পরিচারকদের নিয়ে দলাদলি আধ্যাত্মিকতা নষ্ট করে
পৌল দেখান যে, মণ্ডলীর পরিচারকদের বিভিন্ন দান সম্পর্কে লোকদের মতামত থেকে মণ্ডলীতে যে দলাদলি সৃষ্টি হয়, তা আধ্যাত্মিকতা নষ্ট করে।
57 খ্রিস্টাব্দ
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 ভাইবোনেরা, আমি তোমাদের আত্মিক চেতনা সম্পন্ন মানুষরূপে সম্বোধন করতে পারিনি, কিন্তু করেছি জাগতিক মানুষরূপে—খ্রীষ্টে নিতান্তই শিশুদের মতো। 2 আমি তোমাদের দুধ পান করতে দিয়েছি, কঠিন খাবার নয়, কারণ তার জন্য তখনও তোমরা প্রস্তুত ছিলে না। 3 তোমরা এখনও জাগতিকমনা রয়েছ। কারণ তোমাদের মধ্যে, যেহেতু ঈর্ষা ও কলহবিবাদ রয়েছে, তা কি প্রমাণ করে না যে, তোমাদের মধ্যে এখনও জাগতিক প্রবৃত্তি রয়েছে? তোমরা কি নিতান্তই জাগতিক মানুষের মতো আচরণ করছ না? 4 কারণ যখন একজন বলে, “আমি পৌলের অনুসারী,” অন্যজন, “আমি আপল্লোর অনুসারী,” তাহলে তোমরা কি নিতান্তই সাধারণ মানুষ নও?
5 তাহলে আপল্লো কে? আর পৌল-ই বা কে? কেবল পরিচারক মাত্র, যাদের দ্বারা তোমরা বিশ্বাসী হয়েছ—যেমন প্রভু তাদের প্রত্যেকের উপরে দায়িত্ব অর্পণ করেছেন। 6 আমি বীজবপন করেছি, আপল্লো এতে জল দিয়েছেন, কিন্তু ঈশ্বর তা বৃদ্ধি পেতে সাহায্য করেছেন। 7 তাই, যে বীজবপন করেছে সে কিছু নয়, যে জল দিয়েছে সেও কিছু নয়, কিন্তু কেবলমাত্র ঈশ্বর, যিনি সবকিছু বৃদ্ধি পেতে সাহায্য করেন। 8 যে বীজবপন করে এবং যে জল দেয়, তাদের উদ্দেশ্য একই থাকে। তাই প্রত্যেক ব্যক্তি, যে যেমন পরিশ্রম করে, সেই অনুযায়ী পুরস্কৃত হবে। 9 কারণ, আমরা ঈশ্বরের সহকর্মী; তোমরা ঈশ্বরের জমি, ঈশ্বরেরই ভবন।
10 ঈশ্বর আমাকে যে অনুগ্রহ-দান করেছেন, তার দ্বারা এক দক্ষ স্থপতির মতো আমি এক ভিত্তিমূল স্থাপন করেছি, আর অন্য কেউ তার উপর নির্মাণকাজ করছে। কিন্তু প্রত্যেককে সতর্ক থাকবে হবে যে, সে কীভাবে নির্মাণ করছে।
খ্রীষ্টই একমাত্র ভিত্তি
যীশু খ্রীষ্টই খ্রীষ্টধর্মের একমাত্র ভিত্তি। যারা এই ভিত্তির উপর নির্মাণ করে, তাদের সাবধান হতে বলা হয়েছে, কারণ তাদের এক কঠোর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। যে শিক্ষক ভ্রান্ত মতবাদ এনেছে, সে দেখবে যে নির্যাতনের সময় তার দ্বারা বিশ্বাসে আসা লোকেরা আগুনে কাঠ, খড় ও নাড়ার মতোই বিশ্বাস থেকে সরে যাচ্ছে, আর সে নিজেও অতি কষ্টে রক্ষা পাবে। অন্যদিকে, যারা এই ভিত্তির উপর নির্ভুল ও উত্তম শিক্ষা গড়ে তুলেছে, তারা দেখবে যে তাদের দ্বারা বিশ্বাসে আসা লোকেরা রুপো ও সোনার মতো আগুনের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে, আর শিক্ষক নিজেও তার পরিশ্রমের পুরস্কার পাবে।
11 কারণ ইতিমধ্যেই যে ভিত্তিমূল স্থাপিত হয়েছে, তা ছাড়া অন্য কোনও ভিত্তিমূল আর কেউ স্থাপন করতে পারে না। সেই ভিত্তিমূল হল যীশু খ্রীষ্ট। 12 কেউ যদি এই ভিত্তিমূলের উপরে সোনা, রুপো, মণিমাণিক্য, কাঠ, খড় বা নাড়া দিয়ে নির্মাণ করে, 13 তার কাজের যথার্থ রূপ প্রকাশ করা হবে, কারণ সেদিনই তা আলোতে প্রকাশ করবে। আগুনের মাধ্যমে তা প্রকাশিত হবে এবং আগুন প্রত্যেক মানুষের কাজের গুণমান যাচাই করবে। 14 সে যা নির্মাণ করেছে, তা যদি থেকে যায়, সে তার পুরস্কার লাভ করবে। 15 যদি তা আগুনে পুড়ে যায় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। সে নিজে রক্ষা পাবে, কিন্তু কেবলমাত্র আগুনের শিখা থেকে উত্তীর্ণ মানুষের মতো।
এই জগতের প্রজ্ঞা মূর্খতা
পৌল ঘোষণা করেন যে, যে শিক্ষক ইচ্ছাকৃতভাবে মণ্ডলীতে ভ্রান্ত মতবাদ আনে, সে যত সফলই হোক না কেন, ধ্বংস হবে। এই জগতের প্রজ্ঞা ঈশ্বরের দৃষ্টিতে মূর্খতা। তাই তাদের উচিত নয় নিজেদের শিক্ষকদের বা তাদের বহুলপ্রশংসিত দর্শন নিয়ে গর্ব করে মণ্ডলীতে দলাদলি সৃষ্টি করা। একজন খ্রীষ্টিয়ানের প্রকৃত গৌরব খ্রীষ্টে, যিনি ঈশ্বরের, এবং একমাত্র যাঁর মাধ্যমে আমরা পরিত্রাণের প্রতিশ্রুতিগুলি পাই, যা সুসমাচারের প্রচারকেরা দিতে পারে না।
16 তোমরা কি জানো না যে তোমরা নিজেরাই হলে ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে অধিষ্ঠান করেন? 17 কেউ যদি ঈশ্বরের মন্দির ধ্বংস করে, ঈশ্বর তাকে ধ্বংস করবেন, কারণ ঈশ্বরের মন্দির শুচিশুদ্ধ এবং তোমরাই হলে সেই মন্দির।
18 তোমরা নিজেদের সঙ্গে প্রতারণা কোরো না। তোমাদের মধ্যে কেউ যদি এই যুগের মানদণ্ড অনুসারে নিজেকে জ্ঞানী বলে ভাবে, তাকে “মূর্খ” হতে হবে, যেন সে জ্ঞানী হতে পারে। 19 কারণ ঈশ্বরের দৃষ্টিতে এই জগতের জ্ঞান মূর্খতামাত্র। যেমন লেখা আছে: “জ্ঞানীদের তিনি তাদের ধূর্ততায় ধরে ফেলেন,” 20 আবার, “প্রভু জানেন যে, জ্ঞানীদের চিন্তাভাবনা অসার।” 21 তাহলে, কোনো মানুষ সম্পর্কে কেউ যেন আর গর্ব না করে! সব বিষয়ই তোমাদের জন্য, 22 পৌল হোক বা আপল্লো বা কৈফা বা জগৎ বা জীবন বা মৃত্যু বা বর্তমানকাল বা ভাবীকাল—সবকিছুই তোমাদের, 23 আর তোমরা খ্রীষ্টের ও খ্রীষ্ট ঈশ্বরের।
কেবল ঈশ্বরই তাঁর দাসদের বিচার করেন
খ্রীষ্টের দাস হিসেবে প্রেরিতদের কর্তব্য হল, মানুষ যতটা গ্রহণ করতে প্রস্তুত হয়, সেই অনুযায়ী তাদের কাছে সুসমাচারের রহস্যগুলি প্রকাশ করা। করিন্থের মানুষদের খ্রীষ্টধর্মের গভীরতর মতবাদ শিক্ষা না দেওয়ার জন্য ভ্রান্ত শিক্ষকেরা পৌলের সমালোচনা করেছিল। এর উত্তরে পৌল ঘোষণা করেন যে, মানুষের বিচারে দোষী সাব্যস্ত হওয়া তেমন গুরুত্বপূর্ণ নয়, কারণ কেবল ঈশ্বরই সঠিক বিচার করতে পারেন, আর একমাত্র তিনিই হৃদয়ের গোপন বিষয়গুলি জানেন। তাই তিনি তাদের অনুরোধ করেন যেন তারা নিজেদের আধ্যাত্মিক শিক্ষকদের বিচার না করে।
1 তাহলে, লোকেরা আমাদের অবশ্যই খ্রীষ্টের পরিচারক ও ঈশ্বরের গোপন বিষয়সমূহের ধারক বলে মনে করুক। 2 এখন, যাকে তত্ত্বাবধায়কের দায়িত্ব দেওয়া হয়েছে, তার বিশ্বস্ততা প্রমাণিত হওয়া আবশ্যক। 3 তোমাদের কাছে, কিংবা মানুষের কোনও আদালতে যদি আমার বিচার হয়, আমি তা নগণ্য বিষয় বলেই মনে করি। প্রকৃতপক্ষে, আমি নিজেরও বিচার করি না। 4 আমার বিবেক পরিষ্কার, কিন্তু তা আমাকে নির্দোষ প্রতিপন্ন করে না। যিনি আমার বিচার করেন, তিনি প্রভু। 5 অতএব, নির্দিষ্ট সময়ের পূর্বে তোমরা কোনো কিছুরই বিচার কোরো না। প্রভুর আগমন পর্যন্ত অপেক্ষা করো। অন্ধকারে যা গুপ্ত আছে, তা তিনি আলোয় নিয়ে আসবেন এবং সব মানুষের হৃদয়ের অভিপ্রায় উদ্ঘাটিত করবেন। সেই সময় প্রত্যেকে ঈশ্বর থেকে তার প্রশংসা লাভ করবে।
প্রেরিতেরা অবজ্ঞাত, ভ্রান্ত শিক্ষকেরা সম্মানিত
পৌল ঘোষণা করেন যে, তিনি নিজের ও আপল্লোর নাম ব্যবহার করেছেন, যাতে তারা নিজেদের পৃথক নেতাদের অতিরিক্ত বড়ো করে দেখতে না শেখে এবং তার ফলে অহংকারে ফুলে উঠে পরস্পরের প্রতি ক্রোধ ও অবজ্ঞা পোষণ না করে। পৌল ও আপল্লো কেবল খ্রীষ্টের দাস ছিলেন, যাঁদের পরিচর্যার মাধ্যমে খ্রীষ্টিয়ানেরা বিশ্বাস করেছিল। তাঁরা তাদের মধ্যে সবরকম উপাধি ও বিশেষ মর্যাদা প্রত্যাখ্যান করেছিলেন, যাতে তাঁদের উদাহরণ থেকে করিন্থের মানুষেরা শিখতে পারে যে, তিনি যা লিখেছেন তার চেয়ে বেশি মূল্য তাদের শিক্ষকদের দেওয়া উচিত নয়। এরপর পৌল ভ্রান্ত শিক্ষকদের প্রসঙ্গে আসেন। প্রেরিতদের অজ্ঞ ও মূর্খ বলা হয়, কারণ তাঁরা খ্রীষ্টিয়ান বিশ্বাসের প্রথম বিশ্বাসসূত্রটি প্রচার করেন; অথচ ভ্রান্ত শিক্ষকদের তাদের জল্পনাকল্পনা ও পরম্পরাগত শিক্ষার জন্য জ্ঞানী ও দার্শনিক মনে করা হয়। প্রেরিতেরা অবজ্ঞাত; ভ্রান্ত শিক্ষকেরা সম্মানিত। প্রেরিতেরা সবরকম বিপদের মুখোমুখি হন, অথচ ভ্রান্ত শিক্ষকেরা ধনসম্পদ ও সবরকম আরাম উপভোগ করে।
6 এখন ভাইবোনেরা, আমি তোমাদের উপকারের জন্য এ সমস্ত বিষয় নিজের ও আপল্লোর উপরে প্রয়োগ করেছি, যেন তোমরা আমাদের কাছ থেকে এই প্রবচনের অর্থ শিখতে পারো, “যা লেখা আছে, তা অতিক্রম কোরো না।” তখন তোমরা কোনো একজনের পক্ষে আর অন্য কারও বিপক্ষে গর্ব করতে পারবে না। 7 কারণ কে তোমাদের অন্য কারও চেয়ে বিশিষ্ট করেছে? তোমাদের এমন কী আছে যা ঈশ্বর তোমদের দান করেননি? আর যদি তা পেয়েছ, তাহলে নিজেরা তা অর্জন করেছ ভেবে গর্ব করো কেন?
8 তোমরা যা চাও, ইতিমধ্যে তা তোমাদের কাছে আছে। তোমরা এরই মধ্যে সম্পদশালী হয়েছ! তোমরা রাজা হয়েছ—তাও আমাদের বাদ দিয়েই! আমি কত না ইচ্ছা করি যে তোমরা সত্যিসত্যিই রাজা হয়ে ওঠো, যেন আমরাও তোমাদের সঙ্গে রাজা হতে পারি! 9 কিন্তু আমার মনে হয়, শোভাযাত্রার শেষে বধ্যভূমিতে মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিদের মতো, ঈশ্বর আমাদের, অর্থাৎ প্রেরিতশিষ্যদের দর্শনীয় বস্তুরূপে প্রদর্শন করছেন। আমরা সমস্ত বিশ্ব, স্বর্গদূত ও সেই সঙ্গে সব মানুষের কাছে উপহাসের পাত্র হয়েছি। 10 আমরা খ্রীষ্টের জন্য মূর্খ, কিন্তু তোমরা খ্রীষ্টে কত বুদ্ধিমান! আমরা দুর্বল, কিন্তু তোমরা সবল! তোমরা সম্মানিত, আমরা অপমানিত! 11 এই মুহূর্ত পর্যন্ত আমরা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে আছি, আমাদের পোশাক জীর্ণ, আমাদের প্রতি নির্মম ব্যবহার করা হয়েছে, আমরা গৃহহীন। 12 আমরা নিজেদের হাত দিয়ে কঠোর পরিশ্রম করি। আমাদের অভিশাপ দেওয়া হলে, আমরা আশীর্বাদ করি, যখন আমাদের নির্যাতন করা হয়, আমরা সহ্য করি। 13 আমাদের যখন নিন্দা করা হয়, আমরা নম্রতায় তার উত্তর দিই। এই মুহূর্ত পর্যন্ত আমরা সমাজের আবর্জনা, জগতের জঞ্জাল হয়ে আছি।
পৌল তাদের পিতা হিসেবে তাদের সতর্ক করেন
পৌল ঘোষণা করেন যে, তিনি তাদের লজ্জা দেওয়ার জন্য নয়, বরং শিক্ষা দেওয়ার জন্য এবং ভ্রান্ত শিক্ষকদের সম্বন্ধে সতর্ক করার জন্য এসব লিখছেন। সেই শিক্ষকেরা তাদের কাছে তিনি যা ছিলেন, অর্থাৎ তাদের আধ্যাত্মিক পিতা, তা হবে না। তাই তিনি তাদের তাঁর অনুকরণ করতে অনুরোধ করেন এবং তাঁর শিক্ষা তাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য তিমথিকে তাদের কাছে পাঠান।
14 তোমাদের লজ্জা দেওয়ার জন্য আমি এই পত্র লিখছি না, কিন্তু আমার প্রিয় সন্তানতুল্য মনে করে তোমাদের সতর্ক করার জন্যই লিখছি। 15 খ্রীষ্টে যদিও তোমাদের দশ হাজার অভিভাবক থাকে কিন্তু তোমাদের অনেক পিতা থাকতে পারে না, কারণ খ্রীষ্ট যীশুতে সুসমাচারের মাধ্যমে আমি তোমাদের জন্ম দিয়েছি। 16 সেই কারণে, আমি তোমাদের কাছে অনুনয় করি, তোমরা আমাকে অনুকরণ করো। 17 এই উদ্দেশ্যে আমি আমার পুত্রসম তিমথিকে তোমাদের কাছে পাঠাচ্ছি, যাঁকে আমি ভালোবাসি; তিনি প্রভুতে বিশ্বস্ত। তিনি খ্রীষ্ট যীশুতে আমার জীবনযাপনের কথা তোমাদের মনে করিয়ে দেবেন, যা আমি সর্বত্র প্রতিটি মণ্ডলীতে আমি যা শিক্ষা দিই তার সঙ্গে সংগতিপূর্ণ।
পৌল আসবেন, শাস্তি নিয়ে অথবা ভালোবাসা নিয়ে
ভ্রান্ত শিক্ষক দাবি করেছিল যে, এমন বিদ্বান ও বাগ্মী বিরোধীদের মুখোমুখি হতে পৌল ভয় পান। পৌল ঘোষণা করেন যে, তিনি শীঘ্রই তাদের কাছে যাওয়ার ইচ্ছা করেন। তখন তিনি তাঁর বিরোধীদের কথাবার্তা নয়, বরং তাদের অলৌকিক ক্ষমতা পরীক্ষা করবেন, কারণ সুসমাচার তার প্রচারকদের বহুলপ্রশংসিত প্রজ্ঞার দ্বারা নয়, বরং তার সত্যতা প্রমাণের জন্য তাদের দেওয়া অলৌকিক ক্ষমতার দ্বারা প্রতিষ্ঠিত হয়। এরপর তিনি তাদের জিজ্ঞাসা করেন, শাস্তি দেওয়ার জন্য তিনি কি তাদের বিরুদ্ধে নিজের অলৌকিক ক্ষমতা ব্যবহার করবেন, নাকি তারা নিজেদের ভুল শুধরে নেওয়ায় তিনি শান্তি ও ভালোবাসার মনোভাব নিয়ে তাদের কাছে আসবেন।
18 তোমাদের কাছে আমি আসব না মনে করে তোমাদের মধ্যে কেউ কেউ উদ্ধত হয়ে উঠেছে। 19 কিন্তু প্রভুর ইচ্ছা হলে, খুব শীঘ্রই আমি তোমাদের কাছে যাব। তখন এই উদ্ধত লোকেরা কীভাবে কথা বলছে, শুধু তাই নয়, তাদের ক্ষমতা কতটুকু, তাও আমি দেখব। 20 কারণ ঈশ্বরের রাজ্য কথা বলার বিষয় নয়, কিন্তু পরাক্রমের। 21 তোমরা কী চাও? তোমাদের কাছে আমি কি চাবুক নিয়ে যাব, না ভালোবাসায় ও কোমল মানসিকতার সঙ্গে যাব?