নিজের শত্রুদের সঙ্গে মণ্ডলীর মহাসংগ্রাম

মণ্ডলী ও তার শত্রুদের মধ্যে ভবিষ্যতের মহাসংগ্রাম এবং শেষকালে ইহুদিদের বিশ্বাস গ্রহণ সম্পর্কে একটি ভবিষ্যদ্বাণী।

587 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

যিহিষ্কেল 38–39

1 সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল, 2 “হে মানবসন্তান, তুমি মাগোগ দেশের মেশক ও তূবলের প্রধান শাসনকর্তা গোগের দিকে মুখ করে তার বিরুদ্ধে ভবিষ্যদ্‌বাণী করো 3 এবং বলো: ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে গোগ, মেশক ও তূবলের প্রধান শাসনকর্তা, আমি তোমার বিপক্ষে। 4 আমি তোমাকে পিছন ঘুরিয়ে তোমার চোয়ালে বড়শি পরাব এবং তোমার গোটা সৈন্যদলের সঙ্গে—তোমার ঘোড়া সকল, সম্পূর্ণ যুদ্ধের সজ্জা পরা অশ্বারোহী সকল, বড়ো ও ছোটো ঢালধারী বিরাট সৈন্যদল যারা তরোয়াল ঘোরাচ্ছে সকলকে বাইরে আনব। 5 পারস্য, কূশ ও পূট তাদের সঙ্গে থাকবে, তারা সকলে ঢাল ও শিরস্ত্রাণধারী, 6 আর গোমর ও তার সৈন্যদল, এবং উত্তর দিকের শেষ সীমার বেৎ-তোগর্মের সব সৈন্য—ও অনেক জাতি তোমার সঙ্গী হবে।

7 “ ‘প্রস্তুত হও, তুমি ও তোমার সমস্ত লোকজন যারা তোমার চারপাশে আছে, নিজেদের প্রস্তুত করো, এবং তুমি তাদের সেনাপতি হও। 8 অনেক দিনের পর তোমাকে যুদ্ধের জন্য ডাকা হবে। ভবিষ্যতে তুমি এমন একটি দেশ আক্রমণ করবে যে দেশ যুদ্ধ থেকে রেহাই পেয়েছে, যার লোকেরা অনেক জাতির মধ্য থেকে ইস্রায়েলের পাহাড়গুলিও জড়ো হবে, যে জায়গা অনেক দিন ধরে জনশূন্য ছিল। তাদের জাতিগণের মধ্যে থেকে বের করে আনা হয়েছে, এবং এখন তারা সকলে নিরাপদে বাস করছে। 9 তুমি ও তোমার সব সৈন্যেরা এবং তোমার সঙ্গের অনেক জাতি সেই দেশ আক্রমণ করতে ঝড়ের মতো এগিয়ে যাবে; তোমরা মেঘের মতো করে দেশটাকে ঢেকে ফেলবে।

10 “ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, সেদিন তোমার মনে বিভিন্ন চিন্তা আসবে এবং তুমি একটি খারাপ মতলব আঁটবে। 11 তুমি বলবে, “আমি এমন একটি দেশ আক্রমণ করব যার গ্রামগুলিতে প্রাচীর নেই; আমি শান্তিতে এবং সন্দেহ করে না এমন লোকদের আক্রমণ করব—যারা সকলে এমন জায়গায় বাস করে যেখানে প্রাচীর, ফটক ও অর্গল নেই। 12 আমি জিনিস কেড়ে নেব ও লুট করব এবং ধ্বংসস্থান ঠিক করে নেওয়া জায়গাগুলির বিরুদ্ধে আর জাতিগণের মধ্য থেকে জড়ো হওয়া লোকদের বিরুদ্ধে আমার হাত উঠাব, যারা পশুপালে ও জিনিসপত্রে ধনী, এবং দেশটা হবে পৃথিবীর কেন্দ্র।” 13 শিবা, দদান এবং তর্শীশ ও তার সব গ্রামের ব্যবসায়ীরা এবং সেখানকার সব যুবসিংহরা তোমাকে জিজ্ঞাসা করবে, “তোমরা কি লুটপাট করতে এসেছ? তোমরা কি দলবল জড়ো করেছ সোনা ও রুপো, পশুপাল ও জিনিসপত্র নিয়ে যাবার জন্য আর অনেক জিনিস কেড়ে নেবার জন্য?” ’

14 “অতএব, হে মানবসন্তান, ভবিষ্যদ্‌বাণী করো এবং গোগকে বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, সেদিন যখন আমার লোক ইস্রায়েল নিরাপদে বাস করবে তখন তুমি খেয়াল করবে না? 15 তুমি উত্তর দিকের শেষ সীমা থেকে আসবে, তোমার সঙ্গে থাকবে অনেক জাতির লোকেরা যারা ঘোড়ায় চড়ে এক বিরাট দল ও এক শক্তিশালী সৈন্যদল হয়ে আসবে। 16 দেশটা মেঘের মতো করে ঢেকে ফেলবার জন্য তুমি আমার লোক ইস্রায়েলের বিরুদ্ধে এগিয়ে আসবে। হে গোগ, ভবিষ্যতে আমি আমার দেশের বিরুদ্ধে তোমাকে আনব, তখন আমি জাতিগণের চোখের সামনে তোমার মধ্য দিয়ে নিজেকে পবিত্র বলে দেখাব যেন তারা আমাকে জানতে পারে।

17 “ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তুমি কি সেই সেই লোক নও যার বিষয়ে আমি আগে আমার দাসদের যারা ইস্রায়েলী ভাববাদীদের মাধ্যমে বলেছি? সেই সময় বছরের পর বছর ভাববাদীরা বলেছিল যে, আমি তোমাকে তাদের বিরুদ্ধে আনব। 18 সেদিন যখন গোগ ইস্রায়েল দেশের বিরুদ্ধে আসবে তখন আমার ভীষণ ক্রোধ জ্বলে উঠবে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন। 19 আমার আগ্রহে ও জ্বলন্ত ক্রোধে আমি ঘোষণা করছি যে, সেই সময়ে ইস্রায়েল দেশে ভীষণ ভূমিকম্প হবে। 20 তাতে সমুদ্রের মাছ, আকাশের পাখি, বনের পশু, মাটির উপরের চলমান প্রত্যেকটা প্রাণী আর পৃথিবীর সমস্ত লোক আমার সামনে কাঁপতে থাকবে। পাহাড়গুলি উল্টে যাবে, খাঁড়া উঁচু পাহাড় টুকরো টুকরো হয়ে পড়বে এবং সব প্রাচীর মাটিতে পড়ে যাবে। 21 আমার সমস্ত পাহাড়ে আমি গোগের বিরুদ্ধে যুদ্ধ ডেকে আনব, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন। প্রত্যেক মানুষের তরোয়াল তার ভাইয়ের বিরুদ্ধে থাকবে। 22 আমি মহামারি ও রক্তপাত দিয়ে তাকে শাস্তি দেব; আমি ভীষণ বৃষ্টি, শিলা ও জ্বলন্ত গন্ধক তার উপর, তার সৈন্যদলের উপর ও তার সঙ্গের সমস্ত জাতির উপর ঢেলে দেব। 23 আর আমি আমার মহত্ত্ব ও পবিত্রতা প্রকাশ করব, আর আমি অনেক জাতির সামনে নিজের পরিচয় দেব। তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু।’

39:1 “হে মানবসন্তান, তুমি গোগের বিরুদ্ধে ভবিষ্যদ্‌বাণী করো আর বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে গোগ, রোশ, মেশক ও তূবলের প্রধান শাসনকর্তা, আমি তোমার বিপক্ষে। 2 আমি তোমাকে পিছনে ঘুরিয়ে টেনে নিয়ে যাব। আমি তোমাকে উত্তর দিকের শেষ সীমা থেকে নিয়ে এসে ইস্রায়েলের পাহাড়গুলির বিরুদ্ধে পাঠাব। 3 তারপর আমি আঘাত করে বাঁ হাত থেকে তোমার ধনুক ও ডান হাত থেকে তোমার তিরগুলি ফেলে দেব। 4 ইস্রায়েলের পাহাড়গুলির উপরে তুমি, তোমার সব সৈন্যেরা ও তোমার সঙ্গের জাতিরা পড়ে থাকবে। আমি তোমাকে হিংস্র পাখি ও বুনো পশুদের খাবার হিসেবে দেব। 5 তুমি খোলা মাঠে পড়ে থাকবে, কারণ আমি সদাপ্রভু এই কথা বলেছি, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন। 6 আমি মাগোগের উপরে এবং যারা দূরের দেশগুলিতে নিরাপদে বাস করছে তাদের উপরে আগুন পাঠাব, আর তারা জানবে যে, আমিই সদাপ্রভু।

7 “ ‘আমার লোক ইস্রায়েলীদের মধ্যে আমি আমার পবিত্রতা প্রকাশ করব। আমি আর আমার পবিত্র নাম অপবিত্র হতে দেব না, তাতে জাতিগণ জানবে যে, আমিই সদাপ্রভু, ইস্রায়েলের মধ্যে পবিত্রতম। 8 এটি আসছে! এটি নিশ্চয়ই হবে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন। এই দিনের কথাই আমি বলেছি।

9 “ ‘তখন যারা ইস্রায়েলের নগরে বাস করছে তারা বাইরে গিয়ে জ্বালানি কাঠ হিসেবে অস্ত্রশস্ত্র পোড়াবে—ছোটো ও বড়ো ঢাল, তির ও ধনুক, যুদ্ধের গদা ও বল্লম। সাত বছর ধরে তারা জ্বালানি হিসেবে এগুলি ব্যবহার করবে। 10 তারা মাঠ থেকে কাঠ আনবে না, বনের গাছ কাটবে না, কারণ তারা সেই অস্ত্রশস্ত্র নিয়েই আগুন জ্বালাবে। এবং তাদের লুটকারীদের ধন লুট করবে ও যারা তাদের সম্পত্তি কেড়ে নিয়েছিল তাদের সম্পত্তি কেড়ে নেবে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।

11 “ ‘সেদিন গোগকে আমি ইস্রায়েলের মধ্যে একটি কবরস্থান দেব, সেটি সমুদ্রের পূর্বদিকে পথিকদের উপত্যকা এবং এটি তাদের পথ বন্ধ করে দেবে কারণ সেখানে গোগ ও তার সমস্ত লোকদের কবর দেওয়া হবে। সেইজন্য এটাকে বলা হবে হা্মোন গোগের উপত্যকা।

12 “ ‘সাত মাস ধরে ইস্রায়েল কুল তাদের কবর দিয়ে দেশটা পরিষ্কার করবে। 13 দেশের সব লোক তাদের কবর দেবে, এবং যেদিন আমি গৌরবান্বিত হব সেদিন তাদের কাছে স্মরণীয় হবে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন। 14 দেশ পরিষ্কার করার জন্য নিয়মিত লোকদের নিয়োগ করা হবে। কিছু দেশের চারিদিকে যাবে, আর তার অতিরিক্ত লোক, যা কিছু মাঠে পড়ে থাকবে তাদের কবর দেবে।

“ ‘সাত মাস শেষ হলে তারা তাদের বিশদ খোঁজ শুরু করবে। 15 তারা যখন দেশের মধ্যে দিয়ে যাবে এবং একজন মানুষের হাড় দেখবে, সে তার পাশে একটি চিহ্ন গাঁথবে যতক্ষণ না কবর খোঁড়ার লোকেরা সেটি হা্মোন গোগের উপত্যকায় কবর দিচ্ছে, 16 হামোনা নামে এক নগরের কাছে। এইভাবে তারা দেশ পরিষ্কার করবে।’

17 “হে মানবসন্তান, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তুমি সব রকম পাখি ও সব রকম বন্যপশুদের ডাক দিয়ে বলো, ‘তোমাদের জন্য যে বলিদানের ব্যবস্থা করছি তার জন্য তোমরা সবদিক থেকে জড়ো হও, কেননা আমি ইস্রায়েলের পাহাড়গুলির উপরে মহান বলিদানের ব্যবস্থা করেছি। সেখানে তোমরা মাংস খাবে ও রক্ত পান করবে। 18 তোমরা শক্তিশালী লোকদের মাংস খাবে এবং পৃথিবীর শাসনকর্তাদের রক্ত পান করবে যেন তারা পুরুষ মেষ, মেষশাবক, পাঁঠা ও ষাঁড়—এরা সবাই বাশনের নধর পশু। 19 তোমাদের জন্য যে বলিদানের ব্যবস্থা করেছি, সেখানে তোমরা পেট না ভরা পর্যন্ত চর্বি খাবে এবং মাতাল না হওয়া পর্যন্ত রক্ত পান করবে। 20 আমার টেবিলে তোমরা পেট ভরে ঘোড়া, রথচালক, শক্তিশালী লোক ও সব রকম সৈন্যদের মাংস খাবে,’ সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।

21 “আমি জাতিদের মধ্যে আমার মহিমা প্রকাশ করব, এবং আমার হাত দিয়ে তাদের যে শাস্তি দেব তা সমস্ত জাতিই দেখবে। 22 সেদিন থেকে ইস্রায়েল কুল জানবে যে, আমিই সদাপ্রভু তাদের ঈশ্বর। 23 এবং জাতিরা জানবে যে ইস্রায়েল কুল তাদের পাপের জন্য নির্বাসিত হয়েছিল, কারণ তারা আমার প্রতি অবিশ্বস্ত হয়েছিল। সেইজন্য আমার মুখ আমি তাদের কাছ থেকে ফিরিয়ে রেখেছিলাম ও শত্রুদের হাতে তাদের তুলে দিয়েছিলাম আর তারা সকলে যুদ্ধে মারা পড়েছিল। 24 তাদের অশুচিতা ও পাপ অনুসারে আমি তাদের সঙ্গে ব্যবহার করেছিলাম এবং তাদের কাছ থেকে আমার মুখ ফিরিয়ে রেখেছিলাম।

25 “এজন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি এখন যাকোবকে বন্দিদশা থেকে ফিরিয়ে আনব ও সমস্ত ইস্রায়েল কুলের প্রতি করুণা করব এবং আমার নামের পবিত্রতার জন্য আগ্রহী হব। 26 তারা যখন তাদের দেশে নিরাপদে বাস করবে এবং কেউ তাদের ভয় দেখাবে না তখন আমার প্রতি অবিশ্বস্ততার দরুন তাদের লজ্জার কথা তারা ভুলে যাবে। 27 জাতিগণের মধ্য থেকে আমি যখন তাদের ফিরিয়ে আনব শত্রুদের দেশ থেকে তাদের জড়ো করব তখন অনেক জাতির চোখের সামনে আমি তাদের মধ্য দিয়ে আমার পবিত্রতা প্রকাশ করব। 28 তখন তারা জানবে যে, আমিই তাদের ঈশ্বর সদাপ্রভু, কারণ বিভিন্ন জাতির মধ্যে তাদের বন্দিদশায় পাঠালেও আমি তাদের নিজেদের দেশে ফিরিয়ে আনব, কাউকে ফেলে রাখব না। 29 তাদের কাছ থেকে আমি আর আমার মুখ ফিরিয়ে রাখব না, কারণ ইস্রায়েল কুলের উপরে আমি আমার আত্মা ঢেলে দেব, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।”