হিব্রু দাসদের ফিরিয়ে নেওয়া হয়

কলদীয়রা চলে গেলে হিব্রু দাসদের ফিরিয়ে নেওয়া হয়।

589 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

যিরমিয় 34:11–22

11 কিন্তু পরে তারা তাদের মন পরিবর্তন করল এবং যাদের মুক্তি দিয়েছিল, সেইসব দাসদাসীকে ফিরিয়ে আনল ও পুনরায় তাদের ক্রীতদাসত্বে আবদ্ধ করল।

12 তারপর সদাপ্রভু বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল: 13 “সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, আমি তোমাদের পূর্বপুরুষদের, ক্রীতদাসত্বের দেশ মিশর থেকে মুক্ত করে এনে তাদের সঙ্গে এক চুক্তি করেছিলাম। আমি বলেছিলাম, 14 ‘প্রত্যেক সপ্তম বছরে, তোমাদের মধ্যে প্রত্যেকে, অবশ্যই তার সহ-হিব্রু ভাইকে, যে নিজেকে তোমার কাছে বিক্রি করেছে, মুক্ত হয়ে চলে যেতে দেবে। ছয় বছর তোমার সেবা করার পর, তুমি তাকে মুক্ত করে দেবে।’ তোমাদের পূর্বপুরুষেরা অবশ্য আমার কথা শোনেনি বা আমার বাক্যের প্রতি মনোযোগও দেয়নি। 15 সম্প্রতি তোমরা অনুতাপ করেছিলে ও আমার দৃষ্টিতে যা ভালো, তাই করেছিলে। তোমাদের প্রত্যেকেই তোমাদের স্বদেশি ভাইদের মুক্ত করেছিলে। তোমরা এমনকি, আমার নামে আখ্যাত গৃহে একটি নিয়মও করেছিলে। 16 কিন্তু এখন তোমরা সম্পূর্ণ বিপরীতমুখী হয়েছ এবং আমার নামের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছ; তোমাদের মধ্যে প্রত্যেকে সেই পুরুষ ও স্ত্রী ক্রীতদাসেদের আবার ফিরিয়ে এনেছ, যাদের তোমরা যেখানে ইচ্ছা, চলে যেতে দিয়েছিলে। তোমরা তাদের পুনরায় তোমাদের ক্রীতদাস হতে বাধ্য করেছ।

17 “সেই কারণে, সদাপ্রভু এই কথা বলেন: তোমরা আমার কথা শোনোনি; তোমাদের সহ স্বদেশবাসীদের প্রতি তোমরা মুক্তি ঘোষণা করোনি। তাই, এখন আমি তোমাদের জন্য ‘মুক্তি’ ঘোষণা করছি, সদাপ্রভু এই কথা বলেন, তরোয়াল, মহামারি ও দুর্ভিক্ষে পতিত হওয়ার জন্য ‘মুক্তি।’ পৃথিবীর সব রাজ্যের কাছে আমি তোমাদের ঘৃণার পাত্র করব। 18 যে সকল মানুষ আমার নিয়ম ভেঙে ফেলেছে এবং ওই নিয়মগুলি পালন করেনি, যা তারা আমার সামনে স্থাপন করেছিল, আমি তাদের সেই বাছুরের মতো করব, যেটি তারা দু-টুকরো করে সেগুলির মাঝখান দিয়ে পার হয়েছিল। 19 যিহূদা ও জেরুশালেমের নেতৃবর্গ, রাজদরবারের কর্মকর্তারা, যাজকেরা ও দেশের অন্য সমস্ত লোক, যারা ওই দ্বিখণ্ডিত বাছুরটির মাঝখান দিয়ে পার হয়েছিল, 20 আমি তাদের সেইসব শত্রুর হাতে সমর্পণ করব, যারা তাদের প্রাণনাশ করতে চায়। তাদের মৃতদেহগুলি আকাশের পাখিদের ও বনের পশুদের আহার হবে।

21 “আমি যিহূদার রাজা সিদিকিয় ও তার রাজকর্মচারীদের, তাদের সেইসব শত্রুর হাতে সমর্পণ করব, যারা তাদের প্রাণনাশ করতে চায়। ব্যাবিলনের-রাজের যে সৈন্যেরা তোমাদের কাছ থেকে চলে গিয়েছিল, তাদেরই হাতে সমর্পণ করব। 22 সদাপ্রভু ঘোষণা করেন, আমি তাদের আদেশ দেব ও এই নগরে নিয়ে আসব। তারা এই নগরের বিরুদ্ধে যুদ্ধ করবে, তা অধিকার করে আগুনে পুড়িয়ে দেবে। আমি যিহূদার নগরগুলি নিবাসী-বিহীন করব, যেন কেউ সেখানে বসবাস করতে না পারে।”

যিরমিয়কে আবার কারারুদ্ধ করা হয়

যিরমিয় জেরুশালেম থেকে পালানোর চেষ্টা করেন এবং তাঁকে আবার কারারুদ্ধ করা হয়।

যিরমিয় 37:11–21

11 ফরৌণের সৈন্যদলের কারণে ব্যাবিলনীয় সৈন্যেরা জেরুশালেম ছেড়ে চলে গেলে পর, 12 যিরমিয় নগর ত্যাগ করে বিন্যামীন গোষ্ঠীভুক্ত এলাকায় তাঁর সম্পত্তির দখল নেওয়ার জন্য সেখানকার লোকদের কাছে রওনা হলেন। 13 কিন্তু যখন তিনি বিন্যামীন-দ্বারে পৌঁছালেন, তখন হনানিয়ের পুত্র, শেলিমিয়ের পুত্র, রক্ষীদলের সেনাপতি যিরিয় তাঁকে গ্রেপ্তার করলেন এবং বললেন, “আপনি ব্যাবিলনীয়দের পক্ষে যোগ দিতে যাচ্ছেন!”

14 যিরমিয় বললেন, “সেই কথা সত্যি নয়। আমি ব্যাবিলনীয়দের পক্ষে যোগ দিতে যাচ্ছি না।” কিন্তু যিরিয় তাঁর কথা শুনতে চাইলেন না; পরিবর্তে, তিনি যিরমিয়কে গ্রেপ্তার করে রাজকর্মচারীদের কাছে নিয়ে গেলেন। 15 তারা যিরমিয়ের প্রতি ক্রুদ্ধ হল। তারা তাঁকে প্রহার করে সচিব যোনাথনের গৃহে কারাবন্দি করল। তারা সেই গৃহকে কারাগারে পরিণত করেছিল।

16 যিরমিয়কে এক ভূগর্ভস্থ অন্ধকূপে রাখা হল। সেখানে তিনি অনেক দিন থাকলেন। 17 তারপর, রাজা সিদিকিয় লোক পাঠিয়ে তাঁকে রাজপ্রাসাদে নিয়ে এলেন। সেখানে তিনি তাঁকে গোপনে জিজ্ঞাসা করলেন, “সদাপ্রভুর কাছ থেকে কোনো বাক্য আছে কি?”

যিরমিয় উত্তর দিলেন, “হ্যাঁ, আপনি ব্যাবিলনের রাজার হাতে সমর্পিত হবেন।”

18 তারপর যিরমিয়, রাজা সিদিকিয়কে বললেন, “আমি আপনার বা আপনার কর্মচারীদের বা এই লোকদের বিরুদ্ধে কী অপরাধ করেছি যে, আপনি আমাকে কারারুদ্ধ করেছেন? 19 আপনার সেই ভাববাদীরা কোথায়, যারা ভাব বাক্য করেছিল, ‘ব্যাবিলনের রাজা আপনাকে বা এই দেশকে আক্রমণ করবেন না’? 20 কিন্তু এখন, আমার প্রভু রাজা, আপনি দয়া করে শুনুন। আপনার কাছে আমাকে এই অনুরোধ রাখতে দিন, আপনি আমাকে সচিব যোনাথনের গৃহে আর ফেরত পাঠাবেন না, নইলে আমি সেখানে মারা পড়ব।”

21 রাজা সিদিকিয় তখন আদেশ দিলেন, যিরমিয়কে রক্ষীদের প্রাঙ্গণে রাখার জন্য এবং বললেন, তাকে যেন রুটিওয়ালাদের সরণি থেকে প্রতিদিন রুটি দেওয়া হয়, যতক্ষণ না নগর থেকে সমস্ত রুটি শেষ হয়। এইভাবে যিরমিয় রক্ষীদের প্রাঙ্গণে থেকে গেলেন।

যিরমিয় রাজার কাছে তাঁর ভবিষ্যদ্বাণীগুলি আবার বলেন 588 খ্রিস্টপূর্ব

রাজা তাঁর কাছে আবেদন করলে যিরমিয় তাঁর আগের ভবিষ্যদ্বাণীগুলি আবার বলেন।

যিরমিয় 21

1 সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল, যখন রাজা সিদিকিয় মল্কিয়ের পুত্র পশ্‌হূরকে ও মাসেয়ের পুত্র যাজক সফনিয়কে তাঁর কাছে প্রেরণ করেন। তারা বলল, 2 “আমাদের জন্য সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করুন, কারণ ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার আমাদের আক্রমণ করছেন। হয়তো সদাপ্রভু আমাদের পক্ষে বিস্ময়কর কাজ করবেন, যেমন তিনি পূর্বেও করেছিলেন, তাহলে নেবুখাদনেজার আমাদের কাছ থেকে চলে যাবেন।”

3 কিন্তু যিরমিয় তাদের উত্তর দিলেন, “তোমরা সিদিকিয়কে বলো, 4 ‘ইস্রায়েলের ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: তোমাদের হাতে যুদ্ধের যেসব অস্ত্র আছে, যেগুলি তোমরা ব্যাবিলনের রাজা ও কলদীয়দের, যারা নগর-প্রাচীরের বাইরে অবরোধ করে আছে, তাদের বিরুদ্ধে ব্যবহার করতে চাও, আমি সেগুলি এই নগরের অভিমুখে ফেরাব। সেই তাদের আমি এই নগরে সংগ্রহ করব। 5 আমি প্রসারিত হাত ও পরাক্রমী বাহু দ্বারা, প্রচণ্ড ক্রোধে ও মহারোষে তোমাদের বিরুদ্ধে স্বয়ং যুদ্ধ করব। 6 যারা এই নগরে বসবাস করে, মানুষ ও পশু নির্বিশেষে তাদের সবাইকে আমি আঘাত করব, আর তারা এক ভয়ংকর মহামারিতে প্রাণত্যাগ করবে। 7 তারপরে, সদাপ্রভু বলেন, যারা মহামারি, তরোয়ালের আঘাত ও দুর্ভিক্ষ থেকে রক্ষা পাবে, অর্থাৎ যিহূদার রাজা সিদিকিয়, তার সমস্ত কর্মচারী ও এই নগরের লোকেদের আমি ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার এবং তাদের শত্রুদের হাতে সমর্পণ করব, যারা তাদের প্রাণনাশ করতে চায়। নেবুখাদনেজার তাদের তরোয়ালের আঘাতে হত্যা করবে; সে তাদের প্রতি কোনো করুণা, মমতা বা সহানুভূতি প্রদর্শন করবে না।’

8 “এছাড়াও, তোমরা লোকদের বলো, ‘সদাপ্রভু এই কথা বলেন: দেখো, আমি তোমাদের সামনে জীবনের পথ ও মৃত্যুর পথ রাখছি। 9 যারাই এই নগরে থাকবে, তারা তরোয়াল, দুর্ভিক্ষ বা মহামারিতে মারা যাবে। কিন্তু যারা বের হয়ে অবরোধকারী ব্যাবিলনীয়দের কাছে আত্মসমর্পণ করবে, তারা বেঁচে থাকবে। তারা তাদের প্রাণরক্ষা করবে। 10 আমি এই নগরের মঙ্গল নয়, ক্ষতি করার জন্য মনস্থির করেছি, সদাপ্রভু এই কথা বলেন। এই নগর ব্যাবিলনের রাজার হাতে তুলে দেওয়া হবে, আর সে এই নগর আগুন দিয়ে ধ্বংস করবে।’

11 “এছাড়া, যিহূদার রাজপরিবারকে বলো, ‘তোমরা সদাপ্রভুর বাক্য শোনো; 12 দাউদ কুলের লোকেরা, সদাপ্রভু এই কথা বলেন:

“ ‘রোজ সকালে ন্যায়বিচারের অনুশীলন করো;

যার সর্বস্ব হরণ করা হয়েছে,

তার অত্যাচারীদের হাত থেকে তাকে উদ্ধার করো,

তা না হলে আমার ক্রোধ আছড়ে পড়বে ও আগুনের মতো জ্বলবে,

তা এমনভাবে জ্বলবে যে কেউ তা নিভাতে পারবে না;

তোমাদের কৃত সব মন্দ কাজ হল এর কারণ।

13 হে জেরুশালেম, আমি তোমার বিরুদ্ধে,

যদিও তুমি এই উপত্যকার উপরে,

পাথুরে মালভূমির উপরে প্রতিষ্ঠিত আছ, সদাপ্রভু এই কথা বলেন।

তোমরা বলে থাকো, “কে আমাদের বিরুদ্ধে আসতে পারে?

আমাদের আশ্রয়স্থানে কে প্রবেশ করতে পারে?”

14 যেমন তোমাদের কাজ, তার যোগ্য প্রতিফল আমি তোমাদের দেব,

সদাপ্রভু এই কথা বলেন।

আমি তোমাদের বনগুলিতে এক আগুনে প্রজ্বলিত করব,

তা তোমাদের চারপাশের সবকিছুকে গ্রাস করবে।’ ”