বন্দিত্ব অনিবার্য বলে সতর্কবাণীগুলি (continued)

ইহুদিদের উদ্দেশে বিভিন্ন ভবিষ্যদ্বাণী ও আবেদন, যাতে ঘোষণা করা হয় যে তাদের বন্দিত্ব ও জেরুশালেমের ধ্বংস অনিবার্য।

609 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

যিরমিয় 14–15

1 ভারী অনাবৃষ্টির সময়ে যিরমিয় সদাপ্রভুর কাছ থেকে এই বাক্য লাভ করেন:

2 “যিহূদা শোক করছে,

তার নগরগুলি নিস্তেজ হয়ে পড়েছে;

তার লোকেরা দেশের জন্য বিলাপ করছে,

জেরুশালেম থেকে উঠে যাচ্ছে এক কান্নার রোল।

3 সম্ভ্রান্ত মানুষেরা জলের জন্য তাদের দাসদের পাঠায়;

তারা জলাধারের কাছে যায়,

কিন্তু জল পায় না।

তারা শূন্য কলশি নিয়ে ফিরে আসে;

আশাহত ও নিরুপায় হয়ে

তারা নিজের নিজের মাথা ঢেকে ফেলে।

4 জমি ফেটে চৌচির হয়েছে

কারণ দেশে কোনো বৃষ্টিপাত হয়নি;

কৃষকেরা আশাহত হয়ে

তারাও নিজেদের মাথা ঢেকে ফেলেছে।

5 এমনকি, মাঠের হরিণীও,

ঘাস নেই বলে

তার নবজাত শাবককে ফেলে চলে যায়।

6 বন্য গর্দভেরা গাছপালাহীন উঁচু স্থানগুলিতে দাঁড়ায়

ও শিয়ালের মতো হাঁপাতে থাকে;

ঘাসের অভাবে

তাদের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়।”

7 যদিও আমাদের পাপসকল আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়,

হে সদাপ্রভু, তোমার শ্রীনামের জন্য তুমি কিছু করো।

কারণ আমরা অনেকভাবে বিপথগামী হয়েছি;

আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছি।

8 ইস্রায়েলের আশাভূমি,

তার বিভিন্ন দুর্দশার পরিত্রাতা,

কেন তুমি দেশে এক অচেনা মানুষের মতো হয়েছ,

সেই পথিকের মতো হয়েছ, যে এক রাত্রিমাত্র অবস্থান করে?

9 কেন তুমি বিভ্রান্ত এক মানুষের মতো,

উদ্ধার করতে না পারা যোদ্ধার মতো হও?

হে সদাপ্রভু, তুমি আমাদের মধ্যেই আছ,

আর আমরা তোমার পরিচয় বহন করি;

আমাদের পরিত্যাগ কোরো না!

10 এই জাতির লোকদের সম্বন্ধে সদাপ্রভু এই কথা বলেন:

“তারা এরকমই বিপথগামী হতে ভালোবাসে;

তারা তাদের চরণ সংযত করে না।

সেই কারণে, সদাপ্রভু তাদের গ্রহণ করেন না;

এবার তিনি তাদের দুষ্টতা স্মরণ করবেন,

তাদের পাপসকলের জন্য তাদের শাস্তি দেবেন।”

11 এরপর সদাপ্রভু আমাকে এই কথা বললেন, “এই লোকদের মঙ্গলের জন্য তুমি প্রার্থনা কোরো না। 12 তারা যদিও উপবাস করে, আমি তাদের কান্না শুনব না; তারা যদিও হোমবলি ও শস্য-নৈবেদ্য উৎসর্গ করে, আমি সেগুলি গ্রাহ্য করব না। পরিবর্তে, আমি তাদের তরোয়াল, দুর্ভিক্ষ ও মহামারির দ্বারা ধ্বংস করব।”

13 কিন্তু আমি বললাম, “আহ্, সার্বভৌম সদাপ্রভু, ভাববাদীরা নিরন্তর তাদের বলে এসেছে, ‘তোমরা তরোয়ালের সম্মুখীন হবে না বা দুর্ভিক্ষেও কষ্ট পাবে না। প্রকৃতপক্ষে, আমি তোমাদের এই স্থানে চিরস্থায়ী শান্তি ভোগ করতে দেব।’ ”

14 তখন সদাপ্রভু আমাকে বললেন, “ভাববাদীরা আমার নামে মিথ্যা ভাববাণী বলে। আমি তাদের পাঠাইনি বা নিযুক্ত করিনি বা তাদের সঙ্গে কথা বলিনি। তারা তোমাদের কাছে মিথ্যা দর্শন, অসার দৈব বাক্য ও তাদের মনগড়া ভ্রান্তির কথা বলে। 15 অতএব, যারা তাঁর নাম ব্যবহার করে ভাববাণী বলেছে, সদাপ্রভু সেইসব ভাববাদীর উদ্দেশে এই কথা বলেন, আমি তাদের পাঠাইনি, অথচ তারা বলছে, ‘কোনো যুদ্ধ বা দুর্ভিক্ষ এই দেশকে স্পর্শ করবে না।’ ওই ভাববাদীরাই যুদ্ধে ও দুর্ভিক্ষে ধ্বংস হবে। 16 আর যে লোকদের কাছে তারা ভাববাণী বলেছে, যুদ্ধ ও দুর্ভিক্ষের কারণে তাদের জেরুশালেমের পথে পথে নিক্ষেপ করা হবে। তাদের, কিংবা তাদের স্ত্রী ও ছেলেমেয়েদের কবর দেওয়ার জন্য কেউ থাকবে না। তাদের প্রাপ্য যে দুর্দশা, তা আমি তাদের উপরে ঢেলে দেব।

17 “তুমি এসব কথা ওদের বলো:

“ ‘আমার চোখের জল উপচে পড়ুক,

রাতদিন না থেমে তা বয়ে যাক;

কারণ আমার কুমারী কন্যাস্বরূপ আমার প্রজারা

এক ভয়ংকর ক্ষত,

এক চূর্ণকারী আঘাত পেয়েছে।

18 আমি যদি গ্রামে যাই,

আমি তরোয়ালের আঘাতে নিহতদের দেখি;

যদি আমি নগরে যাই,

আমি দুর্ভিক্ষের ধ্বংসাত্মক পরিণাম দেখি।

ভাববাদী ও যাজকেরা সকলেই,

তাদের অপরিচিত এক দেশে চলে গেছে।’ ”

19 তুমি কি সম্পূর্ণরূপে যিহূদাকে প্রত্যাখ্যান করেছ?

তুমি কি সিয়োনকে অবজ্ঞা করো?

তুমি কেন আমাদের এমন দুর্দশাগ্রস্ত করেছ

যে আমাদের অবস্থার প্রতিকার হয় না?

আমরা শান্তির আশায় ছিলাম,

কোনো মঙ্গল আমাদের হয়নি,

অবস্থার প্রতিকারের আশায় আমরা ছিলাম,

কিন্তু কেবলমাত্র আতঙ্কেরই সম্মুখীন হয়েছি।

20 হে সদাপ্রভু, আমরা স্বীকার করি আমাদের দুষ্টতার কথা

এবং আমাদের পিতৃপুরুষদের অপরাধের কথা;

আমরা প্রকৃতই তোমার বিরুদ্ধে পাপ করেছি।

21 তোমার নিজের নামের অনুরোধে, তুমি আমাদের ঘৃণা কোরো না;

তোমার গৌরবের সিংহাসনকে অসম্মানিত কোরো না।

আমাদের সঙ্গে কৃত তোমার চুক্তির কথা স্মরণ করো,

এবং তা ভেঙে ফেলো না।

22 কোনো জাতির অসার দেবমূর্তিরা কি বৃষ্টি আনতে পারে?

আকাশমণ্ডল কি স্বয়ং বারিধারা বর্ষণ করে?

না, কিন্তু তুমিই তা করতে পারো, হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর।

সেই কারণে আমরা তোমার উপরে প্রত্যাশা রাখি,

কারণ কেবলমাত্র তুমিই এসব করে থাকো।

15:1 এরপর সদাপ্রভু আমাকে বললেন, “যদিও মোশি ও শমূয়েল আমার সামনে দাঁড়াত, তবুও আমার মন এই লোকদের প্রতি কোমল হত না। আমার উপস্থিতি থেকে তাদের দূর করে দাও, তাদের চলে যেতে দাও। 2 আর তারা যদি জিজ্ঞাসা করে, ‘আমরা কোথায় যাব?’ তাহলে তাদের বোলো, ‘সদাপ্রভু এই কথা বলেন:

“ ‘যারা মৃত্যুর পাত্র, তারা মৃত্যুর স্থানে;

যারা তরোয়ালের আঘাতের জন্য নির্দিষ্ট, তারা তরোয়ালের স্থানে;

যারা দুর্ভিক্ষের জন্য নির্দিষ্ট, তারা দুর্ভিক্ষের স্থানে;

যারা বন্দিত্বের জন্য নির্দিষ্ট, তারা বন্দিত্বের স্থানে চলে যাক।’

3 “আমি চার ধরনের ধ্বংসকারীকে তাদের বিরুদ্ধে পাঠাব,” সদাপ্রভু ঘোষণা করেন, “হত্যা করার জন্য তরোয়াল, টানাটানি করার জন্য কুকুর এবং গ্রাস ও ধ্বংস করার জন্য আকাশের সব পাখি ও যাবতীয় বুনো পশুও পাঠাব। 4 যিহূদার রাজা হিষ্কিয়ের পুত্র মনঃশি জেরুশালেমে যা করেছে, সেই কারণে পৃথিবীর সব রাজ্যের কাছে আমি তাদের ঘৃণ্য করে তুলব।

5 “হে জেরুশালেম, কে তোমার প্রতি করুণা করবে?

কে তোমার জন্য শোক করবে?

কে থেমে জিজ্ঞাসা করবে, তুমি কেমন আছ?

6 তুমি আমাকে প্রত্যাখ্যান করেছ,”

সদাপ্রভু বলেন।

“তুমি বারবার বিপথগামী হয়ে থাকো।

তাই আমি তোমার উপরে হস্তক্ষেপ করে তোমাকে ধ্বংস করব;

তোমার প্রতি আর কোনো মমতা দেখাব না।

7 আমি দেশের নগরদ্বারগুলিতে

তাদের বেলচা দিয়ে ঝাড়ব।

আমি আমার প্রজাদের উপরে মৃত্যুর শোক ও ধ্বংস নিয়ে আসব,

কারণ তারা তাদের জীবনাচরণের পরিবর্তন করেনি।

8 আমি সমুদ্রের বালির চেয়েও তাদের বিধবাদের সংখ্যা বৃদ্ধি করব।

তাদের যুবকদের মায়েদের বিরুদ্ধে

আমি দুপুরবেলা এক ধ্বংসকারী নিয়ে আসব;

হঠাৎই আমি তাদের বিরুদ্ধে নিয়ে আসব

নিদারুণ উদ্বেগ ও ভয়।

9 সাত সন্তানের জননী মূর্ছা গিয়ে

তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে;

সময় থাকতে থাকতেই তার জীবনসূর্য অস্ত যাবে;

সে লাঞ্ছিত ও অপমানিত হবে।

যারা অবশিষ্ট বেঁচে থাকবে, তাদের সমর্পণ করব

শত্রুদের তরোয়ালের সামনে,”

সদাপ্রভু এই কথা বলেন।

10 হায়, মা আমার, তুমি আমাকে জন্ম দিয়েছ,

আমি এমন মানুষ, যার সঙ্গে সমস্ত দেশ ঝগড়া-বিবাদ করে।

আমি ঋণ করিনি বা কাউকে ঋণও দিইনি,

তবুও সবাই আমাকে অভিশাপ দেয়।

11 সদাপ্রভু বললেন,

“নিশ্চয়ই আমি এক উত্তম অভিপ্রায়ে তোমাকে মুক্ত করব;

নিশ্চিতরূপে বিপর্যয় ও দুর্দশার সময়ে

তোমার শত্রুরা তোমার কাছে অনুনয় করবে।

12 “কোনো মানুষ কি লোহা ভাঙতে পারে,

উত্তর দেশের লোহা বা পিতল?

13 “তোমাদের ঐশ্বর্য ও তোমাদের সম্পদ

আমি বিনামূল্যে লুন্ঠিত বস্তুরূপে দেব।

এর কারণ হল, তোমাদের সমস্ত দেশে কৃত

তোমাদের সব পাপ।

14 আমি তোমাদের শত্রুদের কাছে দাসত্ব করাব,

তোমাদের অপরিচিত এক দেশে,

কারণ আমার ক্রোধ এক আগুনের শিখা প্রজ্বলিত করবে,

যা তোমাদের বিরুদ্ধে থাকবে।”

15 হে সদাপ্রভু, তুমি তো সব বোঝো;

আমাকে স্মরণ করো ও আমার তত্ত্বাবধান করো।

আমার পীড়নকারীদের উপরে তুমিই প্রতিশোধ নাও।

তুমি তো দীর্ঘসহিষ্ণু, আমাকে হরণ কোরো না;

ভেবে দেখো, তোমার কারণে আমি কত দুর্নাম সহ্য করে থাকি।

16 যখন তোমার বাক্যসকল এল, আমি তা অন্তরে গ্রহণ করলাম,

সেগুলি ছিল আমার আনন্দ ও প্রাণের হর্ষজনক,

কারণ হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর,

আমি তোমার নাম ধারণ করি।

17 উচ্ছৃঙ্খল লোকদের দলে আমি কখনও বসিনি,

আমি কখনও তাদের সঙ্গে ফুর্তি করিনি;

আমি একা বসেছিলাম, কারণ তোমার হাত আমার উপরে ছিল,

আর তুমি আমাকে ঘৃণামিশ্রিত ক্রোধে পূর্ণ করেছিলে।

18 কেন আমার বেদনা অন্তহীন

এবং আমার ক্ষতসকল এত মারাত্মক ও নিরাময়ের অযোগ্য?

তুমি আমার কাছে এক ছলনাময়ী ঝর্ণা,

নির্জলা জলের উৎসের মতো।

19 এই কারণে সদাপ্রভু এই কথা বলেন:

“তুমি অনুতাপ করলে আমি তোমাকে পুনঃপ্রতিষ্ঠিত করব,

যেন তুমি আমার সেবা করতে পারো;

যদি তুমি মূল্যহীন কথাবার্তার চেয়ে উৎকৃষ্ট সব কথা বলো,

তাহলে তুমি আমার মুখপাত্র হবে।

এই লোকেরা তোমার প্রতি ফিরুক,

কিন্তু তুমি তাদের প্রতি ফিরবে না।

20 আমি তোমাকে এই লোকদের কাছে প্রাচীরস্বরূপ করব,

পিতলের সুদৃঢ় দেওয়ালের মতো করব;

তারা তোমার বিরুদ্ধে লড়াই করবে,

কিন্তু তোমাকে জয় করতে পারবে না,

কারণ তোমাকে উদ্ধার ও রক্ষা করার জন্য

আমি তোমার সঙ্গে আছি,”

সদাপ্রভু এই কথা বলেন।

21 “আমি দুষ্টদের হাত থেকে তোমাকে রক্ষা করব,

আর নিষ্ঠুর লোকদের কবল থেকে তোমাকে উদ্ধার করব।”