অয় দখল

1451 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

যিহোশূয় 7:1–8:29

1 কিন্তু ইস্রায়েলীরা উৎসর্গীকৃত বস্তুগুলির বিষয়ে অবিশ্বস্ত হল; যিহূদা গোষ্ঠীভুক্ত সেরহের ছেলে সিম্রী, তার ছেলে কর্মি, তার ছেলে আখন সেগুলির কিছুটা অংশ রেখে নিয়েছিল। তাই ইস্রায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ জ্বলে উঠল।

2 এদিকে যিহোশূয় যিরীহো থেকে সেই অয় নগরে লোক পাঠালেন, যেটি বেথেলের পূর্বদিকে বেথ-আবনের কাছে অবস্থিত ছিল, এবং তাদের বললেন, “তোমরা উঠে যাও ও ওই অঞ্চলটি গোপনে পর্যবেক্ষণ করো।” তাই সেই লোকেরা উঠে গেল ও গোপনে অয় নগরটি পর্যবেক্ষণ করল।

3 যিহোশূয়ের কাছে ফিরে এসে তারা বলল, “অয়ের বিরুদ্ধে সমগ্র সৈন্যদল যাওয়ার প্রয়োজন নেই। সেটি অধিকার করার জন্য 2,000 বা 3,000 লোক পাঠান এবং সমগ্র সৈন্যদলকে কষ্ট দেবেন না, কারণ সেখানে মাত্র অল্প কিছু লোকই বসবাস করে।” 4 তাই, প্রায় 3,000 লোক উঠে গেল, কিন্তু তারা অয়ের সেই লোকদের কাছে সম্পূর্ণরূপে নাস্তানাবুদ হল, 5 যারা ইস্রায়েলীদের মধ্যে প্রায় ছত্রিশ জনকে মেরে ফেলল। অয়ের নগর-দুয়ার থেকে পাথরের খনি পর্যন্ত তারা ইস্রায়েলীদের পিছু ধাওয়া করল এবং ঢালু পথে তাদের আঘাত করল। এতে ভয়ে লোকদের হৃদয় গলে জলের মতো হয়ে গেল।

6 তখন যিহোশূয় তাঁর পোশাক ছিঁড়ে ফেললেন এবং সন্ধ্যা পর্যন্ত একইরকম ভাবে সদাপ্রভুর সিন্দুকের সামনে মাটিতে মুখ লুটিয়ে পড়ে থাকলেন। ইস্রায়েলের প্রাচীনরাও সেরকমই করলেন, ও নিজেদের মাথায় ধুলো ছড়ালেন। 7 আর যিহোশূয় বললেন, “হায়, সার্বভৌম সদাপ্রভু, কেন তুমি এই লোকজনকে জর্ডন নদীর এপারে নিয়ে এসে আমাদের ধ্বংস করার জন্য ইমোরীয়দের হাতে সঁপে দিলে? জর্ডন নদীর ওপারে থাকাই আমাদের পক্ষে ভালো ছিল! 8 হে প্রভু, তোমার এই দাসকে ক্ষমা করো। ইস্রায়েল এখন যে শত্রুদের কাছে নাস্তানাবুদ হয়েছে, তাই আমি আর কী বলব? 9 কনানীয়রা ও দেশের অন্যান্য সব লোকজন এই ঘটনার কথা শুনবে ও তারা আমাদের চারপাশ থেকে ঘিরে ধরবে এবং পৃথিবী থেকে আমাদের নাম মুছে ফেলবে। তখন তুমি তোমার নিজের মহৎ নামের জন্য কী করবে?”

10 সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “উঠে দাঁড়াও! তুমি এখানে মুখ লুটিয়ে পড়ে থেকে কী করছ? 11 ইস্রায়েল পাপ করেছে; তারা আমার সেই নিয়ম লঙ্ঘন করেছে, যা আমি তাদের পালন করার আদেশ দিয়েছিলাম। তারা উৎসর্গীকৃত বস্তুগুলির কিছুটা অংশ নিয়ে নিয়েছে; তারা চুরি করেছে, তারা মিথ্যা কথা বলেছে, সেগুলি তারা তাদের নিজস্ব বিষয়সম্পত্তির মধ্যে রেখে দিয়েছে। 12 সেই কারণে ইস্রায়েলীরা তাদের শত্রুদের সামনে দাঁড়াতে পারছে না; তারা পিছু ফিরে পালিয়েছে কারণ তারাই তাদের সর্বনাশের জন্য দায়ী। তোমরা যদি বিনাশের জন্য উৎসর্গীকৃত বস্তুগুলি ধ্বংস না করো তবে আমি আর তোমাদের সঙ্গে থাকব না।

13 “যাও, লোকদের পবিত্র করো। তাদের বলো, ‘আগামীকালের জন্য প্রস্তুতি নিয়ে তোমরা নিজেদের পবিত্র করো; কারণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু একথাই বলেন: হে ইস্রায়েল, তোমাদের মধ্যে উৎসর্গীকৃত বস্তুগুলি আছে। তোমরা যতক্ষণ না সেগুলি দূর করছ, তোমরা শত্রুদের সামনে দাঁড়াতে পারবে না।

14 “ ‘সকালবেলায়, তোমরা এক এক গোষ্ঠী করে নিজেদের উপস্থিত কোরো। যে গোষ্ঠীকে সদাপ্রভু মনোনীত করবেন, তারা এক এক বংশরূপে এগিয়ে আসবে। যে বংশকে সদাপ্রভু মনোনীত করবেন, তারা এক এক পরিবাররূপে এগিয়ে আসবে; আর যে পরিবারকে সদাপ্রভু মনোনীত করবেন, তারা এক একজন করে এগিয়ে আসবে। 15 উৎসর্গীকৃত বস্তু সমেত যে ধরা পড়বে, সে এবং তার অধিকারে থাকা সবকিছু আগুন দ্বারা ধ্বংস হয়ে যাবে। সে সদাপ্রভুর নিয়ম লঙ্ঘন করেছে এবং ইস্রায়েলের মধ্যে এক জঘন্য কাজ করেছে।’ ” 

16 পরদিন ভোরবেলায়, যিহোশূয় গোষ্ঠী ধরে ধরে ইস্রায়েলকে কাছে ডাকলেন, এবং যিহূদা গোষ্ঠী মনোনীত হল। 17 যিহূদার বংশগুলি এগিয়ে এল, এবং সেরহীয় বংশ মনোনীত হল। পরিবার ধরে ধরে তিনি সেরহীয়দের কাছে ডাকলেন, এবং সিম্রী মনোনীত হল। 18 জনে জনে যিহোশূয় তার পরিবারকে কাছে ডাকলেন, এবং যিহূদা গোষ্ঠীভুক্ত সেরহের ছেলে সিম্রীর ছেলে কর্মির ছেলে আখন মনোনীত হল।

19 তখন যিহোশূয় আখনকে বললেন, “বাছা আমার, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব স্বীকার করো, ও তাঁকে সম্মান করো। তুমি কী করেছ তা আমাকে বলো; আমার কাছ থেকে তা লুকিয়ে রেখো না।”

20 আখন যিহোশূয়কে উত্তর দিল, “একথা সত্যি! ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভুর বিরুদ্ধে আমি পাপ করেছি। আমি এরকম করেছি: 21 লুন্ঠিত জিনিসপত্রের মধ্যে আমি যখন ব্যাবিলনিয়ার একটি সুন্দর আলখাল্লা, 200 শেকল রুপো ও পঞ্চাশ শেকল ওজনের সোনার একটি লম্বা টুকরো দেখেছিলাম, তখন লোভে পড়ে আমি সেগুলি নিয়েছিলাম। আমার তাঁবুর মধ্যে মাটিতে সেগুলি লুকানো আছে, আর সেগুলির নিচে রুপোও রাখা আছে।”

22 অতএব যিহোশূয় দূতদের পাঠালেন, এবং তারা দৌড়ে তাঁবুর কাছে গেল, ও সেখানে, তার তাঁবুর মধ্যে সেগুলি লুকানো ছিল, আর সেগুলির নিচে রুপোও রাখা ছিল। 23 তারা তাঁবু থেকে সেই জিনিসগুলি নিয়ে, যিহোশূয় ও সমগ্র ইস্রায়েলীর কাছে সেগুলি আনল এবং সদাপ্রভুর সামনে সেগুলি মেলে ধরল।

24 তখন সমগ্র ইস্রায়েলের সঙ্গে সঙ্গে যিহোশূয় সেই রুপো, আলখাল্লা, সোনার লম্বা টুকরো, তার ছেলেমেয়ে, তার গবাদি পশুপাল, গাধা ও মেষ, তার তাঁবু ও তার যা কিছু ছিল, সবকিছু সমেত সেরহের সন্তান আখনকে আখোর উপত্যকায় নিয়ে গেলেন। 25 যিহোশূয় বললেন, “তুমি কেন আমাদের উপরে এই বিপত্তি নিয়ে এলে? সদাপ্রভুই আজ তোমার উপরে বিপত্তি নিয়ে আসবেন।”

তখন সমগ্র ইস্রায়েল তাকে পাথর ছুঁড়ে মারল, এবং বাকিদেরও পাথর ছুঁড়ে মারার পর, তারা তাদের আগুনে পুড়িয়ে দিল। 26 আখনের উপরে তারা পাথরের বিশাল এক স্তূপ তৈরি করল, যা আজও পর্যন্ত বজায় আছে। পরে সদাপ্রভু তাঁর ভয়ংকর ক্রোধ থেকে নিবৃত্ত হলেন। তাই তখন থেকেই সেই স্থানটি আখোর উপত্যকা নামে পরিচিত হয়ে আছে।

8:1 পরে সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “ভয় পেয়ো না; হতাশ হোয়ো না। সমগ্র সৈন্যদল সাথে নাও, এবং উঠে গিয়ে অয় নগর আক্রমণ করো। কারণ অয়ের রাজা, তার প্রজা, তার নগর ও তার দেশকে আমি তোমার হাতে সমর্পণ করেছি। 2 যিরীহো ও তার রাজার প্রতি তুমি যেমন করেছিলে, অয় ও তার রাজার প্রতিও তুমি তেমনই করবে, শুধু ব্যতিক্রম হবে এই যে তোমরা তাদের লুন্ঠিত জিনিসপত্র ও গৃহপালিত পশুপাল নিজেদের জন্য নিতে পারবে। নগরের পিছন দিকে ওৎ পেতে লুকিয়ে থাকো।”

3 অতএব যিহোশূয় ও সমগ্র সৈন্যদল অয় আক্রমণ করার জন্য এগিয়ে গেলেন। তাঁর সেরা যোদ্ধাদের মধ্যে থেকে তিনি 30,000 জনকে মনোনীত করলেন এবং রাতের বেলায় তাদের এই আদেশ দিয়ে 4 পাঠিয়ে দিলেন: “ভালো করে শোনো। নগরের পিছন দিকে তোমাদের ওৎ পেতে লুকিয়ে থাকতে হবে। সেখান থেকে বেশি দূরে যাবে না। তোমরা সবাই সজাগ থেকো। 5 আমি ও আমার সঙ্গী লোকজন, আমরা সবাই নগরের দিকে এগিয়ে যাব এবং লোকেরা যখন আগের মতো আমাদের বিরুদ্ধে এগিয়ে আসবে, তখন আমরা তাদের কাছ থেকে পালিয়ে যাব। 6 আমরা তাদের নগর থেকে দূরে প্রলুব্ধ করে নিয়ে না যাওয়া পর্যন্ত তারা আমাদের পশ্চাদ্ধাবন করে যাবে, কারণ তারা বলবে, ‘আগের মতোই তারা আমাদের কাছ থেকে পালিয়ে যাচ্ছে।’ তাই আমরা যখন তাদের কাছ থেকে পালাব, 7 তোমরা তখন গুপ্ত স্থান থেকে উঠে এসে নগরটি দখল করবে। তোমাদের ঈশ্বর সদাপ্রভু সেটি তোমাদের হাতে সঁপে দেবেন। 8 তোমরা নগরের দখল নিয়ে, তাতে আগুন ধরিয়ে দিয়ো। সদাপ্রভু যে আদেশ দিয়েছেন, তা পালন কোরো। দেখো; আমি তোমাদের আদেশ দিলাম।”

9 পরে যিহোশূয় তাদের পাঠিয়ে দিলেন, এবং তারা ওৎ পেতে থাকার জন্য নিরূপিত স্থানে গেল এবং অয়ের পশ্চিমদিকে, বেথেল ও অয়ের মাঝখানে অপেক্ষা করতে থাকল—কিন্তু যিহোশূয় সমস্ত রাত লোকদের সঙ্গেই কাটালেন।

10 পরদিন ভোরবেলায় যিহোশূয় তাঁর সৈন্যদল জড়ো করলেন, এবং তিনি ও ইস্রায়েলের নেতারা সৈন্যদলের সামনের সারিতে থেকে অয়ের দিকে কুচকাওয়াজ করে এগিয়ে গেলেন। 11 তাঁর সঙ্গে থাকা সমগ্র সৈন্যদল কুচকাওয়াজ করে নগরের দিকে এগিয়ে গেল ও সেটির সামনে পৌঁছে গেল। অয়ের উত্তর দিকে তারা শিবির স্থাপন করল, এবং তাদের ও নগরের মাঝখানে উপত্যকা ছিল। 12 যিহোশূয় প্রায় 5,000 লোক নিয়ে নগরের পশ্চিমদিকে বেথেল ও অয়ের মাঝখানে তাদের গোপনে লুকিয়ে রাখলেন। 13 অতএব সৈন্যরা নিজেদের অবস্থান নিল—একদিকে প্রধান শিবিরটি নগরের উত্তর দিকে এবং ওৎ পেতে লুকিয়ে থাকা সৈন্যরা সেটির পশ্চিমদিকে ছিল। সেরাতে যিহোশূয় উপত্যকায় চলে গেলেন।

14 অয়ের রাজা যখন তা দেখলেন, তিনি ও নগরের সব লোকজন তখন ভোরবেলায় অরাবার দিকে নজর না দিয়ে তাড়াহুড়ো করে নির্দিষ্ট এক স্থানে ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করার জন্য বেরিয়ে পড়লেন। কিন্তু তিনি জানতেন না যে নগরের পিছন দিকে তাঁর বিরুদ্ধে একদল সৈন্য ওৎ পেতে লুকিয়ে আছে। 15 যিহোশূয় ও সমগ্র ইস্রায়েল তাদের সামনে থেকে স্বেচ্ছায় পিছু হটলেন, এবং তাঁরা মরুভূমির দিকে পালিয়ে গেলেন। 16 অয়ের সব লোককে তাঁদের পশ্চাদ্ধাবন করার জন্য ডাকা হল, এবং তারা যিহোশূয়ের পশ্চাদ্ধাবন করল ও প্রলুব্ধ হয়ে নগর থেকে দূরে চলে গেল। 17 অয় বা বেথেলে এমন একজন লোকও অবশিষ্ট ছিল না যে ইস্রায়েলের পশ্চাদ্ধাবন করেনি। তারা নগর উন্মুক্ত রেখে ইস্রায়েলের পশ্চাদ্ধাবন করল।

18 তখন সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তোমার হাতে যে বর্শাটি আছে, তা অয়ের দিকে তাক করে ধরো, কারণ তোমার হাতে আমি এই নগরটি সমর্পণ করব।” অতএব যিহোশূয় তাঁর হাতে থাকা বর্শাটি অয়ের দিকে তাক করে ধরলেন। 19 তিনি তা করামাত্রই, ওৎ পেতে লুকিয়ে থাকা সৈন্যরা তাড়াতাড়ি তাদের অবস্থান থেকে উঠে এসে সামনের দিকে দৌড়ে গেল। তারা নগরে প্রবেশ করে তার দখল নিল এবং তাড়াতাড়ি তাতে আগুন ধরিয়ে দিল।

20 অয়ের লোকেরা পিছনে ফিরে তাকাল এবং দেখল নগরের ধোঁয়া আকাশে উঠে যাচ্ছে, কিন্তু তারা কোনো দিকে পালিয়ে যাওয়ার সুযোগ পায়নি; যে ইস্রায়েলীরা মরুপ্রান্তরের দিকে পালিয়ে যাচ্ছিল, তারা তাদের পশ্চাদ্ধাবনকারীদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল। 21 কারণ যিহোশূয় ও সমগ্র ইস্রায়েল যখন দেখলেন যে, ওৎ পেতে লুকিয়ে থাকা সৈন্যরা নগর দখল করে নিয়েছে এবং সেখান থেকে ধোঁয়া উপরে উঠে যাচ্ছে, তখন তাঁরা পিছনে ঘুরে অয়ের লোকদের আক্রমণ করলেন। 22 ওৎ পেতে লুকিয়ে থাকা সৈন্যরাও নগর থেকে তাদের বিরুদ্ধে বেরিয়ে এল, তাতে তারা মাঝখানে পড়ে গেল, এবং তাদের দুই দিকেই ইস্রায়েলীরা মোতায়েন ছিল। ইস্রায়েল তাদের কচুকাটা করল, কাউকে অবশিষ্ট রাখল না বা পালিয়েও যেতে দিল না। 23 কিন্তু তারা অয়ের রাজাকে জীবিত অবস্থায় ধরে তাঁকে যিহোশূয়ের কাছে নিয়ে এল।

24 যারা ইস্রায়েলের পশ্চাদ্ধাবন করছিল অয়ের সেইসব লোকজনকে সেই ক্ষেতে ও মরুপ্রান্তরে হত্যা করার, এবং তাদের প্রত্যেককে তরোয়াল দিয়ে কচুকাটা করার পর, ইস্রায়েলীরা সবাই অয়ে ফিরে এল এবং সেখানে যারা ছিল, তাদেরও হত্যা করল। 25 অয়ের সব লোকজন 12,000 নারী-পুরুষ সেদিন নিহত হল। 26 কারণ যিহোশূয় অয়ে বসবাসকারী লোকজনকে ধ্বংস না করা পর্যন্ত তাঁর সেই হাতটি পিছনে টেনে আনেননি, যেটিতে বর্শা ধরা ছিল। 27 কিন্তু ইস্রায়েল নিজেদের জন্য সেই নগরের গৃহপালিত পশুপাল ও লুন্ঠিত জিনিসপত্র বয়ে নিয়ে গেল, যেমনটি সদাপ্রভু যিহোশূয়কে নির্দেশ দিয়েছিলেন।

28 অতএব যিহোশূয় অয় নগরটি পুড়িয়ে দিলেন এবং তা এক চিরস্থায়ী ধ্বংসস্তূপে, এক নির্জন স্থানে পরিণত করলেন, যা আজও পর্যন্ত তাই হয়ে আছে। 29 অয়ের রাজাকে তিনি শূলে চড়ালেন এবং সন্ধ্যা পর্যন্ত তাঁর মৃতদেহ সেখানেই রেখে দিলেন। সূর্যাস্তের সময়, যিহোশূয় লোকজনকে তাঁর শবটি শূল থেকে নামিয়ে নগর-দুয়ারের প্রবেশস্থানে ছুঁড়ে ফেলার আদেশ দিলেন। আর তারা সেটির উপর বিশাল পাথরের এক স্তূপ তৈরি করল, যা আজও পর্যন্ত বজায় আছে।