হিষ্কিয়ের অসুস্থতা
হিষ্কিয়ের অসুস্থতা: ভূমিকা।
713 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
24 সেই সময় হিষ্কিয় অসুস্থ হয়ে মৃত্যুমুখে পতিত হলেন। তিনি সেই সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, যিনি তাঁকে উত্তর দিলেন ও তাঁকে এক অলৌকিক চিহ্নও দিলেন। 25 কিন্তু হিষ্কিয়ের অন্তর গর্বিত হল এবং তাঁকে যে করুণা দেখানো হল, তাতে তিনি ভালো সাড়া দেননি; তাই তাঁর উপর এবং যিহূদা ও জেরুশালেমের উপর সদাপ্রভু ক্রুদ্ধ হলেন। 26 তখন হিষ্কিয় তাঁর অন্তরে উৎপন্ন গর্বের বিষয়ে অনুতাপ করলেন, এবং তাঁর সাথে সাথে জেরুশালেমের লোকেরাও অনুতাপ করল; তাই হিষ্কিয়ের রাজত্বকালে সদাপ্রভুর ক্রোধ তাদের উপর নেমে আসেনি।
1 সেই সময় হিষ্কিয় অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তা মৃত্যুজনক হয়ে গেল। আমোষের ছেলে ভাববাদী যিশাইয় তাঁর কাছে গিয়ে বললেন, “সদাপ্রভু একথাই বলেন: তুমি বাড়ির সব ব্যবস্থা ঠিকঠাক করে রাখো, কারণ তুমি মরতে চলেছ; তুমি আর সেরে উঠবে না।”
2 হিষ্কিয় দেয়ালের দিকে মুখ ফিরিয়ে সদাপ্রভুর কাছে এই প্রার্থনা করলেন, 3 “হে সদাপ্রভু, স্মরণ করো, আমি কীভাবে তোমার সামনে বিশ্বস্ততায় ও সম্পূর্ণ হৃদয়ে ভক্তি প্রকাশ করেছি। তোমার দৃষ্টিতে যা কিছু মঙ্গলজনক, আমি তাই করেছি।” এই বলে হিষ্কিয় অত্যন্ত রোদন করতে লাগলেন।
4 মাঝখানের প্রাঙ্গণ ছেড়ে যাওয়ার আগেই সদাপ্রভুর বাণী যিশাইয়ের কাছে উপস্থিত হল: 5 “তুমি ফিরে গিয়ে আমার প্রজাদের শাসনকর্তা হিষ্কিয়কে এই কথা বলো, ‘সদাপ্রভু, তোমার পিতৃপুরুষ দাউদের ঈশ্বর এই কথা বলেন: আমি তোমার প্রার্থনা শ্রবণ করেছি ও তোমার অশ্রু দেখেছি; আমি তোমাকে সুস্থ করব। আজ থেকে তৃতীয় দিনের মাথায় তুমি সদাপ্রভুর মন্দিরে যাবে। 6 আমি তোমার জীবনের আয়ুর সঙ্গে আরও পনেরো বছর যোগ করব। এছাড়াও আমি তোমাকে ও এই নগরটিকে আসিরীয় রাজার হাত থেকে উদ্ধার করব। আমার স্বার্থে ও আমার দাস দাউদের স্বার্থেই আমি এই নগরকে রক্ষা করব।’ ”
7 পরে যিশাইয় বললেন, “ডুমুরফল ছেঁচে একটি প্রলেপ তৈরি করে নাও।” লোকেরা সেরকমই করল এবং সেই বিষফোড়ার উপর সেটি লাগিয়ে দিয়েছিল, ও তিনি সুস্থ হয়ে উঠেছিলেন।
8 হিষ্কিয় এর আগে যিশাইয়কে জিজ্ঞাসা করলেন, “সদাপ্রভু যে আমাকে সুস্থ করবেন ও আজ থেকে তৃতীয় দিনের মাথায় আমি যে সদাপ্রভুর মন্দিরে যাব, তার চিহ্ন কী হবে?”
9 যিশাইয় উত্তর দিলেন, “সদাপ্রভু তাঁর প্রতিজ্ঞানুসারেই যে সবকিছু করবেন, তোমার কাছে সদাপ্রভুর এই চিহ্নই হবে তার প্রমাণ: সূর্য-ঘড়িতে ছায়াটি কি দশ ধাপ এগিয়ে যাবে, না দশ ধাপ পিছিয়ে যাবে?”
10 “ছায়াটি দশ ধাপ এগিয়ে যাওয়া তো মামুলি এক ব্যাপার,” হিষ্কিয় বললেন। “বরং, সেটি দশ ধাপ পিছিয়েই যাক।”
11 তখন ভাববাদী যিশাইয় সদাপ্রভুকে ডেকেছিলেন, এবং সদাপ্রভু আহসের সূর্য-ঘড়ি দিয়ে নেমে যাওয়া সেই ছায়াটিকে দশ ধাপ পিছিয়ে দিলেন।
1 দেখো, একজন রাজা ধার্মিকতায় রাজত্ব করবেন
এবং শাসকেরা ন্যায়পরায়ণতার সঙ্গে শাসন করবেন।
2 প্রত্যেকজন মানুষ বাতাসের বিরুদ্ধে রক্ষা পাওয়ার স্থান হবে
এবং হবে ঝড়ের বিরুদ্ধে রক্ষা পাওয়ার আশ্রয়স্থান।
তারা হবে মরুভূমিতে জলস্রোতের মতো
এবং তৃষ্ণার্তদের দেশে এক মহাশৈলের ছায়ার মতো।
3 তখন যাদের চোখ দেখতে পায়, তারা সত্য দেখবে
এবং যারা শুনতে পায় তাদের কান আর বন্ধ করা হবে না।
4 হঠকারী মানুষের মন আমাকে জানতে ও বুঝতে পারবে,
তোতলানো জিভ অনর্গল স্পষ্ট কথা বলবে।
5 মূর্খ লোককে আর অভিজাত বলা হবে না,
আবার খল লোকদেরও উচ্চ সম্মান আর দেওয়া হবে না।
6 কারণ মূর্খ মূর্খামির কথাই বলে,
তার মন মন্দ নিয়েই ব্যস্ত থাকে:
সে ভক্তিহীনতা অভ্যাস করে
এবং সদাপ্রভু সম্পর্কে ভ্রান্তির গুজব রটায়;
ক্ষুধার্তকে সে খাদ্যহীন রেখে দেয়,
পিপাসিতকে পান করার জল দেয় না।
7 খল লোকদের কাজের ধারা মন্দ,
সে মন্দতার পরিকল্পনা করে,
যেন মিথ্যার দ্বারা দরিদ্রকে ধ্বংস করে,
এমনকি তখনও, যখন নিঃস্বের আবেদন ন্যায্য হয়।
8 কিন্তু মহান মানুষ মহান পরিকল্পনা করে,
এবং মহান কাজের দ্বারাই সে প্রতিষ্ঠিত হয়।
9 আত্মতৃপ্ত নারী তোমরা,
তোমরা ওঠো ও আমার কথা শোনো;
নিশ্চিন্তমনা কন্যা তোমরা,
তোমরা শোনো আমি কী কথা বলি!
10 এক বছরের একটু বেশি সময় অতিক্রান্ত হলে,
নিশ্চিন্তমনা তোমরা ভয়ে কাঁপবে;
দ্রাক্ষাচয়ন ব্যর্থ হবে,
ফল সংগ্রহের সময় আর আসবে না।
11 আত্মতৃপ্ত নারী তোমরা ভয়ে কাঁপো,
নিশ্চিন্তমনা কন্যা, তোমরা শিউরে ওঠো!
তোমাদের কাপড়জামা খুলে ফেলো,
কোমরে শোকবস্ত্র জড়িয়ে নাও।
12 মনোরম মাঠগুলির জন্য তোমরা বুক চাপড়াও,
ফলবতী দ্রাক্ষালতাগুলির জন্য
13 এবং আমার প্রজাদের দেশের জন্য,
যে দেশ কাঁটাঝোপ ও শিয়ালকাঁটায় ভরে গেছে—
হ্যাঁ, তোমরা আমোদ-স্ফূর্তিপূর্ণ গৃহগুলির জন্য
এবং হৈ-হল্লাপূর্ণ এই নগরীর জন্য শোক করো।
14 এই দুর্গ পরিত্যাক্ত হবে,
কোলাহলপূর্ণ নগরীকে ছেড়ে যাওয়া হবে;
নগরদুর্গ ও নজরমিনার চিরকালের জন্য মানববর্জিত হবে,
যা ছিল একদিন গর্দভদের আনন্দ ও পশুপালের চারণভূমি,
15 যতক্ষণ না আমাদের উপরে পবিত্র আত্মাকে ঢেলে দেওয়া হয়
এবং মরুভূমি উর্বর ক্ষেত্র হয়
ও উর্বর ক্ষেত্র যেন অরণ্যের মতো মনে হয়।
16 মরুভূমিতে সদাপ্রভুর ন্যায়বিচার অধিষ্ঠিত হবে
এবং তাঁর ধার্মিকতা উর্বর ক্ষেত্রে বিরাজমান হবে।
17 শান্তি হবে ধার্মিকতার ফল,
আর ধার্মিকতার প্রতিক্রিয়া হবে চিরকালের জন্য প্রশান্তি ও নির্ভরতা।
18 আমার প্রজারা শান্তিপূর্ণ বসতবাড়িতে বসবাস করবে,
তাদের গৃহ হবে নিরাপদ,
তা হবে বাধাহীন বিশ্রামের স্থান।
19 যদিও শিলাবৃষ্টি অরণ্যকে ধরাশায়ী করে
এবং নগর সম্পূর্ণরূপে মাটির সঙ্গে মিশে যায়,
20 তবুও, তোমরা প্রতিটি জলস্রোতের তীরে বীজবপন করে,
তোমাদের গৃহপালিত পশুপাল ও গাধাদের মুক্ত ভাবে চরতে দিয়ে
তোমরা কতই না ধন্য হবে!
33:1 তুমি যে এখনও বিনষ্ট হওনি
ওহে বিনাশক, ধিক্ তোমাকে!
তোমার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করা হয়নি,
ওহে সেই বিশ্বাসঘাতক, ধিক্ তোমাকেও!
তুমি যখন ধ্বংস করা বন্ধ করবে,
তখন তোমাকে ধ্বংস করা হবে;
তুমি যখন বিশ্বাসঘাতকতা বন্ধ করবে,
তখন তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।
2 হে সদাপ্রভু, আমাদের প্রতি দয়ালু হও;
আমরা তোমার প্রতীক্ষায় আছি।
প্রতি প্রভাতে তুমি আমাদের শক্তি হও,
বিপর্যয়ের সময়ে আমাদের পরিত্রাণ হও।
3 তোমার কণ্ঠস্বরের বজ্রধ্বনিতে, জাতিরা পলায়ন করে;
তুমি যখন উঠে দাঁড়াও, সব দেশ ছিন্নভিন্ন হয়।
4 যেমন শুঁয়োপোকা ও পঙ্গপাল মাঠের ফসল ও দ্রাক্ষালতা শূন্য করে দেয়,
তেমনই পঙ্গপালের ঝাঁকের মতো লোকেরা ঝাঁপিয়ে পড়বে।
5 সদাপ্রভু মহিমান্বিত হয়েছেন, কারণ তিনি ঊর্ধ্বে অধিষ্ঠান করেন;
তিনি ন্যায়বিচার ও ধার্মিকতায় সিয়োন পরিপূর্ণ করবেন।
6 তিনি তোমার সমস্ত কালে নিশ্চিত ভিত্তিমূলস্বরূপ হবেন,
তিনি হবেন পরিত্রাণ ও প্রজ্ঞা ও জ্ঞানের এক সমৃদ্ধ ভাণ্ডার;
সদাপ্রভুর প্রতি ভয়ই এই বৈভবের চাবিকাঠি।
7 দেখো, তাদের সাহসী লোকেরা পথে পথে জোরে কাঁদছে;
শান্তিদূতেরা তীব্র রোদন করছে।
8 রাজপথ সব পরিত্যক্ত হয়েছে,
পথিমধ্যে কোনও পথিক নেই।
মৈত্রীচুক্তি ভগ্ন হয়েছে,
এর সাক্ষীরা অবজ্ঞাত হয়েছে,
কাউকেই সম্মান প্রদর্শন করা হয় না।
9 দেশ শোকবিলাপ করে ক্ষয়ে যাচ্ছে,
লেবানন লজ্জিত হয়ে শুকিয়ে যাচ্ছে;
শারোণ হয়েছে মরুভূমির মতো,
বাশন ও কর্মিল লুন্ঠিত হয়েছে।
10 সদাপ্রভু বলছেন, “এবার আমি উঠে দাঁড়াব,
এবারে আমি মহিমান্বিত হব;
এবারে আমাকে উঁচুতে তুলে ধরা হবে।
11 তোমরা তুষ গর্ভে ধারণ করছ,
তোমরা খড়ের জন্ম দাও;
তোমাদের নিশ্বাস যেন আগুনের মতো, যা তোমাদেরই গ্রাস করে।
12 চুনের মতোই সব জাতিকে পুড়িয়ে ফেলা হবে;
কাঁটাঝোপের মতো তারা দাউদাউ করে জ্বলবে।”
13 তোমরা যারা দূরে থাকো, তোমরা শোনো আমি কী করেছি;
তোমরা যারা কাছে থাকো, তোমরা আমার পরাক্রম স্বীকার করে নাও!
14 সিয়োনের পাপীরা আতঙ্কগ্রস্ত হয়েছে;
ভক্তিহীন লোকেদের মধ্যে কাঁপুনি ধরেছে:
“গ্রাসকারী আগুনে আমাদের মধ্যে কে বসবাস করতে পারে?
আমাদের মধ্যে কে পারে সেই চিরস্থায়ী আগুনে বসবাস করতে?”
15 যে ধার্মিকতার পথে জীবনযাপন করে,
যা ন্যায়সংগত, যে সেই কথা বলে,
যে দমনপীড়নের মাধ্যমে হৃত লাভ ঘৃণা করে
এবং উৎকোচ নেওয়া থেকে নিজের হাত গুটিয়ে রাখে,
যে খুনের ষড়যন্ত্র থেকে নিজের কান ফিরিয়ে নেয়
এবং মন্দ করার পরিকল্পনার প্রতি নিজের চোখ বন্ধ রাখে—
16 এই ধরনের মানুষই উচ্চ স্থানে বসবাস করবে,
পার্বত্য দুর্গই যার আশ্রয়স্থান হবে।
তাকে খাবারের জোগান দেওয়া হবে,
তার কাছে থাকবে জলের প্রাচুর্য।
17 তোমার দুই চোখ রাজাকে তাঁর সৌন্দর্যসহ দেখবে,
সে নিরীক্ষণ করবে একটি দেশ, যা বহুদূর পর্যন্ত বিস্তৃত।
18 তোমার চিন্তাভাবনায় তুমি বিগত আতঙ্কের কথা ভাববে:
“সেই প্রধান কর্মচারী কোথায়?
যে রাজস্ব আদায় করত, সেই ব্যক্তি কোথায়?
দুর্গপ্রাকারগুলির ভারপ্রাপ্ত কর্মকর্তা কোথায়?”
19 সেই উদ্ধত লোকগুলিকে তুমি আর দেখতে পাবে না,
তাদের, যারা অজানা ভাষায় কথা বলত,
তাদের অদ্ভুত, দুর্বোধ্য সব ভাষায়।
20 আমাদের সব উৎসব পালনের নগরী, সিয়োনের দিকে তাকাও
তোমার চোখ জেরুশালেমকে দেখবে,
তা এক শান্তির আবাস, এক অটল তাঁবুসদৃশ;
এর কাঠের গোঁজগুলি কখনও উপড়ে ফেলা হবে না,
এর কোনো দড়িও ছিঁড়ে যাবে না।
21 সেখানে সদাপ্রভুই হবেন আমাদের পরাক্রমী জন।
এই স্থান হবে প্রশস্ত নদী ও স্রোতোধারার স্থানের মতো।
দাঁড়ওয়ালা কোনো রণতরী তাদের উপরে থাকবে না,
কোনো শক্তিশালী জাহাজ তাদের উপরে চলবে না।
22 কারণ সদাপ্রভুই আমাদের ন্যায়বিচারক,
সদাপ্রভুই আমাদের আইনদাতা,
সদাপ্রভু আমাদের মহারাজ;
তিনিই আমাদের পরিত্রাণ করবেন।
23 তিমার জাহাজের দড়িদড়া ঢিলে হয়ে গেছে:
মাস্তুলের অবস্থা নিরাপদ নয়,
পাল তার মধ্যে খাটানো নেই।
তখন প্রচুর লুঠদ্রব্য ভাগ করে দেওয়া হবে,
এমনকি, খঞ্জ ব্যক্তিরাও লুটের দ্রব্য বহন করে নিয়ে যাবে।
24 সিয়োনে বসবাসকারী কেউই বলবে না, “আমি অসুস্থ”;
যারা সেখানে বসবাস করে, তাদের সব পাপ ক্ষমা করা হবে।