উত্তরাধিকার সংক্রান্ত বিধান
1451 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 যোষেফের বংশধরদের গোষ্ঠীসমূহ থেকে মনঃশির নাতি মাখীরের ছেলে গিলিয়দের গোষ্ঠীর প্রধানেরা এসে মোশি ও ইস্রায়েলী পরিবারগুলির প্রধানদের সঙ্গে কথা বললেন। 2 তাঁরা বললেন, “যখন সদাপ্রভু আমাদের প্রভুকে আদেশ দিয়ে বলেছিলেন গুটিকাপাত দ্বারা স্বত্বাধিকাররূপে ইস্রায়েলীদের দেশ বণ্টন করতে, তিনি আপনাকে আদেশ দিয়েছিলেন যেন আপনি আমাদের ভাই সলফাদের অধিকার তার মেয়েদের দেন। 3 এখন, মনে করুন, তারা যদি ইস্রায়েলী অন্য গোষ্ঠীভুক্ত কাউকে বিয়ে করে; তাহলে তাদের স্বত্বাধিকার আমাদের পৈতৃক উত্তরাধিকার থেকে নিয়ে নেওয়া হবে এবং যে গোষ্ঠীতে তাদের বিয়ে হবে তারা তাদের অংশে অন্তর্ভুক্ত হবে। তাই আমাদের জন্য বন্টিত অধিকারের অংশ আমাদের থেকে নিয়ে নেওয়া হবে। 4 যখন ইস্রায়েলীদের জয়ন্তী বছর উপস্থিত হবে, তখন যে গোষ্ঠীতে তাদের বিয়ে হবে, সেই গোষ্ঠীর অধিকারে তাদের অধিকার যুক্ত হবে এবং আমাদের পিতৃবংশের অধিকার থেকে তাদের সম্পত্তি নিয়ে নেওয়া হবে।”
5 তখন সদাপ্রভুর আদেশ অনুযায়ী মোশি, ইস্রায়েলীদের এই বিধান দিলেন, “যোষেফের গোষ্ঠীর বংশধরেরা যে কথা বলছে, তা যথার্থ। 6 সদাপ্রভু, সলফাদের মেয়েদের জন্য এই আদেশ দিয়েছেন, তাদের বাবার গোষ্ঠীর মধ্যে তারা যাকে চায়, তাকেই বিয়ে করতে পারে। 7 কিন্তু ইস্রায়েলীদের মধ্যে কোনো অধিকার এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীতে যাবে না, কারণ প্রত্যেক ইস্রায়েলী তার পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া গোষ্ঠীর ভূমি রক্ষা করবে। 8 প্রত্যেক মেয়ে যে ইস্রায়েলী গোষ্ঠীর মধ্যে অধিকার প্রাপ্ত হবে, সে অবশ্যই তা পিতৃ-গোষ্ঠীর মধ্যে কোনো ব্যক্তিকে বিয়ে করবে। এভাবে প্রত্যেক ইস্রায়েলী ব্যক্তি তার বাবার অধিকার ভোগ করবে। 9 কোনো উত্তরাধিকার এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীতে যাবে না, কারণ প্রত্যেক ইস্রায়েলী গোষ্ঠী তার অধিকারভুক্ত ভূমি নিজের কাছে রাখবে।”
10 অতএব সলফাদের মেয়েরা সেইরকমই করল, যেমন সদাপ্রভু মোশিকে বলেছিলেন। 11 সলফাদের মেয়েরা—মহলা, তির্সা, হগ্লা, মিল্কা ও নোয়া—তাদের পিতৃ-গোষ্ঠীর ছেলেদের বিয়ে করল। 12 তারা যোষেফের ছেলে মনঃশির বংশধরদের গোষ্ঠীর মধ্যে বিয়ে করল এবং তাদের অধিকার তাদের বাবার বংশ ও গোষ্ঠীর মধ্যেই রইল।
নৈবেদ্য সংক্রান্ত বিধানসমূহ
নৈবেদ্য সংক্রান্ত বিধানসমূহ ও অন্যান্য বিষয়।
1 সদাপ্রভু মোশিকে বললেন, 2 “ইস্রায়েলীদের আদেশ দিয়ে তাদের এই কথা বলো, ‘তোমরা নিরূপিত সময়ে, আমার আনন্দদায়ক সুরভিরূপে, আগুনের মাধ্যমে ভক্ষ্য-নৈবেদ্য উৎসর্গ করবে।’ 3 তাদের বলো, ‘আগুনের মাধ্যমে অনুরূপ নৈবেদ্য তোমরা সদাপ্রভুর উদ্দেশে প্রতিদিন হোম-নৈবেদ্যরূপে ক্রুটিহীন এক বর্ষীয় দুটি মেষশাবক উৎসর্গ করবে। 4 একটি মেষ সকালে ও অন্যটি গোধূলিবেলায় উৎসর্গ কোরো। 5 তার সঙ্গে শস্য-নৈবেদ্য হিসেবে, এক ঐফার এক-দশমাংশ মিহি ময়দা, এক হিনের এক-চতুর্থাংশ নিষ্পেষিত জলপাই তেলের সঙ্গে মিশ্রিত করে দিতে হবে। 6 এই নিয়মিত হোম-নৈবেদ্য, সীনয় পর্বতে স্থাপিত আনন্দদায়ক সুরভিত বলি, যা সদাপ্রভুর উদ্দেশে এক ভক্ষ্য-নৈবেদ্য। 7 এর পেয়-নৈবেদ্যরূপে, প্রত্যেকটি মেষশাবকের সঙ্গে, এক হিনের এক-চতুর্থাংশ গাঁজানো দ্রাক্ষারস দিতে হবে। সেই পেয়-নৈবেদ্য, পবিত্রস্থানে সদাপ্রভুর উদ্দেশে ঢেলে দিতে হবে। 8 সন্ধ্যাবেলায় দ্বিতীয় মেষটি, একই ধরনের শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য সহযোগে প্রস্তুত করবে, যেমন সকালবেলা করেছিল। এটি ভক্ষ্য-নৈবেদ্য, আগুনের মাধ্যমে সদাপ্রভুর আনন্দদায়ক সুরভিরূপে নিবেদিত হবে।
9 “ ‘বিশ্রামবারে ক্রুটিহীন এক বর্ষীয় দুটি মেষশাবক নিয়ে উৎসর্গ করবে। সেই সঙ্গে তার পরিপূরক পেয়-নৈবেদ্য ও শস্য-নৈবেদ্যরূপে, এক ঐফার দুই-দশমাংশ মিহি ময়দা তেলে মিশ্রিত করে নিবেদন করবে। 10 নিয়মিত হোম-নৈবেদ্য ও পরিপূরক পেয়-নৈবেদ্যর অতিরিক্ত এই হোম-নৈবেদ্য প্রতি বিশ্রামবারের জন্য প্রযোজ্য।
11 “ ‘প্রত্যেক মাসের প্রথম দিনে, সদাপ্রভুর কাছে দুটি এঁড়ে বাছুর, একটি মেষ এবং সাতটি মদ্দা মেষশাবক, হোম-নৈবেদ্যরূপে উৎসর্গ করবে। এদের প্রত্যেকটিই ত্রুটিহীন হতে হবে। 12 প্রত্যেকটি এঁড়ে বাছুরের সঙ্গে শস্য-নৈবেদ্যরূপে এক ঐফার তিন-দশমাংশ মিহি ময়দা তেলে মিশ্রিত করে দিতে হবে। মেষটির জন্য শস্য-নৈবেদ্য হবে, তেলে মিশ্রিত এক ঐফার দুই-দশমাংশ মিহি ময়দা; 13 আবার প্রত্যেকটি মেষশাবকের শস্য-নৈবেদ্য হবে এক ঐফার এক-দশমাংশ তেলে মিশ্রিত মিহি ময়দা। এই সমস্ত হোম-নৈবেদ্য, আগুনের মাধ্যমে, সদাপ্রভুর আনন্দদায়ক সুরভিরূপে নিবেদিত হবে। 14 এদের পরিপূরক পেয়-নৈবেদ্য হবে, প্রত্যেকটি এঁড়ে বাছুরের সঙ্গে হিনের এক অর্ধাংশ; মেষটির হিনের এক-তৃতীয়াংশ এবং প্রত্যেকটি মেষশাবকের সঙ্গে হিনের এক-চতুর্থাংশ দ্রাক্ষারস। বছরের প্রত্যেক অমাবস্যায় এই মাসিক হোম-নৈবেদ্য উৎসর্গ করতে হবে। 15 নিয়মিত হোম-নৈবেদ্য ও তার পরিপূরক পেয়-নৈবেদ্যর সঙ্গে পাপার্থক বলিরূপে, সদাপ্রভুর কাছে একটি পাঁঠাও উপহার দিতে হবে।
16 “ ‘প্রথম মাসের চতুর্দশ দিনে, সদাপ্রভুর নিস্তারপর্ব অনুষ্ঠিত হবে। 17 এই মাসের পঞ্চদশ দিনে এক উৎসব হবে। সাত দিন খামিরবিহীন রুটি ভোজন করতে হবে। 18 প্রথম দিনে পবিত্র সমাবেশ রাখবে এবং সেদিন নিয়মিত কাজ করবে না। 19 সদাপ্রভুর নিকট আগুনের মাধ্যমে এক নৈবেদ্য, অর্থাৎ এক হোম-নৈবেদ্য নিবেদন কোরো। দুটি এঁড়ে বাছুর, একটি মেষ ও সাতটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক নিতে হবে। এর সব কটিই ত্রুটিহীন হওয়া চাই। 20 প্রত্যেকটি এঁড়ে বাছুরের সঙ্গে পরিপূরক শস্য-নৈবেদ্য দিতে হবে, তেলে মিশ্রিত এক ঐফার তিন-দশমাংশ মিহি ময়দা, মেষটির সঙ্গে দুই-দশমাংশ 21 ও সাতটি মেষশাবকের প্রত্যেক সাতটি মেষের জন্য এক-দশমাংশ মিহি ময়দা। 22 তোমাদের প্রায়শ্চিত্ত সাধনের উদ্দেশে, পাপার্থক বলির জন্য একটি পাঁঠাও নেবে। 23 সকালবেলায় নিয়মিত হোম-নৈবেদ্যর অতিরিক্তিরূপে এই সমস্তের আয়োজন করতে হবে। 24 এইভাবে সাত দিন ধরে প্রত্যেকদিন, সদাপ্রভুর আনন্দদায়ক সুরভিরূপে নিবেদিত ভক্ষ্য-নৈবেদ্যর আয়োজন করবে। নিয়িমিত হোম-নৈবেদ্য ও তার পরিপূরক পেয়-নৈবেদ্যর অতিরিক্তরূপে এই আয়োজন করতে হবে। 25 সপ্তম দিনে পবিত্র সভা রাখবে এবং সেদিন কোনো নিয়মিত কাজ করবে না।
26 “ ‘প্রথম উৎপন্ন শস্যের দিনে, সাত সপ্তাহের উৎসবে, যখন তোমরা সদাপ্রভুকে নতুন শস্য নিবেদন করবে, পবিত্র নতুন শস্যের সভা আহ্বান করবে এবং কোনো নিয়মিত কাজ করবে না। 27 সদাপ্রভুর আনন্দদায়ক সুরভিস্বরূপ হোম-নৈবেদ্যরূপে, দুটি এঁড়ে বাছুর, একটি মেষ ও সাতটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক উৎসর্গ করবে। 28 প্রত্যেকটি এঁড়ে বাছুরের জন্য পরিপূরক শস্য-নৈবেদ্য হবে তেলে মিশ্রিত এক ঐফার তিন-দশমাংশ মিহি ময়দা; মেষটির জন্য দুই-দশমাংশ 29 এবং সাতটি মেষশাবকের প্রত্যেকটির জন্য এক-দশমাংশ করে। 30 তোমাদের প্রায়শ্চিত্ত সাধনের উদ্দেশে একটি পাঁঠাও নেবে। 31 নিয়মিত হোম-নৈবেদ্য ও শস্য-নৈবেদ্যর অতিরিক্তরূপে এই সমস্তের আয়োজন পেয়-নৈবেদ্য সহযোগে করবে। নিশ্চিত হবে, যেন পশুগুলি ত্রুটিহীন হয়।