যিশাইয় আসিরীয় আক্রমণের ভবিষ্যদ্বাণী করেন (continued)
আসিরীয় সৈন্যবাহিনীর প্যালেস্টাইন আক্রমণ সম্বন্ধে যিশাইয়ের ভবিষ্যদ্বাণী।
715 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 যিশয় কুলের মূলকাণ্ড থেকে একটি শাখা নির্গত হবে;
তার মূল থেকে উৎপন্ন এক শাখায় ফল ধরবে।
2 সদাপ্রভুর আত্মা তাঁর উপরে অবস্থিতি করবেন,
তা হল প্রজ্ঞা ও বুদ্ধির আত্মা,
পরামর্শদানের ও পরাক্রমের আত্মা,
জ্ঞানের আত্মা ও সদাপ্রভুর ভয়ের আত্মা
3 আর তিনি সদাপ্রভুর ভয়ে আনন্দিত হবেন।
তিনি চোখের দৃষ্টি অনুযায়ী বিচার করবেন না,
কিংবা কানে যা শোনেন, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন না;
4 কিন্তু ধার্মিকতায় তিনি নিঃস্ব ব্যক্তির বিচার করবেন,
ন্যায়ের সঙ্গে তিনি পৃথিবীর দরিদ্রদের বিচার নিষ্পত্তি করবেন।
তিনি তাঁর মুখের লাঠি দিয়ে পৃথিবীকে আঘাত করবেন;
তাঁর ওষ্ঠাধরের শ্বাসে তিনি দুষ্টদের সংহার করবেন।
5 ধার্মিকতা হবে তাঁর কোমরবন্ধনী
এবং বিশ্বস্ততা হবে তাঁর কোমরে জড়ানো পটুকা।
6 নেকড়েবাঘ মেষশাবকের সঙ্গে একত্র থাকবে,
চিতাবাঘ ছাগশাবকের সঙ্গে শুয়ে থাকবে,
বাছুর, সিংহ ও নধর পশু একত্র থাকবে;
একটি ছোটো শিশু তাদের চালিয়ে বেড়াবে।
7 গরু ভালুকের কাছে একসঙ্গে চরে বেড়াবে,
তাদের বাছুরেরা একসঙ্গে শুয়ে থাকবে,
আর সিংহ বলদের মতোই বিচালি খাবে।
8 স্তন্যপায়ী শিশু কেউটে সাপের গর্তের কাছে খেলা করবে,
ছোটো শিশু বিষধর সাপের গর্তে হাত দেবে।
9 সেই সাপেরা আমার পবিত্র পর্বতের কোথাও
কোনো ক্ষতি বা বিনাশ করবে না,
কারণ সমুদ্র যেমন জলরাশিতে আচ্ছন্ন,
পৃথিবী তেমনই সদাপ্রভুর জ্ঞানে পরিপূর্ণ হবে।
10 সেদিন যিশয়ের মূল, জাতিসমূহের পতাকারূপে দাঁড়াবেন; সব জাতি তাঁর প্রতি ধাবিত হবে এবং তাঁর বিশ্রামের স্থান প্রতাপান্বিত হবে। 11 সেদিন প্রভু দ্বিতীয়বার সেই অবশিষ্টাংশকে পুনরুদ্ধার করবেন, অর্থাৎ আসিরিয়া, মিশরের নিম্নাঞ্চল ও উচ্চতর অঞ্চল, ও কূশ থেকে, এলম, ব্যাবিলনিয়া, হমাৎ ও সমুদ্রের দ্বীপগুলি থেকে অবশিষ্ট লোকদের উদ্ধার করবেন।
12 তিনি জাতিসমূহের উদ্দেশে একটি পতাকা তুলে ধরবেন
এবং ইস্রায়েলের নির্বাসিতদের একত্র করবেন;
তিনি পৃথিবীর চার কোণে ছড়িয়ে পড়া
যিহূদার লোকদের সমবেত করবেন।
13 ইফ্রয়িমের ঈর্ষা বিলীন হবে,
আর যিহূদার শত্রুরা উৎখাত হবে;
ইফ্রয়িম যিহূদার প্রতি ঈর্ষা করবে না,
যিহূদাও ইফ্রয়িমের প্রতি হিংস্র হবে না।
14 তারা পশ্চিম প্রান্তে ফিলিস্তিয়ার ঢালে ছোঁ মারবে;
একত্র তারা পূর্বদিকের লোকেদের দ্রব্য লুণ্ঠন করবে।
তারা ইদোম ও মোয়াবের উপরে হস্তক্ষেপ করবে,
আর অম্মোনীয়েরা তাদের বশ্যতাধীন হবে।
15 সদাপ্রভু মিশরীয় সমুদ্রের খাড়িকে
শুকিয়ে ফেলবেন;
উষ্ণ বাতাস প্রবাহিত করে
তিনি ইউফ্রেটিস নদীর উপরে হাত চালাবেন।
তিনি সাতটি শাখায় তা বিভক্ত করবেন,
যেন লোকেরা চটি পায়েই তা পার হতে পারে।
16 আসিরিয়া থেকে যারা অবশিষ্ট থাকবে,
তাঁর প্রজাদের বাকি লোকদের জন্য একটি রাজপথ তৈরি হবে,
যেমন মিশর থেকে বের হয়ে আসার সময়ে
ইস্রায়েলীদের জন্য তৈরি হয়েছিল।
12:1 সেদিন তুমি বলবে:
“হে সদাপ্রভু, আমি তোমার প্রশংসা করব।
তুমি যদিও আমার উপরে ক্রুদ্ধ ছিলে,
তোমার ক্রোধ কিন্তু ফিরে গেছে,
আর তুমি আমাকে সান্ত্বনা দিয়েছ।
2 নিশ্চয়ই ঈশ্বর আমার পরিত্রাণ;
আমি আস্থা রাখব ও ভয় পাব না।
সদাপ্রভু, সদাপ্রভুই আমার শক্তি ও আমার গান;
তিনি আমার পরিত্রাণ হয়েছেন।”
3 তোমরা পরিত্রাণের কুয়োগুলি থেকে
আনন্দের সঙ্গে জল তুলে আনবে।
4 সেদিন তোমরা বলবে:
“সদাপ্রভুকে ধন্যবাদ দাও, তাঁর নামে ডাকো;
তাঁর কৃত সমস্ত কর্ম জাতিসমূহকে জানাও,
তাঁর নাম উচ্চ বলে ঘোষণা করো।
5 সদাপ্রভুর উদ্দেশে গীত গাও, কারণ তিনি মহিমাময় অনেক কাজ করেছেন;
সমস্ত জগৎকে একথা জানাও।
6 সিয়োনের লোকেরা, তোমরা চিৎকার করো ও আনন্দে গান গাও,
কারণ ইস্রায়েলের সেই পবিত্রতম জন তোমাদের মধ্যে মহান।”
13:1 ব্যাবিলনের বিরুদ্ধে এক ভবিষ্যদ্বাণী, যা আমোষের পুত্র যিশাইয় এক দর্শনের মাধ্যমে জানতে পান:
2 তোমরা বৃক্ষশূন্য এক গিরিচূড়ায় পতাকা তোলো,
তাদের প্রতি চিৎকার করে বলো;
অভিজাত ব্যক্তিদের তোরণদ্বারগুলি দিয়ে
প্রবেশের জন্য তাদের ইশারা করো।
3 আমি আমার পবিত্রজনেদের আদেশ দিয়েছি;
আমার ক্রোধ চরিতার্থ করার উদ্দেশে
আমি আমার যোদ্ধাদের ডেকে পাঠিয়েছি,
তারা আমার বিজয়ে উল্লাস করবে।
4 শোনো, পর্বতগুলির উপরে এক কলরব শোনা যাচ্ছে,
তা যেন এক মহা জনসমারোহের রব!
শোনো, রাজ্যগুলির মধ্যে এক হট্টগোলের শব্দ,
তা যেন বিভিন্ন জাতির একত্র হওয়ার কোলাহল!
সর্বশক্তিমান সদাপ্রভু যুদ্ধের জন্য
এক সৈন্যবাহিনী রচনা করছেন।
5 তারা বহু দূরবর্তী দেশগুলি থেকে আসছে,
আকাশমণ্ডলের প্রান্তসীমা থেকে
সদাপ্রভু ও তাঁর ক্রোধের সব অস্ত্র
সমস্ত দেশকে ধ্বংস করার জন্য আসছে।
6 তোমরা বিলাপ করো, কারণ সদাপ্রভুর দিন এসে পড়েছে;
সর্বশক্তিমানের কাছ থেকে ধ্বংসের জন্যই তা আসবে।
7 এই কারণে সবার হাত ঝুলে পড়বে,
প্রত্যেকের হৃদয় গলে যাবে।
8 আতঙ্ক তাদের গ্রাস করবে,
ব্যথা ও মনস্তাপ তাদের কবলিত করবে;
প্রসববেদনাগ্রস্ত নারীর মতো তারা যন্ত্রণায় ছটফট করবে।
অসহায়ের মতো তারা পরস্পরের দিকে তাকাবে,
ভয়ে তাদের মুখ আগুনের শিখার মতো হবে।
9 দেখো, সদাপ্রভুর দিন আসছে,
এক নির্মম দিন, তা হবে ক্রোধ ও প্রচণ্ড রোষ সমন্বিত,
যেন দেশ নির্জন পরিত্যক্ত হয়
এবং এর মধ্যেকার পাপীদের ধ্বংস করে।
10 আকাশের তারকারাজি ও তাদের নক্ষত্রপুঞ্জ
আর তাদের দীপ্তি দেবে না।
উদীয়মান সূর্য হবে অন্ধকারময়,
আর চাঁদ তার জ্যোৎস্না দেবে না।
11 আমি মন্দতার জন্য জগৎকে শাস্তি দেব,
দুষ্টদের তাদের পাপের জন্য দেব।
আমি উদ্ধতদের দর্পের অন্ত ঘটাব
এবং অহংকারীদের নিষ্ঠুরতাকে নতনম্র করব।
12 আমি মানুষকে বিশুদ্ধ সোনার চেয়ে,
ওফীরের সোনার চেয়েও দুর্লভ করব।
13 সেই কারণে, আমি আকাশমণ্ডলকে কম্পান্বিত করব;
পৃথিবী তার স্থান থেকে সরে যাবে,
সর্বশক্তিমান সদাপ্রভুর ক্রোধের জন্যই এরকম হবে,
যেদিন তাঁর ক্রোধ প্রজ্বলিত হবে।
14 শিকারের জন্য তাড়িত গজলা হরিণের মতো,
পালকহীন কোনো মেষের মতো,
প্রত্যেকেই তার আপনজনের কাছে ফিরে যাবে,
সকলেই তাদের স্বদেশে পালিয়ে যাবে।
15 যে বন্দি হয়, তাকে অস্ত্রবিদ্ধ করা হবে;
যারা ধৃত হবে, তারা তরোয়াল দ্বারা পতিত হবে।
16 তাদের চোখের সামনে তাদের শিশুদের আছড়ে মারা হবে;
তাদের গৃহগুলি লুন্ঠিত হবে ও তাদের স্ত্রীরা হবে ধর্ষিত।
17 দেখো, আমি তাদের বিরুদ্ধে মাদীয়দের উত্তেজিত করব,
যারা রুপোর পরোয়া করে না,
সোনায় যাদের কোনো আনন্দ নেই।
18 তাদের ধনুর্ধরেরা যুবকদের সংহার করবে;
শিশুদের প্রতি তাদের কোনো করুণা থাকবে না,
ছেলেমেয়েদের প্রতি তারা কোনো সহানুভূতি দেখাবে না।
19 রাজ্যগুলির মণিরত্নস্বরূপ ব্যাবিলন,
ব্যাবিলনীয়দের অহংকারের সেই গৌরব,
ঈশ্বর তা উৎখাত করবেন,
যেমন সদোম ও ঘমোরার প্রতি করেছিলেন।
20 তার মধ্যে আর কোনো জনবসতি হবে না,
বা বংশপরম্পরায় কেউ বসবাস করবে না;
কোনো যাযাবর সেখানে তাঁবু খাটাবে না,
কোনো মেষপালকের পশুপালও সেখানে বিশ্রাম করবে না।
21 কিন্তু মরুপ্রাণীরা সেখানে শুয়ে থাকবে,
শিয়ালেরা তাদের গৃহগুলি পূর্ণ করবে;
সেখানে থাকবে যত প্যাঁচা,
বন্য ছাগলেরা সেখানে লাফিয়ে বেড়াবে।
22 তার দৃঢ় দুর্গগুলিতে হায়েনারা চিৎকার করবে,
শিয়ালেরা ডাকবে তার বিলাসবহুল প্রাসাদগুলি থেকে।
তার সময় শেষ হয়ে এসেছে,
তার দিনগুলি আর বাড়ানো হবে না।