ভাগ 4: যিহোশাফটের রাজত্ব
যিহূদার রাজ্য
যিহোশাফটের সিংহাসনে আরোহণ ও সুশাসন
914 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
41 ইস্রায়েলের রাজা আহাবের রাজত্বের চতুর্থ বছরে আসার ছেলে যিহোশাফট যিহূদায় রাজা হলেন। 42 যিহোশাফট পঁয়ত্রিশ বছর বয়সে রাজা হলেন, এবং জেরুশালেমে তিনি পঁচিশ বছর রাজত্ব করলেন। তাঁর মায়ের নাম অসূবা। তিনি শিলহির মেয়ে ছিলেন। 43 সবকিছুতেই তিনি তাঁর বাবা আসার পথে চলেছিলেন এবং সেগুলি থেকে সরে যাননি; সদাপ্রভুর দৃষ্টিতে যা ন্যায্য, তিনি তাই করলেন। অবশ্য প্রতিমাপূজার উঁচু উঁচু স্থানগুলি সরানো হয়নি, এবং লোকজন তখনও সেগুলিতে পশুবলি উৎসর্গ করে যাচ্ছিল ও ধূপও জ্বালিয়ে যাচ্ছিল। 44 ইস্রায়েলের রাজার সঙ্গেও যিহোশাফটের শান্তি বজায় ছিল।
46 তাঁর বাবা আসার রাজত্বকালে দেবদাসদের দেশ থেকে বের করে দেওয়ার পরেও দেশে যেসব দেবদাস থেকে গেল, যিহোশাফট তাদেরও দূর করে দিলেন। 47 ইদোমে তখন কোনও রাজা ছিল না; একজন প্রাদেশিক শাসনকর্তা সেখানে শাসন চালাচ্ছিলেন।
2 যিহূদার সব সুরক্ষিত নগরে তিনি সৈন্যদল মোতায়েন করে দিলেন এবং যিহূদাকে ও ইফ্রয়িমের সেইসব নগরকে রক্ষা করার উদ্দেশ্যে তিনি সৈন্যদল মোতায়েন করলেন, যেগুলি তাঁর বাবা আসা দখল করলেন।
3 সদাপ্রভু যিহোশাফটের সাথে ছিলেন, কারণ তাঁর সামনে তিনি তাঁর পূর্বপুরুষ দাউদের পথেই চলতেন। তিনি বায়াল-দেবতাদের কাছে পরামর্শ চাইতেন না 4 কিন্তু তাঁর পৈতৃক ঈশ্বরের অন্বেষণ করতেন এবং ইস্রায়েলের প্রথানুসারে না চলে বরং ঈশ্বরেরই আদেশ পালন করতেন। 5 সদাপ্রভু যিহোশাফটের নিয়ন্ত্রণে রাজ্যটি সুস্থির করলেন; এবং যিহূদার সব লোকজন তাঁর কাছে উপহারসামগ্রী নিয়ে এসেছিল, এতে তিনি প্রচুর ধনসম্পদ ও সম্মানের অধিকারী হলেন। 6 সদাপ্রভুর পথের প্রতি তাঁর অন্তর সমর্পিত হয়েছিল; এছাড়াও, তিনি যিহূদা দেশ থেকে পূজার্চনার উঁচু স্থানগুলি ও আশেরার খুঁটিগুলিও উপড়ে ফেলে সরিয়ে দিলেন।
7 তাঁর রাজত্বকালের তৃতীয় বছরে যিহূদা দেশের বিভিন্ন নগরে শিক্ষা দেওয়ার জন্য তিনি তাঁর কর্মকর্তা বিন-হয়িল, ওবদিয়, সখরিয়, নথনেল ও মীখায়কে পাঠালেন। 8 তাঁদের সাথে ছিলেন কয়েকজন লেবীয়—শময়িয়, নথনিয়, সবদিয়, অসাহেল, শমীরামোৎ, যিহোনাথন, অদোনিয়, টোবিয় ও টোব-অদোনীয়—এবং যাজক ইলীশামা ও যিহোরাম। 9 সদাপ্রভুর বিধানপুস্তক সাথে নিয়ে তারা গোটা যিহূদা দেশে ঘুরে ঘুরে শিক্ষা দিয়ে বেড়িয়েছিলেন; যিহূদা দেশের সব নগরে গিয়ে গিয়ে তারা লোকদের শিক্ষা দিলেন।
10 যিহূদা দেশের চারপাশে থাকা সব দেশের রাজ্যগুলির উপর এমনভাবে সদাপ্রভুর ভয় নেমে এসেছিল, যে তারা আর যিহোশাফটের বিরুদ্ধে যুদ্ধ করেননি। 11 ফিলিস্তিনীদের মধ্যে কেউ কেউ কর-বাবদ যিহোশাফটের কাছে উপহারসামগ্রী ও রুপো নিয়ে এসেছিল, এবং আরবীয়েরা তাঁর কাছে এই পশুপাল নিয়ে এসেছিল: সাত হাজার সাতশো মদ্দা মেষ ও সাত হাজার সাতশো ছাগল।
12 যিহোশাফট ক্রমাগত আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছিলেন; যিহূদায় তিনি কয়েকটি দুর্গ ও ভাঁড়ার-নগর গড়ে তুলেছিলেন 13 এবং যিহূদার নগরগুলিতে প্রচুর জিনিসপত্র মজুদ করলেন। এছাড়াও জেরুশালেমে তিনি অভিজ্ঞ যোদ্ধাদের রেখে দিলেন। 14 বংশানুসারে তাদের তালিকাটি এইরকম:
যিহূদা থেকে, সহস্র-সেনাপতিরা হলেন:
3,00,000 যোদ্ধা সমেত সেনাপতি অদন;
15 তাঁর পরে, 2,80,000 যোদ্ধা সমেত সেনাপতি যিহোহানন;
16 তাঁর পরে, 2,00,000 যোদ্ধা সমেত সিখ্রির ছেলে সেই অমসিয়, যিনি সদাপ্রভুর সেবা করার জন্য নিজেই স্বেচ্ছাসেবক হলেন।
17 বিন্যামীন থেকে:
ধনুক ও ঢাল নিয়ে সুসজ্জিত 2,00,000 যোদ্ধা সমেত বীর সৈনিক ইলিয়াদা;
18 তাঁর পরে, যুদ্ধ করার জন্য অস্ত্রশস্ত্রে সুসজ্জিত 1,80,000 যোদ্ধা সমেত যিহোষাবদ।
19 রাজা যাদের গোটা যিহূদা দেশ জুড়ে বিভিন্ন সুরক্ষিত নগরে মোতায়েন করলেন, তাদের পাশাপাশি এরাও সেইসব লোক, যারা রাজার সেবা করতেন।
যিহোশাফটের যুদ্ধসমূহ ও সুশাসন 897 খ্রিস্টপূর্ব
1 যিহোশাফট প্রচুর ধনসম্পদ ও সম্মানের অধিকারী হলেন, এবং বিবাহসূত্রে তিনি আহাবের সাথে সম্পর্ক গড়ে তুলেছিলেন। 2 কয়েক বছর পর তিনি শমরিয়ায় আহাবের সাথে দেখা করতে গেলেন। তাঁর জন্য ও তাঁর সাথে থাকা লোকজনের জন্য আহাব প্রচুর মেষ ও গবাদি পশু বধ করলেন এবং রামোৎ-গিলিয়দ আক্রমণ করার জন্য তাঁকে অনুরোধও জানিয়েছিলেন।
1 যিহূদার রাজা যিহোশাফট যখন নিরাপদে জেরুশালেমে তাঁর প্রসাদে ফিরে এলেন, 2 তখন হনানির ছেলে দর্শক যেহূ তাঁর সাথে দেখা করার জন্য বের হয়ে এলেন এবং রাজাকে তিনি বললেন, “দুষ্টকে সাহায্য করা ও যারা সদাপ্রভুকে ঘৃণা করে, তাদের ভালোবাসা কি আপনার উচিত হয়েছে? এজন্য, সদাপ্রভুর ক্রোধ আপনার উপর এসে পড়েছে। 3 কিছু ভালো গুণ এখনও অবশ্য আপনার মধ্যে রয়ে গিয়েছে, কারণ আপনি দেশ থেকে আশেরা-খুঁটিগুলি উৎখাত করে ছেড়েছেন এবং ঈশ্বরের অন্বেষণ করার জন্য আপনার অন্তর স্থির করেছেন।”
4 যিহোশাফট জেরুশালেমে বসবাস করছিলেন, এবং তিনি আবার বের-শেবা থেকে শুরু করে ইফ্রয়িমের পাহাড়ি এলাকায় যত লোক বসবাস করত, তাদের কাছে গেলেন ও তাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে তাদের ফিরিয়ে এনেছিলেন। 5 দেশে, অর্থাৎ যিহূদার প্রত্যেকটি সুরক্ষিত নগরে তিনি বিচারক নিযুক্ত করে দিলেন। 6 তিনি তাদের বললেন, “সাবধান হয়ে তোমরা তোমাদের কাজকর্ম কোরো, কারণ তোমরা নিছক মরণশীল মানুষের হয়ে বিচার করছ না কিন্তু সেই সদাপ্রভুর হয়েই করছ, যিনি তোমাদের সাথেই তখন আছেন, যখন তোমরা বিচারের কোনও রায় দিচ্ছ। 7 এখন সদাপ্রভুর ভয় তোমাদের উপর বিরাজ করুক। সাবধান হয়ে বিচার কোরো, কারণ অন্যায়ের বা একপেশেমির বা ঘুস দেওয়া-নেওয়ার সাথে আমাদের ঈশ্বর সদাপ্রভুর কোনও সম্পর্ক নেই।”
আসফের গীত।
1 ঈশ্বর মহাসভায় নিজের স্থান গ্রহণ করেছেন;
তিনি “দেবতাদের” মাঝে বিচার সম্পন্ন করেন:
2 কত কাল তুমি যারা অসৎ তাদের পক্ষ নেবে
আর দুষ্টদের পক্ষপাতিত্ব করবে?
3 যারা দুর্বল আর অনাথ তাদের প্রতি তুমি সুবিচার করো,
যারা দরিদ্র আর পীড়িত তাদের অধিকার রক্ষা করো।
4 যারা দুর্বল আর অভাবী তাদের মুক্ত করো;
দুষ্টদের দেশ থেকে তাদের উদ্ধার করো।
5 “সেই ‘দেবতারা’ কিছুই জানে না, তারা কিছুই বোঝে না
তারা অন্ধকারে হেঁটে বেড়ায়;
আর জগতের ভিত্তি কেঁপে ওঠে।
6 “আমি বলি, ‘তোমরা “ঈশ্বর”
তোমরা সবাই পরাৎপরের সন্তান।’
7 কিন্তু সামান্য মানুষের মতো তোমাদের মৃত্যু হবে;
অন্যান্য সব শাসকের মতো তোমাদেরও পতন হবে।”
8 ওঠো, হে ঈশ্বর, এই জগতের বিচার করো,
কারণ সমস্ত জাতি তোমার উত্তরাধিকার।
8 জেরুশালেমেও যিহোশাফট সদাপ্রভুর বিধান প্রয়োগ করার ও মতবিরোধের মীমাংসা করার জন্য কয়েকজন লেবীয়কে, যাজককে ও ইস্রায়েল বংশোদ্ভুক্ত কর্তাব্যক্তিকে নিযুক্ত করলেন। তারা সবাই জেরুশালেমেই বসবাস করতেন। 9 তিনি তাদের এইসব আদেশ দিলেন: “সদাপ্রভুর ভয়ে বিশ্বস্ত হয়ে ও মনপ্রাণ ঢেলে দিয়ে তোমাদের পরিচর্যা করতে হবে। 10 বিভিন্ন নগরে যারা বসবাস করে, সেইসব লোক যখন তোমাদের কাছে কোনও সমস্যা নিয়ে আসবে, তখন প্রত্যেকটি ক্ষেত্রেই—রক্তপাত হোক বা বিধানের, আদেশের, বিধির বা নিয়মকানুনের অন্য কোনও বিষয়—তোমাদের তখন তাদের সতর্ক করে দিতে হবে, যেন তারা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ না করে; তা না হলে তাঁর ক্রোধ তোমাদের উপর ও তোমাদের লোকজনের উপর নেমে আসবে। এরকমই কোরো, আর তোমরা দোষী হবে না।
11 “সদাপ্রভুর যে কোনো বিষয়ে প্রধান যাজক অমরিয় তোমাদের দায়িত্ব পালন করবেন, এবং যিহূদা বংশের নেতা ও ইশ্মায়েলের ছেলে সবদিয়, রাজার যে কোনো বিষয়ে তোমাদের দায়িত্ব পালন করবেন, এবং লেবীয়েরা তোমাদের সামনে কর্মকর্তা হয়ে পরিচর্যা সামলাবেন। সাহসে বুক বেঁধে কাজ করে যাও, এবং যারা ভালোভাবে কাজ করবে, সদাপ্রভু যেন তাদের সাথে থাকেন।”