যিশাইয় সোরের ধ্বংসের ভবিষ্যদ্বাণী করেন
715 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 সোরের বিরুদ্ধে এক ভবিষ্যদ্বাণী,
তর্শীশের জাহাজগুলি, তোমরা বিলাপ করো!
কারণ সোর ধ্বংস হয়েছে,
সেখানে আর ঘরবাড়ি নেই, বন্দরও নেই।
সাইপ্রাসের দেশ থেকে
তাদের কাছে এই সংবাদ এসে পৌঁছেছে।
2 ওহে দ্বীপনিবাসীরা, তোমরা
এবং সীদোনের বণিকেরা, সমুদ্র পারাপারকারীরা যাদের সমৃদ্ধ করেছে,
তোমরা নীরব হও।
3 কারণ মহাজলরাশির উপরে এসেছে
শীহোর নদীর শস্য;
নীলনদের ফসল ছিল সোরের রাজস্ব,
সে হয়েছিল জাতিসমূহের বাজারসদৃশ।
4 ওহে সীদোন, তোমরা লজ্জিত হও, আর সমুদ্রের দুর্গ, তোমরাও হও,
কারণ সমুদ্র কথা বলেছে:
“আমি কখনও প্রসবযন্ত্রণা ভোগ করিনি, কাউকে জন্মও দিইনি;
আমি পুত্রদের প্রতিপালন করিনি, কন্যাদেরও মানুষ করিনি।”
5 যখন মিশরের কাছে সংবাদ আসে,
সোরের কাছ থেকে প্রাপ্ত সংবাদে তাদের মনস্তাপ হবে।
6 তোমরা তর্শীশে পার হয়ে যাও;
দ্বীপনিবাসী তোমরা বিলাপ করো।
7 এই কি তোমাদের কোলাহলপূর্ণ নগরী,
পুরোনো, সেই প্রাচীন পুরী,
যার পাগুলি তাকে দূরবর্তী দেশগুলিতে
বসতি করার জন্য নিয়ে গেছে?
8 যে অন্যদের মাথায় মুকুট পরাত, সেই
সোরের বিরুদ্ধে কে এমন পরিকল্পনা করেছে?
যার বণিকেরা সবাই সম্ভ্রান্ত জন,
যার ব্যবসায়ীরা পৃথিবীতে বিখ্যাত ছিল?
9 সর্বশক্তিমান সদাপ্রভু এই পরিকল্পনা করেছেন,
তার সমস্ত প্রতাপের গর্ব খর্ব করার জন্য
এবং পৃথিবীতে বিখ্যাত লোকদের অবনমিত করার জন্য।
10 ওহে তর্শীশের কন্যা,
নীলনদের তীরে ভূমি কর্ষণ করো,
কারণ তোমার বন্দরটি আর নেই।
11 সদাপ্রভু সমুদ্রের উপরে তাঁর হাত প্রসারিত করেছেন
এবং তার রাজ্যগুলিকে প্রকম্পিত করেছেন।
তিনি ফিনিসিয়া সম্পর্কে এক আদেশ দিয়েছেন,
যে তার দুর্গগুলি ধ্বংস হবে।
12 তিনি বলেছেন, “ওহে মানভ্রষ্ট কুমারী সীদোন-কন্যা,
তুমি আর উল্লসিত হোয়ো না!
“তুমি ওঠো, সাইপ্রাসে পার হয়ে যাও;
এমনকি, সেখানেও তুমি কোনো বিশ্রাম পাবে না।”
13 ব্যাবিলনীয়দের দেশের দিকে তাকাও,
এই লোকেরা আর হিসেবের মধ্যে আসে না!
আসিরীয়রা এই দেশকে
মরুপ্রাণীদের বাসভূমি করেছে;
তারা তাদের অবরোধ-মিনার গড়ে তুলেছিল,
তারা এর দুর্গগুলিকে অনাবৃত করেছে
এবং ব্যাবিলনকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
14 তর্শীশের জাহাজগুলি, তোমরা বিলাপ করো,
কারণ তোমাদের দুর্গগুলি ধ্বংস হয়েছে!
15 সেই সময়ে, সোর একজন রাজার জীবনকাল, অর্থাৎ সত্তর বছরের জন্য বিস্মৃত হবে। কিন্তু এই সত্তর বছরের শেষে বেশ্যাদের এই গানের মতো সোরের অবস্থা হবে:
16 “ওহে ভুলে যাওয়া বেশ্যা,
তোমার বীণা তুলে নগরের মধ্য দিয়ে যাও;
ভালো করে বীণা বাজাও, অনেক গান গাও,
যেন তোমাকে স্মরণ করা হয়।”
17 সত্তর বছরের শেষে সদাপ্রভু সোরের সঙ্গে বোঝাপড়া করবেন। সে পূর্বের মতোই বেশ্যাবৃত্তির পথে ফিরে যাবে এবং ভূপৃষ্ঠের সমস্ত রাজ্যের সঙ্গে তার ব্যবসা চালাবে। 18 তবুও তার লাভ ও উপার্জন সদাপ্রভুর উদ্দেশে পৃথক করে রাখা হবে; সেগুলি সঞ্চয় বা মজুত করে রাখা হবে না। তার লাভের টাকা সদাপ্রভুর সাক্ষাতে বসবাসকারী লোকদের কাছে যাবে; তাদের খাদ্যদ্রব্য ও সুন্দর পোশাকের প্রাচুর্য হবে।
যিশাইয় আসিরীয় আক্রমণের ভবিষ্যদ্বাণী করেন
আসিরীয় সৈন্যবাহিনীর প্যালেস্টাইন আক্রমণ সম্বন্ধে যিশাইয়ের ভবিষ্যদ্বাণী।
5 “আসিরিয়াকে ধিক্, সে আমার ক্রোধের লাঠি,
যার হাতে আছে আমার রোষের মুগুর!
6 আমি তাকে এক ভক্তিহীন জাতির বিরুদ্ধে পাঠাব,
আমি তাকে এক জাতির বিরুদ্ধে প্রেরণ করব, যারা আমাকে ক্রুদ্ধ করেছে,
যেন সে লুট করে ও লুণ্ঠনের দ্রব্য কেড়ে নেয়,
আর পথের কর্দমের মতো তাদের পদদলিত করে।
7 কিন্তু এরকম তিনি করতে চান না,
এরকম কিছু তাঁর মনে আসেনি;
তাঁর অভিপ্রায় হল ধ্বংস করা,
অনেক জাতির পরিসমাপ্তি ঘটানো।
8 তিনি বলেন, ‘আমার সেনাপতিরা কি সবাই রাজা নয়?
9 আমার হাতে কল্নো কি কর্কমীশের মতো,
হমাৎ কি অর্পদের মতো
এবং শমরিয়া কি দামাস্কাসের মতো মন্দ বরাত হয়নি?
10 আমার হাত যেমন প্রতিমায় পূর্ণ রাজ্যগুলিকে অবরুদ্ধ করেছে,
সেইসব রাজ্য, যাদের মূর্তিগুলি জেরুশালেম ও শমরিয়াকেও ছাড়িয়ে গেছে,
11 আমি কি জেরুশালেম ও তার মূর্তিগুলির তেমনই অবস্থা করব না,
যেমন আমি করেছি শমরিয়া ও তার প্রতিমাদের?’ ”
12 প্রভু যখন সিয়োন পর্বত ও জেরুশালেমের বিরুদ্ধে তাঁর সব কর্ম সমাপ্ত করবেন, তিনি বলবেন, “অহংকারে পূর্ণ হৃদয় ও উদ্ধত দৃষ্টির জন্য আমি আসিরীয় রাজাকে শাস্তি দেব। 13 কারণ সে বলে:
“ ‘আমার হাতের শক্তিতে ও আমার প্রজ্ঞার দ্বারা
আমি এই কাজ করেছি, কারণ আমার বুদ্ধি আছে।
আমি জাতিসমূহের সীমানাগুলি অপসারিত করেছি,
আমি তাদের ধনসম্পদ লুট করেছি;
এক পরাক্রমী ব্যক্তির মতো তাদের রাজাদের আমি পদানত করেছি।
14 যেমন কেউ পাখির বাসায় হাত দেয়,
তেমনই জাতিসমূহের ঐশ্বর্যে আমার হাত পৌঁছেছে;
লোকে যেমন পরিত্যক্ত ডিম সংগ্রহ করে,
তেমনই আমি সব দেশকে একত্র করেছি;
কেউ তার একটিও ডানা ঝাপটায়নি,
বা মুখে চিঁ চিঁ শব্দ করেনি।’ ”
15 কুড়াল কি কাষ্ঠচ্ছেদকের উপরে আস্ফালন করতে পারে?
অথবা করাত কি কাঠমিস্ত্রীর বিরুদ্ধে নিজেকে বড়ো মনে করতে পারে?
কেউ না চালালে লাঠি কি কাউকে যন্ত্রণা দিতে পারে?
কোনো কাঠের মুগুর কি নিজে নিজেই চালিত হয়?
16 সেই কারণে, প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু,
তাঁর বলবান যোদ্ধাদের মধ্যে একটি ক্ষয়ে যাওয়া রোগ পাঠিয়ে দেবেন;
তার সমারোহের মধ্যে একটি আগুন,
একটি প্রজ্বলিত আগুনের শিখা জ্বালিয়ে দেওয়া হবে।
17 ইস্রায়েলের জ্যোতি আগুনের মতো হবেন,
তাদের সেই পবিত্রতম জন এক আগুনের শিখা হবেন;
একদিনের মধ্যে তার শিয়ালকাঁটা ও কাঁটাঝোপ
দগ্ধ হয়ে গ্রাসিত হবে।
18 তার অরণ্যগুলির শোভা ও উর্বরা মাঠগুলি
তা সম্পূর্ণরূপে ধ্বংস করবে,
যেভাবে কোনো অসুস্থ মানুষ ক্ষয় পায়।
19 আর অরণ্যের অবশিষ্ট গাছগুলি সংখ্যায় এত অল্প হবে
যে একজন শিশু তাদের গণনা করে লিখে ফেলবে।
20 সেদিন, ইস্রায়েলের অবশিষ্ট লোকেরা,
যাকোবের কুলে যারা বেঁচে থাকবে তারা,
তারা আর তার উপরে নির্ভর করবে না
যে তাদের আঘাত করে পতিত করেছিল,
কিন্তু তারা প্রকৃতই সদাপ্রভুর উপর নির্ভর করবে,
যিনি ইস্রায়েলের সেই পবিত্রতম জন।
21 এক অবশিষ্ট অংশ ফিরে আসবে;
যাকোব কুলের এক অবশিষ্ট অংশ, পরাক্রমী ঈশ্বরের কাছে ফিরে আসবে।
22 যদিও তোমার লোকেরা ও ইস্রায়েল সমুদ্রতীরের বালির মতো হয়,
তবুও, এক অবশিষ্টাংশই ফিরে আসবে।
ধ্বংসের রায় ঘোষিত হয়েছে,
তা হবে প্রবল এবং ন্যায়বিচার অনুযায়ী।
23 প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু,
সমস্ত দেশের উপরে ঘোষিত ধ্বংসের রায় কার্যকর করবেন।
24 সেই কারণে, প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন:
“সিয়োনে বসবাসকারী, ও আমার প্রজারা,
তোমরা আসিরীয়দের থেকে ভীত হোয়ো না,
যারা মিশরের মতোই তোমাদের লাঠি দিয়ে প্রহার করেছিল
ও তোমাদের বিরুদ্ধে মুগুর তুলেছিল।
25 খুব শীঘ্রই তোমাদের বিরুদ্ধে আমার ক্রোধের পরিসমাপ্তি হবে,
আর আমার রোষ তাদের ধ্বংসের প্রতি চালিত হবে।”
26 সর্বশক্তিমান সদাপ্রভু তাদের এক চাবুক দিয়ে প্রহার করবেন,
যেভাবে তিনি ওরেব-শৈলে মিদিয়নকে যন্ত্রণা দিয়েছিলেন;
তিনি তাঁর লাঠি জলরাশির উপরে তুলবেন,
যেমন তিনি মিশরে করেছিলেন।
27 সেদিন, তোমাদের কাঁধে দেওয়া তাদের বোঝা
ও তোমাদের ঘাড় থেকে তাদের জোয়াল তুলে নেওয়া হবে;
সেই জোয়াল ভেঙে ফেলা হবে,
কারণ তোমরা ভীষণ হৃষ্টপুষ্ট হয়েছ।
28 তারা অয়াতে প্রবেশ করেছে;
তারা মিগ্রোণের মধ্য দিয়ে অতিক্রম করেছে;
তারা মিক্মসে তাদের দ্রব্যসামগ্রী সঞ্চয় করেছে।
29 তারা গিরিপথ অতিক্রম করে ও বলে,
“আমরা রাত্রির মধ্যে গেবাতে শিবির স্থাপন করব।”
রামা ভয়ে কম্পিত হয়;
শৌলের গিবিয়া পলায়ন করে।
30 গল্লীমের কন্যারা, তোমরা ক্রন্দন করো!
ও লয়িশার লোকেরা, তোমরা শ্রবণ করো!
হায়! দুঃখী অনাথোৎ!
31 মদ্মেনার লোকেরা পালিয়ে যাচ্ছে;
গেবীমের লোকেরা নিজেদের লুকাচ্ছে।
32 আজকের দিনে তারা নোবে গিয়ে স্থগিত হবে;
সে সিয়োন-কন্যার পর্বতের দিকে,
জেরুশালেমের পাহাড়ের দিকে তার মুষ্টি আন্দোলিত করছে।
33 দেখো, প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু,
মহাপরাক্রমে বৃক্ষশাখাগুলি কেটে ফেলবেন।
উঁচু সব গাছ পতিত হবে,
লম্বা গাছগুলিকে মাটিতে ফেলা হবে।
34 বনের ঘন জঙ্গলকে তিনি কুড়াল দিয়ে কেটে ফেলবেন
সেই পরাক্রমী জনের সামনে লেবানন পতিত হবে।