হিষ্কিয়ের অসুস্থতা (continued)
হিষ্কিয়ের অসুস্থতা: ভূমিকা।
713 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 ওহে জাতিসমূহ, তোমরা কাছে এসে শোনো;
ওহে সমস্ত জাতির লোকেরা, তোমরা কর্ণপাত করো!
পৃথিবী ও তার মধ্যস্থ সকলে শুনুক,
জগৎ ও তার অভ্যন্তরস্থ সকলেই শুনুক!
2 সদাপ্রভু সব জাতির উপরে ক্রুদ্ধ হয়েছেন;
তাদের সব সৈন্যদলের উপরে তাঁর রোষ রয়েছে।
তিনি তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করবেন,
ঘাতকদের হাতে তিনি তাদের সমর্পণ করবেন।
3 তাদের নিহতদের বাইরে নিক্ষেপ করা হবে,
তাদের শবগুলি থেকে দুর্গন্ধ বের হবে;
পর্বতগুলি তাদের রক্তে সিক্ত হবে।
4 আকাশের সমস্ত তারা দ্রবীভূত হবে,
আর আকাশকে পুঁথির মতো গুটিয়ে ফেলা হবে;
আকাশের নক্ষত্রবাহিনীর পতন হবে
যেমন দ্রাক্ষালতা থেকে শুকনো পাতা ঝরে যায়,
যেভাবে ডুমুর গাছ থেকে শুকিয়ে যাওয়া ডুমুর ঝরে যায়।
5 আমার তরোয়াল আকাশমণ্ডলে পরিতৃপ্ত হয়েছে;
দেখো, তা ইদোমের বিচারের জন্য নেমে এসেছে,
যে জাতিকে আমি সম্পূর্ণরূপে ধ্বংস করেছি।
6 সদাপ্রভুর তরোয়াল রক্তে স্নাত হয়েছে,
তা মেদে আবৃত হয়েছে—মেষশাবক ও ছাগলদের রক্তে স্নাত,
মেষদের কিডনির মেদে আবৃত হয়েছে।
কারণ সদাপ্রভু বস্রাতে এক বলিদান করবেন,
ইদোমে এক মহা হত্যালীলা করবেন।
7 তাদের সঙ্গে পতিত হবে বন্য ষাঁড়েরা,
পতিত হবে বাছুর-বলদ ও বড়ো বড়ো বলদ।
তাদের ভূমিতে রক্ত বয়ে যাবে,
আর ধুলি মেদে আবৃত হবে।
8 কারণ সদাপ্রভুর প্রতিশোধ গ্রহণের একটি দিন আছে,
সিয়োনের পক্ষ সমর্থনের জন্য আছে একটি প্রতিফল দানের সময়।
9 ইদোমের নদীগুলি আলকাতরায় পরিণত হবে,
তার ধুলো সব হবে প্রজ্বলিত গন্ধকের মতো,
তার জমি হবে দাউদাউ করে জ্বলে ওঠা আলকাতরার মতো!
10 দিনে বা রাত্রে তা কখনও নিভে যাবে না;
চিরকাল তার মধ্য থেকে ধোঁয়া উঠবে।
বংশপরম্পরায় তা পরিত্যক্ত পড়ে থাকবে;
তার মধ্য দিয়ে আর কেউ পথ অতিক্রম করবে না।
11 মরু-প্যাঁচা ও লক্ষ্মী-প্যাঁচা তা অধিকার করবে,
হুতুম-প্যাঁচা ও দাঁড়কাকেরা সেখানে বাসা বাঁধবে।
ঈশ্বর ইদোমের উপরে বিছিয়ে দেবেন
বিশৃঙ্খলার মাপকাঠি
ও ধ্বংসের ওলন-দড়ি।
12 তার সম্ভ্রান্তজনেদের পক্ষে রাজ্য বলার মতো কিছুই থাকবে না,
তার সমস্ত রাজবংশীয়রা অন্তর্হিত হবে।
13 তার দুর্গগুলিতে কাঁটাঝোপ ছেয়ে যাবে,
তার সুরক্ষিত স্থানগুলি ভরে যাবে বিছুটি ও কাঁটাবনে।
সে হবে শিয়ালের বিচরণস্থান,
প্যাঁচাদের বাসস্থান।
14 মরুপ্রাণীরা সেখানে হায়েনাদের সঙ্গে মিলিত হবে,
বন্য ছাগলেরা সেখানে শব্দ করে পরস্পরকে ডাকবে।
নিশাচর প্রাণীরা সেখানে গা এলিয়ে দেবে,
সেখানে তারা খুঁজে পাবে তাদের বিশ্রামের স্থান।
15 প্যাঁচা সেখানে বাসা বেঁধে ডিম পাড়বে,
ডিম ফুটিয়ে সে তার শাবকদের পালন করবে
ও ডানার তলে তাদের ছায়া দেবে;
সেখানে সমবেত হবে বড়ো সব চিল,
প্রত্যেকে আসবে তাদের সঙ্গিনীর সাথে।
16 সদাপ্রভুর পুঁথিটির দিকে তাকাও ও পড়ো:
এগুলির কোনোটিই হারিয়ে যাবে না,
একটিরও সঙ্গিনীর অভাব হবে না।
কারণ তাঁর মুখ এই আদেশ দিয়েছে,
তাঁর আত্মা তাদের সবাইকে একত্র করবে।
17 তিনি তাদের অংশ বিভাগ করে দেন;
পরিমাপ করে তাঁর হাত তাদের মধ্যে বিতরণ করে।
তারা চিরকাল তা অধিকার করে থাকবে
ও বংশপরম্পরায় সেখানে বসবাস করবে।
35:1 সেদিন মরুভূমি ও শুকনো জমি হবে আনন্দিত;
মরুপ্রান্তর উল্লসিত হবে এবং
বসন্তের প্রথম ফুল সেখানে প্রস্ফুটিত হবে। 2 হ্যাঁ, সেখানে ফুলের প্রাচুর্য হবে,
তা ভীষণভাবে উল্লসিত হয়ে আনন্দে চিৎকার করবে।
তাকে দেওয়া হবে লেবাননের প্রতাপ,
দেওয়া হবে কর্মিল ও শারোণের শোভা;
তারা সদাপ্রভুর মহিমা দেখতে পাবে,
তারা দেখবে আমাদের ঈশ্বরের সৌন্দর্য।
3 যাদের দুর্বল হস্ত, তাদের সবল করো,
যাদের হাঁটু দুর্বল, তাদের সুস্থির করো।
4 যাদের হৃদয় ভয়ে ভীত, তাদের বলো,
“সবল হও, ভয় কোরো না;
তোমাদের ঈশ্বর আসবেন,
তিনি প্রতিশোধ গ্রহণের জন্য আসবেন;
তিনি তোমাদের উদ্ধার করার জন্য
তাদের প্রাপ্য শাস্তি দিতে আসবেন।”
5 তখন অন্ধদের চোখ খুলে যাবে,
বধিরদের কান আর বন্ধ থাকবে না।
6 সেই সময় খঞ্জেরা হরিণের মতো লাফ দেবে
এবং বোবাদের জিভ আনন্দে চিৎকার করবে।
জল তোড়ে বেরিয়ে আসবে প্রান্তর থেকে
এবং জলপ্রবাহ মরুভূমি থেকে।
7 তপ্ত বালুকা পুকুরের মতো হবে,
তৃষিত ভূমি হবে উচ্ছলিত ফোয়ারার মতো।
যে আস্তানায় একদিন শিয়ালরা শুয়ে থাকত,
সেখানে উৎপন্ন হবে ঘাস ও নলখাগড়া।
8 সেখানে প্রস্তুত হবে এক রাজপথ;
সেই পথকে বলা হবে, “পবিত্রতার সরণি।”
কোনো অশুচি মানুষ সেই পথে যাবে না;
যারা ঈশ্বরের পথে চলে, এ পথ হবে কেবলমাত্র তাদের জন্য;
দুষ্ট ও মূর্খেরা সেই পথ অতিক্রম করবে না।
9 সেখানে কোনো সিংহ থাকবে না,
কোনো হিংস্র জন্তুও সেই পথে হাঁটবে না,
তাদের সেখানে দেখাই যাবে না।
কেবলমাত্র মুক্তিপ্রাপ্ত লোকেরাই সেই পথে চলবে,
10 আর মুক্তিপণ দেওয়া সদাপ্রভুর লোকেরা প্রত্যাবর্তন করবে।
তারা গান গাইতে গাইতে সিয়োনে প্রবেশ করবে;
তাদের মাথায় থাকবে চিরস্থায়ী আনন্দ-মুকুট।
আমোদ ও আনন্দে তারা প্লাবিত হবে,
দুঃখ ও দীর্ঘশ্বাস দূরে পলায়ন করবে।
9 যিহূদার রাজা হিষ্কিয় তাঁর অসুস্থতা ও রোগনিরাময়ের পরে যা লিখেছিলেন, তা হল এই:
10 আমি বললাম, “আমার জীবনের সর্বোৎকৃষ্ট সময়ে
আমাকে কি অবশ্যই মৃত্যুর দুয়ারগুলির মধ্য দিয়ে যেতে হবে
এবং আমার আয়ুষ্কালের অবশিষ্ট সময় থেকে বঞ্চিত হতে হবে?”
11 আমি বললাম, “আমি সদাপ্রভুকে আর দেখতে পাব না,
জীবিতদের দেশে সদাপ্রভুকে দেখতে পাব না;
আমি আর মানবকুলকে দেখতে পাব না,
কিংবা যারা এই জগতে বসবাস করে, তাদের সঙ্গে থাকব না।
12 আমার কাছ থেকে আমার আবাস
মেষশাবকের তাঁবুর মতো তুলে নিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে।
তাঁতির মতো আমি আমার জীবন গুটিয়ে ফেলেছি
এবং তিনি তাঁত থেকে আমাকে ছিন্ন করেছেন;
দিনে ও রাতে তুমি আমার জীবন শেষ করেছ।
13 আমি প্রভাত পর্যন্ত ধৈর্যসহ অপেক্ষা করেছি,
কিন্তু সিংহের মতোই তিনি আমার হাড়গুলি চূর্ণ করেছেন;
দিনে ও রাতে তুমি আমার জীবন শেষ করেছ।
14 আমি ফিঙে বা সারসের মতো চিঁ চিঁ শব্দ করেছি,
আমি বিলাপকারী ঘুঘুর মতোই বিলাপ করেছি।
আকাশমণ্ডলের দিকে তাকিয়ে তাকিয়ে আমার চোখের দৃষ্টি ক্ষীণ হল।
আমি উপদ্রুত হয়েছি; ও প্রভু, তুমি আমার সাহায্যের জন্য এসো!”
15 কিন্তু আমার কী বলার আছে?
তিনি আমার সঙ্গে কথা বলেছেন এবং তিনি স্বয়ং এ কাজ করেছেন।
আমার প্রাণের এই নিদারুণ যন্ত্রণার জন্য
আমার সমস্ত জীবনকাল আমি নতনম্র হয়ে চলব।
16 প্রভু, এই সমস্ত বিষয়ের জন্যই মানুষ বাঁচে;
আবার আমার আত্মাও সেগুলির মধ্যে জীবন খুঁজে পায়।
তুমি আমার স্বাস্থ্য ফিরিয়ে দিয়েছ
এবং আমাকে বাঁচতে দিয়েছ।
17 নিশ্চিতরূপে এ ছিল আমার উপকারের জন্য
যে আমি এ ধরনের মর্মযন্ত্রণা ভোগ করেছি।
ধ্বংসের গহ্বর থেকে তুমি
তোমার ভালোবাসায় আমাকে রক্ষা করেছ;
আমার সমস্ত পাপ নিয়ে
তুমি তোমার পিছন দিকে ফেলে দিয়েছ।
18 কারণ কবর তোমার প্রশংসা করতে পারে না,
মৃত্যু করতে পারে না তোমার স্তব;
যারা সেই গহ্বরে নেমে যায়,
তারা তোমার বিশ্বস্ততার প্রত্যাশা করতে পারে না।
19 জীবন্ত, কেবলমাত্র জীবন্ত লোকেরাই তোমার প্রশংসা করবে,
যেমন আজ আমি তোমার প্রশংসা করছি;
বাবারা তাদের সন্তানদের
তোমার বিশ্বস্ততার কথা বলেন।
20 সদাপ্রভু আমাকে রক্ষা করবেন,
আমরা জীবনের সমস্ত দিন সদাপ্রভুর মন্দিরে
তারের বাদ্যযন্ত্রে গান গাইব।