জেরুশালেমের প্রাচীরসমূহের পুনর্নির্মাণ (continued)

445 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

নহিমিয় 6

1 সন্‌বল্লট, টোবিয়, আরবীয় গেশম ও আমাদের অন্য শত্রু যখন শুনতে পেল যে, আমি প্রাচীর গেঁথেছি এবং সেখানে কোনো ফাঁক নেই, যদিও তখনও আমি নগরদ্বারগুলির দরজা লাগাইনি। 2 সন্‌বল্লট ও গেশম আমাকে এই কথা বলে পাঠাল “আসুন, আমরা ওনো সমস্থলীর কোনও গ্রামে মিলিত হই।”

কিন্তু তারা আমার ক্ষতি করার ষড়যন্ত্র করছিল; 3 সেইজন্য আমি লোক পাঠিয়ে তাদের এই উত্তর দিলাম “আমি একটি বিশেষ দরকারি কাজ করছি এবং আমি নেমে যেতে পারি না। আমি কেন কাজ বন্ধ করে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে যাব?” 4 তারা চার বার একই সংবাদ আমাকে পাঠাল আর প্রত্যেকবার আমি তাদের একই উত্তর দিলাম।

5 তারপর, পঞ্চমবার, সন্‌বল্লট একই সংবাদ তার চাকরকে দিয়ে আমার কাছে পাঠাল, আর তার হাতে একটি খোলা চিঠি ছিল 6 যাতে লেখা ছিল:

“জাতিগণের মধ্যে এই কথা শোনা যাচ্ছে, আর গেশমও বলেছে সেকথা সত্যি, যে আপনি ও ইহুদিরা বিদ্রোহের ষড়যন্ত্র করেছেন, আর সেইজন্য প্রাচীর গাঁথছেন। এছাড়া, এসব সংবাদ অনুসারে আপনি তাদের রাজা হতে যাচ্ছেন 7 এবং জেরুশালেমে এই ঘোষণা করার জন্য আপনি ভাববাদীও নিযুক্ত করেছেন ‘যিহূদা দেশে একজন রাজা আছেন!’ এখন এই সংবাদ রাজার কাছে পৌঁছাবে; কাজেই আসুন, আমরা একত্র হয়ে পরামর্শ করি।”

8 আমি তাকে এই উত্তর পাঠালাম “আপনি যা বলছেন সেইরকম কিছুই হচ্ছে না, এটি আপনার মনগড়া কথা।”

9 তারা সকলে আমাদের ভয় দেখবার চেষ্টা করছিল, মনে করছিল, “এই কাজ করার জন্য ওদের হাত দুর্বল হয়ে যাবে, এবং তা সম্পূর্ণ হবে না।”

কিন্তু আমি প্রার্থনা করলাম, “এখন আমার হাত শক্তিশালী করো।”

10 একদিন আমি দলায়ের ছেলে শময়িয়ের বাড়ি গেলাম, দলায় ছিল মহেটবেলের ছেলে। শময়িয় তার বাড়িতে বদ্ধ ছিল। সে বলল, “আসুন, আমরা ঈশ্বরের ঘরে, মন্দিরের ভিতরে একত্র হই, এবং মন্দিরের দ্বার বন্ধ করি, কারণ লোকেরা আপনাকে হত্যা করার জন্য আসছে, রাত্রেই আপনাকে হত্যা করতে আসবে।”

11 কিন্তু আমি বললাম, “আমার মতো লোকের কি পালিয়ে যাওয়া উচিত? কিংবা আমার মতো কারো কি তার প্রাণরক্ষা করার জন্য মন্দিরের মধ্যে যাওয়া উচিত? আমি যাব না!” 12 আমি বুঝতে পারলাম যে ঈশ্বর তাকে পাঠাননি, কিন্তু সে আমার বিরুদ্ধে ভাবোক্তি বলেছে যেহেতু টোবিয় ও সন্‌বল্লট তাকে ভাড়া করেছে। 13 তাকে ভাড়া করা হয়েছিল যেন ভয়ে এই কাজ করে আমি পাপ করি, এবং তারা যেন আমার দুর্নাম করার সুযোগ পেয়ে আমাকে টিট্‌কারি দিতে পারে।

14 হে আমার ঈশ্বর, টোবিয় ও সন্‌বল্লট যা করেছে তা স্মরণ করো: ভাববাদিনী নোয়দিয়া ও অন্য যে ভাববাদীরা আমাকে ভয় দেখাবার চেষ্টা করছিল তাদেরকেও স্মরণ করো। 15 ইলূল মাসের পঁচিশ তারিখে, বাহান্নতম দিন, প্রাচীর গাঁথা শেষ হল।

16 আমাদের সব শত্রুরা যখন এই কথা শুনল আর নিকটবর্তী সব জাতিরা তা দেখল তখন তারা ভয় পেল এবং আত্মবিশ্বাস হারাল, কারণ তারা বুঝতে পেরেছিল যে, এই কাজ আমাদের ঈশ্বরের সাহায্যেই করা হয়েছে।

17 আবার, সেই সময় যিহূদার গণ্যমান্য লোকেরা টোবিয়ের কাছে অনেক চিঠিপত্র পাঠাতেন এবং টোবিয়ের কাছ থেকে তারা উত্তরও পেতেন। 18 কারণ যিহূদার অনেকে তার কাছে শপথ করেছিল, কারণ সে আরহের ছেলে শখনিয়ের জামাই ছিল, এবং তার ছেলে যিহোহানন বেরিখিয়ের ছেলে মশুল্লমের মেয়েকে বিয়ে করছিল। 19 এছাড়া, তারা টোবিয়ের ভালো কাজের কথা আমাকে জানাত এবং আমি যা বলতাম তারা তাকে জানাত। এবং আমাকে ভয় দেখানোর জন্য টোবিয় চিঠি পাঠাত।

জেরুশালেমের প্রাচীর উৎসর্গ করা হয়

নহিমিয় 12:27–43

27 জেরুশালেমের প্রাচীর উৎসর্গ করার উপলক্ষে লেবীয়েরা যেখানে বাস করত সেখান থেকে তাদের জেরুশালেমে আনা হল যেন তারা করতাল, বীণা ও সুরবাহার বাজিয়ে আনন্দের সঙ্গে উৎসর্গের জন্য গান গেয়ে ধন্যবাদ দিতে পারে। 28 গায়কদের আনা হয়েছিল জেরুশালেমের নিকটবর্তী জায়গা থেকে নটোফাতীয়দের সকল গ্রাম থেকে। 29 বেথ-গিল্‌গল, গেবা ও অস্‌মাবৎ এলাকা থেকেও গায়কদের এনে জড়ো করা হল, কেননা এরা জেরুশালেমের চারপাশে এসব জায়গায় নিজেদের গ্রাম স্থাপন করেছিল। 30 যাজকেরা ও লেবীয়েরা নিজেরা শুচি হয়ে লোকদের, দ্বারসকল ও প্রাচীর শুচি করল।

31 পরে আমি যিহূদার কর্মকর্তাদের প্রাচীরের উপর আনলাম এবং ধন্যবাদ দেবার জন্য দুটি বড়ো গানের দল নিযুক্ত করলাম। একটি দল প্রাচীরের উপর দিয়ে ডানদিকে সারদ্বারের দিকে গেল। 32 তাদের পিছনে হোশয়িয় ও যিহূদার অর্ধেক কর্মকর্তারা, 33 এবং অসরিয় ইষ্রা, ও মশুল্লম, 34 যিহূদা, বিন্যামীন, শময়িয়, যিরমিয়। 35 এছাড়া তূরী হাতে কয়েকজন যাজক এবং আসফের বংশের সক্কূর ছেলে, মীখার ছেলে, মত্তনিয়ের ছেলে, শময়িয়র ছেলে যোনাথন, তার ছেলে সখরিয়, 36 এবং তার সহযোগীরা—শময়িয়, অসরেল, মিললয়, গিলল্য, মায়য়, নথনেল, যিহূদা ও হনানি—ঈশ্বরের লোক দাউদের কথামতো তারা বিভিন্ন রকম বাজনা নিয়ে চলল, এবং বিধানের অধ্যাপক ইষ্রা তাদের আগে আগে চলল। 37 ফোয়ারা-দ্বারের কাছ দিয়ে যেখানে প্রাচীর উপর দিকে উঠে গেছে সেখানে তারা দাউদ-নগরে উঠবার সিঁড়ি দিয়ে দাউদের প্রাসাদের পাশ দিয়ে পূর্বদিকে জল-দ্বারে গেল।

38 দ্বিতীয় গানের দল উল্টোদিকে এগিয়ে গেল। আমি বাকি অর্ধেক লোক নিয়ে প্রাচীরের উপর দিয়ে তাদের পিছনে গেলাম, তন্দুরের দুর্গ থেকে প্রশস্ত প্রাচীর পর্যন্ত গেল, 39 তারপর ইফ্রয়িমের দ্বার, পুরাতন দ্বার, মৎস্যদ্বার, হননেলের দুর্গ ও হম্মেয়োর দুর্গ দিয়ে মেষদ্বার পর্যন্ত। তারা রক্ষীদের দ্বারে থামল।

40 যে দুটি গানের দল ধন্যবাদ দিয়েছিল তারা তারপর ঈশ্বরের গৃহের মধ্যে তাদের জায়গায় গিয়ে দাঁড়াল; এবং আমিও তাই করলাম। আমার সঙ্গে কর্মকর্তাদের অর্ধেক লোক ছিল। 41 আর সঙ্গে তূরী নিয়ে যে যাজকরা ছিল: ইলিয়াকীম, মাসেয় মিনিয়ামীন, মীখায়, ইলীয়ৈনয়, সখরিয়, হনানিয়। 42 এরা ছাড়াও সেখানে মাসেয়, শময়িয়, ইলিয়াসর, উষি, যিহোহানন, মল্কিয়, এলম ও এষর ছিল। গানের দলের লোকেরা যিষ্রহিয়ের নির্দেশমতো গান করল। 43 ঈশ্বর তাদের প্রচুর আনন্দ দান করেছেন বলে সেদিন লোকেরা বড়ো একটি উৎসর্গের অনুষ্ঠান করল ও খুব আনন্দ করল। স্ত্রীলোকেরা ও ছোটরাও আনন্দ করল। জেরুশালেমের আনন্দধ্বনি অনেক দূর পর্যন্ত শোনা গেল।

নহিমিয় পারস্যে ফিরে যান

নহিমিয় 7:1–4

1 প্রাচীর গাঁথা হয়ে যাবার পর আমি দরজাগুলি ঠিক জায়গায় লাগালাম, এবং দ্বাররক্ষী, গায়ক ও লেবীয়দের নিযুক্ত করা হল। 2 আমার ভাই হনানিকে ও দুর্গের শাসনকর্তা হনানিয়কে জেরুশালেমের উপর নিযুক্ত করলাম, কেননা হনানি বিশ্বস্ত লোক ছিলেন এবং ঈশ্বরকে অনেকের চেয়ে বেশি ভয় করতেন। 3 আমি তাদের বললাম, “যতক্ষণ না প্রচণ্ড রোদ হয় ততক্ষণ জেরুশালেমের দ্বার যেন খোলা না হয়। রক্ষীরা থাকার সময় তাদের দিয়ে যেন দ্বার বন্ধ করা ও হুড়কা লাগানো হয়। এবং জেরুশালেমের নিবাসীদের মধ্যে থেকে যেন প্রহরী নিযুক্ত হয়, তাদের কেউ কেউ থাকুক পাহারা দেবার জায়গায় আর কেউ কেউ নিজের বাড়ির কাছে।”

4 সেই সময় জেরুশালেম নগর ছিল বড়ো ও অনেক জায়গা জুড়ে, কিন্তু তার মধ্যে অল্প সংখ্যক লোক ছিল, এবং সব বাড়িও তখন তৈরি করা হয়নি।