দাউদের ব্যভিচার (continued)
1035 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
দাউদের গীত। মস্কীল।
1 ধন্য সেই ব্যক্তি
যার অপরাধ ক্ষমা করা হয়েছে,
যার পাপ আচ্ছাদিত হয়েছে।
2 ধন্য সেই ব্যক্তি
যার পাপ সদাপ্রভু তার বিরুদ্ধে গণ্য করেন না
এবং যার অন্তর ছলনাবিহীন।
3 যখন আমি চুপ করেছিলাম,
আমার হাড়গোড় ক্ষয় হয়েছিল
এবং সারাদিন আমি আর্তনাদ করেছিলাম।
4 কারণ দিনে এবং রাতে
তোমার শাসনের হাত আমার উপর দুর্বহ ছিল;
যেমন গ্রীষ্মের উত্তাপে জল শুকিয়ে যায়
তেমনই আমার শক্তি নিঃশেষ হয়েছিল।
5 তখন আমি তোমার কাছে আমার পাপস্বীকার করলাম
আর আমার কোনও অপরাধ আমি গোপন করলাম না।
আমি বললাম, “সদাপ্রভুর কাছে আমার সব অপরাধ
আমি স্বীকার করব।”
আর তুমি আমার
পাপের দোষ ক্ষমা করলে।
6 তাই সময় থাকতে
সব বিশ্বস্ত লোক তোমার কাছে প্রার্থনা করুক;
তারা যেন বিচারের বন্যার জলে
ডুবে না যায়।
7 তুমি আমার আশ্রয়স্থল;
তুমি আমাকে বিপদ থেকে সুরক্ষিত করবে
এবং মুক্তির গানে আমাকে চারপাশে ঘিরে রাখবে।
8 সদাপ্রভু বলেন, “আমি তোমাকে উপদেশ দেব এবং উপযুক্ত পথে চলতে তোমাকে শিক্ষা দেবো;
তোমার উপর প্রেমময় দৃষ্টি রেখে আমি তোমাকে পরামর্শ দেবো।
9 তোমরা ঘোড়া বা খচ্চরের মতো হোয়ো না,
যাদের বোধশক্তি নেই
কিন্তু যাদের বল্গা ও লাগাম দিয়ে বশে রাখতে হয়,
নইলে তারা তোমার কাছে আসে না।”
10 দুষ্টের অনেক দুর্দশা হয়,
কিন্তু সদাপ্রভুর অবিচল প্রেম
সেই ব্যক্তিকে ঘিরে রাখে যে তাঁর উপর নির্ভর করে।
11 হে ধার্মিক, সদাপ্রভুতে আনন্দ করো ও উল্লাস করো;
তোমরা যারা অন্তরে ন্যায়পরায়ণ, আনন্দধ্বনি করো।
33:1 হে ধার্মিকেরা, সদাপ্রভুর আনন্দধ্বনি করো;
তাঁর প্রশংসা করা ন্যায়পরায়ণদের উপযুক্ত।
2 তোমরা বীণাতে সদাপ্রভুর প্রশংসা করো;
দশতন্ত্রী সুরবাহারে তাঁর উদ্দেশে সংগীত করো।
3 তাঁর উদ্দেশে নতুন গান গাও;
নিপুণ হাতে বাজাও ও আনন্দধ্বনি করো।
4 সদাপ্রভুর বাক্য সঠিক ও সত্য;
তিনি যা কিছু করেন সবকিছুতেই বিশ্বস্ত।
5 সদাপ্রভু ন্যায়বিচার ও ধার্মিকতা ভালোবাসেন;
পৃথিবী তাঁর অবিচল প্রেমে পূর্ণ।
6 সদাপ্রভুর বাক্যে আকাশমণ্ডল সৃষ্টি হয়েছিল,
তাঁর মুখের নিঃশ্বাসে তারকারাশি তৈরি হয়েছিল।
7 তিনি সমুদ্রের সীমানা নির্দিষ্ট করেন
এবং মহাসমুদ্রের জলরাশি জলাধারে সঞ্চিত করেন।
8 সমস্ত পৃথিবী সদাপ্রভুকে সম্ভ্রম করুক;
জগতের সব লোক তাঁর সমাদর করুক।
9 কারণ তিনি কথা বললেন, আর সৃষ্টি হল;
তিনি আদেশ দিলেন আর স্থিতি হল।
10 জাতিদের পরিকল্পনা সদাপ্রভু ব্যর্থ করেন;
মানুষের সব সংকল্প তিনি বিফল করেন।
11 কিন্তু সদাপ্রভুর পরিকল্পনা চিরস্থায়ী হয়,
তাঁর হৃদয়ের উদ্দেশ্য বংশের পর বংশ স্থায়ী হয়।
12 ধন্য সেই জাতি, যার ঈশ্বর সদাপ্রভু,
সেই সমাজ যাকে তিনি তাঁর অধিকারের জন্য মনোনীত করেছেন।
13 স্বর্গ থেকে সদাপ্রভু দৃষ্টিপাত করেন
এবং সমগ্র মানবজাতিকে দেখেন;
14 যারা পৃথিবীতে বসবাস করে
তাদের তিনি নিজের বাসস্থান থেকে লক্ষ্য করেন।
15 তিনি তাদের হৃদয় তৈরি করেছেন,
তাই তারা যা কিছু করে তিনি সব বুঝতে পারেন।
16 কোনো রাজা তার সৈন্যদলের আকারে রক্ষা পায় না;
কোনো যোদ্ধা নিজের শক্তিবলে পালাতে পারে না।
17 জয়লাভের জন্য নিজের ঘোড়ার উপর নির্ভর কোরো না,
বিপুল সামর্থ্য থাকা সত্ত্বেও তা তোমাকে রক্ষা করতে পারে না।
18 কিন্তু সদাপ্রভুর দৃষ্টি তাদের প্রতি আবদ্ধ যারা তাঁকে সম্ভ্রম করে
আর যারা তাঁর অবিচল প্রেমে আস্থা রাখে,
19 তিনি মৃত্যু থেকে তাদের উদ্ধার করেন,
এবং দুর্ভিক্ষের সময় তাদের প্রাণরক্ষা করেন।
20 আমরা সদাপ্রভুর প্রতীক্ষায় আছি;
তিনি আমাদের সহায় ও আমাদের ঢাল।
21 আমাদের হৃদয় সদাপ্রভুতে আনন্দ করে,
কারণ আমরা তাঁর পবিত্র নামে আস্থা রাখি।
22 হে সদাপ্রভু, তোমার অবিচল প্রেম আমাদের উপর বিরাজ করুক,
কারণ তোমার উপরেই আমরা আশা করি।