শলোমন মন্দির নির্মাণের প্রস্তুতি নেন
মন্দির নির্মাণের প্রস্তুতি। শিমিয়ির মৃত্যু। শলোমনের বিবাহ।
1015 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 অতএব রাজা শলোমন সমস্ত ইস্রায়েল জুড়ে রাজত্ব করলেন।
2 এরাই ছিলেন তাঁর প্রধান কর্মকর্তা:
সাদোকের ছেলে অসরিয় ছিলেন যাজক;
3 শীশার ছেলে ইলীহোরফ ও অহিয় ছিলেন সচিব;
অহীলূদের ছেলে যিহোশাফট ছিলেন লিপিকার;
4 যিহোয়াদার ছেলে বনায় ছিলেন প্রধান সেনাপতি;
সাদোক ও অবিয়াথর ছিলেন যাজক;
5 নাথনের ছেলে অসরিয় জেলাশাসকদের উপর ভারপ্রাপ্ত ছিলেন;
নাথনের ছেলে সাবূদ ছিলেন একজন যাজক ও রাজার পরামর্শদাতা;
6 অহীশার ছিলেন রাজপ্রাসাদের তত্ত্বাবধায়ক;
অব্দের ছেলে অদোনীরাম বেগার শ্রমিকদের উপর ভারপ্রাপ্ত ছিলেন।
7 সমস্ত ইস্রায়েলে শলোমন বারোজন জেলাশাসক নিযুক্ত করলেন, যারা রাজা ও রাজপরিবারের জন্য খাদ্যসম্ভার জোগান দিতেন। এক একজনকে বছরে এক এক মাসের জন্য খাদ্যসম্ভার জোগান দিতে হত।
8 এই তাদের নাম:
ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলে বিন-হূর;
9 মাকস, শালবীম, বেত-শেমশ ও এলোন-বেথ-হাননে বিন-দেকর;
10 অরুব্বোতে বিন-হেষদ (সোখো ও সমস্ত হেফর প্রদেশ তাঁর অধীনে ছিল);
11 নাফৎ-দোরে বিন-অবীনাদব (শলোমনের মেয়ে টাফতের সঙ্গে তাঁর বিয়ে হল);
12 তানক ও মগিদ্দোতে, এবং সর্তনের কাছাকাছি ও যিষ্রিয়েলের নিচে অবস্থিত বেথ-শানের সমস্ত অঞ্চলে, এবং বৈৎ-শান থেকে যকমিয়াম পার করে আবেল-মহোলা পর্যন্ত অহীলূদের ছেলে বানা;
13 রামোৎ-গিলিয়দে বিন-গেবর (গিলিয়দে মনঃশির ছেলে যায়ীরের গ্রামগুলি, তথা বাশনে অর্গোবের অঞ্চলটি এবং সেখানকার ব্রোঞ্জ দিয়ে তৈরি অর্গলসুদ্ধ প্রাচীরবেষ্টিত ষাটটি বড়ো বড়ো নগর তাঁর অধীনে ছিল);
14 মহনয়িমে ইদ্দোর ছেলে অহীনাদব;
15 নপ্তালিতে অহীমাস (তিনি শলোমনের মেয়ে বাসমৎকে বিয়ে করলেন);
16 আশেরে ও বালোতে হূশয়ের ছেলে বানা;
17 ইষাখরে পারূহের ছেলে যিহোশাফট;
18 বিন্যামীনে এলার ছেলে শিমিয়ি;
19 গিলিয়দে ঊরির ছেলে গেবর। (ইমোরীয়দের রাজা সীহোনের দেশ ও বাশনের রাজা ওগের দেশও তাঁর অধিকারে ছিল) ওই জেলায় তিনিই একমাত্র জেলাশাসক ছিলেন।
20 যিহূদা ও ইস্রায়েলের জনসংখ্যা সমুদ্রতীরের বালুকণার মতো বহুসংখ্যক ছিল; তারা ভোজন করত, পান করত ও তারা খুশিই ছিল। 21 শলোমন ইউফ্রেটিস নদী থেকে শুরু করে ফিলিস্তিনীদের দেশ পর্যন্ত, অর্থাৎ একেবারে মিশরের সীমানা পর্যন্ত, সব রাজ্যের উপর শাসন চালাতেন। শলোমন যতদিন বেঁচেছিলেন, এই দেশগুলি তাঁকে কর দিত ও তাঁর শাসনাধীন হয়েই ছিল।
22 শলোমনের দৈনিক খাদ্যসম্ভার ছিল ত্রিশ কোর মিহি ময়দা ও ষাট কোর যবের আটা, 23 গোশালায় জাবনা খাওয়া দশটি গবাদি পশু, বাইরে চরে খাওয়া কুড়িটি গবাদি পশু এবং একশোটি মেষ ও ছাগল, তথা হরিণ, গজলা হরিণ, কৃষ্ণসার হরিণ ও বাছাই করা বড়ো বড়ো কিছু জলচর পাখি। 24 যেহেতু তিনি তিপসহ থেকে গাজা পর্যন্ত ইউফ্রেটিস নদীর পশ্চিমদিকের সব রাজ্য শাসন করতেন, তাই সবদিকেই শান্তি বজায় ছিল। 25 শলোমন যতদিন বেঁচেছিলেন, দান থেকে বের-শেবা পর্যন্ত যিহূদা ও ইস্রায়েলে প্রত্যেকে নিজের নিজের দ্রাক্ষাক্ষেতের ও ডুমুর গাছের নিচে নিরাপদে বসবাস করত।
1 শলোমন সদাপ্রভুর নামের উদ্দেশে একটি মন্দির এবং নিজের জন্য একটি রাজপ্রাসাদ তৈরি করার আদেশ দিলেন। 2 70,000 জনকে ভারবহন করার ও 80,000 জনকে পাহাড়ে পাথর কাটার ও 3,600 জনকে তাদের উপর সর্দার-শ্রমিকরূপে তিনি বাধ্যতামূলকভাবে কাজে লাগলেন।
1 সোরের রাজা হীরম যখন শুনেছিলেন যে শলোমন তাঁর বাবার স্থানে রাজপদে অভিষিক্ত হয়েছেন, তখন শলোমনের কাছে তিনি তাঁর প্রতিনিধিদের পাঠালেন, কারণ দাউদের সঙ্গে সবসময় তাঁর এক সুসম্পর্ক বজায় ছিল। 2 শলোমন হীরমের কাছে এই খবর দিয়ে পাঠালেন:
3 “আপনি জানেন, যেহেতু সবদিক থেকেই আমার বাবা দাউদের বিরুদ্ধে যুদ্ধ চালানো হল, তাই যতদিন না সদাপ্রভু তাঁর শত্রুদের তাঁর পদতলে এনেছিলেন, তিনি তাঁর ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশে এক মন্দির নির্মাণ করতে পারেননি। 4 কিন্তু এখন আমার ঈশ্বর সদাপ্রভু সবদিক থেকেই আমাকে বিশ্রাম দিয়েছেন, এবং এখন আর কোনও প্রতিপক্ষ বা দুর্বিপাক নেই। 5 তাই আমি সংকল্প করেছি, সদাপ্রভু আমার বাবা দাউদকে যা বললেন, সেই অনুসারেই আমি আমার ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশে একটি মন্দির নির্মাণ করব। কারণ সদাপ্রভু তাঁকে বললেন, ‘যাকে আমি তোমার স্থানে সিংহাসনে বসাব, তোমার সেই ছেলেই আমার নামের উদ্দেশে মন্দির নির্মাণ করবে।’
6 “তাই আদেশ দিন, যেন আমার জন্য লেবাননের দেবদারু গাছগুলি কাটা হয়। আমার লোকজন আপনার লোকজনের সঙ্গে থেকে কাজ করবে, এবং আপনার ঠিক করে দেওয়া বেতনই আমি আপনার লোকজনকে দেব। আপনি তো জানেনই যে সীদোনীয়দের মতো আমাদের কাছে কাঠ কাটার কাজে এত নিপুণ কোনও লোক নেই।”
7 শলোমনের কাছ থেকে এই খবর পেয়ে হীরম খুব খুশি হয়ে বললেন, “আজ সদাপ্রভুর প্রশংসা হোক, কারণ তিনি দাউদকে এই বিশাল দেশটি শাসন করার জন্য বিচক্ষণ এক ছেলে দিয়েছেন।”
8 তাই হীরম শলোমনের কাছে এই খবর পাঠালেন:
“আপনি আমায় যে খবর পাঠিয়েছেন, তা আমি পেয়েছি এবং দেবদারু ও চিরহরিৎ গাছের কাঠ জোগানোর সম্বন্ধে আপনি আমার কাছে যা যা চেয়েছেন, আমি সেসবকিছু করব। 9 আমার লোকজন লেবানন থেকে সেগুলি ভূমধ্যসাগরে টেনে নামাবে, এবং আমি সমুদ্রের জলে সেগুলি ভেলার মতো করে ভাসিয়ে ঠিক সেখানেই পৌঁছে দেব, আপনি যে স্থানটি নির্দিষ্ট করে দেবেন। সেখানে আমি সেগুলির বাঁধন খুলিয়ে দেব এবং আপনাকেও আমার রাজপরিবারের জন্য খাবারদাবারের জোগান দেওয়ার মাধ্যমে আমার ইচ্ছা পূরণ করতে হবে।”
10 এইভাবে হীরম শলোমনের চাহিদানুসারে তাঁকে দেবদারু ও চিরহরিৎ গাছের কাঠ সরবরাহ করে যাচ্ছিলেন, 11 এবং শলোমন হীরমের পরিবারের জন্য খাদ্যসম্ভাররূপে 20,000 বাত মাড়াই করা জলপাই তেলের পাশাপাশি 20,000 কোর গম তাঁকে দিলেন। বছরের পর বছর শলোমন হীরমের জন্য এমনটি করে গেলেন। 12 সদাপ্রভু তাঁর নিজের করা প্রতিজ্ঞানুসারে শলোমনকে সুবিবেচনা দিলেন। হীরম ও শলোমনের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক ছিল, এবং তারা দুজন এক চুক্তি স্বাক্ষরিত করলেন।
3 সোরের রাজা হীরমের কাছে শলোমন এই খবর দিয়ে পাঠালেন:
“আমার বাবা দাউদের থাকার জন্য এক প্রাসাদ তৈরি করার লক্ষ্যে যেভাবে আপনি তাঁর কাছে দেবদারু কাঠ পাঠালেন, সেভাবে আমার কাছেও আপনি কিছু দেবদারু কাঠের গুঁড়ি পাঠিয়ে দিন। 4 আমি এখন আমার ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশে একটি মন্দির তৈরি করে তাঁর সামনে সুগন্ধি ধূপ পোড়ানোর জন্য, নিয়মিতভাবে উৎসর্গীকৃত রুটি সাজিয়ে রাখার জন্য, এবং প্রতিদিন সকাল-সন্ধ্যায় ও সাব্বাথবারে, অমাবস্যায় ও আমাদের ঈশ্বর সদাপ্রভুর স্থির করে দেওয়া উৎসবের দিনগুলিতে হোমবলি উৎসর্গ করার জন্য সেটি তাঁর কাছে উৎসর্গ করতে চলেছি। এটি ইস্রায়েলের জন্য চিরস্থায়ী পালনীয় এক নিয়ম।
5 “যে মন্দিরটি আমি তৈরি করতে চলেছি, সেটি হবে অসামান্য, কারণ আমাদের ঈশ্বর অন্য সব দেবতার তুলনায় মহান। 6 কিন্তু তাঁর জন্য এক মন্দির নির্মাণ করতে কে-ই বা সক্ষম, যেহেতু আকাশমণ্ডল, এমনকি স্বর্গের স্বর্গও যে তাঁকে ধারণ করতে অপারক? তবে শুধু তাঁর সামনে বলিকৃত উপহারগুলি জ্বালানোর উপযোগী এক স্থান তৈরি করা ছাড়া আমি কি তাঁর জন্য এক মন্দির নির্মাণ করতে পারব?
7 “অতএব আমার কাছে এমন একজন কারিগর পাঠিয়ে দিন যে সোনার ও রুপোর, ব্রোঞ্জের ও লোহার, এবং বেগুনি, রক্তলাল ও নীল সুতোর কাজে দক্ষ, এবং সে যেন খোদাই করার কাজেও অভিজ্ঞ হয়, এবং যিহূদা ও জেরুশালেমে আমার সেইসব দক্ষ কারিগরের সাথে মিলেমিশে সে যেন কাজ করতে পারে, যাদের আমার বাবা দাউদ জোগাড় করে রেখেছিলেন।
8 “এছাড়াও আমার কাছে লেবানন থেকে দেবদারু, চিরহরিৎ গাছের ও আলগুম কাঠের গুঁড়িও পাঠিয়ে দিন, কারণ আমি জানি যে আপনার দাসেরা সেখানে কাঠ কাটার কাজে বেশ দক্ষ। আমার দাসেরাও আপনার দাসেদের সাথে মিলেমিশে 9 প্রচুর পরিমাণ তক্তা জোগানোর জন্য কাজ করবে, কারণ যে মন্দিরটি আমি তৈরি করছি, সেটি হবে বিশাল বড়ো ও দর্শনীয়। 10 আমি আপনার দাসেদের, যারা কাঠ কাটবে, সেইসব কাঠুরিয়াকে 20,000 কোর পেষাই করা গম, 20,000 কোর যব, 20,000 বাৎ দ্রাক্ষারস ও 20,000 বাৎ জলপাই তেল দেব।”
11 সোরের রাজা হীরম শলোমনের কাছে চিঠি পাঠিয়ে এর উত্তর দিলেন:
“সদাপ্রভু যেহেতু তাঁর প্রজাদের ভালোবাসেন, তাই তিনি আপনাকে তাদের রাজা করেছেন।”
12 হীরম সাথে আরও বললেন:
“ইস্রায়েলের সদাপ্রভু সেই ঈশ্বরের প্রশংসা হোক, যিনি স্বর্গ ও মর্ত্য তৈরি করেছেন! তিনি রাজা দাউদকে এমন এক বিচক্ষণ ছেলে দিয়েছেন, যিনি বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টিতে পরিপূর্ণ, এবং তিনিই সদাপ্রভুর জন্য এক মন্দির ও নিজের জন্য এক প্রাসাদ তৈরি করবেন।
13 “আমি আপনার কাছে সেই হূরম-আবিকে পাঠাচ্ছি, যে যথেষ্ট দক্ষ এক লোক, 14 যার মায়ের বাড়ি দানে ও বাবার বাড়ি সোরে। সে সোনা ও রুপোর, ব্রোঞ্জ ও লোহার, পাথর ও কাঠের, এবং বেগুনি, নীল ও রক্তলাল সুতোর এবং মিহি মসিনার কাজে প্রশিক্ষণ পেয়েছে। সব ধরনের খোদাইয়ের কাজে সে অভিজ্ঞ এবং তাকে দেওয়া যে কোনো নকশা সে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারে। সে আপনার দক্ষ কারিগরদের ও আপনার বাবা, আমার প্রভু দাউদের দক্ষ কারিগরদের সাথেও কাজ করবে।
15 “এখন আপনার করা প্রতিজ্ঞানুসারেই হে আমার প্রভু, আপনি আপনার দাসদের কাছে গম ও যব এবং জলপাই তেল ও দ্রাক্ষারস পাঠিয়ে দিন, 16 এবং আমরাও আপনার চাহিদানুসারে লেবানন থেকে কাঠের গুঁড়িগুলি কেটে সমুদ্রপথে সেসব ভেলায় করে ভাসিয়ে জোপ্পা পর্যন্ত পৌঁছে দেব। পরে আপনি সেগুলি জেরুশালেমে উঠিয়ে নিয়ে যেতে পারবেন।”
13 রাজা শলোমন সমস্ত ইস্রায়েল থেকে ত্রিশ হাজার লোককে বাধ্যতামূলকভাবে কাজে লাগালেন। 14 প্রতি মাসে পালা করে দশ-দশ হাজার লোককে তিনি লেবাননে পাঠাতেন, ফলস্বরূপ এক মাস তারা লেবাননে ও দুই মাস ঘরে কাটাত। অদোনীরাম বেগার শ্রমিকদের দেখাশোনার দায়িত্বে ছিলেন। 15 শলোমনের কাছে সত্তর হাজার ভারবহনকারী ও পাহাড়ে আশি হাজার পাথর ভাঙার লোক ছিল, 16 এছাড়াও শলোমনের 33,000 সর্দার-শ্রমিকও ছিল, যারা প্রকল্পটির তত্ত্বাবধান করত ও শ্রমিকদের পরিচালনা করত। 17 রাজার আদেশে তারা পাথর খাদান থেকে উৎকৃষ্ট মানের বড়ো বড়ো পাথরের চাঙড় কেটে তুলত, যা দিয়ে মন্দিরের জন্য আকর্ষণীয় ভিত্তিপ্রস্তর তৈরি হতে যাচ্ছিল। 18 শলোমনের ও হীরমের কারিগররা এবং গিব্লীয় শ্রমিকেরা মন্দির নির্মাণের জন্য কাঠ ও পাথর কেটে সেগুলি তৈরি করে রাখত।
17 শলোমনের বাবা দাউদ জনগণনা করানোর পর আরও একবার শলোমন ইস্রায়েলে বসবাসকারী সব বিদেশি লোকের জনগণনা করিয়েছিলেন; এবং তাদের সংখ্যা হল 1,53,600 জন। 18 তাদের মধ্যে 70,000 জনকে তিনি ভারবহন করার ও 80,000 জনকে পাহাড়ে পাথর কাটার কাজে, তথা 3,600 জনকে তাদের উপর সর্দার-শ্রমিকরূপে নিযুক্ত করে দিলেন, যেন তারা লোকদের দিয়ে ঠিকঠাক কাজ করাতে পারে।
শিমিয়ির মৃত্যু 1011 খ্রিস্টপূর্ব
39 কিন্তু তিন বছর পর শিমিয়ির দাসদের মধ্যে দুজন দাস, মাখার ছেলে তথা গাতের রাজা আখীশের কাছে পালিয়ে গেল, এবং শিমিয়িকে বলা হল, “তোমার দাসেরা গাতে আছে।” 40 একথা শুনে সে তার গাধার পিঠে জিন চাপিয়ে, তার দাসদের খোঁজে গাতে আখীশের কাছে গেল। অতএব শিমিয়ি গিয়ে গাত থেকে তার দাসদের নিয়ে এসেছিল।
41 শলোমনকে যখন বলা হল যে শিমিয়ি জেরুশালেম থেকে গাতে গিয়ে আবার ফিরেও এসেছে, 42 রাজামশাই শিমিয়িকে ডেকে পাঠিয়ে তাকে বললেন, “আমি কি সদাপ্রভুর নামে তোমাকে শপথ করাইনি ও সাবধান করে দিইনি, ‘যেদিন তুমি অন্য কোথাও যাওয়ার জন্য পা বাড়াবে, তুমি নিশ্চিত থেকো, তোমাকে মরতেই হবে’? সেসময় তুমি আমাকে বললে, ‘আপনি যা বলেছেন, ভালোই বলেছেন। আমি এর বাধ্য হব।’ 43 তবে কেন তুমি সদাপ্রভুর কাছে করা শপথ রক্ষা করোনি এবং আমার দেওয়া আদেশের বাধ্য হওনি?”
44 রাজামশাই শিমিয়িকে আরও বললেন, “আমার বাবা দাউদের প্রতি তুমি যে অন্যায় করলে তা তো তুমি বিলক্ষণ জানো। এখন সদাপ্রভুই তোমার অন্যায় কাজের প্রতিফল দেবেন। 45 কিন্তু রাজা শলোমন আশীর্বাদধন্য হবেন, এবং সদাপ্রভুর সামনে দাউদের সিংহাসন চিরকাল সুরক্ষিত থাকবে।”
46 পরে রাজামশাই যিহোয়াদার ছেলে বনায়কে আদেশ দিলেন, এবং তিনি বাইরে গিয়ে শিমিয়িকে আঘাত করলেন ও সে মারা গেল।
অতএব শলোমনের হাতে রাজ্য সুস্থির হল।
শলোমনের বিবাহ
1 শলোমন মিশরের রাজা ফরৌণের সঙ্গে মৈত্রী স্থাপন করলেন ও তাঁর মেয়েকে বিয়ে করলেন। তাঁর প্রাসাদ ও সদাপ্রভুর মন্দির এবং জেরুশালেমের চারপাশের প্রাচীর তৈরির কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি তাঁর স্ত্রীকে এনে দাউদ-নগরেই রেখেছিলেন। 2 লোকজন তখনও অবশ্য উঁচু পীঠস্থানগুলিতেই বলি উৎসর্গ করে যাচ্ছিল, কারণ সদাপ্রভুর নামের উদ্দেশে তখনও কোনও মন্দির তৈরি করা হয়নি।