দাউদের ব্যভিচার (continued)

1035 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

গীত 103

দাউদের গীত।

1 হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো;

হে আমার অন্তিম সত্তা, তাঁর পবিত্র নামের প্রশংসা করো।

2 হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো,

এবং তাঁর সব উপকার ভুলে যেয়ো না—

3 যিনি তোমার সমস্ত পাপ ক্ষমা করেন

আর তোমার সব রোগ ভালো করেন,

4 যিনি তোমার জীবন মৃত্যু থেকে মুক্ত করেন

আর তোমাকে প্রেম ও করুণার মুকুটে ভূষিত করেন,

5 তিনি উত্তম দ্রব্যে তোমার মনোবাসনা পূর্ণ করেন

যেন ঈগল পাখির মতো তোমার যৌবন নতুন হয়।

6 সদাপ্রভু ধার্মিকতার কাজ করেন

আর পীড়িতদের পক্ষে ন্যায়বিচার করেন।

7 তিনি মোশিকে জানিয়েছিলেন তাঁর পথগুলি,

ইস্রায়েলের লোকদের তাঁর কাজকর্ম:

8 সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল,

ক্রোধে ধীর, দয়াতে মহান।

9 তিনি ক্রমাগত আমাদের অভিযুক্ত করবেন না,

তিনি চিরকাল তাঁর ক্রোধ মনে পুষে রাখবেন না;

10 তিনি আমাদের প্রতি আমাদের পাপ অনুযায়ী আচরণ করেন না

অথবা আমাদের অপরাধ অনুযায়ী আমাদের প্রতিফল দেন না।

11 কারণ জগতের ঊর্ধ্বে আকাশমণ্ডল যত উচ্চ,

যারা তাঁকে সম্ভ্রম করে তাদের প্রতি তাঁর প্রেম ততটাই মহান;

12 পূর্ব থেকে পশ্চিম যত দূরে,

ততটাই আমাদের অপরাধ তিনি আমাদের থেকে দূর করেছেন।

13 বাবা যেমন তার সন্তানসন্ততিদের প্রতি করুণা করেন,

যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে তিনি ততটাই তাদের প্রতি করুণা করেন;

14 কারণ তিনি জানেন আমরা কীভাবে নির্মিত হয়েছি,

তিনি স্মরণে রাখেন যে আমরা কেবল ধুলো।

15 মরণশীল মানুষের জীবন ঘাসের মতো,

মাঠের ফুলের মতো তারা ফুটে ওঠে;

16 তাদের উপর দিয়ে বায়ু বয়ে যায় আর তারা নিশ্চিহ্ন হয়,

আর সেই স্থান তাদের আর মনে রাখে না।

17 কিন্তু অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত

সদাপ্রভুর প্রেম তাদের সঙ্গে আছে যারা তাকে সম্ভ্রম করে,

এবং তাঁর ধার্মিকতা তাদের সন্তানসন্ততিদের প্রতি বর্তায়—

18 তাদের প্রতি যারা তাঁর নিয়ম পালন করে

এবং তাঁর অনুশাসন পালন করার কথা মনে রাখে।

19 সদাপ্রভু তাঁর সিংহাসন স্বর্গে প্রতিষ্ঠিত করেছেন,

আর তাঁর রাজ্য সবকিছুর উপরে শাসন করে।

20 সদাপ্রভুর প্রশংসা করো, হে তাঁর দূতেরা,

তোমরা যারা পরাক্রমী তাঁর পরিকল্পনা সম্পন্ন করো,

তোমরা যারা তাঁর আদেশ পালন করো।

21 সদাপ্রভুর প্রশংসা করো, হে তাঁর স্বর্গের সমস্ত বাহিনী,

তোমরা তাঁর সেবাকারী যারা তাঁর ইচ্ছা পূর্ণ করো।

22 সদাপ্রভুর প্রশংসা করো, হে তাঁর সমস্ত সৃষ্টি,

তাঁর আধিপত্যের সমস্ত স্থানে।

হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো।

2 শমূয়েল 12:16–23

16 দাউদ শিশুটির জন্য ঈশ্বরের কাছে মিনতি জানিয়েছিলেন। তিনি উপবাস করলেন ও কয়েকরাত মেঝের উপর চট পেতে শুয়েছিলেন। 17 তাঁর পরিবারের প্রাচীনেরা তাঁর পাশে বসে তাঁকে মেঝে থেকে তোলার চেষ্টা করলেন, কিন্তু তিনি রাজি হননি, ও তিনি তাদের সঙ্গে ভোজনপানও করতে চাননি।

18 সপ্তম দিনে শিশুটি মারা গেল। দাউদের কর্মচারীরা তাঁকে বলার সাহস পায়নি যে শিশুটি মারা গিয়েছে, কারণ তারা ভেবেছিল, “শিশুটি যখন বেঁচে ছিল, তখনই তো তিনি আমাদের কথা শোনেননি। তবে এখন আমরা তাঁকে কীভাবে বলব যে শিশুটি মারা গিয়েছে? তিনি হয়তো চরম কোনও পদক্ষেপ নিতে পারেন।”

19 দাউদ লক্ষ্য করলেন যে তাঁর কর্মচারীরা নিজেদের মধ্যে কানাকানি করছে, ও তিনি বুঝতে পেরেছিলেন যে শিশুটি মারা গিয়েছে। “শিশুটি কি মারা গিয়েছে?” তিনি জিজ্ঞাসা করলেন।

“হ্যাঁ,” তারা উত্তর দিয়েছিল, “সে মারা গিয়েছে।”

20 তখন দাউদ মেঝে থেকে উঠলেন। স্নান করে, তেল মেখে ও পোশাক বদলে তিনি সদাপ্রভুর গৃহে গিয়ে আরাধনা করলেন। পরে তিনি নিজের বাসায় গেলেন, ও তাঁর অনুরোধে তারা তাঁর সামনে খাবার পরিবেশন করল, ও তিনি ভোজনপান করলেন।

21 তাঁর কর্মচারীরা তাঁকে জিজ্ঞাসা করল, “আপনি এরকম আচরণ করলেন কেন? শিশুটি যখন বেঁচে ছিল, তখন তো আপনি উপবাস করলেন ও কান্নাকাটিও করলেন, কিন্তু এখন শিশুটি যখন মারা গিয়েছে, আপনি উঠে ভোজনপান করলেন!”

22 তিনি উত্তর দিলেন, “শিশুটি যখন বেঁচে ছিল, তখন আমি উপবাস করে কান্নাকাটি করলাম। আমি ভেবেছিলাম, ‘কে জানে? সদাপ্রভু হয়তো আমার প্রতি করুণা দেখাবেন ও শিশুটিকে বাঁচিয়ে রাখবেন।’ 23 কিন্তু এখন যেহেতু সে মারা গিয়েছে, আমি কেনই বা উপবাস করব? আমি কি তাকে ফিরিয়ে আনতে পারব? আমি তার কাছে যাব, কিন্তু সে আমার কাছে ফিরে আসবে না।”

2 শমূয়েল 12:26–31

26 এদিকে যোয়াব অম্মোনীয়দের রাজধানী নগর রব্বার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে সেটি দখল করে নিয়েছিলেন। 27 যোয়াব পরে দাউদের কাছে দূত পাঠিয়ে বললেন, “আমি রব্বার বিরুদ্ধে যুদ্ধ করে সেখানকার জলের ভাণ্ডারটি দখল করে নিয়েছি। 28 এখন আপনি সৈন্যদল একত্র করে নগরটি অবরোধ করে তা দখল করে নিন। তা না হলে আমি নগরটি দখল করব, ও সেটি আমারই নামে পরিচিত হবে।”

29 তাই দাউদ সমস্ত সৈন্যদল একত্র করে রব্বায় গেলেন, ও সেটি আক্রমণ করে দখল করে নিয়েছিলেন। 30 দাউদ তাদের রাজার মাথা থেকে মুকুট কেড়ে নিয়েছিলেন, ও সেটি তাঁর মাথায় পরিয়ে দেওয়া হল। সেটি এক তালন্ত সোনা দিয়ে তৈরি করা হয়েছিল, ও সেটি ছিল মনি-মুক্তো-খচিত। নগর থেকে দাউদ প্রচুর পরিমাণ লুন্ঠিত জিনিসপত্র বের করে এনেছিলেন 31 ও সেখানকার লোকজনকেও নিয়ে এসে তিনি তাদের করাত, লোহার গাঁইতি ও কুড়ুল চালানোর, এবং ইট তৈরির কাজে লাগিয়ে দিলেন। দাউদ অম্মোনীয়দের সব নগরের প্রতিই এরকম করলেন। পরে তিনি তাঁর সমস্ত সৈন্যদল নিয়ে জেরুশালেমে ফিরে এলেন।

1 বংশাবলি 20:2–3

2 দাউদ তাদের রাজার মাথা থেকে মুকুট কেড়ে নিয়েছিলেন—জানা গেল সেটিতে এক তালন্ত সোনা ছিল, এবং সেটি মূল্যবান রত্নখোচিতও ছিল—আর সেটি দাউদের মাথায় পরিয়ে দেওয়া হল। তিনি সেই নগরটি থেকে প্রচুর পরিমাণে লুটসামগ্রী নিয়ে এলেন 3 এবং যারা সেখানে ছিল, সেখানকার লোকজনকেও নিয়ে এসে তিনি তাদের করাত ও লোহার গাঁইতি এবং কুড়ুল চালানোর কাজে লাগিয়ে দিলেন। দাউদ অম্মোনীয়দের সব নগরের প্রতিই এরকম করলেন। পরে দাউদ ও তাঁর সমস্ত সৈন্যদল জেরুশালেমে ফিরে এলেন।