উষিয় কুষ্ঠরোগে আক্রান্ত হন

787 অথবা 765 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

2 বংশাবলি 26:16–21

16 কিন্তু শক্তিশালী হয়ে ওঠার পর উষিয়ের অহংকারই তাঁর পতনের কারণ হয়ে উঠেছিল। তাঁর ঈশ্বর সদাপ্রভুর প্রতি তিনি অবিশ্বস্ত হলেন, এবং ধূপবেদিতে ধূপ পোড়ানোর জন্য তিনি সদাপ্রভুর মন্দিরে প্রবেশ করলেন। 17 যাজক অসরিয় ও সদাপ্রভুর আরও আশি জন সাহসী যাজক তাঁকে অনুসরণ করলেন। 18 তারা রাজা ঊষিয়কে বাধা দিয়ে বললেন, “হে উষিয়, সদাপ্রভুর কাছে ধূপ পোড়ানোর আপনার কোনও অধিকার নেই। এই অধিকার আছে শুধু সেই যাজকদের, যারা হারোণের বংশধর ও তাদেরই আলাদা করে উৎসর্গ করা হয়েছে, যেন তারা ধূপ পোড়াতে পারে। পবিত্র এই পীঠস্থান থেকে আপনি বের হয়ে যান, কারণ আপনি অবিশ্বস্ত হয়েছেন; এবং সদাপ্রভু ঈশ্বর আপনাকে সম্মানিত করবেন না।”

19 উষিয় রেগে গেলেন, তখন হাতে একটি ধুনুচি নিয়ে তিনি ধূপ পোড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। সদাপ্রভুর মন্দিরের মধ্যে, ধূপবেদির সামনে যাজকদের উপস্থিতিতে তিনি যখন তাদের প্রতি ক্রোধ প্রকাশ করছিলেন, তখনই তাঁর কপালে কুষ্ঠরোগ দেখা দিয়েছিল। 20 প্রধান যাজক অসরিয় ও অন্যান্য সব যাজক যখন তাঁর দিকে তাকিয়েছিলেন, তখন তারা দেখতে পেয়েছিলেন যে তাঁর কপালে কুষ্ঠরোগ দেখা দিয়েছে, তাই তাড়াতাড়ি করে তারা তাঁকে বাইরে নিয়ে গেলেন। বাস্তবিক, তিনি নিজেও বাইরে বেরিয়ে যেতে উদগ্রীব হলেন, কারণ সদাপ্রভুই তাঁকে যন্ত্রণায় কাতর করে তুলেছিলেন।

21 আমৃত্যু, রাজা উষিয় কুষ্ঠরোগী হয়েই ছিলেন। কুষ্ঠরোগাক্রান্ত হয়ে তিনি আলাদা একটি বাড়িতে বসবাস করলেন, এবং সদাপ্রভুর মন্দিরে তাঁর প্রবেশ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হল। তাঁর ছেলে যোথম প্রাসাদের দায়িত্ব নিয়েছিলেন এবং দেশের প্রজাদের শাসন করলেন।

যিশাইয়কে ভাববাদী নিযুক্ত করা হয় 758 খ্রিস্টপূর্ব

যিশাইয় 1:1

1 এই দর্শন যিহূদা ও জেরুশালেমের বিষয়ে, যা আমোষের পুত্র যিশাইয়, যিহূদার রাজা উষিয়, যোথম, আহস ও হিষ্কিয়ের সময়ে দেখতে পান।

যিশাইয় 6

1 যে বছরে রাজা উষিয় মারা যান, আমি প্রভুকে এক উচ্চ ও উন্নত সিংহাসনে বসে থাকতে দেখলাম। তাঁর রাজপোশাকের প্রান্তভাগে মন্দির পরিপূর্ণ ছিল। 2 তাঁর নিকটে উপস্থিত ছিলেন ছয় ডানাবিশিষ্ট সরাফেরা। দুটি ডানা দিয়ে তারা মুখ ঢেকেছিলেন, দুটি ডানা দিয়ে তারা তাদের পা ঢেকেছিলেন এবং দুটি ডানা দিয়ে তারা উড়ছিলেন। 3 আর তারা পরস্পরকে ডেকে বলছিলেন,

“পবিত্র, পবিত্র, পবিত্র, সর্বশক্তিমান সদাপ্রভু,

সমস্ত পৃথিবী তাঁর মহিমায় পরিপূর্ণ।”

4 তাদের কণ্ঠস্বরের শব্দে দরজার চৌকাঠগুলি কেঁপে উঠল এবং মন্দির ধোঁয়ায় পূর্ণ হল।

5 আমি চিৎকার করে উঠলাম, “ধিক্ আমাকে! আমি শেষ হয়ে গেলাম! আমি অশুচি ওষ্ঠাধরবিশিষ্ট মানুষ। আর আমার দুই চোখ মহারাজকে, সর্বশক্তিমান সদাপ্রভুকে দেখেছে।”

6 তখন সরাফদের মধ্যে একজন, তাঁর হাতে জ্বলন্ত অঙ্গার নিয়ে আমার কাছে উড়ে এলেন। সেই অঙ্গার তিনি বেদির মধ্য থেকে চিমটা দিয়ে নিয়েছিলেন। 7 তা দিয়ে তিনি আমার মুখ স্পর্শ করলেন এবং বললেন, “দেখো, এটি তোমার ওষ্ঠাধর স্পর্শ করেছে; তোমার অপরাধ অপসারিত এবং তোমার পাপের প্রায়শ্চিত্ত করা হয়েছে।”

8 তখন আমি প্রভুর কণ্ঠস্বর শুনতে পেলাম। তিনি বলছিলেন, “আমি কাকে পাঠাব? কে আমাদের জন্য যাবে?”

আমি বললাম, “এই যে আমি। আমাকে পাঠান!”

9 তিনি বললেন, “তুমি যাও ও গিয়ে এই লোকদের বলো:

“ ‘তোমরা সবসময় শুনতে থাকো, কিন্তু কখনও বোঝো না;

সবসময় দেখতে থাকো, কিন্তু কখনও উপলব্ধি করো না।’

10 তুমি এই জাতির লোকদের হৃদয় অসাড় করে দাও;

তাদের কানগুলি উপড়ে ফেলো

ও চোখগুলি বন্ধ করে দাও।

নতুবা তারা তাদের চোখে দেখতে পাবে,

তারা কানে শুনতে পাবে,

তারা তাদের হৃদয়ে বুঝতে পারবে

এবং আরোগ্যলাভের জন্য আমার কাছে ফিরে আসবে।”

11 তখন আমি বললাম, “ও প্রভু, তা কত দিন ধরে হবে?”

তিনি উত্তর দিলেন,

“যতদিন না নগরগুলি ধ্বংস হয়,

তাদের মধ্যে জনপ্রাণী না থাকে,

যতদিন না ঘরবাড়িগুলি জনশূন্য হয়

ও মাঠগুলি ধ্বংস হয়ে ছারখার না হয়,

12 যতক্ষণ না সদাপ্রভু সবাইকে দূরে প্রেরণ করেন

এবং এই ভূমির কথা সকলে ভুলে যায়।

13 আর যদিও দেশের এক-দশমাংশ লোক অবশিষ্ট থাকে,

তা পুনরায় জনশূন্য পড়ে থাকবে।

কিন্তু তার্পিন ও ওক গাছ

কেটে ফেললেও যেমন তাদের গুঁড়ি থেকেই যায়,

তেমনই এই দেশে সেই গুঁড়ির মতো এক পবিত্র বংশ থেকেই যাবে।”

যিশাইয় 2

1 যিহূদা ও জেরুশালেম সম্পর্কে আমোষের পুত্র যিশাইয় এই দর্শন পান:

2 শেষের সময়ে

সদাপ্রভুর মন্দিরের পর্বত অন্য সব পর্বতের উপরে

প্রধানরূপে প্রতিষ্ঠিত হবে;

তাকে সব পাহাড়ের উপরে তুলে ধরা হবে

এবং সমস্ত জাতি তার দিকে স্রোতের মতো প্রবাহিত হবে।

3 অনেক লোক এসে বলবে,

“চলো, আমরা সদাপ্রভুর পর্বতে উঠে যাই,

যাকোবের ঈশ্বরের গৃহে যাই।

তিনি আমাদের তাঁর পথের বিষয়ে শিক্ষা দেবেন,

যেন আমরা তাঁর পথসমূহে চলতে পারি।”

সিয়োন থেকে বিধান নির্গত হবে,

জেরুশালেম থেকে সদাপ্রভুর বাণী নির্গত হবে।

4 তিনি অনেক জাতির মধ্যে বিচার করবেন

এবং অনেক লোকেদের বিবাদ মীমাংসা করবেন।

তারা নিজের তরোয়াল পিটিয়ে চাষের লাঙল

এবং বল্লমগুলিকে কাস্তেতে পরিণত করবে।

এক জাতি অন্য জাতির বিরুদ্ধে আর তরোয়াল ব্যবহার করবে না,

তারা আর যুদ্ধ করতেও শিখবে না।

5 ওহে যাকোবের কুল, তোমরা এসো,

এসো, আমরা সদাপ্রভুর আলোয় পথ চলি।

6 সদাপ্রভু, তুমি তো তোমার প্রজা,

যাকোবের কুলকে ত্যাগ করেছ।

তারা প্রাচ্যদেশীয় কুসংস্কারের অভ্যাসে পূর্ণ;

তারা ফিলিস্তিনীদের মতো গণকবিদ্যা ব্যবহার করে

এবং পৌত্তলিকদের সঙ্গে হাতে হাত মেলায়।

7 তাদের দেশ সোনা ও রুপোয় পূর্ণ

তাদের ঐশ্বর্যের যেন কোনও শেষ নেই।

তাদের দেশ অশ্বেও পরিপূর্ণ,

তাদের রথেরও যেন কোনো শেষ নেই।

8 তাদের দেশ প্রতিমায় পূর্ণ;

নিজেদের হাতে তৈরি জিনিসের কাছে তারা প্রণিপাত করে,

যেগুলি তাদেরই আঙুল নির্মাণ করেছে।

9 ইতর মানুষ তাদের কাছে প্রণত হয়,

মহৎ যারা, তারাও অধোমুখ হয়,

তাই তুমি তাদের ক্ষমা কোরো না।

10 তোমরা পাথরের ফাটলে যাও, মাটিতে লুকাও

সদাপ্রভুর ভয়ংকরতা থেকে ও

তাঁর মহিমার ঔজ্জ্বল্য থেকে!

11 উদ্ধত মানুষের দৃষ্টি নত করা হবে,

গর্বিত মানুষেরা অবনত হবে;

সেদিন কেবলমাত্র সদাপ্রভুই উন্নীত হবেন।

12 যত গর্বিত ও উদ্ধত মানুষ,

যত লোক নিজেদের উচ্চ করে,

তাদের জন্য সর্বশক্তিমান সদাপ্রভু একটি দিন স্থির করে রেখেছেন,

(তাদের সবাইকে নত করা হবে),

13 সব লেবাননের যত উঁচু ও লম্বা সিডার গাছ

এবং বাশনের সমস্ত ওক গাছকে,

14 সব উঁচু পর্বত

এবং সমস্ত উঁচু পাহাড়কে,

15 প্রত্যেকটি উঁচু মিনার

ও প্রত্যেকটি দৃঢ় প্রাচীরকে,

16 প্রত্যেকটি বাণিজ্যিক জাহাজ

এবং প্রত্যেকটি চমৎকার শিল্পকর্মকে।

17 মানুষের ঔদ্ধত্যকে নত করা হবে,

সব মানুষের অহংকার অবনত হবে;

সেদিন, কেবলমাত্র সদাপ্রভুই উচ্চ হবেন,

18 আর যত প্রতিমা সেদিন অন্তর্হিত হবে।

19 মানুষেরা সেদিন পালিয়ে পাহাড়ের গুহাগুলিতে

ও মাটির গর্তগুলিতে গিয়ে লুকাবে,

সদাপ্রভুর ভয়ংকরতা থেকে

এবং তাঁর রাজকীয় প্রতাপের শৌর্য থেকে,

যখন তিনি পৃথিবীকে কম্পান্বিত করার জন্য উঠে দাঁড়াবেন।

20 সেদিন লোকেরা,

ইঁদুর ও বাদুড়ের কাছে ফেলে দেবে,

তাদের রুপোর ও সোনার প্রতিমাগুলি

যেগুলি তারা পুজো করার জন্য নির্মাণ করেছিল।

21 তারা পাহাড়-পর্বতের গুহাগুলিতে

ও ঝুলে থাকা পাহাড়ের খাঁজে খাঁজে গিয়ে লুকাবে,

সদাপ্রভুর ভয়ংকরতা থেকে

এবং তাঁর রাজকীয় প্রতাপের শৌর্য থেকে,

যখন তিনি পৃথিবীকে কম্পান্বিত করার জন্য উঠে দাঁড়াবেন।

22 তোমরা মানুষের উপরে নির্ভর করা ছেড়ে দাও,

যার নাকে তো কেবলমাত্র প্রাণবায়ু বয়।

সে কীসের মধ্যে গণ্য?