ভাগ 7: মিশরত্যাগ

1491 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

যাত্রা পুস্তক 12:31–36

31 রাতেই ফরৌণ মোশি ও হারোণকে ডেকে পাঠালেন ও বললেন, “ওঠো! তোমরা ও ইস্রায়েলীরা আমার প্রজাদের ছেড়ে চলে যাও! যাও, তোমরা যেমন অনুরোধ জানিয়েছিলে, সেই অনুসারে গিয়ে সদাপ্রভুর আরাধনা করো। 32 তোমরা যেমন বলেছিলে, সেভাবেই তোমাদের মেষপাল ও পশুপাল নিয়ে চলে যাও। আর আমাকে আশীর্বাদও করো।”

33 মিশরীয়রা লোকদের অনুরোধ জানাল যেন যত তাড়াতাড়ি সম্ভব তারা দেশ ছেড়ে চলে যায়। “কারণ তা না হলে,” তারা বলল, “আমরা সবাই মারা যাব!” 34 অতএব লোকেরা খামির মেশানোর আগেই তাদের আটার তালগুলি তুলে নিল, এবং কাপড়ে মুড়ে সেগুলি কেঠোয় রেখে কাঁধে তুলে নিল। 35 ইস্রায়েলীরা মোশির নির্দেশানুসারেই সবকিছু করল এবং তারা মিশরীয়দের কাছে রুপো ও সোনার তৈরি জিনিসপত্র এবং পোশাক-পরিচ্ছদ চেয়ে নিল। 36 সদাপ্রভু লোকদের প্রতি মিশরীয়দের অনুগ্রহকারী করে দিয়েছিলেন, এবং ইস্রায়েলীরা তাদের কাছে যা যা চেয়েছিল, তারা সেসবকিছু তাদের দিয়েছিল; অতএব তারা মিশরীয়দের জিনিসপত্র অপহরণ করল।

যাত্রা পুস্তক 12:40–42

40 ইস্রায়েলী জনগণ মিশরে 430 বছর ধরে বসবাস করল। 41 সেই 430 বছরের শেষে, সেদিনই, সদাপ্রভুর সব বাহিনী মিশর ছেড়ে এল। 42 যেহেতু সেরাতে তাদের মিশর থেকে বের করে আনার জন্য সদাপ্রভু সতর্কতা অবলম্বন করেছিলেন, তাই আগামী বংশপরম্পরায় সদাপ্রভুকে সম্মান জানানোর জন্য এরাতে ইস্রায়েলীদের সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে।