ভণ্ড ভাববাদী হনানিয়কে শাস্তি দেওয়া হয়

আশেপাশের জাতিগুলির পরিণতির পূর্বাভাস দেওয়া হয়। ভণ্ড ভাববাদী হনানিয়কে মৃত্যুর মাধ্যমে শাস্তি দেওয়া হয়।

595 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

যিরমিয় 27–28

1 যিহূদার রাজা যোশিয়ের পুত্র সিদিকিয়ের রাজত্বের প্রথমদিকে, সদাপ্রভুর কাছ থেকে যিরমিয়ের কাছে এই বাক্য উপস্থিত হল: 2 সদাপ্রভু আমাকে এই কথা বললেন: “তুমি চামড়ার ফালি ও কাঠের দণ্ড দিয়ে একটি জোয়াল তৈরি করো এবং তা তোমার ঘাড়ে রাখো। 3 তারপর জেরুশালেমে যিহূদার রাজা সিদিকিয়ের কাছে আসা ইদোম, মোয়াব, অম্মোন, টায়ার ও সীদোনের প্রতিনিধিদের কাছে এই বার্তা পাঠও। 4 তাদের মনিবদের জন্য এই বার্তা পাঠিয়ে তাদের বলো, ‘বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: “তোমরা তোমাদের মনিবদের কাছে গিয়ে এই কথা বলো: 5 আমার মহাপরাক্রম ও প্রসারিত বাহু দ্বারা আমি পৃথিবী, তার অধিবাসী ও তার উপরে স্থিত পশুদের সৃষ্টি করেছি। আমি যাকে যা দেওয়া উপযুক্ত মনে করেছি, তাকে তা দিয়েছি। 6 এখন আমি তোমাদের সব দেশকে, আমার সেবক, ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারকে দেব; আমি বন্য পশুদেরও তার বশ্যতাধীন করব। 7 সব জাতি তার, তার পুত্র ও তার পৌত্রের সেবা করবে, যতদিন না তাদের সময় সম্পূর্ণ হয়; তারপর বহু জাতি ও মহান রাজারা তাকে তাদের আয়ত্তাধীনে আনবে।” ’

8 “ ‘ “কিন্তু, কোনো জাতি বা রাজ্য যদি ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের সেবা না করে কিংবা তার জোয়ালের নিচে কাঁধ না দেয়, আমি তরোয়াল, দুর্ভিক্ষ ও মহমারীর দ্বারা সেই জাতিকে শাস্তি দেব, সদাপ্রভু এই কথা বলেন, যতক্ষণ না সেই জাতিকে আমি তার হাত দিয়ে ধ্বংস করি। 9 তাই তোমাদের ভাববাদীদের, তোমাদের গণকদের, তোমাদের স্বপ্ন অনুবাদকদের, তোমাদের প্রেতমাধ্যম ও তোমাদের জাদুকরদের কথা তোমরা শুনবে না, যারা বলে, ‘তোমাদের ব্যাবিলনের রাজার সেবা করতে হবে না।’ 10 তারা তোমাদের কাছে মিথ্যা ভাববাণী বলে, যার ফলে তা কেবলমাত্র তোমাদের স্বদেশ থেকে দূরে অপসারিত করবে; আমি তোমাদের নির্বাসিত করব ও তোমরা বিনষ্ট হবে। 11 কিন্তু কোনো জাতি যদি ব্যাবিলনের রাজার জোয়ালের নিচে কাঁধ পাতে ও তাঁর সেবা করে, সেই দেশকে আমি স্বস্থানে থাকতে দেব, তারা তা কর্ষণ ও চাষ করে সেখানে বসবাস করতে পারবে, সদাপ্রভু এই কথা বলেন।” ’ ”

12 আমি যিহূদার রাজা সিদিকিয়কেও এই একই বাক্য দিয়েছি। আমি বলেছি, “তোমার কাঁধ ব্যাবিলনের রাজার জোয়ালের নিচে পেতে দাও, তাঁর ও তাঁর প্রজাদের সেবা করো, তাহলে তুমি বেঁচে থাকবে। 13 কেন তুমি ও তোমার প্রজারা তরোয়াল, দুর্ভিক্ষ ও মহামারিতে মৃত্যুবরণ করবে, যা দিয়ে সদাপ্রভু সেইসব জাতিকে ভয় দেখিয়েছেন, যারা ব্যাবিলনের রাজার সেবা করবে না? 14 তোমরা ওইসব ভাববাদীর কথা বিশ্বাস কোরো না, যারা তোমাদের বলে, ‘ব্যাবিলনের রাজার সেবা তোমাদের করতে হবে না,’ কারণ তারা তোমাদের কাছে মিথ্যা ভাববাণী বলছে। 15 ‘আমি তাদের প্রেরণ করিনি,’ সদাপ্রভু এই কথা বলেন, ‘তারা আমার নামে মিথ্যা ভাববাণী বলছে। সেই কারণে আমি তোমাদের নির্বাসিত করব। এতে তোমরা এবং যারা তোমাদের কাছে ভাববাণী বলে, সেই ভাববাদীরা, উভয়েই বিনষ্ট হবে।’ ”

16 তারপর আমি যাজকদের ও এই সমস্ত লোককে বললাম, “সদাপ্রভু এই কথা বলেন: ওইসব ভাববাদীর কথা শুনো না, যারা বলে, ‘খুব শীঘ্র সদাপ্রভুর গৃহ থেকে নিয়ে যাওয়া পাত্রগুলি ব্যাবিলন থেকে ফেরত আনা হবে।’ তারা তোমাদের কাছে মিথ্যা ভাববাণী বলেছে। 17 তোমরা তাদের কথা শুনো না। তোমরা ব্যাবিলনের রাজার সেবা করো, তাহলে বেঁচে থাকবে। কেন এই নগর এক ধ্বংসস্তূপে পরিণত হবে? 18 তারা যদি ভাববাদীই হয়ে থাকে এবং সদাপ্রভুর বাক্য তাদের কাছে থাকে, তাহলে তারা বাহিনীগণের সদাপ্রভুর কাছে মিনতি করুক যেন, সদাপ্রভুর গৃহে, যিহূদার রাজার গৃহে ও জেরুশালেমে অবশিষ্ট যেসব জিনিসপত্র আছে, সেগুলি ব্যাবিলনে নিয়ে যাওয়া না হয়। 19 কারণ বাহিনীগণের সদাপ্রভু ওই জিনিসগুলি সম্বন্ধে এই কথা বলেন, যেমন পিতলের স্তম্ভ, সমুদ্রপাত্র, স্থানান্তরযোগ্য তাকগুলি এবং অন্যান্য আসবাব, যেগুলি এই নগরে ছেড়ে যাওয়া হয়েছে, 20 যেগুলি ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার সঙ্গে নিয়ে যাননি, যখন তিনি যিহূদার রাজা যিহোয়াকীমের পুত্র যিহোয়াখীনকে, যিহূদা ও জেরুশালেমের সমস্ত সম্ভ্রান্ত ব্যক্তিকে জেরুশালেম থেকে ব্যাবিলনে নিয়ে যান— 21 হ্যাঁ, একথা বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভুর গৃহে ও যিহূদার রাজার প্রাসাদে ও জেরুশালেমে যেসব জিনিস অবশিষ্ট রয়ে গেছে, সেগুলির সম্পর্কে বলেন: 22 ‘সেগুলি ব্যাবিলনে নিয়ে যাওয়া হবে এবং সেগুলি সেখানেই থাকবে, যতদিন না আমি সেগুলির জন্য ফিরে আসি,’ সদাপ্রভু এই কথা বলেন। ‘পরে আমি সেগুলি ফিরিয়ে আনব এবং এই স্থানে পুনরায় স্থাপন করব।’ ”

28:1 সেই একই বছরে, যিহূদার রাজা সিদিকিয়ের রাজত্বের প্রথমদিকে, অর্থাৎ চতুর্থ বছরের পঞ্চম মাসে, গিবিয়োন-নিবাসী অসূরের পুত্র ভাববাদী হনানিয়, সদাপ্রভুর গৃহে যাজকদের ও অন্য সব লোকের উপস্থিতিতে আমাকে এই কথা বলল: 2 “বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: ‘আমি ব্যাবিলনের রাজার জোয়াল ভেঙে ফেলব। 3 ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার সদাপ্রভুর গৃহের যেসব আসবাবপত্র এখান থেকে অপসারিত করে ব্যাবিলনে নিয়ে যায়, দুই বছরের মধ্যে সেই সবই আমি এই স্থানে ফিরিয়ে আনব। 4 আমি যিহূদার রাজা যিহোয়াকীমের পুত্র যিহোয়াখীনকে এবং যিহূদা থেকে ব্যাবিলনে নির্বাসিত হওয়া সব ব্যক্তিকে এই স্থানে ফিরিয়ে আনব,’ সদাপ্রভু এই কথা বলেন, ‘কারণ আমি ব্যাবিলনের রাজার জোয়াল ভেঙে ফেলব।’ ”

5 তখন ভাববাদী যিরমিয় সদাপ্রভুর গৃহে যাজকদের ও অন্য সব লোক যারা সেখানে দাঁড়িয়েছিল, তাদের উপস্থিতিতে ভাববাদী হনানিয়কে উত্তর দিলেন। 6 তিনি বললেন, “আমেন! সদাপ্রভু সেইরকমই করুন! সদাপ্রভুর গৃহের সব আসবাবপত্র ও ব্যাবিলনে নির্বাসিত সব মানুষকে এখানে ফিরিয়ে এনে সদাপ্রভু তোমার কথিত ভাববাণী পূর্ণ করুন। 7 তবুও, আমি তোমার ও সব লোকের কর্ণগোচরে যা বলতে চাই, তা তোমরা শোনো: 8 প্রাচীনকাল থেকে ভাববাদীরা, যারা তোমাদের ও আমার পূর্বে ছিলেন, তারা বহু দেশ ও মহান সব রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ, বিপর্যয় ও মহামারির ভাববাণী বলেছিলেন। 9 কিন্তু যে ভাববাদী শান্তির ভাববাণী বলেন, তিনি প্রকৃতই সদাপ্রভু দ্বারা প্রেরিত হয়েছেন বলে বোঝা যাবে, যদি তাঁর আগাম ঘোষণা পূর্ণ হয়।”

10 তারপর ভাববাদী হনানিয় ভাববাদী যিরমিয়ের কাঁধ থেকে জোয়ালটি নিয়ে ভেঙে ফেলল। 11 সে সব লোকের সাক্ষাতে বলল, “সদাপ্রভু এই কথা বলেন: ‘এই একইভাবে, দুই বছরের মধ্যে, আমি ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের জোয়াল সব জাতির কাঁধ থেকে নামিয়ে ভেঙে ফেলব।’ ” পরে ভাববাদী যিরমিয় সেখান থেকে চলে গেলেন।

12 ভাববাদী হনানিয় ভাববাদী যিরমিয়ের কাঁধ থেকে সেই জোয়ালটি নিয়ে ভেঙে ফেলার কিছু সময় পর, সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল: 13 “তুমি যাও, গিয়ে হনানিয়কে বলো, ‘সদাপ্রভু এই কথা বলেন: তুমি কাঠের এক জোয়াল ভেঙে ফেলেছ ঠিকই, কিন্তু এর পরিবর্তে তোমাকে একটি লোহার জোয়াল দেওয়া হবে। 14 বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: আমি এসব জাতির কাঁধে লোহার জোয়াল দেব, যেন তারা ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের দাসত্ব করে, আর তারা তার সেবা করবে। আমি তাকে, এমনকি, বন্য পশুদেরও উপরে নিয়ন্ত্রণ দেব।’ ”

15 তারপর ভাববাদী যিরমিয় ভাববাদী হনানিয়েকে বললেন, “হনানিয়, তুমি শোনো! সদাপ্রভু তোমাকে প্রেরণ করেননি, তবুও তুমি চেষ্টা করেছ এই জাতিকে মিথ্যা কথায় বিশ্বাস করাতে। 16 অতএব, সদাপ্রভু এই কথা বলেন: ‘আমি তোমাকে ভূপৃষ্ঠ থেকে সরিয়ে ফেলতে চলেছি। এই বছরেই তোমার মৃত্যু হবে, কারণ তুমি সদাপ্রভুর বিরুদ্ধে বিদ্রোহের বাক্য প্রচার করেছ।’ ”

17 সেই বছরের সপ্তম মাসে, ভাববাদী হনানিয়ের মৃত্যু হল।