সিন্দুকের স্থানান্তর (continued)

1045 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

গীত 106

1 সদাপ্রভুর প্রশংসা করো।

সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়;

তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

2 কে সদাপ্রভুর পরাক্রমী কাজকর্ম প্রচার করতে পারে

অথবা তাঁর প্রশংসা সম্পূর্ণ ঘোষণা করতে পারে?

3 ধন্য তারা, যারা ন্যায় কাজ করে,

এবং যা সঠিক তা সর্বদা পালন করে।

4 আমাকে মনে রেখো, হে সদাপ্রভু, যখন তুমি তোমার প্রজাদের উপর অনুগ্রহ করো,

যখন তুমি তাদের রক্ষা করো, আমাকে সাহায্য করো,

5 যেন আমি তোমার মনোনীতদের সমৃদ্ধি দেখতে পাই,

যেন তোমার জাতির আনন্দে অংশীদার হতে পারি

এবং তোমার অধিকারের সঙ্গে যোগ দিয়ে ধন্যবাদ দিতে পারি।

6 আমরা পাপ করেছি, যেমন আমাদের পূর্বপুরুষেরাও করেছে;

আমরা অপরাধ করেছি এবং অধর্মাচরণ করেছি।

7 আমাদের পূর্বপুরুষেরা যখন মিশরে ছিল,

তারা তোমার আশ্চর্য কাজগুলি বিবেচনা করেনি,

তারা তোমার অপার দয়ার কথা মনে রাখেনি,

বরং সাগরের তীরে, লোহিত সাগরের তীরে, তারা বিদ্রোহী হয়েছিল।

8 তবুও তাঁর নামের গুণে এবং তাঁর মহাপরাক্রম প্রকাশ করার উদ্দেশে,

তিনি তাদের রক্ষা করেছিলেন।

9 তিনি লোহিত সাগরকে তিরস্কার করলেন আর তা শুকিয়ে গেল;

মরুভূমির মতো সমুদ্রতলের মধ্য দিয়ে তিনি তাদের নিয়ে গেলেন।

10 তিনি বিপক্ষদের কবল থেকে তাদের রক্ষা করলেন;

শত্রুদের হাত থেকে তিনি তাদের মুক্ত করলেন।

11 জলধিস্রোত তাদের প্রতিপক্ষদের গ্রাস করল

একজনও বেঁচে রইল না।

12 তখন তারা তাঁর প্রতিশ্রুতিতে বিশ্বাস করল

এবং তাঁর প্রশংসা করল।

13 কিন্তু তারা অবিলম্বে তাঁর কাজগুলি ভুলে গেল,

এবং তাঁর সুমন্ত্রণার অপেক্ষাতেও রইল না।

14 মরুভূমিতে তারা তাদের আকাঙ্ক্ষায় আসক্ত হল;

মরুপ্রান্তরে তারা ঈশ্বরের পরীক্ষা করল।

15 তাই তিনি তাদের প্রার্থিত বস্তু দিলেন,

কিন্তু তার সঙ্গে তাদের মধ্যে ক্ষয়রোগ পাঠালেন।

16 তারা শিবিরের মধ্যে মোশির প্রতি

আর সদাপ্রভুর পবিত্র লোক হারোণের প্রতি ঈর্ষা করল।

17 পৃথিবী বিভক্ত হয়ে দাথনকে গ্রাস করল;

অবীরাম ও তার দলবলকে সমাধিস্থ করল।

18 তাদের অনুসরণকারীদের মাঝে আগুন জ্বলে উঠল;

আগুনের শিখা দুষ্টদের দগ্ধ করল।

19 সীনয় পর্বতে তারা এক বাছুর নির্মাণ করল

এবং ধাতু নির্মিত সেই মূর্তির আরাধনা করল।

20 এভাবে তারা তাদের গৌরবের ঈশ্বরের সাথে

তৃণভোজী এক বলদের প্রতিমা বিনিময় করল।

21 যে ঈশ্বর তাদের রক্ষা করেছিলেন তারা তাঁকে ভুলে গেল,

যিনি মিশরে মহান কাজ করেছিলেন,

22 হামের দেশে বিভিন্ন আশ্চর্য কাজ,

আর লোহিত সাগরতীরে ভয়াবহ কাজকর্ম করেছিলেন,

23 তাই তিনি বললেন যে তিনি তাদের ধ্বংস করবেন;

কিন্তু মোশি, তাঁর মনোনীত সেবক, সদাপ্রভু ও তাঁর লোকেদের মাঝে দাঁড়ালেন,

তিনি তাঁর কাছে প্রার্থনা করলেন যেন

তিনি তাঁর ক্রোধ থেকে মুখ ফেরান এবং তাদের ধ্বংস না করেন।

24 এরপর তারা সেই মনোরম দেশটিকে তুচ্ছ করল;

তারা তাঁর প্রতিশ্রুতিতে বিশ্বাস করল না।

25 নিজেদের তাঁবুতে তারা অভিযোগ জানালো,

আর সদাপ্রভুর আদেশ পালন করল না।

26 তাই তিনি তাদের বিরুদ্ধে হাত তুলে শপথ করলেন,

যে তিনি তাদের মরুপ্রান্তরে বিনাশ করবেন,

27 যে তিনি তাদের বংশধরদের বিভিন্ন জাতির মধ্যে বিক্ষিপ্ত করবেন,

এবং তাদের বিভিন্ন দেশে ছড়িয়ে দেবেন।

28 তারপর তারা পিয়োরের বায়াল-দেবতার আরাধনায় যুক্ত হল

এবং প্রাণহীন দেবতাদের প্রতি নিবেদিত বলি ভোজন করল;

29 তাদের সব অনাচারে তারা সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত করল,

আর তাদের মধ্যে এক মহামারি নেমে এল।

30 তখন পীনহস উঠে দাঁড়িয়ে মধ্যস্থতা করলেন,

আর মহামারি বন্ধ হল।

31 এই কাজ তাঁর পক্ষে ধার্মিকতা বলে

পুরুষানুক্রমে চিরকালের জন্য গণ্য হল।

32 মরীবার জলস্রোতের কাছে তারা সদাপ্রভুকে ক্রুদ্ধ করল,

আর তাদেরই জন্য মোশির বিপদ ঘটল;

33 কেননা তারা ঈশ্বরের আত্মার বিরুদ্ধে বিদ্রোহ করল,

আর তাই বেপরোয়া কথা মোশির মুখে উচ্চারিত হল।

34 তারা জাতিদের বিনষ্ট করল না

যেমন সদাপ্রভু তাদের আদেশ দিয়েছিলেন,

35 বরং তারা অন্যান্য জাতিদের সঙ্গে মিলেমিশে গেল

আর তাদের রীতিনীতি গ্রহণ করল।

36 তাদের প্রতিমাগুলির আরাধনা করল,

আর সেইসব তাদের ফাঁদ হয়ে উঠল।

37 এমনকি তারা তাদের ছেলেমেয়েদের

মিথ্যা দেবতাদের উদ্দেশে বলি দিল।

38 তারা নির্দোষের রক্তপাত করল,

নিজেদের ছেলেমেয়েদের রক্ত,

যাদের তারা কনান দেশের প্রতিমাদের উদ্দেশে বলি দিল,

আর তাদের রক্তে সারা দেশ কলুষিত হল।

39 আপন কর্মের ফলে তারা নিজেদের অশুচি করল,

নিজেদের ক্রিয়াকলাপে তারা ব্যভিচারী হল।

40 তাই সদাপ্রভু নিজের প্রজাদের উপর ক্রুদ্ধ হলেন

তিনি নিজের অধিকারকে ঘৃণা করলেন।

41 তাদের তিনি জাতিদের হাতে সমর্পণ করলেন,

এবং তাদের বিপক্ষরা তাদের উপর শাসন করল।

42 তাদের শত্রুরা তাদের উপর অত্যাচার করল

এবং তাদের শত্রুদের শক্তির সামনে তারা নত হল।

43 বহুবার তিনি তাদের উদ্ধার করলেন,

কিন্তু তারা স্বেচ্ছায় তাঁর বিরুদ্ধে বিদ্রোহী হল,

আর শেষে তারা নিজেদের পাপে ধ্বংস হল।

44 কিন্তু যখন তিনি তাদের কান্না শুনলেন,

তিনি তাদের দুর্দশার প্রতি দৃষ্টিপাত করলেন;

45 তাদের সুবিধার্থে তিনি নিজের নিয়ম স্মরণ করলেন

এবং তাঁর মহান প্রেমের কারণে তিনি নরম হলেন।

46 যারা তাদের দাসত্বে বন্দি করেছিল,

তিনি তাদের অন্তরে করুণার সঞ্চার করলেন।

47 হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, আমাদের রক্ষা করো,

জাতিদের মধ্য থেকে আমাদের একত্রিত করো,

যেন আমরা তোমার পবিত্র নামের ধন্যবাদ করতে পারি,

এবং তোমার প্রশংসায় মহিমা করতে পারি।

48 ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভুর প্রশংসা হোক,

অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত,

সব লোকজন বলুক, “আমেন!”

সদাপ্রভুর প্রশংসা হোক।

2 শমূয়েল 6:20–23

20 পরিবারের লোকজনকে আশীর্বাদ করার জন্য যখন দাউদ ঘরে ফিরে গেলেন, শৌলের মেয়ে মীখল তাঁর সঙ্গে দেখা করতে বেরিয়ে এলেন ও তাঁকে বললেন, “ইস্রায়েলের রাজা আজ এ কীভাবে নিজেকে সম্মানিত করলেন, অন্য যে কোনো নীচ লোকের মতো আপনিও কি না আপনার দাসদের ক্রীতদাসীদের সামনে অর্ধ-উলঙ্গ হয়ে ঘুরে বেড়ালেন!”

21 দাউদ মীখলকে বললেন, “আমি সেই সদাপ্রভুর সামনেই তা করেছি, যিনি তোমার বাবা বা তাঁর পরিবারের অন্য কোনও লোককে না বেছে আমাকেই সদাপ্রভুর প্রজা ইস্রায়েলের উপর শাসনকর্তারূপে নিযুক্ত করলেন—আমি সদাপ্রভুর সামনেই আনন্দ প্রকাশ করব। 22 আমি এর থেকেও আরও নীচ হব, ও আমি নিজের দৃষ্টিতে হীন হব। কিন্তু তুমি যেসব ক্রীতদাসীর কথা বললে, আমি তাদের কাছে সম্মানিতই থেকে যাব।”

23 আর শৌলের মেয়ে মীখলের আমৃত্যু কোনও সন্তান হয়নি।

1 বংশাবলি 13:5–14

5 অতএব দাউদ কিরিয়ৎ-যিয়ারীম থেকে ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি আনার জন্য মিশরে অবস্থিত সীহোর নদী থেকে শুরু করে লেবো-হমাৎ পর্যন্ত বিস্তৃত এলাকায় বসবাসকারী ইস্রায়েলীদের সবাইকে একত্রিত করলেন। 6 দাউদ ও ইস্রায়েলীরা সবাই যিহূদা দেশের বালা (কিরিয়ৎ-যিয়ারীম) থেকে দুই করূবের মাঝে বিরাজমান সদাপ্রভু ঈশ্বরের সেই নিয়ম-সিন্দুকটি নিয়ে আসার জন্য সেখানে গেলেন—যে সিন্দুকটি তাঁরই নামে পরিচিত।

7 তারা ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি একটি নতুন গাড়িতে চাপিয়ে অবীনাদবের বাড়ি থেকে বের করলেন, এবং উষ ও অহিয়ো গাড়িটি চালাচ্ছিল। 8 গান গেয়ে এবং বীণা, খঞ্জনি, তবলা, সুরবাহার ও করতাল বাজিয়ে দাউদ ও ইস্রায়েলীরা সবাই সর্বশক্তি দিয়ে ঈশ্বরের সামনে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন।

9 তারা যখন কীদোনের খামারে গিয়ে পৌঁছেছিলেন, তখন নিয়ম-সিন্দুকটি সামলানোর জন্য উষ নিজের হাত বাড়িয়ে দিয়েছিল, কারণ বলদগুলি হোঁচট খেয়েছিল। 10 উষের বিরুদ্ধে সদাপ্রভু ক্রোধে জ্বলে উঠেছিলেন, এবং তিনি তাকে মেরে ফেলেছিলেন, যেহেতু সে সেই নিয়ম-সিন্দুকে হাত দিয়েছিল। অতএব সে সদাপ্রভুর সামনে মারা গেল।

11 সদাপ্রভুর ক্রোধ উষের উপর ফেটে পড়তে দেখে দাউদ তখন ক্রুদ্ধ হলেন, এবং আজও পর্যন্ত সেই স্থানটিকে পেরস-উষ বলে ডাকা হয়।

12 সেদিন দাউদ সদাপ্রভুর ভয়ে ভীত হয়ে প্রশ্ন করলেন, “কীভাবে তবে আমি ঈশ্বরের নিয়ম-সিন্দুকটিকে আমার কাছে নিয়ে আসব?” 13 নিয়ম-সিন্দুকটিকে তিনি দাউদ-নগরে, নিজের কাছে নিয়ে আসেননি। তার পরিবর্তে তিনি সেটি গাতীয় ওবেদ-ইদোমের বাড়িতে এনে রেখেছিলেন। 14 ওবেদ-ইদোমের বাড়িতে, তার পরিবারের কাছেই নিয়ম-সিন্দুকটি তিন মাস ধরে রাখা ছিল, এবং সদাপ্রভু তার পরিবারকে ও তার যা যা ছিল, সবকিছুকে আশীর্বাদ করলেন।