ভাগ 5: বাপ্তিষ্মদাতা যোহন তাঁর পরিচর্যা শুরু করেন
সম্ভবত ছয় মাস, 25 খ্রীষ্টাব্দে। যিহূদিয়ার মরুপ্রান্তরে ও জর্ডনের তীরে
আরম্ভের সময়
25 খ্রিস্টাব্দ
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
মার্ক 1:1
1:1 ঈশ্বরের পুত্র যীশু খ্রীষ্টের সুসমাচারের সূচনা।
লূক 3:1–2
3:1 রোমান সম্রাট তিবিরীয় কৈসরের রাজত্বের পনেরোতম বছরে, যখন পন্তীয় পীলাত ছিলেন যিহূদিয়ার শাসনকর্তা, হেরোদ ছিলেন গালীল প্রদেশের সামন্ত-নৃপতি, তাঁর ভাই ফিলিপ ছিলেন ইতুরিয়া ও ত্রাখোনীতিয়া প্রদেশের সামন্ত-নৃপতি ও লুসানিয় ছিলেন অবিলিনীর সামন্ত-নৃপতি 2 এবং হানন ও কায়াফা ছিলেন মহাযাজক, সেই সময় সখরিয়ের পুত্র যোহনের কাছে মরুপ্রান্তরে ঈশ্বরের বাক্য উপস্থিত হল।
বার্তা ও বার্তাবাহক
মথি 3:1–6
3:1 ওইসব দিনগুলিতে বাপ্তিষ্মদাতা যোহন, যিহূদিয়ার মরুপ্রান্তরে উপস্থিত হয়ে প্রচার করতে লাগলেন,
2 “মন পরিবর্তন করো, কারণ স্বর্গরাজ্য এসে পড়ল।”
3 ইনিই সেই মানুষ, যাঁর সম্পর্কে ভাববাদী যিশাইয় বলেছিলেন:
“মরুপ্রান্তরে একজনের কণ্ঠস্বর আহ্বান করছে,
‘তোমরা প্রভুর জন্য পথ প্রস্তুত করো,
তাঁর জন্য রাজপথগুলি সরল করো।’ ”
4 যোহনের পোশাক ছিল উটের লোমে তৈরি এবং তার কোমরে এক চামড়ার বেল্ট জড়ানো থাকত। তিনি পঙ্গপাল ও বনমধু খেতেন। 5 লোকেরা জেরুশালেম, সমস্ত যিহূদিয়া ও জর্ডনের সমগ্র অঞ্চল থেকে তাঁর কাছে যেতে লাগল।
6 তারা নিজের নিজের পাপস্বীকার করে জর্ডন নদীতে তাঁর কাছে বাপ্তিষ্ম নিতে লাগল।
মার্ক 1:2–6
1:2 ভাববাদী যিশাইয়ের গ্রন্থে লেখা আছে:
“আমি আমার বার্তাবাহককে তোমার আগে পাঠাব,
যে তোমার পথ প্রস্তুত করবে”—
3 “মরুপ্রান্তরে একজনের কণ্ঠস্বর আহ্বান করছে,
তোমরা প্রভুর জন্য পথ প্রস্তুত করো,
তাঁর জন্য রাজপথগুলি সরল করো।”
4 আর তাই যোহন মরুপ্রান্তরে এসে জলে বাপ্তিষ্ম দিতে এবং মন পরিবর্তন, অর্থাৎ পাপক্ষমার জন্য বাপ্তিষ্ম বিষয়ক বাণী প্রচার করতে লাগলেন। 5 সমগ্র যিহূদিয়ার গ্রামাঞ্চল ও জেরুশালেম নগরের সমস্ত লোক তাঁর কাছে যেতে লাগল। তারা নিজের নিজের পাপস্বীকার করে জর্ডন নদীতে তাঁর কাছে বাপ্তিষ্ম নিতে লাগল।
6 যোহন উটের লোমে তৈরি পোশাক এবং কোমরে এক চামড়ার বেল্ট পরতেন। তাঁর খাদ্য ছিল পঙ্গপাল ও বনমধু।
লূক 3:3–6
3:3 তিনি জর্ডন অঞ্চলের চতুর্দিক পরিভ্রমণ করে পাপক্ষমার জন্য মন পরিবর্তনের বাপ্তিষ্মের কথা প্রচার করলেন।
4 ভাববাদী যিশাইয়ের বাক্য যেমন গ্রন্থে লেখা আছে:
“মরুপ্রান্তরে একজনের কণ্ঠস্বর আহ্বান করছে,
‘তোমরা প্রভুর জন্য পথ প্রস্তুত করো,
তাঁর জন্য রাজপথগুলি সরল করো।
5 প্রত্যেক উপত্যকা ভরিয়ে তোলা হবে,
প্রত্যেক পর্বত ও উপপর্বতকে নিচু করা হবে।
বক্র পথগুলি সরল হবে,
অমসৃণ স্থানগুলি সমতল হবে।
6 আর সমস্ত মানুষ ঈশ্বরের পরিত্রাণ প্রত্যক্ষ করবে।’ ”
বাপ্তিষ্মদাতা যোহনের প্রচারের একটি নমুনা
মথি 3:7–10
3:7 তিনি যেখানে বাপ্তিষ্ম দিচ্ছিলেন, সেখানে যখন বহু ফরিশী ও সদ্দূকীদের আসতে দেখলেন, তিনি তাদের বললেন, “তোমরা বিষধর সাপের বংশ! সন্নিকট ক্রোধ থেকে পালিয়ে যেতে কে তোমাদের চেতনা দিল?
8 তোমরা এমন সব কাজ করো যেন তার দ্বারা বোঝা যায় যে তোমাদের মন পরিবর্তন হয়েছে। 9 আর ভেবো না, মনে মনে নিজেদের বলতে পারবে, ‘অব্রাহাম আমাদের পিতা।’ আমি তোমাদের বলছি, ঈশ্বর এই পাথরগুলি থেকেও অব্রাহামের জন্য সন্তান সৃষ্টি করতে পারেন।
10 গাছগুলির শিকড়ে ইতিমধ্যেই কুড়ুল লাগানো আছে। যে গাছে উৎকৃষ্ট ফল ধরে না, তা কেটে আগুনে নিক্ষেপ করা হবে।
লূক 3:7–14
3:7 যে লোকেরা যোহনের কাছে বাপ্তিষ্ম নিতে এসেছিল, তিনি তাদের বললেন, “তোমরা বিষধর সাপের বংশ! সন্নিকট ক্রোধ থেকে পালিয়ে যেতে কে তোমাদের চেতনা দিল?
8 তোমরা এমন সব কাজ করো যেন তার দ্বারা বোঝা যায় যে তোমাদের মন পরিবর্তন হয়েছে। তোমরা মনে মনে এরকম বোলো না, ‘অব্রাহাম আমাদের পিতা।’ কারণ আমি তোমাদের বলছি, ঈশ্বর এই পাথরগুলি থেকেও অব্রাহামের জন্য সন্তান সৃষ্টি করতে পারেন।
9 গাছগুলির শিকড়ে ইতিমধ্যেই কুড়ুল লাগানো আছে। যে গাছে উৎকৃষ্ট ফল ধরে না, তা কেটে আগুনে নিক্ষেপ করা হবে।”
10 লোকেরা প্রশ্ন করল, “আমরা তাহলে কী করব?”
11 যোহন উত্তর দিলেন, “যার দুটি পোশাক আছে সে, যার একটিও নেই, তার সঙ্গে ভাগ করে নিক; আর যার কাছে কিছু খাদ্যসামগ্রী আছে, সেও তাই করুক।”
12 কর আদায়কারীরাও এল বাপ্তিষ্ম নিতে। তারা বলল, “গুরুমহাশয়, আমরা কী করব?”
13 তিনি তাদের বললেন, “তোমরা ন্যায্য পরিমাণের অতিরিক্ত কর আদায় কোরো না।”
14 তখন কয়েকজন সৈন্য তাঁকে জিজ্ঞাসা করল, “আর আমরা কী করব?”
তিনি উত্তর দিলেন, “তোমরা বলপ্রয়োগ করে লোকদের কাছ থেকে অর্থ আদায় কোরো না, মিথ্যা অভিযোগে কাউকে অভিযুক্ত কোরো না; যা বেতন পাও, তাতে সন্তুষ্ট থেকো।”
মশীহকে দেখার আগেই যোহন তাঁকে চিত্রিত করেন
অগ্রদূত বাপ্তিষ্মদাতা যোহন মশীহকে দেখার আগেই তাঁকে চিত্রিত করেন।
মথি 3:11–12
3:11 “তোমরা মন পরিবর্তন করেছ বলে আমি তোমাদের জলে বাপ্তিষ্ম দিচ্ছি ঠিকই, কিন্তু আমার পরে একজন আসবেন, তিনি আমার চেয়েও পরাক্রমশালী; আমি তাঁর চটিজুতো বওয়ারও যোগ্য নই। তিনি তোমাদের পবিত্র আত্মায় ও আগুনে বাপ্তিষ্ম দেবেন।
12 শস্য ঝাড়াই করার কুলো তাঁর হাতেই আছে এবং তিনি তাঁর খামার পরিষ্কার করবেন। তিনি তাঁর গম গোলাঘরে সংগ্রহ করবেন এবং তুষ অনির্বাণ আগুনে পুড়িয়ে দেবেন।”
মার্ক 1:7–8
1:7 আর তিনি প্রচার করতেন: “যিনি আমার পরে আসছেন, তিনি আমার চেয়েও পরাক্রমশালী, নত হয়ে যাঁর চটিজুতোর ফিতেটুকু খোলারও যোগ্যতা আমার নেই।
8 আমি তোমাদের জলে বাপ্তিষ্ম দিচ্ছি, কিন্তু তিনি তোমাদের পবিত্র আত্মায় বাপ্তিষ্ম দেবেন।”
লূক 3:15–18
3:15 সকলে অধীর প্রতীক্ষায় ছিল এবং সবারই মনে প্রশ্ন জাগছিল, যোহনই হয়তো সেই খ্রীষ্ট।
16 যোহন তাদের সবাইকে উত্তর দিলেন, “আমি তোমাদের জলে বাপ্তিষ্ম দিই; কিন্তু আমার চেয়েও পরাক্রমী একজন আসছেন। তাঁর চটিজুতোর বাঁধন খোলারও যোগ্যতা আমার নেই। তিনি তোমাদের পবিত্র আত্মায় ও আগুনে বাপ্তিষ্ম দেবেন। 17 শস্য ঝাড়াই করার কুলো তাঁর হাতেই আছে, তিনি তা দিয়ে খামার পরিষ্কার করবেন ও তাঁর গম গোলাঘরে সংগ্রহ করবেন এবং তুষ অনির্বাণ আগুনে পুড়িয়ে দেবেন।” 18 যোহন লোকসমূহকে আরও অনেক শিক্ষা দিয়ে সতর্ক করলেন এবং তাদের কাছে সুসমাচার প্রচার করলেন।