শৌলের রাজসভা থেকে পালানো পর্যন্ত দাউদ (continued)
1063 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 শৌল তাঁর ছেলে যোনাথন ও সব কর্মকর্তাকে বললেন যেন তারা দাউদকে হত্যা করেন। কিন্তু যোনাথন দাউদকে খুব পছন্দ করতেন 2 তাই তিনি তাঁকে সতর্ক করে দিয়ে বললেন, “আমার বাবা শৌল তোমাকে হত্যা করার সুযোগ খুঁজছেন। কাল সকালে তুমি একটু সাবধানে থেকো; গোপন এক স্থানে গিয়ে তুমি লুকিয়ে থেকো। 3 তুমি যেখানে থাকবে আমিও আমার বাবার সঙ্গে সেখানে গিয়ে দাঁড়াব। তোমার বিষয়ে আমি তাঁর সঙ্গে কথা বলব ও আমি যা জানতে পারব তা তোমাকে বলে দেব।”
সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।
1 আমি সদাপ্রভুতে শরণ নিয়েছি।
তুমি কেমন করে আমায় বলো:
“পাখির মতো তোমার পাহাড়ের দিকে উড়ে যাও।
2 কারণ দেখো, ন্যায়পরায়ণদের হৃদয় বিদ্ধ করার জন্য
ছায়া থেকে তির নিক্ষেপ করতে
তারা ধনুকের দড়িতে তির লাগিয়েছে
দুষ্টরা তাদের ধনুকে গুণ পরিয়েছে।
3 যখন ভিত্তিপ্রস্তর ধ্বংস হচ্ছে,
তখন ধার্মিকেরা কী করতে পারে?”
4 সদাপ্রভু তাঁর পবিত্র মন্দিরে আছেন;
সদাপ্রভু স্বর্গের সিংহাসনে অধিষ্ঠিত।
তিনি পৃথিবীর সকলকে নিরীক্ষণ করেন;
তাঁর দৃষ্টি তাদের পরীক্ষা করে।
5 সদাপ্রভু ধার্মিকদের পরীক্ষা করেন,
কিন্তু যারা দুষ্ট, যারা হিংসা ভালোবাসে,
তাদের তিনি হৃদয় দিয়ে ঘৃণা করেন।
6 দুষ্টদের উপর তিনি
জ্বলন্ত কয়লা আর গন্ধক বর্ষণ করবেন;
উত্তপ্ত বায়ু দিয়ে তাদের শাস্তি দেবেন।
7 কারণ সদাপ্রভু ধার্মিক,
তিনি ন্যায় ভালোবাসেন;
ন্যায়পরায়ণ লোক তাঁর মুখদর্শন করবে।
4 যোনাথন তাঁর বাবা শৌলের কাছে দাউদের প্রশংসা করে বললেন, “মহারাজ, আপনার দাস দাউদের প্রতি কোনও অন্যায় করবেন না; সে তো আপনার বিরুদ্ধে কোনও অন্যায় করেনি, আর সে যা যা করেছে তাতে বরং আপনি উপকৃতই হয়েছেন। 5 সেই ফিলিস্তিনীকে হত্যা করার সময় সে প্রাণের ঝুঁকিও নিয়ে ফেলেছিল। গোটা ইস্রায়েল জাতির জন্য সদাপ্রভু এক মহাবিজয় ছিনিয়ে এনেছেন, এবং আপনি তা দেখে খুশিও হয়েছিলেন। অকারণে দাউদের মতো নিরপরাধ একজনকে হত্যা করার মতো অপকর্ম আপনি কেন করতে যাচ্ছেন?”
6 শৌল যোনাথনের কথা শুনে এই শপথ নিয়ে বসলেন: “জীবন্ত সদাপ্রভুর দিব্যি, দাউদকে হত্যা করা হবে না।”
7 অতএব যা যা কথা হল, যোনাথন দাউদকে ডেকে এনে সেসব তাঁকে বলে শোনালেন। তিনি দাউদকে শৌলের কাছে নিয়ে এলেন, এবং আগের মতোই তিনি শৌলের সঙ্গে থাকতে শুরু করলেন।
8 আরেকবার যুদ্ধ শুরু হল, এবং দাউদ গিয়ে ফিলিস্তিনীদের সঙ্গে যুদ্ধ করলেন। তিনি এত জোরে তাদের আঘাত করলেন যে তারা তাঁর সামনে থেকে পালিয়ে গেল।
9 কিন্তু শৌল যখন হাতে বর্শা নিয়ে বাড়িতে বসেছিলেন, তখন সদাপ্রভুর কাছ থেকে একটি মন্দ আত্মা তাঁর উপর নেমে এল। দাউদ তখন বীণা বাজাচ্ছিলেন, 10 শৌল তাঁকে বর্শা দিয়ে দেওয়ালে গেঁথে ফেলার চেষ্টা করলেন, কিন্তু শৌল যখন দেওয়ালের দিকে বর্শা ছুঁড়লেন, তখন দাউদ তাঁর হাত এড়িয়ে সরে গেলেন। সেরাতে দাউদ পালিয়ে প্রাণে বাঁচলেন।
11 দাউদের উপর নজর রাখার জন্য শৌল তাঁর বাড়িতে লোক পাঠালেন, যেন সকালেই তাঁকে হত্যা করতে পারেন। কিন্তু দাউদের স্ত্রী মীখল তাঁকে সতর্ক করে দিয়ে বললেন, “আজ রাতেই যদি তুমি প্রাণ বাঁচিয়ে না পালাও তবে কাল তুমি নিহত হবে।” 12 অতএব মীখল দাউদকে জানালা দিয়ে নিচে নামিয়ে দিলেন, এবং তিনি পালিয়ে রক্ষা পেলেন। 13 পরে মীখল একটি প্রতিমা নিয়ে সেটিকে বিছানায় শুইয়ে, কাপড়চোপড় দিয়ে ঢেকে রেখে মাথার দিকে কিছুটা ছাগলের লোম রেখে দিলেন।
14 দাউদকে বন্দি করার জন্য শৌল যখন লোক পাঠালেন, মীখল বললেন, “উনি অসুস্থ।”
15 পরে আবার শৌল দাউদকে দেখার জন্য লোক পাঠিয়ে তাদের বলে দিলেন, “ওকে খাট সমেত আমার কাছে নিয়ে এসো যেন আমি ওকে হত্যা করতে পারি।” 16 কিন্তু লোকেরা ঘরে ঢুকে দেখল, বিছানার উপর প্রতিমা রাখা আছে, ও মাথার দিকে কিছুটা ছাগলের লোম রাখা আছে।
17 শৌল মীখলকে বললেন, “তুমি কেন আমাকে এভাবে ঠকালে ও আমার শত্রুকে পালিয়ে যেতে দিলে?”
মীখল তাঁকে বললেন, “সে আমাকে বলল, ‘আমাকে যেতে দাও। আমি কেন তোমায় হত্যা করব?’ ”
সংগীত পরিচালকের জন্য। দাউদের মিকতাম। সুর “ধ্বংস কোরো না।” দাউদকে হত্যা করার জন্য শৌল যখন দাউদের গৃহে লোক পাঠিয়ে গোপনে পাহারা বসিয়েছিলেন।
1 হে ঈশ্বর, আমার শত্রুদের কবল থেকে আমাকে উদ্ধার করো;
যারা আমাকে আক্রমণ করে তাদের বিরুদ্ধে আমার উচ্চদুর্গ হও।
2 অনিষ্টকারীদের কবল থেকে আমাকে উদ্ধার করো
রক্তপিপাসু লোকদের হাত থেকে আমাকে রক্ষা করো।
3 দেখো, কেমন তারা আমার জন্য গোপনে অপেক্ষা করে!
নিষ্ঠুর লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে
আমার অন্যায়ের জন্য নয়, আমার পাপের জন্য নয়, হে সদাপ্রভু।
4 আমি কোনও অন্যায় করিনি, তবুও তারা আমাকে আক্রমণ করতে প্রস্তুত।
ওঠো, আর আমাকে সাহায্য করো; আমার দুর্দশার দিকে তাকাও!
5 তুমি, সদাপ্রভু, সর্বশক্তিমান ঈশ্বর,
তুমি ইস্রায়েলের ঈশ্বর,
জাগ্রত হও আর সমস্ত জাতিকে শাস্তি দাও;
যারা দুষ্ট দেশদ্রোহী তাদের প্রতি দয়া কোরো না।
6 তারা সন্ধ্যাবেলায় ফিরে আসে,
কুকুরের মতো দাঁত খিচিয়ে,
আর নগরের চারিদিকে ঘুরে বেড়ায়।
7 দেখো, তারা মুখ দিয়ে কী অশ্লীল কথা বলে,
তাদের মুখের বাক্য তরোয়ালের থেকেও ধারালো,
আর তারা ভাবে, “কে আমাদের কথা শুনতে পায়?”
8 কিন্তু, হে সদাপ্রভু, তুমি তাদের কথায় উপহাস করবে;
তুমি সেইসব জাতিকে বিদ্রুপ করবে।
9 তুমি আমার শক্তি, আমি তোমার জন্য অপেক্ষা করি;
তুমি, ঈশ্বর, আমার উচ্চদুর্গ,
10 আমার ঈশ্বর যার উপর আমি নির্ভর করতে পারি।
ঈশ্বর আমার সামনে অগ্রসর হবেন
আর যারা আমার নিন্দা করে তাদের উপর তিনি আমাকে উল্লাস করতে দেবেন।
11 কিন্তু তাদের হত্যা কোরো না, হে সদাপ্রভু, আমার ঢাল,
নয়তো আমার লোকেরা ভুলে যাবে।
তোমার পরাক্রমে তাদের উৎখাত করো
আর তাদের নত করো।
12 তাদের মুখের পাপের জন্য,
তাদের ঠোঁটের বাক্যের জন্য,
তারা তাদের গর্বে ধরা পড়ুক।
তাদের অভিশাপ ও মিথ্যা উচ্চারণে,
13 তুমি তোমার ক্রোধে তাদের গ্রাস করো,
গ্রাস করো যেন তারা নিশ্চিহ্ন হয়।
তখন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত জানা যাবে যে
যাকোবের ঈশ্বর শাসন করেন।
14 তারা সন্ধ্যাবেলায় ফিরে আসে,
কুকুরের মতো দাঁত খিচিয়ে,
আর নগরের চারিদিকে ঘুরে বেড়ায়।
15 তারা খাবারের খোঁজে এদিক-ওদিক যায়
আর পরিতৃপ্ত না হলে চিৎকার করে।
16 কিন্তু আমি তোমার পরাক্রমের গান গাইব,
সকালে আমি তোমার দয়ার গান গাইব;
কারণ তুমি আমার উচ্চদুর্গ,
সংকটকালে আমার সহায়।
17 তুমি আমার বল, আমি তোমার প্রশংসাগান করব;
তুমি, হে ঈশ্বর, আমার উচ্চদুর্গ,
আমার ঈশ্বর, আমি যার উপর নির্ভর করতে পারি।