জেরুশালেমের দুর্দশা ও ধ্বংসের ভবিষ্যদ্বাণী (continued)

595 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

যিহিষ্কেল 6–7

1 সদাপ্রভুর এই বাক্য আমার কাছে উপস্থিত হল, 2 “হে মানবসন্তান, তুমি ইস্রায়েলের পর্বতের দিকে মুখ করে তাদের বিরুদ্ধে ভবিষ্যদ্‌বাণী করো 3 এবং বলো: ‘হে ইস্রায়েলের পর্বত, সার্বভৌম সদাপ্রভুর বাক্য শোনো। পাহাড় ও পর্বত, খাদ ও উপত্যকার প্রতি সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি তোমার বিরুদ্ধে তরোয়াল নিয়ে আসব এবং তোমাদের উচ্চ স্থানগুলি ধ্বংস করে দেব। 4 তোমাদের বেদি সব ধ্বংস করা হবে এবং তোমাদের ধূপবেদিগুলি ভেঙে ফেলা হবে; আর তোমাদের প্রতিমাগুলির সামনে তোমাদের লোকদের আমি মেরে ফেলব। 5 আমি ইস্রায়েলীদের মৃতদেহগুলি তাদের প্রতিমাদের সামনে রাখব এবং তোমাদের বেদির চারপাশে তোমাদের হাড়গুলি ছড়িয়ে দেব। 6 তোমরা যেখানেই বসবাস করো না কেন সেখানকার নগরগুলি খালি পড়ে থাকবে এবং পূজার্চনার উঁচু স্থানগুলি ধ্বংস হবে, তার ফলে তোমাদের বেদিগুলি জনশূন্য ও বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকবে, তোমাদের প্রতিমাগুলি চুরমার ও ধ্বংস হবে, তোমাদের ধূপবেদিগুলি ভেঙে পড়ে যাবে এবং তোমাদের তৈরি সবকিছু নিশ্চিহ্ন হয়ে যাবে। 7 তোমাদের মধ্যে তোমাদের লোকেরা মরে পড়ে থাকবে, আর তোমরা জানবে যে আমিই সদাপ্রভু।

8 “ ‘কিন্তু আমি কিছু লোককে বাঁচিয়ে রাখব, তোমাদের কিছু যখন বিভিন্ন দেশে ও জাতির মধ্যে ছড়িয়ে পড়বে তখন সেই লোকেরা তরোয়াল থেকে মৃত্যুর হাত এড়াতে পারবে। 9 আর যে সকল জাতির মধ্যে তাদের বন্দি করে নিয়ে যাওয়া হবে, যারা রক্ষা পাবে তারা আমায় মনে রাখবে—তাদের ব্যভিচারী হৃদয় আমাকে কেমন দুঃখ দিয়েছে, যার কারণে আমাকে ত্যাগ করেছে, এবং তাদের চোখ, যা তাদের প্রতিমাদের প্রতি কামনা করেছ। তাদের সব মন্দ ও জঘন্য কাজের জন্য তারা নিজেরাই নিজেদের ঘৃণা করবে। 10 আর তারা জানতে পারবে যে আমিই সদাপ্রভু; তাদের উপর এই বিপদ আনতে আমি অনর্থক বলিনি।

11 “ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তুমি করাঘাত ও মাটিতে পদাঘাত করো আর চেঁচিয়ে বলো “হায়!” কারণ ইস্রায়েল কুল তাদের মন্দ ও জঘন্য কাজের জন্য যুদ্ধে, দুর্ভিক্ষে ও মহামারিতে মারা পড়বে। 12 যে দূরে আছে সে মহামারিতে মরবে, এবং যে কাছে আছে সে যুদ্ধে মারা পড়বে, আর যে বেঁচে যাবে সে দুর্ভিক্ষে মরবে। এইভাবে আমার ক্রোধ আমি তাদের উপর সম্পূর্ণভাবে ঢেলে দেব। 13 আর তারা জানতে পারবে যে আমিই সদাপ্রভু, তাদের লোকেরা যখন বেদির চারপাশে প্রতিমাগুলির মধ্যে, সমস্ত বড়ো বড়ো পাহাড়ের উপরে, ডালপালা ছড়ানো প্রত্যেকটি গাছের নিচে এবং পাতাভরা এলা গাছের তলায়—যেখানে তারা তাদের প্রতিমাগুলি উদ্দেশ্যে ধূপ জ্বালাত সেইসব জায়গায় তারা মরে পড়ে থাকবে। 14 আর আমি তাদের বিরুদ্ধে আমার হাত বাড়াব এবং মরুএলাকা থেকে দিব্‌লা পর্যন্ত জনশূন্য ও ধ্বংসস্থান করব—তারা যেখানেই থাকুক। তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু।’ ”

7:1 সদাপ্রভুর এই বাক্য আমার কাছে উপস্থিত হল, 2 “হে মানবসন্তান, ইস্রায়েল দেশের প্রতি সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন,

“ ‘শেষ সময়! দেশের চার কোনায়

শেষ সময় উপস্থিত হয়েছে!

3 এখন সেই সময় তোমার উপর এসে পড়েছে

এবং তোমার বিরুদ্ধে আমি আমার ক্রোধ ঢেলে দেব।

তোমার আচরণ অনুসারে আমি তোমার বিচার করব

এবং তোমার সমস্ত জঘন্য কাজের জন্য তোমাকে শাস্তি দেব।

4 আমি তোমার প্রতি করুণা দেখাব না;

ক্ষমা করব না।

আমি নিশ্চয়ই তোমার আচরণ

ও তোমার মধ্যেকার জঘন্য কাজের জন্য তোমাকে শাস্তি দেব।

“ ‘তখন তুমি জানবে যে আমিই সদাপ্রভু।’

5 “সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন:

“ ‘বিপর্যয়! যে বিপর্যয়ের কথা শোনা যায়নি!

দেখো, তা আসছে!

6 শেষ সময় এসে পড়েছে!

শেষ সময় এসে পড়েছে!

তোমাদের বিরুদ্ধে তা জেগে উঠেছে।

দেখো, তা আসছে!

7 তোমাদের উপর সর্বনাশ এসে পড়েছে,

তোমরা যারা এই দেশে বসবাস করো।

সময় উপস্থিত! সেদিন কাছে এসেছে!

পর্বতের উপরে আনন্দ নেই, আছে আতঙ্ক।

8 আমি তোমার উপর আমার ক্রোধ ঢালতে যাচ্ছি

ও আমার রাগ তোমার উপর ব্যয় করব;

তোমার আচরণ অনুসারে আমি তোমার বিচার করব

এবং তোমার সমস্ত জঘন্য কাজের জন্য তোমাকে শাস্তি দেব।

9 আমি তোমার প্রতি করুণা দেখাব না;

আমি ক্ষমা করব না।

আমি তোমার আচরণ

ও তোমার মধ্যেকার জঘন্য কাজের পাওনা তোমাকে দেব।

“ ‘তখন তুমি জানবে যে আমি সদাপ্রভুই তোমাকে আঘাত করি।

10 “ ‘দেখো, দিন এসেছে!

তা এসে পড়েছে!

সর্বনাশ ফেটে বেরিয়েছে,

লাঠিতে কুঁড়ি ধরেছে,

অহংকারের ফুল ফুটেছে!

11 হিংস্রতা উঠে এসেছে

অন্যায়কারীদের লাঠি দ্বারা শাস্তি দেওয়া হবে;

কোনও মানুষ বাদ যাবে না,

কোনও জনসাধারণও না,

তাদের কোনও ধনসম্পদ,

মূল্যবান কিছুই না।

12 সময় হয়েছে!

সেদিন এসে গেছে!

ক্রেতা আনন্দ না করুক

বা বিক্রেতা শোক না করুক,

কারণ আমার ক্রোধ সমস্ত জনসাধারণের উপরে।

13 বিক্রেতা ফেরত পাবে না

যে জমি বিক্রি হয়েছে,

যতক্ষণ বিক্রেতা ও ক্রেতা উভয়েই বেঁচে থাকে।

কারণ সমস্ত লোকের জন্য এই দর্শনে

পরিবর্তন হবে না।

তাদের পাপের জন্য একজনও

তার জীবন রক্ষা করতে পারবে না।

14 “ ‘যদিও তারা তূরী বাজিয়ে

সবকিছু প্রস্তুত করেছে,

কিন্তু কেউ যুদ্ধে যাবে না,

কারণ সমস্ত জনসাধারণের উপরে আমার ক্রোধ আছে।

15 বাইরে তরোয়াল;

ভিতরে দুর্ভিক্ষ ও মহামারি,

যারা দেশের ভিতরে থাকবে

তারা তরোয়াল দ্বারা মারা পড়বে,

যারা নগরের ভিতরে থাকবে

তাদের দুর্ভিক্ষ ও মহামারি গ্রাস করবে।

16 যারা পালাতে পারবে

তারা পাহাড়ে পালাবে।

উপত্যকার ঘুঘুর মতো,

তারা বিলাপ করবে,

প্রত্যেকে নিজেদের পাপের জন্য।

17 প্রত্যেকের হাত অবশ হয়ে যাবে;

প্রত্যেকের হাঁটু জলের মতো দুর্বল হয়ে পড়বে।

18 তারা চট পরবে

ও ভীষণ ভয়ে কাঁপবে।

লজ্জায় তাদের প্রত্যেকের মুখ ঢাকা পড়বে

ও তাদের প্রত্যেকের মাথা কামানো হবে।

19 “ ‘তারা রাস্তায় তাদের রুপো ফেলে দেবে

এবং তাদের সোনা অশুচি জিনিস হবে।

সদাপ্রভুর ক্রোধের দিন

তাদের রুপো ও সোনা

তাদের রক্ষা করতে পারবে না।

তা দিয়ে তাদের খিদে মিটবে না

বা পেট ভরবে না,

কারণ সেগুলিই তাদের পাপের মধ্যে ফেলেছে।

20 তাদের সুন্দর গহনার জন্য তারা গর্ববোধ করত

এবং সেগুলি ব্যবহার করে ঘৃণ্য প্রতিমা।

তারা সেগুলি দিয়ে জঘন্য মূর্তি তৈরি করত;

সুতরাং আমি তাদের জন্য সেগুলি অশুচি করে দেব।

21 আমি তাদের সম্পদ লুট হিসেবে বিদেশিদের হাতে দেব

এবং লুটের জিনিস হিসেবে পৃথিবীর দুষ্ট লোকদের হাতে তুলে দেব,

তারা সেগুলি অপবিত্র করবে।

22 আমি তাদের থেকে মুখ ঘুরিয়ে নেব,

এবং যে স্থান আমি ধন বলে মনে করি চোরেরা তা অপবিত্র করবে,

তারা সেখানে ঢুকবে

এবং তা অপবিত্র করবে।

23 “ ‘শিকল প্রস্তুত করো!

কেননা দেশ রক্তপাতে পূর্ণ

এবং নগর হিংস্রতায় পরিপূর্ণ।

24 তাদের ঘরবাড়ি দখল করার জন্য

আমি জাতিদের মধ্যে সবচেয়ে দুষ্ট জাতিকে নিয়ে আসব;

আমি শক্তিশালীদের অহংকার ভেঙে দেব,

আর তাদের পবিত্র জায়গাগুলি অপবিত্র হবে।

25 সন্ত্রাস আসলে,

তারা বৃথা শান্তির খোঁজ করবে।

26 বিপদের উপর বিপদ আসবে,

এবং গুজবের উপর গুজব।

তারা ভাববাদীর কাছ থেকে দর্শন পাবার জন্য যাবে;

প্রাচীন লোকদের উপদেশের মতন

যাজকদের বিধান সম্বন্ধে শিক্ষা হারিয়ে যাবে।

27 রাজা বিলাপ করবে,

রাজকুমার হতাশাগ্রস্ত হবে,

আর দেশের লোকদের হাত কাঁপবে।

আমি তাদের আচরণ অনুযায়ী তাদের সঙ্গে ব্যবহার করব,

আর তাদের মানদণ্ড অনুযায়ী আমি তাদের বিচার করব।

“ ‘তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু।’ ”