আচার-অনুষ্ঠানের বিধান ও সমাগম তাঁবুর নকশা (continued)

আচার-অনুষ্ঠানের বিধান ঘোষণা করা হয় এবং সমাগম তাঁবুর কাঠামোর নকশা দেওয়া হয়।

1491 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

যাত্রা পুস্তক 26–27

1 “একজন দক্ষ কারিগরকে দিয়ে মিহি পাকান মসিনা ও নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতোয় তৈরি দশটি পর্দায় করূবদের নকশা ফুটিয়ে তুলে সমাগম তাঁবুটি তৈরি কোরো। 2 সব পর্দা একই মাপের—13 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া হবে। 3 পাঁচটি পর্দা একসঙ্গে জুড়ে দিয়ো, এবং অন্য পাঁচটির ক্ষেত্রেও একই কাজ কোরো। 4 এক পাটি পর্দায় এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত কিনারা ধরে ধরে নীল কাপড়ের ফাঁস তৈরি কোরো, এবং অন্য পাটি পর্দাতেও এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একই কাজ কোরো। 5 একটি পর্দায় পঞ্চাশটি ফাঁস তৈরি কোরো এবং অন্য পাটি পর্দাতেও কিনারা ধরে ধরে পঞ্চাশটি ফাঁস তৈরি কোরো, যেন ফাঁসগুলি পরস্পরের বিপরীত দিকে থাকে। 6 পরে সোনার পঞ্চাশটি আঁকড়া তৈরি কোরো এবং পর্দাগুলি একসঙ্গে সংলগ্ন করে রাখার জন্য সেগুলি ব্যবহার কোরো, যেন এক এককরূপে সমাগম তাঁবুটি অক্ষুণ্ণ থাকে।

7 “সমাগম তাঁবুটি ঢেকে রাখার জন্য ছাগ-লোমের পর্দা তৈরি কোরো—মোট এগারোটি। 8 এগারোটি পর্দার সবগুলিই একই মাপের হবে—13.5 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া। 9 পাঁচটি পর্দা একসঙ্গে এক পাটিতে জুড়ে দিয়ো, এবং অন্য ছয়টি অন্য পাটিতে জুড়ে দিয়ো। ষষ্ঠ পর্দাটি দুই ভাঁজ করে তাঁবুর সামনের দিকে রেখে দিয়ো। 10 এক পাটি পর্দায় এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত কিনারা ধরে ধরে পঞ্চাশটি ফাঁস তৈরি কোরো এবং অন্য পাটি পর্দাতেও এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত তা কোরো। 11 পরে ব্রোঞ্জের পঞ্চাশটি আঁকড়া তৈরি কোরো এবং এক এককরূপে একসঙ্গে তাঁবুটি বেঁধে রাখার জন্য সেগুলি ফাঁসগুলির মধ্যে আটকে দিয়ো। 12 তাঁবুর পর্দাগুলির বাড়তি দৈর্ঘ্যের ক্ষেত্রে, যে অর্ধেক পর্দাটি বাড়তি থেকে যাবে, সেটি সমাগম তাঁবুর পিছন দিকে ঝুলিয়ে দিতে হবে। 13 তাঁবুর পর্দাগুলি দুই দিকেই 45 সেন্টিমিটার করে বেশি লম্বা হবে; যেটুকু বাড়তি থাকবে তা সমাগম তাঁবুটি ঢেকে রাখার জন্য তাঁবুর এপাশে ওপাশে ঝুলতে থাকবে। 14 তাঁবু ঢেকে রাখার জন্য মেষের চামড়া লাল রং করে, তা দিয়ে একটি আচ্ছাদন তৈরি কোরো, এবং সেটির উপর অন্য এক টেকসই চামড়া দিয়ে আরও একটি আচ্ছাদন তৈরি কোরো।

15 “সমাগম তাঁবুর জন্য বাবলা কাঠ দিয়ে খাড়া কাঠামো তৈরি কোরো। 16 প্রত্যেকটি কাঠামো 4.5 মিটার করে লম্বা ও 68 সেন্টিমিটার করে চওড়া হবে, 17 এবং কাঠামোর বেরিয়ে থাকা অংশ দুটি পরস্পরের সমান্তরাল করে বসাতে হবে। এভাবেই সমাগম তাঁবুর সব কাঠামো তৈরি কোরো। 18 সমাগম তাঁবুর দক্ষিণ দিকের জন্য কুড়িটি কাঠামো তৈরি কোরো 19 এবং সেগুলির তলায় লাগানোর জন্য রুপোর চল্লিশটি ভিত তৈরি কোরো—প্রত্যেকটি কাঠামোর জন্য দুটি করে ভিত, এক-একটি অভিক্ষেপের তলায় একটি করে। 20 অন্য দিকের জন্য, সমাগম তাঁবুর উত্তর দিকের জন্য, কুড়িটি কাঠামো 21 এবং প্রত্যেকটি কাঠামোর তলায় দুটি করে ভিত লাগানোর জন্য চল্লিশটি রুপোর ভিত তৈরি কোরো। 22 দূরবর্তী প্রান্তের জন্য, অর্থাৎ, সমাগম তাঁবুর পশ্চিম প্রান্তের জন্য ছয়টি কাঠামো তৈরি কোরো, 23 এবং দূরবর্তী প্রান্তে কোণার জন্য দুটি কাঠামো তৈরি কোরো। 24 এই দুটি কোনায় সেগুলি যেন অবশ্যই নিচ থেকে একদম চূড়া পর্যন্ত দ্বিগুণ মাপের হয় এবং একটিই বলয়ে লাগানো থাকে; দুটিই একইরকম হবে। 25 অতএব সেখানে আটটি কাঠামো ও প্রত্যেকটি কাঠামোর তলায় দুটি করে—মোট ষোলোটি রুপোর ভিত থাকবে।

26 “এছাড়াও বাবলা কাঠ দিয়ে অর্গল তৈরি কোরো: সমাগম তাঁবুর একদিকের কাঠামোগুলির জন্য পাঁচটি, 27 অন্য দিকের কাঠামোগুলির জন্য পাঁচটি, এবং সমাগম তাঁবুর শেষ প্রান্তে, পশ্চিমদিকের কাঠামোগুলির জন্য পাঁচটি। 28 মাঝখানের অর্গলটি কাঠামোগুলির মাঝখানে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকবে। 29 কাঠামোগুলি সোনা দিয়ে মুড়ে দিয়ো এবং অর্গলগুলি ধরে রাখার জন্য সোনার আংটা তৈরি কোরো। আর অর্গলগুলিও সোনা দিয়ে মুড়ে দিয়ো।

30 “পর্বতের উপরে তোমার কাছে যেমনটি প্রদর্শিত হল, ঠিক সেই পরিকল্পনা অনুসারেই সমাগম তাঁবুটি প্রতিষ্ঠিত কোরো।

31 “নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতো ও মিহি পাকান মসিনা দিয়ে একটি পর্দা তৈরি কোরো, এবং দক্ষ কারিগর দিয়ে তাতে করূবদের নকশা ফুটিয়ে তোলো। 32 সোনা দিয়ে মোড়া এবং রুপোর চারটি ভিতের উপর দাঁড়ান বাবলা কাঠের চারটি খুঁটির উপরে এটি সোনার আঁকড়া দিয়ে ঝুলিয়ে দিয়ো। 33 পর্দাটি আঁকড়া থেকে নিচে ঝুলিয়ে দিয়ো এবং বিধিনিয়মের সিন্দুকটি পর্দার পিছন দিকে রেখে দিয়ো। পর্দাটিই পবিত্র স্থানটিকে মহাপবিত্র স্থান থেকে পৃথক করবে। 34 মহাপবিত্র স্থানে, বিধিনিয়মের সিন্দুকটির উপরে প্রায়শ্চিত্ত-আবরণটি রেখে দিয়ো। 35 সমাগম তাঁবুর উত্তর দিকে পর্দার বাইরে টেবিলটি রেখে দিয়ো এবং সেটির বিপরীতে দক্ষিণ দিকে দীপাধারটি রেখে দিয়ো।

36 “তাঁবুর প্রবেশদ্বারের জন্য নীল, বেগুনি, টকটকে লাল রংয়ের সুতো এবং মিহি পাকান মসিনা দিয়ে একটি পর্দা তৈরি কোরো—যা হবে একজন সূচিশিল্পীর হস্তকলা। 37 এই পর্দাটির জন্য সোনার আঁকড়া এবং সোনায় মোড়া বাবলা কাঠের পাঁচটি খুঁটিও তৈরি কোরো। আর এগুলির জন্য ব্রোঞ্জের পাঁচটি ভিত ঢালাই করে দিয়ো।

27:1 “বাবলা কাঠ দিয়ে 1.4 মিটার উঁচু একটি বেদি নির্মাণ কোরো; এটি যেন 2.3 মিটার লম্বা ও 2.3 মিটার চওড়া বর্গাকার হয়। 2 চার কোণার প্রত্যেকটিতে একটি করে, চারটি শিং তৈরি কোরো, যেন সেই শিংগুলি বেদির সাথে অখণ্ড হয়, এবং বেদিটি ব্রোঞ্জ দিয়ে মুড়ে দিয়ো। 3 এটির সব বাসনপত্র—ছাই ফেলার হাঁড়ি, ও বেলচা, ছিটানোর গামলা, মাংস তোলার কাঁটাচামচ এবং আগুনে সেঁকার চাটু, সবই ব্রোঞ্জ দিয়ে তৈরি কোরো। 4 এটির জন্য একটি জাফরি, ব্রোঞ্জের পরস্পরছেদী একটি জাল তৈরি কোরো, এবং সেই জালের চার কোণার প্রত্যেকটিতে একটি করে ব্রোঞ্জের আংটা তৈরি কোরো। 5 এটি বেদির তাকের নিচে রেখে দিয়ো যেন এটি বেদির অর্ধেক উচ্চতায় অবস্থিত থাকে। 6 বেদির জন্য বাবলা কাঠের খুঁটি তৈরি কোরো এবং সেগুলি ব্রোঞ্জ দিয়ে মুড়ে দিয়ো। 7 খুঁটিগুলিকে আংটাগুলির মাঝে মাঝে ঢুকিয়ে দিতে হবে যেন বেদিটি বহন করার সময় সেগুলি বেদির দুই পাশে থাকে। 8 তক্তা দিয়ে, বেদিটি ফাঁপা করে তৈরি কোরো। এটি ঠিক সেভাবেই তৈরি করতে হবে যেমনটি পর্বতের উপরে তোমার কাছে প্রদর্শিত হয়েছিল।

9 “সমাগম তাঁবুর জন্য একটি প্রাঙ্গণ তৈরি কোরো। দক্ষিণ দিকটি 45 মিটার লম্বা হবে এবং সেখানে মিহি পাকান মসিনা দিয়ে তৈরি পর্দা থাকবে, 10 এবং কুড়িটি খুঁটি ও ব্রোঞ্জের কুড়িটি ভিত তথা খুঁটিগুলির উপরে রুপোর আঁকড়া ও শেকলও থাকবে। 11 উত্তর দিকটিও 45 মিটার লম্বা হবে এবং সেখানে পর্দা, তথা কুড়িটি খুঁটি ও ব্রোঞ্জের কুড়িটি ভিত এবং খুঁটিগুলির উপরে রুপোর আঁকড়া ও শিকল থাকবে।

12 “প্রাঙ্গণের পশ্চিমপ্রান্তটি 23 মিটার চওড়া হবে, এবং সেখানে পর্দা, তথা দশটি খুঁটি ও দশটি ভিত থাকবে। 13 সূর্যোদয়ের দিকে, পূর্বপ্রান্তেও, প্রাঙ্গণটি 23 মিটার চওড়া হবে। 14 6.8 মিটার লম্বা পর্দাগুলি প্রবেশদ্বারের একদিকে থাকবে, ও সাথে থাকবে তিনটি খুঁটি ও তিনটি ভিত, 15 এবং 6.8 মিটার লম্বা পর্দাগুলি অন্যদিকে থাকবে, ও সাথে থাকবে তিনটি খুঁটি ও তিনটি ভিত।

16 “প্রাঙ্গণের প্রবেশদ্বারের জন্য, নীল, বেগুনি এবং টকটকে লাল রংয়ের সুতো এবং মিহি পাকান মসিনা দিয়ে তৈরি 9 মিটার লম্বা একটি পর্দার জোগান দিয়ো—তা হবে এক সূচিশিল্পীর হস্তকলা—সাথে চারটি খুঁটি ও চারটি ভিতও দিয়ো। 17 প্রাঙ্গণের চারপাশের সব খুঁটির শিকল ও আঁকড়াগুলি রুপোর এবং ভিতগুলি ব্রোঞ্জের হবে। 18 প্রাঙ্গণটি হবে 45 মিটার লম্বা ও 23 মিটার চওড়া, এবং পর্দাগুলি মিহি পাকান মসিনা দিয়ে তৈরি 2.3 মিটার উচ্চতাবিশিষ্ট হবে, এবং সাথে ব্রোঞ্জের ভিতগুলিও থাকবে। 19 সমাগম তাঁবুর সেবাকাজে ব্যবহৃত অন্য সব জিনিসপত্র, তা তাদের কাজ যাই হোক না কেন, সাথে সাথে সেটির এবং প্রাঙ্গণের সব তাঁবু-খুটা, ব্রোঞ্জের হবে।

20 “আলোর জন্য নিংড়ে নেওয়া স্বচ্ছ জলপাই তেল তোমার কাছে নিয়ে আসার জন্য ইস্রায়েলীদের আদেশ দাও যেন প্রদীপগুলি সবসময় জ্বলতেই থাকে। 21 সমাগম তাঁবুর ভিতরে, যে পর্দাটি বিধিনিয়মের সিন্দুকটি আড়াল করে রাখে, সেটির বাইরের দিকে, হারোণ ও তার ছেলেরা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সদাপ্রভুর সামনে প্রদীপগুলি জ্বালিয়ে রাখবে। আগামী বংশপরম্পরায় ইস্রায়েলীদের মধ্যে এটি একটি চিরস্থায়ী বিধিনিয়ম হয়েই থাকবে।