জর্ডন পারাপার
1451 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
10 অতএব যিহোশূয় লোকদের কর্মকর্তাদের আদেশ দিলেন: 11 “তোমরা শিবিরের মধ্যে গিয়ে লোকদের বলো, ‘তোমাদের সঙ্গের পাথেয় খাদ্যসামগ্রী প্রস্তুত করো। এখন থেকে তিনদিনের মধ্যে তোমরা জর্ডন নদী অতিক্রম করবে। তোমরা সেই দেশ অধিকার করবে, যে দেশ তোমাদের নিজস্ব অধিকারবলে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের দিতে চলেছেন।’ ”
12 কিন্তু রূবেণীয়, গাদীয় ও মনঃশির অর্ধ বংশের উদ্দেশে যিহোশূয় বললেন, 13 “সদাপ্রভুর দাস মোশি তোমাদের যে আদেশ দিয়েছিলেন, তোমরা তা স্মরণ করো: ‘সদাপ্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের বিশ্রাম দিচ্ছেন ও এই ভূমি তোমাদের অধিকারস্বরূপ দিয়েছেন।’ 14 জর্ডন নদীর পূর্বদিকে মোশি তোমাদের যে ভূমি দিয়েছেন, সেখানে তোমাদের স্ত্রী, সন্তানসন্ততি ও পশুপাল থাকতে পারে, কিন্তু তোমাদের সমস্ত যোদ্ধা, সম্পূর্ণ সশস্ত্র হয়ে তোমাদের ভাইদের সামনে সামনে অবশ্য জর্ডন নদী পার হয়ে যাবে। তোমরা তোমাদের ভাইদের সাহায্য করবে, 15 যতক্ষণ না সদাপ্রভু তাদের বিশ্রাম দেন, যেমন তিনি তোমাদের দিয়েছেন এবং যতক্ষণ না তারা সেই দেশ অধিকার করে, যা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাদের দিতে চলেছেন। পরে তোমরা ফিরে গিয়ে তোমাদের জমির অধিকার ভোগ করবে, যা সদাপ্রভুর দাস মোশি, সূর্যোদয়ের দিকে, জর্ডন নদীর পূর্বদিকে তোমাদের দান করেছেন।”
16 তারা তখন যিহোশূয়কে উত্তর দিল, “আপনি আমাদের যে সমস্ত আদেশ দিয়েছেন, আমরা সেগুলি পালন করব, আর আপনি আমাদের যেখানে পাঠাবেন, আমরা সেখানেই যাব। 17 আমরা যেমন মোশির সমস্ত কথা শুনতাম, তেমনই আপনারও আদেশ পালন করব। শুধুমাত্র আপনার ঈশ্বর সদাপ্রভু আপনার সঙ্গে থাকুন, যেমন তিনি মোশির সঙ্গে ছিলেন। 18 যে কেউ আপনার আদেশের বিদ্রোহী হয়, আপনি যা কিছু আদেশ দেন তা পালন না করে, তার প্রাণদণ্ড হবে। শুধু আপনি শক্তিশালী ও সাহসী হোন!”
1 ভোরবেলায় যিহোশূয় সমস্ত ইস্রায়েলী মানুষজনকে সাথে নিয়ে শিটিম থেকে যাত্রা করে জর্ডন নদীর তীরে চলে গেলেন। নদী অতিক্রম করার আগে তাঁরা সেখানে শিবির স্থাপন করলেন। 2 তিন দিন পরে, কর্মকর্তারা সমস্ত শিবির পরিদর্শন করলেন 3 ও লোকদের এই আদেশ দিলেন: “তোমরা যখন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম-সিন্দুক লেবীয় যাজকদের বহন করতে দেখবে, তখন নিজের নিজের স্থান ছেড়ে তাঁদের অনুসরণ করবে। 4 পরে তোমরা জানতে পারবে, কোন পথে তোমাদের যেতে হবে, কারণ তোমরা এই পথে আগে কখনও যাত্রা করোনি। কিন্তু নিয়ম-সিন্দুক ও তোমাদের মধ্যে 900 মিটার দূরত্ব থাকবে; তোমরা সেটির কাছে যাবে না।”
5 যিহোশূয় লোকদের বললেন, “তোমরা নিজেদের পবিত্র করো, যেহেতু আগামীকাল সদাপ্রভু তোমাদের মধ্যে বিস্ময়কর সব কাজ করবেন।”
6 যিহোশূয় যাজকদের বললেন, “আপনারা নিয়ম-সিন্দুক তুলে নিন ও লোকদের আগে আগে পার হয়ে যান।” তাই তাঁরা তা তুলে নিয়ে তাদের আগে আগে পার হয়ে গেলেন।
7 আর সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “আমি আজ তোমাকে সমস্ত ইস্রায়েলের সামনে উন্নত করতে শুরু করব, যেন তারা জানতে পারে যে, আমি যেমন মোশির সঙ্গে ছিলাম, তেমনই তোমার সঙ্গেও আছি। 8 যারা নিয়ম-সিন্দুক বহন করে, তুমি সেই যাজকদের বলো: ‘আপনারা যখন জর্ডন নদীর জলের কিনারায় পৌঁছাবেন, তখন আপনারা গিয়ে নদীর মাঝখানে দাঁড়াবেন।’ ”
9 যিহোশূয় ইস্রায়েলীদের বললেন, “তোমরা এখানে এসো এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর এই বাণী শোনো।” 10 আর যিহোশূয় বললেন, “তোমরা এভাবে জানতে পারবে যে, জীবন্ত ঈশ্বর তোমাদের মধ্যে আছেন আর তিনি নিশ্চিতরূপে তোমাদের সামনে থেকে কনানীয়, হিত্তীয়, হিব্বীয়, পরিষীয়, গির্গাশীয়, ইমোরীয় ও যিবূষীয়দের তাড়িয়ে দেবেন। 11 দেখো, সমস্ত পৃথিবীর প্রভুর নিয়ম-সিন্দুক তোমাদের আগে জর্ডন নদীতে যাবে। 12 তবে তোমরা এখন ইস্রায়েলী গোষ্ঠীসমূহের মধ্য থেকে বারোজন পুরুষকে বেছে নাও। প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে নেবে। 13 আর যে মুহূর্তে সদাপ্রভুর—সমস্ত পৃথিবীর প্রভুর—সিন্দুক বহনকারী যাজকেরা জর্ডন নদীতে পা রাখবেন, নিচের দিকে বয়ে যাওয়া এর জলরাশি বিচ্ছিন্ন হয়ে স্তূপীকৃত হয়ে যাবে।”
14 অতএব লোকেরা যখন জর্ডন নদী পার হওয়ার জন্য শিবির তুলে ফেলল, যাজকেরা নিয়ম-সিন্দুক তুলে নিয়ে লোকদের আগে আগে চললেন। 15 ফসল কাটার সময়ে জর্ডন নদীর জল সমস্ত তীর প্লাবিত করে। তবুও, সিন্দুক বহনকারী যাজকেরা জর্ডন নদীর তীরে পৌঁছালেন ও তাঁদের পা জলের প্রান্ত স্পর্শ করল, 16 উপর থেকে বয়ে আসা জলস্রোত থেমে গেল। বহুদূরে, সর্তনের নিকটবর্তী আদম নগরের কাছে তা স্তূপীকৃত হয়ে রইল। ফলে অরাবা সাগরে (অর্থাৎ, মরুসাগরে), যে জল নেমে যাচ্ছিল, তা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হল। অতএব লোকেরা যিরীহোর বিপরীত দিক থেকে নদী পার হয়ে গেল। 17 যতক্ষণ না সমগ্র ইস্রায়েল জাতি নদী পার হয়ে গেল, সদাপ্রভুর নিয়ম-সিন্দুক বহনকারী যাজকেরা জর্ডন নদীর মাঝখানে শুকনো ভূমিতে অবিচল দাঁড়িয়ে রইলেন। সমগ্র জাতিই শুকনো ভূমির উপর দিয়ে পার হয়ে গেল।
4:1 যখন সমগ্র জাতি জর্ডন নদী পার হয়ে গেল, তখন সদাপ্রভু যিহোশূয়কে বললেন, 2 “তুমি প্রত্যেক গোষ্ঠী থেকে এক একজন করে, মোট বারোজনকে লোকদের মধ্য থেকে বাছাই করো, 3 ও তাদের বলো, যেখানে যাজকেরা দাঁড়িয়েছিলেন, অর্থাৎ জর্ডন নদীর মাঝখান থেকে তারা যেন বারোটি পাথর তুলে আনে ও তোমার সাথে থেকে সেগুলি বহন করে যেখানে তোমরা আজ রাতে থাকবে, সেখানে এনে ফেলে।”
4 তাই যিহোশূয় যে বারোজনকে ইস্রায়েলীদের প্রত্যেক গোষ্ঠীর মধ্য থেকে এক একজন করে নিযুক্ত করলেন, তাদের একসাথে ডেকে নিলেন, 5 ও তিনি তাদের বললেন, “তোমরা জর্ডন নদীর মাঝখানে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সিন্দুকের সামনে যাও। ইস্রায়েলীদের গোষ্ঠীসমূহের সংখ্যা অনুযায়ী, তোমরা প্রত্যেকে সেখান থেকে এক-একটি করে পাথর নিজেদের কাঁধে তুলে নেবে। 6 সেগুলি তোমাদের পক্ষে চিহ্নস্বরূপ হবে। ভবিষ্যতে, তোমাদের সন্তানেরা যখন জিজ্ঞাসা করবে, ‘এই পাথরগুলির তাৎপর্য কী?’ 7 তোমরা তাদের বোলো যে, সদাপ্রভুর নিয়ম-সিন্দুকের সামনে জর্ডন নদীর প্রবাহিত স্রোত ছিন্ন হয়ে গিয়েছিল। তা যখন জর্ডন নদী অতিক্রম করেছিল, তখন জর্ডন নদীর জলরাশি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এই পাথরগুলি চিরকালের জন্য ইস্রায়েলী লোকদের কাছে স্মারকস্বরূপ হবে।”
8 তাই যিহোশূয়ের আদেশমতো ওই ইস্রায়েলীরা সেরকমই করল। সদাপ্রভু যেমন যিহোশূয়কে বললেন, ইস্রায়েলীদের গোষ্ঠী সংখ্যা অনুসারে, তারা জর্ডন নদীর মাঝখান থেকে বারোটি পাথর তুলে আনল। তারা সেগুলি বয়ে নিয়ে তাদের শিবিরে নিয়ে গেল। তারা সেখানেই সেগুলি নামিয়ে রাখল। 9 যেখানে নিয়ম-সিন্দুক বহনকারী যাজকেরা দাঁড়িয়েছিলেন, সেখানে জর্ডন নদীর মধ্যে যিহোশূয় বারোটি পাথর স্থাপন করলেন। আর সেগুলি আজও পর্যন্ত সেখানেই আছে।
10 মোশি যিহোশূয়কে যেমন নির্দেশ দিয়েছিলেন, সেইমতো যিহোশূয়কে দেওয়া সদাপ্রভুর সমস্ত আদেশ লোকেরা পালন না করা পর্যন্ত সিন্দুক বহনকারী যাজকেরা জর্ডন নদীর মাঝখানে দাঁড়িয়ে রইলেন। লোকেরা তাড়াতাড়ি নদী পার হয়ে গেল। 11 যেই তারা সবাই নদী পার হয়ে গেল, সদাপ্রভুর সিন্দুক ও যাজকেরা লোকদের চক্ষুগোচরে নদীর অন্য পারে চলে গেলেন। 12 রূবেণ, গাদ ও মনঃশির অর্ধ বংশের লোকেরা সশস্ত্র হয়ে ইস্রায়েলীদের সামনে পার হয়ে গেল, যেমন মোশি তাদের নির্দেশ দিয়েছিলেন। 13 যুদ্ধ করার জন্য প্রস্তুত প্রায় 40,000 সৈন্য সদাপ্রভুর সামনে নদী পার হয়ে যুদ্ধের জন্য যিরীহোর সমভূমিতে গেল।
14 সেদিন সদাপ্রভু সমস্ত ইস্রায়েলের সাক্ষাতে যিহোশূয়কে উন্নত করলেন; তারা তাঁর জীবনকালের শেষ পর্যন্ত তাঁকে সম্ভ্রম করে চলল, যেমন তারা মোশির ক্ষেত্রেও করত।
15 পরে সদাপ্রভু যিহোশূয়কে বললেন, 16 “তুমি যাজকদের আদেশ দাও, তারা যেন বিধিনিয়মের সিন্দুক বহন করে জর্ডন নদী থেকে বের হয়ে আসে।”
17 তাই যিহোশূয় যাজকদের আদেশ দিলেন, “আপনারা জর্ডন নদী থেকে উঠে আসুন।”
18 তখন যাজকেরা সদাপ্রভুর নিয়ম-সিন্দুক বহন করে নদী থেকে উপরে উঠে এলেন। তাঁরা শুকনো ভূমিতে পা রাখামাত্র, জর্ডন নদীর জলরাশি স্বস্থানে ফিরে গেল এবং আগের মতোই সমস্ত তীরের উপরে প্লাবিত হল।
19 প্রথম মাসের দশম দিনে, লোকেরা জর্ডন নদী পার হয়ে যিরীহোর পূর্ব সীমায় গিল্গলে শিবির স্থাপন করল। 20 আর যিহোশূয় জর্ডন নদী থেকে তুলে আনা সেই বারোটি পাথর গিল্গলে স্থাপন করলেন। 21 তিনি ইস্রায়েলীদের বললেন, “ভাবীকালে যখন তোমাদের বংশধরেরা তাদের বাবাদের জিজ্ঞাসা করবে, ‘এই পাথরগুলির তাৎপর্য কী?’ 22 তাদের বোলো, ইস্রায়েল শুকনো ভূমি দিয়ে জর্ডন নদী পার হয়েছিল। 23 কারণ যতক্ষণ না তোমরা তা পার হলে, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সামনে জর্ডন নদী শুকনো করে দিয়েছিলেন। তোমাদের ঈশ্বর সদাপ্রভু জর্ডন নদীর প্রতি তাই করেছেন, যা তিনি লোহিত সাগরের প্রতি করেছিলেন, তিনি তা শুকনো করে দিয়েছিলেন, যতক্ষণ না আমরা তা অতিক্রম করলাম। 24 তিনি এরকম এই কারণে করলেন, যেন পৃথিবীর সমস্ত মানুষ জানতে পারে যে, সদাপ্রভুর হাত পরাক্রমশালী এবং তোমরা যেন সবসময়ই তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করো।”