয়েছেন ঈশ্বর থেকে জ্ঞান—অর্থাৎ, আমাদের ধার্মিকতা, পবিত্রতা ও মুক্তি। 31 অতএব, যেমন লেখা আছে, “যে গর্ব করে, সে প্রভুতেই গর্ব করুক।”

পৌল মানবীয় বাগ্মিতা ছাড়াই প্রচার করেছিলেন

পৌল ঘোষণা করেন যে তিনি যখন তাদের কাছে সুসমাচার প্রচার করেছিলেন, তখন তাদের ভ্রান্ত শিক্ষকদের মতো কোনো মানবীয় বিদ্যা বা বাগ্মিতা দিয়ে তা সাজিয়ে তোলেননি। তাঁর যুক্তিগুলি ঈশ্বরীয় প্রত্যাদেশের সাক্ষ্য থেকে নেওয়া হয়েছিল এবং অলৌকিক কাজের পরাক্রমে সেগুলি সমর্থিত হয়েছিল। তাই তাদের বিশ্বাস যেন মানুষের প্রজ্ঞা বা দর্শনের উপর নির্ভর না করে।

1 করিন্থীয় 2:1–5

1 ভাইবোনেরা, আমি যখন তোমাদের কাছে গিয়েছিলাম, আমি কোনো বাক্যের অলংকার ব্যবহার বা জ্ঞানের উৎকৃষ্টতায় তোমাদের কাছে ঈশ্বরের সাক্ষ্য ঘোষণা করতে যাইনি। 2 কারণ আমি মনস্থির করেছিলাম, তোমাদের সঙ্গে থাকার সময়, আমি যীশু খ্রীষ্ট ও তাঁকে ক্রুশবিদ্ধ বলে জানা ছাড়া আর কিছুই জানতে চাইব না। 3 আমি দুর্বলতায় ও ভয়ে এবং মহাকম্পিত হয়ে তোমাদের কাছে গিয়েছিলাম। 4 আমার বার্তা ও আমার প্রচার কোনও জ্ঞানের বা প্রেরণা দেওয়ার বাক্যযুক্ত ছিল না, কিন্তু ছিল পবিত্র আত্মার পরাক্রমের প্রদর্শনযুক্ত, 5 যেন তোমাদের বিশ্বাস মানবীয় জ্ঞানের উপরে প্রতিষ্ঠিত না হয়ে ঈশ্বরের পরাক্রমের উপরে হয়।

আত্মার দ্বারা প্রকাশিত ঈশ্বরের গুপ্ত প্রজ্ঞা

এরপর পৌল দেখান যে, তিনি জাগতিক প্রজ্ঞা ব্যবহার না করলেও করিন্থের মানুষদের তাদের ভ্রান্ত শিক্ষকদের নিয়ে গর্ব করার কোনো কারণ নেই। কারণ তিনি ঈশ্বরের সেই গুপ্ত রহস্যের কথা বলেন, যা আত্মা তাঁর কাছে প্রকাশ করেছেন এবং যা মানুষের কোনো প্রচেষ্টা বা অধ্যয়নের দ্বারা জানা সম্ভব নয়। পবিত্র আত্মার প্রচারের মাধ্যমে তিনি তাদের কাছে ঈশ্বরের গভীর বিষয়গুলি ঘোষণা করেন, যা কেবল ঈশ্বরের আত্মার দ্বারাই প্রকাশিত হতে পারে। স্বাভাবিক, অনাধ্যাত্মিক মানুষ, যার মানবীয় ক্ষমতা ছাড়া আর কোনো সহায় নেই, সেই বিষয়গুলি এমনকি গ্রহণও করতে পারে না।

1 করিন্থীয় 2:6–16

6 যারা পরিণত তাদের কাছে আমরা জ্ঞানের কথা বলে থাকি, তা কিন্তু এই যুগের জ্ঞান অনুযায়ী নয় বা এই যুগের শাসকদেরও নয়, যারা ক্রমেই মূল্যহীন হয়ে পড়ছেন। 7 না, আমরা ঈশ্বরের গোপন জ্ঞানের কথা বলি, যে নিগূঢ়তত্ত্ব গুপ্ত ছিল, যা সময় শুরু হওয়ার আগেই ঈশ্বর আমাদের মহিমার জন্য নির্দিষ্ট করে রেখেছিলেন। 8 এই যুগের শাসকদের কেউই তা বুঝতে পারেননি, কারণ যদি পারতেন, তাহলে তাঁরা মহিমার প্রভুকে ক্রুশবিদ্ধ করতেন না। 9 কিন্তু, যেমন লেখা আছে,

“কোনো চোখ যা দেখেনি, কোনো কান যা শোনেনি,

কোনো মানুষের মনে যা আসেনি,

যারা তাঁকে ভালোবাসে,

ঈশ্বর তাদের জন্য তাই প্রস্তুত করেছেন।”

10 কিন্তু ঈশ্বর, তাঁর আত্মার দ্বারা, সেসব আমাদের কাছে প্রকাশ করেছেন।

আত্মা সকল বিষয়ের, এমনকি, ঈশ্বরের নিগূঢ় বিষয়গুলিও অনুসন্ধান করেন। 11 কারণ মানুষের অন্তরের আত্মা ছাড়া কোনো মানুষের চিন্তা কে জানতে পারে? একইভাবে, ঈশ্বরের চিন্তাভাবনা ঈশ্বরের আত্মা ছাড়া আর কেউই জানতে পারে না। 12 আমরা জগতের আত্মাকে লাভ করিনি, কিন্তু লাভ করেছি সেই আত্মাকে, যিনি ঈশ্বর থেকে নির্গত হয়েছেন, যেন আমরা বুঝতে পারি, ঈশ্বর বিনামূল্যে আমাদের কী দান করেছেন। 13 আমরা একথাই বলি, মানুষের জ্ঞান দ্বারা আমাদের শেখানো ভাষায় নয়, কিন্তু পবিত্র আত্মার দ্বারা শেখানো ভাষায়, যা আত্মিক বিভিন্ন সত্যকে আত্মিক ভাষায় ব্যক্ত করে। 14 প্রাকৃতিক মানুষ ঈশ্বরের আত্মা থেকে আগত বিষয়গুলি গ্রহণ করতে পারে না, কারণ সেসব তার কাছে মূর্খতা। সে সেগুলি বুঝতেও পারে না, কারণ সেগুলিকে আত্মিকভাবে বিচার-বিশ্লেষণ করতে হয়। 15 আত্মিক চেতনা সম্পন্ন মানুষ সব বিষয়েরই বিচার করে, কিন্তু সে স্বয়ং কোনো মানুষের বিচারাধীন হয় না।

16 “কারণ প্রভুর মন কে জানতে পেরেছে,

যে তাঁকে পরামর্শ দান করতে পারে?”

কিন্তু খ্রীষ্টের মন আমাদের আছে।