লেবীয়দের পবিত্র করা হয়

1490 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

গণনা পুস্তক 8

1 সদাপ্রভু মোশিকে বললেন, 2 “তুমি হারোণের সঙ্গে আলাপ করে তাকে বলো, ‘তুমি যখন সপ্ত-প্রদীপ প্রতিষ্ঠা করবে, তখন সেগুলি যেন দীপাধারের সামনের দিকে আলো দেয়।’ ”

3 হারোণ সেইমতো করলেন; তিনি প্রদীপগুলি স্থাপন করে, সেগুলির মুখ দীপাধারের সামনের দিকে রাখলেন, যে রকম সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন। 4 দীপাধার এইভাবে নির্মিত হয়েছিল; এর নিচ থেকে ফুল পর্যন্ত, সমস্ত অংশই সোনা পিটিয়ে তৈরি করা হয়েছিল। সদাপ্রভু মোশিকে যেমন নমুনা দেখিয়েছিলেন, দীপাধার ঠিক সেইরকম নির্মিত হয়েছিল।

5 সদাপ্রভু মোশিকে বললেন, 6 “অন্য ইস্রায়েলীদের মধ্য থেকে লেবীয়দের নিয়ে, তাদের আনুষ্ঠানিকভাবে শুদ্ধ করো। 7 তাদের শুদ্ধকরণের জন্য এই কাজ করো, তাদের উপর শুদ্ধকরণের জল সেচন করো; তারা সমস্ত শরীরের লোম ক্ষৌরি করে, জলে তাদের পোশাক ধুয়ে ফেলুক ও এইভাবে নিজেদের শুচি করুক। 8 শস্য-নৈবেদ্যস্বরূপ জলপাই তেলমিশ্রিত মিহি ময়দা সমেত তারা একটি এঁড়ে বাছুর নেবে; তারপর পাপার্থক বলির জন্য তুমি দ্বিতীয় একটি এঁড়ে বাছুর নেবে। 9 লেবীয়দের সমাগম তাঁবুর সামনের দিকে আনবে এবং সমস্ত ইস্রায়েলী সমাজকে একত্র করবে। 10 তুমি লেবীয়দের সদাপ্রভুর সামনে নিয়ে আসবে এবং ইস্রায়েলীরা তাদের উপরে হাত রাখবে। 11 হারোণ ইস্রায়েলীদের দোলনীয়-নৈবেদ্যরূপে লেবীয়দের সদাপ্রভুর সামনে নিবেদন করবে, যেন তারা সদাপ্রভুর কাজ করার জন্য প্রস্তুত হয়।

12 “লেবীয়েরা ওই এঁড়ে বাছুরের উপর হাত রাখার পর, সদাপ্রভুর উদ্দেশে তাদের একটি পাপার্থক বলিরূপে, অন্যটি হোমবলিরূপে উৎসর্গ করবে, যেন লেবীয়দের জন্য প্রায়শ্চিত্ত সাধিত হয়। 13 হারোণ ও তার ছেলেদের সামনে লেবীয়েরা দাঁড় করাবে। তারপর, সদাপ্রভুর অভিমুখে দোলনীয়-নৈবেদ্যরূপে তাদের নিবেদন করবে। 14 এইভাবে, অন্য ইস্রায়েলীদের থেকে তুমি লেবীয়দের পৃথক করবে। লেবীয়দের সকলে আমারই হবে।

15 “লেবীয়দের শুদ্ধ করে, তুমি তাদের দোলনীয়-নৈবেদ্যরূপে নিবেদন করার পর, তারা সমাগম তাঁবুতে তাদের সেবাকাজ করতে আসবে। 16 ইস্রায়েলীদের মধ্যে শুধু তারাই সম্পূর্ণরূপে আমাকে দত্ত হবে। আমি প্রথমজাতদের, প্রত্যেক ইস্রায়েলী স্ত্রীর প্রথম পুরুষ-সন্তানের পরিবর্তে তাদের নিজস্ব স্বত্ব বলে গ্রহণ করেছি। 17 মানুষ অথবা পশু, ইস্রায়েলের সমস্ত প্রথমজাত পুরুষ আমার। মিশরে যখন আমি সমস্ত প্রথমজাত প্রাণীকে নিধন করি, আমি তাদের নিজের জন্য স্বতন্ত্র করে রেখেছিলাম। 18 তারপর আমি সমস্ত ইস্রায়েলী প্রথমজাত সন্তানের পরিবর্তে লেবীয়দের গ্রহণ করেছি। 19 সমস্ত ইস্রায়েলীর মধ্য থেকে, আমি হারোণ ও তার ছেলেদের, লেবীয়দের দান করেছি, যেন তারা সমস্ত ইস্রায়েলীর পক্ষে সমাগম তাঁবুর কাজ করে, তাদের জন্য প্রায়শ্চিত্ত করে, যেন তারা যখন পবিত্রস্থানের অভিমুখী হয়, তখন কোনো মহামারি ইস্রায়েলীর আঘাত না করে।”

20 মোশি, হারোণ এবং সমস্ত ইস্রায়েল সম্প্রদায়, লেবীয় গোষ্ঠীকে নিয়ে সেরকম করলেন, যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন। 21 লেবীয়েরা নিজেদের শুদ্ধ করে তাদের পোশাক ধুয়ে ফেলল। তখন হারোণ সদাপ্রভুর সামনে দোলনীয়-নৈবেদ্যরূপে তাদের নিবেদন করলেন ও তাদের শুদ্ধ করার জন্য প্রায়শ্চিত্ত করলেন। 22 তারপর লেবীয়েরা, হারোণ ও তার ছেলেদের তত্ত্বাবধানে, সমাগম তাঁবুর কাজ করার জন্য উপস্থিত হল। তাঁরা লেবীয়দের নিয়ে সেরকম কাজ করলেন, যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।

23 সদাপ্রভু মোশিকে বললেন, 24 “এই কথা লেবীয়দের ক্ষেত্রে প্রযোজ্য, পঁচিশ বছর বা তারও বেশি বয়স্ক পুরুষেরা, সমাগম তাঁবুর কাজে অংশগ্রহণ করতে আসবে, 25 কিন্তু পঞ্চাশ বছর বয়স হলে তারা সেবাকাজ থেকে অবসর নেবে ও আর কোনো কাজ করবে না। 26 তারা সমাগম তাঁবুর কাজে, তাদের ভাইদের সহায়ক হবে, কিন্তু তারা নিজেরা কোনো কাজ করবে না। এইভাবে তুমি লেবীয়দের দায়িত্ব নিরূপণ করবে।”

রুপোর তূরীগুলির ব্যবহার

গণনা পুস্তক 10:1–10

1 সদাপ্রভু মোশিকে বললেন, 2 “পিটানো রুপো দিয়ে দুটি তূরী নির্মাণ করো এবং জনসাধারণকে একত্র করতে ও ছাউনির যাত্রা শুরু করার জন্য সেগুলি ব্যবহার করবে। 3 যখন উভয় তূরী ধ্বনিত হবে, সমস্ত সমাজ, সমাগম তাঁবুর প্রবেশপথে, তোমার কাছে একত্র হবে। 4 যদি একটিমাত্র ধ্বনিত হয়, তাহলে নেতৃবর্গ, অর্থাৎ ইস্রায়েলী গোষ্ঠীর প্রধানেরা, তোমার কাছে একত্র হবে। 5 যখন প্রথমবার তূরীধ্বনি শোনা যাবে, তখন ছাউনিস্থিত পূর্ব প্রান্তের গোষ্ঠীসমূহ যাত্রা শুরু করবে। 6 দ্বিতীয়বার তূরীধ্বনি শোনা গেলে, দক্ষিণপ্রান্তের ছাউনিসমূহ যাত্রা করবে। তুরীধ্বনিই যাত্রা শুরুর সংকেত হবে। 7 জনসাধারণকে একত্র করার জন্য, তূরীধ্বনি করবে, কিন্তু যাত্রা শুরু করার সংকেত হবে না।

8 “হারোণের ছেলেরা যাজকেরা তূরী বাজাবে। এই আদেশ তোমাদের ও তোমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরদিন থাকবে। 9 স্বদেশে, যারা তোমাদের নিপীড়ন করে, যখন তোমরা সেই সমস্ত শত্রুর বিপক্ষে যুদ্ধ করতে যাবে, তূরী বাজাবে। সেই সময় সদাপ্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের স্মরণ করবেন এবং শত্রুর হাত থেকে নিস্তার করবেন। 10 তোমাদের আনন্দের দিনেও, অর্থাৎ তোমাদের নিরূপিত পর্বসমূহে ও পূর্ণিমার উৎসবে, তোমাদের হোম-নৈবেদ্যের ও মঙ্গলার্থক-নৈবেদ্য উৎসর্গ করার সময়ে, তোমরা তূরী বাজাবে। সেসব ঈশ্বরের সামনে তোমাদের জন্য স্মারকরূপে হবে। আমিই সদাপ্রভু তোমাদের ঈশ্বর।”

মেঘ যেভাবে লোকদের পথ দেখাত

গণনা পুস্তক 9:15–23

15 যেদিন আবাস তাঁবু, অর্থাৎ সাক্ষ্যের তাঁবু স্থাপিত হল, মেঘ তা আবৃত করল। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, আবাস তাঁবুর ঊর্ধ্বস্থ মেঘ, অগ্নিসদৃশ প্রত্যক্ষ হল। 16 সেইরকমই নিত্য হত, মেঘ তা আবৃত করত এবং রাত্রিবেলা সেই মেঘ অগ্নিসদৃশ তা প্রত্যক্ষ হত। 17 যখনই মেঘ তাঁবুর উপর থেকে সরে যেত, ইস্রায়েলীরা যাত্রা শুরু করত। যেখানে মেঘ সুস্থির হত, ইস্রায়েলীরা ছাউনি স্থাপন করত। 18 সদাপ্রভুর আদেশে ইস্রায়েলীরা যাত্রা শুরু করত এবং তাঁর আদেশেই তারা ছাউনি স্থাপন করত। যতক্ষণ পর্যন্ত মেঘ আবাস তাঁবুর উপরে নিশ্চল থাকত, তারা ছাউনিতে অবস্থান করত। 19 যখন মেঘ দীর্ঘ সময় ধরে আবাস তাঁবুর উপরে অবস্থান করত, ইস্রায়েলীরা সদাপ্রভুর আদেশ পালন করে যাত্রা করত না। 20 কোনো কোনো সময় আবাস তাঁবুর উপর মেঘ কয়েক দিন অবস্থিতি করত; সদাপ্রভুর আদেশে তারা ছাউনি স্থাপন করত এবং তাঁর আদেশক্রমেই তারা যাত্রা শুরু করত। 21 কোনো কোনো সময় মেঘ কেবলমাত্র সন্ধ্যেবেলা থেকে সকাল পর্যন্ত অবস্থান করত। যখন সকালবেলায় তা উন্নীত হত, তারা যাত্রা শুরু করত। দিনের বেলা হোক, অথবা রাতের বেলা, যখনই মেঘ উন্নীত হত, তারা যাত্রা করত। 22 মেঘ, আবাস তাঁবুর উপর দু-দিন, বা এক মাস, অথবা এক বছর, যতদিনই অবস্থিতি করুক, ইস্রায়েলীরা তাদের ছাউনিতে অবস্থান করত, যাত্রা করত না; কিন্তু যখন তা উন্নীত হত, তারা যাত্রা করত। 23 সদাপ্রভুর আদেশে ছাউনিতে তারা অবস্থান করত এবং সদাপ্রভুর আদেশেই তারা যাত্রা শুরু করত। মোশির মাধ্যমে দেওয়া তাঁর নির্দেশ অনুসারেই, তারা সদাপ্রভুর আদেশ পালন করত।