জেরুশালেমের দুর্দশা ও ধ্বংসের ভবিষ্যদ্বাণী

595 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

যিহিষ্কেল 3:22–5:17

22 সেখানে সদাপ্রভুর হাত আমার উপর ছিল, আর তিনি আমাকে বললেন, “তুমি উঠে সমতলভূমিতে যাও, সেখানে আমি তোমার সঙ্গে কথা বলব।” 23 কাজেই আমি উঠে সমতলভূমিতে গেলাম। কবার নদীর ধারে সদাপ্রভুর যে মহিমা দেখেছিলাম সেইরকম মহিমাই সেখানে দেখলাম, আর আমি উবুড় হয়ে পড়লাম।

24 তখন ঈশ্বরের আত্মা আমার মধ্যে প্রবেশ করে আমায় দাড় করালেন। তিনি আমাকে বললেন, “তুমি তোমার ঘরে গিয়ে দরজা বন্ধ করে ভিতরে থাকো। 25 আর হে মানবসন্তান, তারা তোমাকে দড়ি দিয়ে বাঁধবে; তাতে তুমি বাইরে লোকজনের মধ্যে যেতে পারবে না। 26 তুমি যাতে চুপ করে থাকো ও তাদের বকাবকি করতে না পার সেইজন্য আমি তোমার জিভ মুখের তালুতে আটকে দেব, যদিও তারা বিদ্রোহীকুল। 27 কিন্তু যখন আমি তোমার সঙ্গে কথা বলব, আমি তোমার মুখ খুলে দেব এবং তুমি তাদের বলবে, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।’ যে শোনে সে শুনুক, আর যে না শোনে সে না শুনুক; কেননা তারা বিদ্রোহীকুল।

4:1 “এখন, হে মানবসন্তান, একটি মাটির ফলক নাও, সেটি তোমার সামনে রাখো এবং তার উপর জেরুশালেম নগরের ছবি আঁকো। 2 আর সেটি সৈন্য দিয়ে ঘিরে ফেলো; তার বিরুদ্ধে একটি উঁচু ঢিবি বানাও, তার বিরুদ্ধে শিবির তৈরি করো এবং দেয়ালের চারপাশে দেয়াল ভাঙার যন্ত্র বসাও। 3 একটি লোহার তাওয়া নিয়ে সেটি তোমার এবং নগরের মাঝখানে লোহার দেওয়ালের মতো রাখো এবং তোমার মুখ সেই দিকে ফিরিয়ে রাখো। তাতে নগর অবরুদ্ধ হবে, ও তুমি তা অবরোধ করবে। এটি ইস্রায়েল কুলের কাছে চিহ্ন হবে।

4 “তারপর তুমি বাঁ পাশ ফিরে শোবে এবং ইস্রায়েলের পাপের শাস্তি তোমার নিজের উপরে নেবে। যে কয়দিন তুমি পাশ ফিরে শুয়ে থাকবে সেই কয়দিন তাদের শাস্তি তুমি বহন করবে। 5 তাদের শাস্তি পাবার বছরের সংখ্যা হিসেব করে ততদিন আমি তোমাকে তা বহন করতে দিলাম। কাজেই 390 দিন ইস্রায়েল কুলের শাস্তি তুমি বহন করবে।

6 “এটি শেষ হলে, তুমি আবার শোবে, এবারে ডান পাশ ফিরে শোবে এবং যিহূদা কুলের শাস্তি বহন করবে। আমি তোমার জন্য 40 দিন নির্ধারণ করলাম, প্রত্যেক বছরের জন্য একদিন। 7 তোমার মুখ জেরুশালেমের অবরোধের দিকে রাখবে আঢাকা হাতে তার বিরুদ্ধে ভাববাণী বলবে। 8 আমি তোমাকে দড়ি দিয়ে বাঁধব যেন তোমার অবরোধের দিন শেষ না হওয়া পর্যন্ত তুমি এক পাশ থেকে অন্য পাশে ফিরতে না পারো।

9 “তুমি গম ও যব, শিম ও মশুর ডাল, বাজরা ও জনরা নিয়ে একটি পাত্রে রাখবে এবং সেগুলি দিয়ে তোমার জন্য রুটি তৈরি করবে। যে 390 দিন তুমি পাশ ফিরে থাকবে তখন তা খাবে। 10 কুড়ি শেকল খাবার প্রত্যেক দিনের জন্য ওজন করবে এবং নির্ধারিত সময় তা খাবে। 11 এছাড়াও এক হিনের ছয় ভাগের এক ভাগ জল পরিমাপ করবে এবং নির্ধারিত সময় তা খাবে। 12 যবের পিঠের মতো করে সেই খাবার খাবে; লোকদের চোখের সামনে তা তৈরি করবে এবং মানুষের বিষ্ঠা জ্বালানি হিসেবে ব্যবহার করবে।” 13 সদাপ্রভু বললেন, “এরকম করে ইস্রায়েলীরা সেইসব জাতির মধ্যে অশুচি খাবার খাবে যেখানে আমি তাদের তাড়িয়ে দেব।”

14 আমি তখন বললাম, “হে সার্বভৌম সদাপ্রভু, এমন না হোক! আমি কখনও অশুচি হইনি। ছেলেবেলা থেকে এই পর্যন্ত আমি মরা বা বুনো পশুর মেরে ফেলা কোনও কিছু খাইনি। কোনও অশুচি মাংস আমার মুখে কখনও ঢোকেনি।”

15 তিনি বললেন, “খুব ভালো, আমি তোমাকে মানুষের বিষ্ঠার পরিবর্তে গোবরের ঘুঁটে পুড়িয়ে তোমার রুটি সেঁকবার অনুমতি দিলাম।”

16 তারপর তিনি আমাকে বললেন, “হে মানবসন্তান, আমি জেরুশালেমে খাবারের যোগান বন্ধ করে দেব। লোকেরা দুশ্চিন্তা নিয়ে মেপে খাবার খাবে এবং হতাশা নিয়ে মেপে জল খাবে, 17 কারণ খাবার ও জলের অভাব হবে। তারা একে অন্যকে দেখে হতভম্ব হবে এবং তাদের পাপের জন্য তারা ক্ষয় হয়ে যেতে থাকবে।”

5:1 “এখন, হে মানবসন্তান, তোমার চুল ও দাড়ি কামাবার জন্য তুমি একটি ধারালো তরবার নিয়ে তা নাপিতের ক্ষুরের মতো ব্যবহার করবে। তারপর দাঁড়িপাল্লা নিয়ে চুলগুলি ভাগ করবে। 2 যখন অবরোধ দিন শেষ হবে তখন সেই চুলের তিন ভাগের এক ভাগ নিয়ে নগরের মধ্যে পুড়িয়ে দেবে। তিন ভাগের এক ভাগ চুল তরোয়াল দিয়ে নগরের চারিদিকে তা কুচি কুচি করে কাটবে। আর তিন ভাগের এক ভাগ চুল নিয়ে বাতাসে উড়িয়ে দেবে। কারণ আমি তাদের খোলা তরোয়াল নিয়ে তাড়া করব। 3 তবে কিছু চুল রেখে দিয়ে তা তোমার পোশাকের ভাঁজে গুঁজে রাখবে। 4 পরে আরও কিছু চুল নিয়ে আগুনে ফেলে পুড়িয়ে দেবে। সেখান থেকে আগুন সমস্ত ইস্রায়েল কুলের মধ্যে ছড়িয়ে যাবে।

5 “অতএব সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, এই হল জেরুশালেম, যাকে আমি জাতিদের মাঝে স্থাপন করেছি, এবং বিভিন্ন দেশ তার চারিদিকে রয়েছে। 6 কিন্তু সে তার মন্দতার জন্য আমার আইনকানুন ও নিয়মের বিরুদ্ধে তার চারপাশের বিভিন্ন জাতি ও দেশের চেয়েও বেশি বিদ্রোহ করেছে। সে আমার আইনকানুন অগ্রাহ্য করেছে এবং আমার নিয়ম মেনে চলেনি।

7 “অতএব সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তোমার চারপাশের জাতিদের চেয়ে তুমি আরও বেশি অবাধ্য হয়েছ। তুমি আমার নিয়ম মেনে চলোনি ও আমার আইনকানুন পালন করোনি। এমনকি, তোমার চারপাশের জাতিদের শাসন অনুসারে চলোনি।

8 “এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, জেরুশালেম, আমি নিজেই তোমার বিরুদ্ধে, আর আমি জাতিদের চোখের সামনেই তোমাকে শাস্তি দেব। 9 তোমার সব ঘৃণিত প্রতিমাগুলির জন্য আমি তোমার প্রতি যা করব তা আমি আগে কখনও করিনি এবং কখনও আবার করব না। 10 এই জন্য তোমার মধ্যে মা-বাবারা সন্তানদের মাংস খাবে আর সন্তানেরা মা-বাবার মাংস খাবে। আমি তোমাকে শাস্তি দেব এবং তোমার বেঁচে থাকা লোকদের চারিদিকে বাতাসে উড়িয়ে দেব। 11 অতএব, সার্বভৌম সদাপ্রভু বলেন, আমার জীবনের দিব্য দিয়ে বলছি, তোমার সব ঘৃণ্য মূর্তি ও ঘৃণিত কাজকর্মের দ্বারা তুমি আমার উপাসনার স্থান অশুচি করেছ বলে আমি নিজেই তোমাদের ধ্বংস করব; আমি তোমার উপর মমতা করে তাকাব না কিংবা তোমাকে রেহাই দেব না। 12 তোমার এক-তৃতীয়াংশ লোক হয় মহামারিতে নয়তো দুর্ভিক্ষে মরবে; এক-তৃতীয়াংশ প্রাচীরের বাইরে তরোয়ালে মারা পড়বে; এবং এক-তৃতীয়াংশকে আমি বাতাসে চারিদিকে ছড়িয়ে দেব ও খোলা তরোয়াল নিয়ে তাদের তাড়া করব।

13 “এসব করবার পর তাদের উপর আমার ভীষণ ক্রোধ প্রশমিত হবে, আর আমি সন্তুষ্ট হব। তাদের উপর আমার ভীষণ ক্রোধ ঢেলে দেবার পর তারা জানতে পারবে যে, আমার অন্তরের জ্বালায় আমি সদাপ্রভু এই কথা বলেছি।

14 “তোমার চারপাশের জাতিদের মধ্যে যারা তোমার পাশ দিয়ে যায় আমি তাদের চোখের সামনে তোমাকে একটি ধ্বংসস্থান ও ঠাট্টা-বিদ্রুপের পাত্র করব। 15 আমি যখন ভীষণ অসন্তোষ, ক্রোধ ও ভীষণ বকুনি দ্বারা তোমাকে শাস্তি দেব তখন তোমার চারপাশের জাতিদের কাছে ভয়ের বস্তু হবে; তুমি তাদের কাছে ঠাট্টা-বিদ্রুপের পাত্র এবং সাবধানবাণীর মতো। আমি সদাপ্রভু এই কথা বললাম। 16 আমি যখন তোমার প্রতি মারাত্মক ও ধ্বংসাত্মক দুর্ভিক্ষের তির ছুড়ব, আমি ছুড়ব তোমাকে ধ্বংস করার জন্য। আমি তোমার প্রতি আরও দুর্ভিক্ষ আনব এবং তোমার খাবারের যোগান বন্ধ করে দেব। 17 আমি তোমার বিরুদ্ধে দুর্ভিক্ষ ও হিংস্র পশু পাঠিয়ে দেব, তারা তোমাকে নিঃসন্তান করবে। মহামারি ও রক্তপাত তোমার মধ্যে দিয়ে যাবে, আর আমি তোমার বিরুদ্ধে তরোয়াল নিয়ে আসব। আমি সদাপ্রভু এই কথা বললাম।”