সিন্দুক জেরুশালেমে স্থানান্তর করা হয়
কিরিয়ৎ-যিয়ারীম থেকে সিন্দুক আনা হয়
1045 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 দাউদ ইত্যবসরে আবার ইস্রায়েলের 30,000 দক্ষ যুবককে একত্রিত করলেন। 2 তিনি ও তাঁর সব লোকজন যিহূদার বালা থেকে ঈশ্বরের সেই নিয়ম-সিন্দুকটি আনতে গেলেন, যেটি সেই নামে—সর্বশক্তিমান সদাপ্রভুর নামে পরিচিত, যিনি নিয়ম-সিন্দুকে দুটি করূবের মাঝখানে বিরাজমান। 3 তারা ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি নতুন একটি গাড়িতে তুলে দিলেন এবং সেটি পাহাড়ের উপর অবস্থিত গিবিয়ায় অবীনাদবের বাড়ি থেকে নিয়ে এলেন। অবীনাদবের দুই ছেলে উষ ও অহিয়ো সেই নতুন গাড়িটি চালাচ্ছিল 4 ও ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি সেটির উপর রাখা ছিল, এবং গিবিয়ায় বসবাসকারী অবীনাদবের ছেলে অহিয়ো সেটির আগে আগে হাঁটছিল। 5 দাউদ ও সমস্ত ইস্রায়েল সদাপ্রভুর সামনে গান গেয়ে ও বীণা, খঞ্জনি, তবলা, সুরবাহার ও করতাল বাজিয়ে আনন্দ প্রকাশ করছিলেন।
6 তারা যখন নাখোনের খামারে পৌঁছেছিলেন, উষ হাত বাড়িয়ে ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি ধরেছিল, কারণ বলদগুলি হোঁচট খেয়েছিল। 7 উষের এই ভক্তিহীন আচরণ দেখে সদাপ্রভু তার উপর ক্রোধে জ্বলে উঠেছিলেন; তাই ঈশ্বর তাকে যন্ত্রণা করলেন, ও সে সেখানে ঈশ্বরের নিয়ম-সিন্দুকের পাশেই পড়ে মারা গেল।
8 সদাপ্রভুর ক্রোধ উষের উপর ফেটে পড়তে দেখে দাউদ তখন ক্রুদ্ধ হলেন, এবং আজও পর্যন্ত সেই স্থানটিকে পেরস-উষ বলে ডাকা হয়।
9 সেদিন দাউদ সদাপ্রভুকে ভয় পেয়ে বললেন, “সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি তবে কীভাবে আমার কাছে আসবে?” 10 দাউদ-নগরে তিনি তাঁর সঙ্গে সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি নিয়ে যেতে চাননি। তার পরিবর্তে তিনি সেটি গাতীয় ওবেদ-ইদোমের বাড়িতে এনে রেখেছিলেন। 11 সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি গাতীয় ওবেদ-ইদোমের বাড়িতে তিন মাস ধরে রাখা ছিল, এবং সদাপ্রভু তাকে ও তার সম্পূর্ণ পরিবারকে আশীর্বাদ করলেন।
সিন্দুক প্রথম স্থানান্তরের সময় রচিত একটি গীত
সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত। একটি সংগীত।
1 হে ঈশ্বর, ওঠো, তোমার শত্রুদের ছিন্নভিন্ন করো;
যারা ঈশ্বরকে ঘৃণা করে তারা তাদের জীবন নিয়ে পালিয়ে যাক।
2 তুমি তাদের ধোঁয়ার মতো উড়িয়ে দিয়েছ—
যেমন আগুনে মোম গলে যায়,
ঈশ্বরের সামনে দুষ্টরা সেভাবে বিনষ্ট হোক।
3 কিন্তু ধার্মিক আনন্দিত হোক
আর ঈশ্বরের সামনে উল্লসিত হোক;
তারা খুশি হোক আর আহ্লাদিত হোক।
4 ঈশ্বরের উদ্দেশে গান করো, তাঁর নামের উদ্দেশে প্রশংসাগান গাও,
যিনি মেঘের উপর চড়ে যাত্রা করেন তাঁর উচ্চপ্রশংসা করো;
তাঁর সামনে উল্লাস করো—তাঁর নাম সদাপ্রভু।
5 ঈশ্বর অনাথদের বাবা আর বিধবাদের পক্ষসমর্থনকারী;
তাঁর আবাস পবিত্র।
6 যারা একা থাকে ঈশ্বর তাদের পরিবার দেন,
তিনি বন্দিদের মুক্ত করেন আর তাদের আনন্দ দেন;
কিন্তু বিদ্রোহীরা দগ্ধ ভূমিতে বসবাস করে।
7 হে ঈশ্বর, যখন তুমি তোমার প্রজাদের মিশর দেশ থেকে বের করলে,
যখন তুমি মরুপ্রান্তরের মধ্য দিয়ে অগ্রসর হলে,
8 পৃথিবী কেঁপে উঠল, আকাশমণ্ডল বৃষ্টি ঢেলে দিল,
সীনয়ের ঈশ্বর, ঈশ্বরের সামনে,
ইস্রায়েলের ঈশ্বর, ঈশ্বরের সামনে।
9 তুমি প্রচুর বৃষ্টিধারা দিলে, হে ঈশ্বর;
তোমার পরিশ্রান্ত অধিকারকে তুমি সতেজ করে তুললে।
10 তোমার প্রজারা সেই দেশে বসতি স্থাপন করল,
আর হে ঈশ্বর, তোমার প্রাচুর্য থেকে তুমি দরিদ্রদের জোগান দিলে।
11 সদাপ্রভু বাক্য ঘোষণা করেন,
আর শুভবার্তার প্রচারিকারা এক মহান বাহিনী:
12 “রাজারা আর সৈন্যরা দ্রুত পালিয়ে যায়;
মহিলারা লুট করা দ্রব্য বাড়িতে ভাগ করে।
13 এমনকি যারা মেষের খোঁয়াড়ে বাস করত তারাও ধনসম্পদ খুঁজে পেল—
রুপোর ডানাসহ ঘুঘু
আর সোনার পালক।”
14 সল্মন পর্বতে তুষারপাতের মতো
সর্বশক্তিমান সেই দেশে রাজাদের ছিন্নভিন্ন করলেন।
15 বাশনের পর্বতমালা মহিমান্বিত,
অনেক উঁচু শৃঙ্গ গগনচুম্বী।
16 হে রুক্ষ পর্বত, কেন তুমি সেই পর্বতের দিকে হিংসার দৃষ্টিতে তাকাও
যে পর্বত ঈশ্বর শাসন করার জন্য বেছে নিয়েছেন,
আর যে পর্বতে সদাপ্রভু চিরকাল বসবাস করবেন।
17 ঈশ্বরের রথ অযুত অযুত
এবং লক্ষ লক্ষ;
সদাপ্রভু সীনয় পর্বত থেকে তাঁর পবিত্রস্থানে এসেছেন।
18 যখন তুমি ঊর্ধ্বে আরোহণ করেছিলে
তুমি বন্দিদের বন্দি করেছিলে;
তুমি লোকেদের কাছ থেকে উপহার পেয়েছ,
এমনকি যারা বিদ্রোহী তাদের কাছ থেকেও—
যেন তুমি, হে সদাপ্রভু ঈশ্বর, সেখানে বসবাস করো।
19 প্রভু ঈশ্বর, আমাদের রক্ষাকর্তার প্রশংসা হোক,
যিনি প্রতিদিন আমাদের বোঝা বহন করেন।
20 আমাদের ঈশ্বর এমন ঈশ্বর যিনি পরিত্রাণ দেন;
সার্বভৌম সদাপ্রভু মৃত্যু থেকে আমাদের উদ্ধার করেন।
21 নিশ্চয় ঈশ্বর তাঁর শত্রুদের মাথা,
এবং তাদের চুলের মুকুট চূর্ণ করবেন যারা পাপের পথ ভালোবাসে।
22 সদাপ্রভু বলেন, “আমি তাদের বাশন থেকে নিয়ে আসব;
সমুদ্রের অতল থেকে আমি তাদের নিয়ে আসব,
23 যেন তোমার পা তোমার বিপক্ষদের রক্তের মধ্যে দিয়ে হাঁটতে পারে,
এবং তোমার কুকুরদের জিভ যেন তাদের ভাগ পায়।”
24 তোমার শোভাযাত্রা, হে ঈশ্বর, আমাদের চোখে পড়েছে,
আমার ঈশ্বর ও রাজার পবিত্রস্থানে যাওয়ার শোভাযাত্রা।
25 সবার সামনে গায়কেরা, তারপর সুরকারেরা;
তাদের সঙ্গে খঞ্জনি বাজিয়ে যুবতী মহিলারা।
26 মহা ধর্মসভায় ঈশ্বরের প্রশংসা হোক;
ইস্রায়েলের সমাবেশে সদাপ্রভুর প্রশংসা হোক।
27 ক্ষুদ্র বিন্যামীন গোষ্ঠী সবার আগে আগে চলেছে,
যিহূদা গোষ্ঠীর শাসকেরা এক বিরাট দল,
এবং আছে সবূলূন আর নপ্তালি গোষ্ঠীর শাসকগণ।
28 তোমার পরাক্রমকে তলব করো, হে ঈশ্বর;
যেমন তুমি আগে করেছ সেভাবে তোমার শক্তি আমাদের দেখাও, হে আমাদের ঈশ্বর।
29 জেরুশালেমে তোমার মন্দিরের কারণে
রাজারা তোমার উদ্দেশে উপহার নিয়ে আসবেন।
30 নলবনের মধ্যে বন্যপশুকে তিরস্কার করো,
জাতিদের বাছুরদের মধ্যে বলদের পালকে তিরস্কার করো।
নম্র হয়ে, বন্যপশুরা রুপোর দণ্ড নিয়ে আসুক।
যারা যুদ্ধ ভালোবাসে তাদের ছিন্নভিন্ন করে দাও।
31 মিশর থেকে রাজদূতের দল আসবে;
কূশ নিজেদেরকে ঈশ্বরের সামনে সমর্পণ করবে।
32 পৃথিবীর সব রাজ্য, তোমরা ঈশ্বরের উদ্দেশে গান করো,
প্রভুর উদ্দেশে প্রশংসাগান করো,
33 তাঁর প্রতি করো যিনি সর্বোচ্চ আকাশমণ্ডল, প্রাচীন আকাশমণ্ডল দিয়ে যাত্রা করেন,
যিনি পরাক্রমের কণ্ঠস্বরে গর্জন করেন।
34 ঈশ্বরের শক্তির প্রচার করো,
যাঁর মহিমা ইস্রায়েলের উপরে উজ্জ্বল হয়,
যাঁর শক্তি আকাশমণ্ডলে মহৎ।
35 হে ঈশ্বর, তোমার পবিত্রস্থানে তুমি ভয়াবহ;
ইস্রায়েলের ঈশ্বর তাঁর ভক্তদের শক্তি আর সামর্থ্য প্রদান করেন।
ঈশ্বরের প্রশংসা হোক!