বিধান সুসমাচারের নিয়মের চেয়ে নিকৃষ্ট

পৌল পুরাতন নিয়ম থেকে একটি দৃষ্টান্ত দিয়ে তাঁর আবেদন চালিয়ে যান, দেখান যে বিধান সুসমাচারের নিয়মের চেয়ে নিকৃষ্ট।

51 খ্রিস্টাব্দ

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

গালাতীয় 4:21–31

21 তোমরা যারা বিধানের অধীনে থাকতে চাও, আমাকে বলো তো, বিধান যা বলে, তা কি তোমরা জানো না? 22 কারণ লেখা আছে, অব্রাহামের দুই পুত্র ছিল, একজন ক্রীতদাসীর, অন্যজন স্বাধীন নারীর। 23 ক্রীতদাসী নারীর দ্বারা তাঁর পুত্রের জন্ম হয়েছিল স্বাভাবিক উপায়ে, কিন্তু স্বাধীন নারীর দ্বারা তাঁর পুত্রের জন্ম হয়েছিল এক প্রতিশ্রুতির ফলস্বরূপে।

24 এসব বিষয় রূপক অর্থে গ্রহণ করা যেতে পারে, কারণ ওই দুজন নারী দুটি চুক্তির প্রতীকস্বরূপ। একটি চুক্তি সীনয় পর্বত থেকে, তা ক্রীতদাস হওয়ার জন্য সন্তানদের জন্ম দেয়। এ হল হাগার। 25 এখন হাগার হল আরবে স্থিত সীনয় পর্বতের প্রতীক এবং বর্তমানের জেরুশালেম নগরীর সঙ্গে সংগতিপূর্ণ, কারণ সে তার সন্তানদের নিয়ে দাসত্ববন্ধনে আবদ্ধ আছে। 26 কিন্তু ঊর্ধ্বে স্থিত জেরুশালেম স্বাধীন, সে আমাদের প্রকৃত মা। 27 কারণ লেখা আছে,

“ওহে বন্ধ্যা নারী, যে কখনও সন্তান প্রসব করোনি,

আনন্দিত হও;

তোমরা কখনও প্রসবযন্ত্রণা ভোগ করোনি,

আনন্দোল্লাসে ফেটে পড়ো;

কারণ যার স্বামী আছে, সেই নারীর চেয়ে,

যে নারী পরিত্যক্তা, তার সন্তান বেশি।”

28 এখন ভাইবোনেরা, তোমরা ইস্‌হাকের মতো প্রতিশ্রুতির সন্তান। 29 সেই সময়, স্বাভাবিক উপায়ে জাত পুত্র, ঈশ্বরের আত্মার পরাক্রমে জাত পুত্রকে নির্যাতন করত। তেমনই এখনও হচ্ছে। 30 কিন্তু শাস্ত্র কী বলে? “সেই ক্রীতদাসী ও তার ছেলেকে তাড়িয়ে দাও, কারণ সেই স্বাধীন নারীর সম্পত্তির অধিকারে ওই মহিলার ছেলে কখনোই ভাগ বসাবে না।” 31 অতএব ভাইবোনেরা, আমরা ক্রীতদাসীর সন্তান নই, কিন্তু সেই স্বাধীন নারীর সন্তান।

সমস্ত বিধান পালন করতে বাধ্য

পৌল দৃঢ়ভাবে বলেন যে যারা পরিত্রাণের জন্য ইহুদি বিধানের ওপর নির্ভর করে, তারা সবাই নিজেদের খ্রীষ্টিয়ান ব্যবস্থার আশীর্বাদ থেকে বঞ্চিত করে এবং সমস্ত বিধান পালন করতে বাধ্য হয়। সুসমাচারের আত্মিক ধর্ম যে সদগুণ ও নৈতিক গুণাবলি দাবি করে, তিনি তাদের সেগুলি অনুশীলন করতে উৎসাহ দেন। মোশির বিধান যেসব নৈতিক অপরাধের নিন্দা করেছিল, সেগুলি এড়িয়ে চলতে এবং খ্রীষ্টিয়ানদের মধ্যে এত বিরক্তি ও ঈর্ষা সৃষ্টি করে যে অহংকারের মনোভাব ও বিশিষ্ট হওয়ার বাসনা, তা দমন করতে তাদের সতর্ক থাকতে হবে।

গালাতীয় 5

1 স্বাধীনতা ভোগ করার জন্যই খ্রীষ্ট আমাদের স্বাধীন করেছেন। অতএব, তোমরা অবিচল থাকো এবং দাসত্বের জোয়ালে নিজেদের পুনরায় বন্দি কোরো না।

2 আমার কথা লক্ষ্য করো। আমি পৌল তোমাদের বলছি যে, তোমরা যদি নিজেদের সুন্নত করো, তাহলে তোমাদের কাছে খ্রীষ্টের কোনো মূল্যই থাকবে না। 3 যারা নিজেদের সুন্নত করতে চায়, তাদের প্রত্যেকের কাছে আমি আবার ঘোষণা করছি যে, সে সমস্ত বিধান পালন করতে বাধ্য। 4 তোমরা যারা বিধানের দ্বারা নির্দোষ প্রতিপন্ন হতে চাইছ, তারা খ্রীষ্ট থেকে বিচ্ছিন্ন হয়েছ; তোমরা অনুগ্রহ থেকে বিচ্যুত হয়েছ। 5 কিন্তু যে ধার্মিকতার আমরা প্রত্যাশা করি, তার জন্য আমরা বিশ্বাসের দ্বারা পবিত্র আত্মার মাধ্যমে সাদর আগ্রহে অপেক্ষা করে আছি। 6 কারণ খ্রীষ্ট যীশুতে সুন্নত বা অত্বকছেদ, উভয়ই মূল্যহীন। কেবলমাত্র বিষয় যা গণ্য করা হয়, তা হল বিশ্বাস, যা ভালোবাসার মাধ্যমে নিজেকে প্রকাশ করে।

7 তোমরা তো ভালোভাবেই দৌড়াচ্ছিলে। কে তোমাদের বাধা দিল এবং সত্য পালন করতে দিল না? 8 যিনি তোমাদের আহ্বান করেছেন, তাঁর কাছ থেকে এই ধরনের চাপ আসে না। 9 অল্প একটু খামির সমস্ত ময়দার তালকে তাড়িময় করে তোলে। 10 প্রভুতে আমি আত্মবিশ্বাসী যে, তোমরা আর কোনো দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে না। যে তোমাদের বিভ্রান্ত করছে, সে যেই হোক না কেন, সে তার শাস্তি ভোগ করবে। 11 ভাইবোনেরা, আমি যদি এখনও সুন্নতের বিষয় প্রচার করে থাকি, তাহলে কেন এখনও আমি নির্যাতিত হচ্ছি? তাহলে তো ক্রুশের কথা প্রচারের বাধা দূর হয়ে যেত। 12 যারা তোমাদের কাছে অশান্তি সৃষ্টি করে আমার ইচ্ছা এই যে তারা সম্পূর্ণ পথ অতিক্রম করে নিজেদের নপুংসক করে ফেলুক।

13 আমার ভাইবোনেরা, তোমরা স্বাধীনতার জন্য আহূত হয়েছ, কিন্তু তোমাদের স্বাধীনতাকে শারীরিক লালসা চরিতার্থ করার জন্য প্রশ্রয় দিয়ো না; বরং প্রেমে পরস্পরের সেবা করো। 14 সমস্ত বিধান এই একটিমাত্র আজ্ঞায় সারসংক্ষিপ্ত হয়েছে: “তোমার প্রতিবেশীকে নিজের মতোই ভালোবেসো।” 15 যদি তোমরা পরস্পরকে দংশন ও গ্রাস করো, সতর্ক হও, অন্যথায় তোমরা পরস্পরের দ্বারা ধ্বংস হবে।

16 তাই আমি বলি, তোমরা পবিত্র আত্মার বশে জীবনযাপন করো, তাহলে তোমরা শারীরিক লালসার অভিলাষ চরিতার্থ করবে না। 17 কারণ শারীরিক লালসা পবিত্র আত্মার অভিলাষের বিপরীত এবং পবিত্র আত্মা শারীরিক লালসার অভিলাষের বিপরীত। সেগুলি পরস্পরের বিরুদ্ধে সংঘর্ষ করে, যেন তোমরা যা চাও, তা করতে না পারো। 18 কিন্তু তোমরা যদি পবিত্র আত্মার দ্বারা চালিত হও, তাহলে তোমরা বিধানের অধীন নও।

19 শারীরিক লালসার সব কাজ সুস্পষ্ট: ব্যভিচার, বিবাহ-বহির্ভূত যৌনাচার ও উচ্ছৃঙ্খলতা; 20 প্রতিমাপূজা ও ডাকিনীবিদ্যা; ঘৃণা, ঈর্ষা, ক্রোধের উত্তেজনা, স্বার্থকেন্দ্রিক উচ্চাকাঙ্ক্ষা, মতবিরোধ, দলাদলি ও 21 হিংসা; মত্ততা, রঙ্গরস ও এ ধরনের আরও অনেক বিষয়। আগের মতোই আমি আবার তোমাদের সতর্ক করছি, যারা এ ধরনের জীবনযাপন করে, তারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাবে না।

22 কিন্তু পবিত্র আত্মার ফল হল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, পরোপকারিতা, বিশ্বস্ততা, 23 বিনম্রতা ও আত্মসংযম। এসব বিষয়ের বিরুদ্ধে কোনও বিধান নেই। 24 আর যারা খ্রীষ্ট যীশুর, তারা শারীরিক লালসার সমস্ত আসক্তি ও অভিলাষকে ক্রুশার্পিত করেছে। 25 আমরা যেহেতু পবিত্র আত্মার বশে জীবনযাপন করি, এসো আমরা আত্মার সঙ্গে তাল মিলিয়ে চলি। 26 এসো, আমরা অহংকারী না হই, পরস্পরকে উত্তেজিত না করি ও এক অপরের প্রতি হিংসা না করি।

পৌল খ্রীষ্টিয়ান প্রেমের আহ্বান জানান

পৌল তাদের খ্রীষ্টিয়ান প্রেমের আহ্বান জানান। এর ভিত্তি হিসেবে তিনি তাদের নিজেদের দুর্বলতা, নিজেদের কাজ পরীক্ষা করার প্রয়োজন—কারণ সবাইকে সেসবের হিসাব দিতে হবে—এবং পরিচর্যার ব্যয়ভার বহনে ও সমগ্র মানবজাতির, বিশেষ করে আমাদের সহখ্রীষ্টিয়ানদের প্রয়োজন মেটাতে অবদান রাখার কর্তব্য তুলে ধরেন।

গালাতীয় 6:1–10

1 ভাইবোনেরা, কেউ যদি কোনো পাপকাজে ধরা পড়ে, তাহলে তোমরা যারা আত্মিক, তোমরা কোমল মনোভাব নিয়ে তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনো। কিন্তু নিজেদের সম্পর্কে সতর্ক থেকো, নইলে তোমরাও প্রলোভিত হতে পারো। 2 প্রত্যেকে একে অপরের ভারবহন করো, এভাবে তোমরা খ্রীষ্টের বিধান পূর্ণ করবে। 3 কেউ যদি কিছু না হয়েও নিজেকে বিশিষ্ট মনে করে, সে নিজের সঙ্গে প্রতারণা করে। 4 প্রত্যেকেই তার নিজের কাজ যাচাই করে দেখবে। তাহলেই সে অপর কারও সঙ্গে নিজের তুলনা না করেই নিজের বিষয়ে গর্ব করতে পারবে। 5 কারণ প্রত্যেকেরই উচিত, তার নিজের ভারবহন করা। 6 যে ব্যক্তি ঈশ্বরের বাক্য সম্পর্কে শিক্ষা লাভ করে, সে তার শিক্ষককে অবশ্যই সমস্ত উৎকৃষ্ট বিষয়ের সহভাগী করবে।

7 তোমরা বিভ্রান্ত হোয়ো না, ঈশ্বরকে উপহাস করা যায় না। কোনো মানুষ যা বোনে, তাই কাটে। 8 যে তার শারীরিক লালসা নিবৃত্তির উদ্দেশে বীজ বোনে, সেই শরীর থেকেই সে বিনাশরূপ শস্য সংগ্রহ করবে। যে পবিত্র আত্মাকে প্রীত করার জন্য বীজ বোনে, তা থেকেই অনন্ত জীবনের ফসল আসবে। 9 এসো, সৎকর্ম করতে করতে আমরা যেন ক্লান্তিবোধ না করি, কারণ হাল ছেড়ে না দিলে আমরা যথাসময়ে ফসল তুলব। 10 তাই, আমরা যখন সুযোগ পেয়েছি, এসো, আমরা সব মানুষের প্রতি সৎকর্ম করি, বিশেষত তাদের প্রতি যারা বিশ্বাসীদের পরিজন।

পৌল যীশুর চিহ্ন বহন করেন

পৌল শেষে গালাতীয়দের স্মরণ করিয়ে দেন যে ইহুদি ধর্মের গোঁড়া সমর্থকেরা বিধান পালন করত না এবং কেবল নিজেরা নির্যাতন এড়াতে পারে বলেই তাদের দ্বারা বিশ্বাস গ্রহণকারীদের সুন্নত করাতে চাইত। অন্যদিকে পৌল ঘোষণা করেন যে এমন স্বার্থপর উদ্দেশ্য তাঁকে বিচলিত করতে পারে না, কারণ তিনি তাঁর দেহে প্রভু যীশুর জন্য ভোগ করা কষ্টের চিহ্ন বহন করেন। তিনি সাক্ষ্য দেন যে ঈশ্বরের কাছে কেবল পবিত্রতাই মূল্যবান। তিনি মণ্ডলীর ওপর আশীর্বাদের জন্য প্রার্থনা করেন।

গালাতীয় 6:11–18

11 দেখো, আমি কত বড়ো বড়ো অক্ষরে নিজের হাতে তোমাদের কাছে লিখলাম!

12 যারা ব্যহ্যিকরূপে এক সুন্দর ভাবমূর্তি গড়তে চায়, তারা তোমাদের সুন্নত পালনে বাধ্য করতে চেষ্টা করছে। কেবলমাত্র যে কারণের জন্য তারা এ কাজ করতে চাইছে, তা খ্রীষ্টের ক্রুশের কারণে নির্যাতিত হওয়া থেকে অব্যাহতি পাওয়ার জন্য। 13 যারা সুন্নতপ্রাপ্ত তারাও বিধান পালন করে না, তবুও তারা চায় তোমরা সুন্নত-সংস্কার পালন করো, যেন তারা তোমাদের শরীরের বিষয়ে গর্ব করতে পারে। 14 কিন্তু আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ক্রুশ ছাড়া আমি আর যে কোনো বিষয়ে গর্ব করি, তা দূরে থাকুক, কারণ তাঁরই দ্বারা জগৎ আমার কাছে ও আমি জগতের কাছে ক্রুশার্পিত। 15 সুন্নত বা অত্বকছেদ, উভয়ই মূল্যহীন, নতুন সৃষ্টিই হল মূলকথা। 16 এই নীতি যারা অনুসরণ করে তাদের উপর, এমনকি ঈশ্বরের ইস্রায়েলের উপর শান্তি ও করুণা বিরাজ করুক।

17 সবশেষে বলি, কেউ যেন আমাকে কষ্ট না দেয়, কারণ আমার শরীরে আমি যীশুর ক্ষতচিহ্ন বহন করছি।

18 ভাইবোনেরা, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের আত্মার সঙ্গে থাকুক। আমেন।