ভাগ 10: উষিয়ের রাজত্ব

যিহূদার রাজ্য

উষিয়ের রাজত্বের প্রথম দিক ও সমৃদ্ধি

810 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

2 বংশাবলি 26:1–4

1 পরে যিহূদার সব লোকজন সেই উষিয়কে এনে রাজারূপে তাঁকে তাঁর বাবা অমৎসিয়ের স্থলাভিষিক্ত করল, যাঁর বয়স তখন ষোলো বছর। 2 রাজা অমৎসিয় তাঁর পূর্বপুরুষদের সাথে চিরবিশ্রামে শায়িত হওয়ার পর এই ঊষিয়ই এলৎ নগরটি আরেকবার নতুন করে গড়ে তুলেছিলেন এবং সেটি যিহূদার অধিকারের অধীনে নিয়ে এলেন।

3 উষিয় ষোলো বছর বয়সে রাজা হলেন, এবং জেরুশালেমে বাহান্ন বছর রাজত্ব করলেন। তাঁর মায়ের নাম যিখলিয়া; তিনি জেরুশালেমে বসবাস করতেন। 4 সদাপ্রভুর দৃষ্টিতে যা ঠিক, তিনি তাই করতেন, ঠিক যেমনটি তাঁর বাবা অমৎসিয়ও করতেন,

2 রাজাবলি 15:1

1 ইস্রায়েলের রাজা যারবিয়ামের রাজত্বকালের সাতাশতম বছরে যিহূদার রাজা অমৎসিয়ের ছেলে অসরিয় রাজত্ব করতে শুরু করলেন।

2 বংশাবলি 26:5–15

5 যিনি তাঁকে ঈশ্বরভয় শিক্ষা দিলেন, সেই সখরিয়ের জীবনকালে বরাবর তিনি ঈশ্বরের অন্বেষণ করে গেলেন। যতদিন তিনি সদাপ্রভুর অন্বেষণ করে গেলেন, ততদিন ঈশ্বর তাঁকে সাফল্যও দিলেন।

6 তিনি ফিলিস্তিনীদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন এবং গাতের, যবনির ও অস্‌দোদের প্রাচীর ভেঙে দিলেন। পরে তিনি অস্‌দোদের কাছে ও ফিলিস্তিনীদের মাঝখানে অন্যান্য স্থানে নতুন করে কয়েকটি নগর গড়ে তুলেছিলেন। 7 ফিলিস্তিনীদের বিরুদ্ধে এবং যারা গূর-বায়ালে বসবাস করত, সেই আরবীয়দের বিরুদ্ধে ও মিয়ূনীয়দের বিরুদ্ধেও ঈশ্বর তাঁকে সাহায্য করলেন। 8 অম্মোনীয়েরা উষিয়ের কাছে রাজকর নিয়ে এসেছিল, এবং তাঁর খ্যাতি একেবারে মিশরের সীমানা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, কারণ তিনি খুব শক্তিশালী হয়ে উঠেছিলেন।

9 জেরুশালেমে কোণার দ্বারে, উপত্যকার দ্বারে ও প্রাচীরের কোণে উষিয় কয়েকটি মিনার তৈরি করলেন, এবং সেগুলি মজবুতও করে তুলেছিলেন। 10 মরুপ্রান্তরেও তিনি কয়েকটি মিনার তৈরি করলেন ও বেশ কয়েকটি কুয়ো খুঁড়েছিলেন, কারণ পাহাড়ের পাদদেশে ও সমভূমিতে তাঁর বেশ কিছু পশুপাল ছিল। পাহাড়ে ও উর্বর জমিতে অবস্থিত তাঁর ক্ষেতখামারে ও দ্রাক্ষাকুঞ্জে তিনি লোকজনকে কাজে লাগালেন, কারণ মাটির প্রতি তাঁর অগাধ ভালোবাসা ছিল।

11 উষিয়ের কাছে ভালো প্রশিক্ষণপ্রাপ্ত এমন এক সৈন্যদল ছিল, যারা রাজকীয় কর্মকর্তাদের মধ্যে একজন, সেই হনানীয়ের পরিচালনায়, তাদের সংখ্যানুসারে দলে দলে বিভক্ত হয়ে সচিব যিয়ূয়েলের ও কর্মকর্তা মাসেয়ের নেতৃত্বে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। 12 যোদ্ধাদের উপর মোট 2,600 জন কুলপতি নিযুক্ত ছিলেন। 13 তাদের অধীনে 3,07,500 জন সৈন্যের সমন্বয়ে গঠিত এমন এক সৈন্যদল ছিল, যারা যুদ্ধের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত, ও রাজার শত্রুদের বিরুদ্ধে তাঁকে সাহায্য করার পক্ষে যথেষ্ট শক্তিশালী ছিল। 14 উষিয় সমগ্র সৈন্যদলের জন্য ঢাল, বর্শা, শিরস্ত্রাণ, বর্ম, ধনুক ও পাথর ছোঁড়ার গুলতির জোগান দিলেন। 15 জেরুশালেমে তিনি এমন সব যন্ত্রপাতি তৈরি করিয়েছিলেন, যেন আবিষ্কৃত সেই যন্ত্রপাতিগুলি মিনারে ও প্রাচীরের কোনায় রেখে সৈনিকরা প্রাচীর থেকেই তির ছুঁড়তে ও বড়ো বড়ো পাথরের গোলা নিক্ষেপ করতে পারে। দূর দূর পর্যন্ত তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছিল, কারণ যতদিন না তিনি শক্তিশালী হয়ে উঠেছিলেন, ততদিন তিনি প্রচুর সাহায্য পেয়েছিলেন।

যোয়েল যিহূদার পতনের ভবিষ্যদ্বাণী করেন আনুমানিক 787 খ্রিস্টপূর্ব

উষিয় যখন তাঁর সৈন্যবাহিনী বাড়ান, তখন যোয়েল ভবিষ্যদ্বাণী করেন যে একদিন এক বিদেশি সৈন্যবাহিনী যিহূদা রাজ্যের পতন ঘটাবে।

যোয়েল 1

1 সদাপ্রভুর এই বাক্য পথূয়েলের পুত্র যোয়েলের কাছে উপস্থিত হল।

2 আপনারা যারা প্রাচীন, একথা শুনুন;

দেশে বসবাসকারী তোমরা সকলেই শোনো।

তোমাদের সময়কালে, কিংবা তোমাদের পিতৃপুরুষদের সময়ে,

এরকম ঘটনা কখনও কি ঘটেছে?

3 তোমাদের সন্তানদের কাছে একথা বলো,

তোমাদের সন্তানেরা তাদের সন্তানদের কাছে একথা বলুক,

আর তাদের সন্তানেরা বলুক পরবর্তী প্রজন্মের কাছে।

4 পঙ্গপালের ঝাঁক যা ছেড়ে গিয়েছে,

তা বড়ো পঙ্গপালেরা খেয়ে ফেলেছে;

বড়ো পঙ্গপালের যা ছেড়ে দিয়েছে,

তরুণ পঙ্গপালেরা তা খেয়ে ফেলেছে;

আর তরুণ পঙ্গপালেরা যা ছেড়ে দিয়েছে,

তা অন্য পঙ্গপালেরা খেয়ে ফেলেছে।

5 ওহে মাতাল ব্যক্তিরা, তোমরা ওঠো ও কাঁদো!

যারা সুরা পান করো, তোমরা বিলাপ করো;

নতুন দ্রাক্ষারসের জন্য বিলাপ করো,

কারণ তা তোমাদের মুখ থেকে কেড়ে নেওয়া হয়েছে।

6 এক জাতি আমার দেশকে আক্রমণ করেছে,

তারা শক্তিশালী ও সংখ্যায় অগণ্য;

তার আছে সিংহের মতো দাঁত,

আছে সিংহীর মতো কশের দাঁত।

7 সে আমার দ্রাক্ষালতা নষ্ট করেছে,

আমার ডুমুর গাছগুলি ধ্বংস করেছে।

সে তাদের ছালগুলি খুলে দূরে ফেলে দিয়েছে,

তাদের শাখাপ্রশাখা ত্বকশূন্য সাদা দেখা যায়।

8 তোমরা শোকবস্ত্র পরে যুবতী নারীর মতো বিলাপ করো,

যে যৌবনেই তার স্বামীর মৃত্যুতে শোক করে।

9 শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য সকল

সদাপ্রভুর গৃহ থেকে অপহৃত হয়েছে।

যারা সদাপ্রভুর সামনে পরিচর্যা করেন,

সেই যাজকেরা সবাই শোক করছেন।

10 মাঠগুলি সব বিধ্বস্ত হয়েছে,

জমি শুকিয়ে গেছে;

শস্যরাশি ধ্বংস করা হয়েছে,

নতুন দ্রাক্ষারস শুকিয়ে গেছে,

তেল সব শেষ হতে চলেছে।

11 ওহে কৃষকেরা, তোমরা হতাশ হও,

দ্রাক্ষাচাষিরা, তোমরা বিলাপ করো;

তোমরা গম ও যবের জন্য দুঃখ প্রকাশ করো,

কারণ মাঠের সব উৎপন্ন শস্য ধ্বংস হয়েছে।

12 দ্রাক্ষালতা শুকিয়ে গেছে

ও ডুমুর গাছ জীর্ণ হয়েছে;

ডালিম, খেজুর ও আপেল গাছ—

মাঠের যত গাছপালা—শুকিয়ে গেছে।

সত্যিই মানবজাতির সব আনন্দ

ফুরিয়ে গেছে।

13 ওহে যাজকেরা, তোমরা শোকের বস্ত্র পরে বিলাপ করো;

যারা বেদির সামনে পরিচর্যা করো, তোমরা হাহাকার করো।

তোমরা, যারা আমার ঈশ্বরের সামনে পরিচর্যা করো,

তোমরাও এসো, সমস্ত রাত্রি শোকের বস্ত্র পরে কাটাও;

কারণ ভক্ষ্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য

তোমাদের ঈশ্বরের গৃহে আনা হয়নি।

14 এক পবিত্র উপবাস-পর্ব ঘোষণা করো,

এক পবিত্র সভার আহ্বান করো।

প্রাচীনদের ও যারা দেশে বসবাস করে,

তাদের সবাইকে তলব করো,

তারা যেন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহে আসে

ও সদাপ্রভুর কাছে ক্রন্দন করে।

15 হায় হায়, সে কেমন দিন!

কারণ সদাপ্রভুর দিন সন্নিকট;

এ যেন সর্বশক্তিমানের কাছ থেকে বিনাশের মতো আসছে।

16 আমাদের চোখের সামনে থেকেই কি খাবার,

আনন্দ ও উল্লাস আমাদের ঈশ্বরের গৃহ থেকে নিয়ন্ত্রিত করা হয়নি?

17 যত শস্যবীজ মাটির ঢেলার নিচে

পচে গেছে।

শস্যভাণ্ডারের গৃহগুলি ধ্বংস হয়েছে,

গোলাঘরগুলি ভেঙে ফেলা হয়েছে,

কারণ শস্য সব শুকিয়ে গেছে।

18 পশুপাল কেমন আর্তস্বর করছে!

বলদের পাল দিশেহারা হয়ে পড়েছে,

কারণ তাদের জন্য কোনো চারণভূমি নেই।

19 হে সদাপ্রভু, আমি তোমাকেই ডাকি,

কারণ আগুন খোলা চারণভূমিকে গ্রাস করেছে

আর আগুনের শিখা মাঠের সমস্ত গাছপালা দগ্ধ করেছে।

20 এমনকি, বুনো পশুরাও হাঁপাতে হাঁপাতে তোমার দিকে চেয়ে আছে;

জলের সমস্ত উৎস শুকিয়ে গেছে

আর আগুন খোলা চারণভূমিগুলি ধ্বংস করেছে।