পর্ব 3: মোশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
ভাগ 1: মোশির জন্ম ও প্রারম্ভিক জীবন
1571 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 এদিকে লেবি বংশের একজন লোক এক লেবীয় মহিলাকে বিয়ে করলেন, 2 আর সেই মহিলাটি গর্ভবতী হলেন ও এক পুত্রসন্তানের জন্ম দিলেন। যখন তিনি দেখলেন যে শিশুটি দেখতে খুব সুন্দর, তখন তিনি তাকে তিন মাস ধরে লুকিয়ে রাখলেন। 3 কিন্তু যখন তিনি তাকে আর লুকিয়ে রাখতে পারলেন না, তখন তিনি তার জন্য নলখাগড়া দিয়ে একটি ডালি তৈরি করলেন ও সেটিতে আলকাতরা ও পিচ লেপন করে দিলেন। পরে তিনি সেই শিশুটিকে সেটির মধ্যে শুইয়ে দিয়ে সেটি নীলনদের পাড়ে নলবনের মধ্যে রেখে দিলেন। 4 শিশুটির দিদি একটু দূরে দাঁড়িয়ে লক্ষ্য রাখছিল তার ভাইয়ের প্রতি কী ঘটতে চলেছে।
5 পরে ফরৌণের মেয়ে নীলনদে স্নান করার জন্য নামলেন, এবং তাঁর পরিচারিকারা তাঁর পাশে পাশে নদীর পাড় ধরে হাঁটছিল। তিনি নলবনের মধ্যে সেই ডালিটি দেখতে পেলেন এবং সেটি তুলে আনার জন্য তিনি তাঁর ক্রীতদাসীকে পাঠালেন। 6 তিনি সেটি খুললেন ও সেই শিশুটিকে দেখতে পেলেন। সে কাঁদছিল, আর তার জন্য তাঁর দুঃখ হল। “এ হিব্রু শিশুদের মধ্যেই একজন,” তিনি বললেন।
7 তখন সেই শিশুটির দিদি ফরৌণের মেয়েকে জিজ্ঞাসা করল, “আমি কি গিয়ে হিব্রু মহিলাদের মধ্যে একজনকে ডেকে আনব, যে আপনার জন্য এই শিশুটির শুশ্রুষা করবে?”
8 “হ্যাঁ, যাও,” ফরৌণের মেয়ে উত্তর দিলেন। অতএব সেই মেয়েটি গিয়ে শিশুটির মাকে ডেকে আনল। 9 ফরৌণের মেয়ে তাঁকে বললেন, “এই শিশুটিকে নিয়ে যাও ও আমার হয়ে এর শুশ্রুষা করো, আর আমি তোমাকে বেতন দেব।” অতএব সেই মহিলাটি শিশুটিকে নিয়ে তার শুশ্রুষা করলেন। 10 শিশুটি যখন বড়ো হল, তখন তিনি তাকে ফরৌণের মেয়ের কাছে নিয়ে এলেন ও সে তাঁর ছেলে হয়ে গেল। “আমি তাকে জল থেকে টেনে তুলেছি,” এই বলে তিনি তার নাম দিলেন মোশি।
11 একদিন, মোশি বড়ো হয়ে যাওয়ার পর, যেখানে তাঁর নিজস্ব লোকজনেরা ছিল, তিনি সেখানে গেলেন ও দেখলেন তারা কঠোর পরিশ্রম করছে। তিনি দেখতে পেলেন একজন মিশরীয় লোক একজন হিব্রু লোককে মারধর করছে, যে কি না তাঁর নিজস্ব লোকজনের মধ্যেই একজন। 12 এদিক-ওদিক তাকিয়ে, কাউকে দেখতে না পেয়ে তিনি সেই মিশরীয় লোকটিকে হত্যা করলেন ও তাকে বালিতে পুঁতে দিলেন। 13 পরদিন তিনি বাইরে গেলেন ও দেখতে পেলেন দুজন হিব্রু লোক মারপিট করছে। যে অন্যায় করেছিল তিনি তাকে জিজ্ঞাসা করলেন, “তুমি কেন তোমার স্বজাতীয় হিব্রু ভাইকে মারছ?”
14 সেই লোকটি বলল, “কে তোমাকে আমাদের উপর শাসক ও বিচারক নিযুক্ত করেছে? যেভাবে তুমি সেই মিশরীয় লোকটিকে হত্যা করেছিলে, সেভাবে আমাকেও কি হত্যা করার কথা ভাবছ?” তখন মোশি ভয় পেয়ে গিয়ে ভাবলেন, “আমি যা করেছি তা নিশ্চয় লোকেরা জেনে ফেলেছে।”
15 ফরৌণ যখন তা শুনতে পেলেন, তখন তিনি মোশিকে হত্যা করার চেষ্টা করলেন, কিন্তু মোশি ফরৌণের কাছ থেকে পালিয়ে মিদিয়নে বসবাস করতে চলে গেলেন, ও সেখানে গিয়ে তিনি এক কুয়োর পাড়ে বসে পড়লেন। 16 মিদিয়নীয় এক যাজকের সাতটি মেয়ে ছিল, এবং তারা তাদের বাবার মেষপালকে জলপান করাবার জন্য জল তুলতে ও জাবপাত্র ভরতে এসেছিল। 17 কয়েকজন মেষপালক সেখানে এসে তাদের তাড়িয়ে দিল, কিন্তু মোশি উঠে দাঁড়ালেন ও তাদের রক্ষাকর্তা হয়ে তাদের মেষপালকে জলপান করালেন।
18 সেই মেয়েরা যখন তাদের বাবা রূয়েলের কাছে ফিরে গেল, তখন তিনি তাদের জিজ্ঞাসা করলেন, “আজ তোমরা কেন এত তাড়াতাড়ি ফিরে এলে?”
19 তারা উত্তর দিল, “একজন মিশরীয় লোক মেষপালকদের হাত থেকে আমাদের রক্ষা করেছেন। এমনকি তিনি আমাদের জন্য জল তুলে দিলেন ও আমাদের মেষপালকে জলপান করালেন।”
20 “আর তিনি কোথায়?” রূয়েল তাঁর মেয়েদের জিজ্ঞাসা করলেন। “তোমরা কেন তাঁকে ছেড়ে এলে? কিছু খাওয়ার জন্য তাঁকে নিমন্ত্রণ করো।”
21 মোশি সেই লোকটির সঙ্গে থাকতে সম্মত হলেন, যিনি মোশির সঙ্গে তাঁর মেয়ে সিপ্পোরার বিয়ে দিলেন। 22 সিপ্পোরা এক পুত্রসন্তানের জন্ম দিলেন, ও মোশি এই বলে তার নাম দিলেন গের্শোম যে “বিদেশভূমিতে আমি এক বিদেশি হয়ে গেলাম।”
23 সুদীর্ঘ সময়কাল পার হয়ে যাওয়ার পর, মিশরের রাজা মারা গেলেন। ইস্রায়েলীরা তাদের ক্রীতদাসত্বের কারণে যন্ত্রণা পেয়ে গভীর আর্তনাদ করে উঠল, এবং তাদের ক্রীতদাসত্বের কারণে তাদের চাওয়া সাহায্যের আকুতি ঈশ্বরের কাছে পৌঁছে গেল। 24 ঈশ্বর তাদের কান্না শুনলেন এবং অব্রাহাম, ইস্হাক ও যাকোবের সঙ্গে করা তাঁর নিয়মটি তিনি স্মরণ করলেন। 25 অতএব ঈশ্বর ইস্রায়েলীদের দিকে দৃষ্টিপাত করলেন ও তাদের বিষয়ে উদ্বিগ্ন হলেন।
সংগীত পরিচালকের জন্য। কোরহ সন্তানদের একটি গীত। সুর: মহলৎ লিয়ান্নোৎ। ইষ্রাহীয় হেমনের মস্কীল।
1 হে সদাপ্রভু, আমার পরিত্রাণের ঈশ্বর;
দিনরাত আমি তোমার কাছে কেঁদে প্রার্থনা করি।
2 আমার প্রার্থনা তোমার সামনে আসুক;
আমার কান্নার প্রতি কর্ণপাত করো।
3 কেননা আমার প্রাণ কষ্টে জর্জরিত
আর আমার জীবন মৃত্যুর নিকটবর্তী।
4 যারা মৃত্যুর গর্তে নেমে যায় আমি তাদের মধ্যে একজন;
আমি শক্তিহীনের মতো হয়েছি।
5 আমি মৃতদের মধ্যে পরিত্যক্ত,
আমি কবরে শুয়ে থাকা নিহতদের মতো,
যাদের তুমি আর মনে রাখো না,
আর যারা তোমার যত্ন থেকে বিচ্ছিন্ন হয়েছে।
6 তুমি আমাকে সবচেয়ে নিচের গর্তে ছুঁড়ে ফেলেছ,
সবচেয়ে অন্ধকারের অতলে।
7 তোমার ক্রোধ আমাকে ভারাক্রান্ত করেছে;
ঢেউয়ের পর ঢেউ দিয়ে তুমি আমাকে আচ্ছন্ন করেছ।
8 তুমি আমার প্রিয় বন্ধুদের আমার কাছ থেকে দূরে সরিয়েছ
আর তাদের মাঝে আমাকে ঘৃণ্য করেছ।
আমি অবরুদ্ধ, পালাতে পারি না;
9 দুঃখে আমার চোখ ক্ষীণ হয়েছে।
হে সদাপ্রভু, আমি প্রতিদিন তোমাকে ডাকি;
তোমার প্রতি আমি আমার হাত উঠিয়েছি।
10 তুমি কি তোমার আশ্চর্য কাজ মৃতদের দেখাও?
তাদের মৃত আত্মা কি জেগে ওঠে ও তোমার প্রার্থনা করে?
11 কবরের মধ্যে তোমার প্রেম
আর ধ্বংসে তোমার বিশ্বস্ততা কি প্রচারিত হয়?
12 অন্ধকারের স্থানে কি তোমার আশ্চর্য কাজ
অথবা বিস্মৃতির দেশে কি তোমার ধার্মিক কার্যাবলি জানা যায়?
13 হে সদাপ্রভু আমি তোমার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করি;
সকালে আমার প্রার্থনা তোমার সামনে রাখি।
14 কেন, হে সদাপ্রভু তুমি আমাকে পরিত্যাগ করেছ
আর তোমার মুখ আমার কাছ থেকে ঢেকে রেখেছ?
15 আমার যৌবনকাল থেকে আমি কষ্ট পেয়েছি আর মৃত্যুর কাছে থেকেছি;
আমি তোমার ত্রাস বহন করেছি আর হতাশায় রয়েছি।
16 তোমার ক্রোধ আমাকে বিহ্বল করেছে;
তোমার ত্রাস সকল আমাকে ধ্বংস করেছে।
17 বন্যার মতো তা সারাদিন আমাকে ঘিরে রাখে;
সম্পূর্ণভাবে তা আমাকে গ্রাস করেছে।
18 বন্ধু ও প্রতিবেশীকে তুমি আমার কাছ থেকে দূর করেছ,
অন্ধকার আমার সবচেয়ে কাছের বন্ধু।