শেবের বিদ্রোহ ও দুর্ভিক্ষ
1022 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 বিখ্রির ছেলে বিন্যামীনীয় শেব নামক এক উত্তেজনা সৃষ্টিকারী লোক সেখানে উপস্থিত ছিল। সে শিঙা বাজিয়ে চিৎকার করে বলল,
“দাউদে আমাদের কোনও ভাগ নেই,
যিশয়ের ছেলেতে কোনও অংশ নেই!
হে ইস্রায়েল, প্রত্যেকে যে যার তাঁবুতে ফিরে যাও!”
2 তাই ইস্রায়েলের সব লোকজন দাউদকে ছেড়ে বিখ্রির ছেলে শেবের অনুগামী হল। কিন্তু যিহূদার লোকজন সেই জর্ডন থেকে জেরুশালেম পর্যন্ত তাদের রাজার সাথেই ছিল।
4 পরে রাজামশাই অমাসাকে বললেন, “যিহূদার লোকজনকে তিনদিনের মধ্যে আমার কাছে আসতে বলো, ও তুমি নিজে এখানে থাকো।” 5 কিন্তু অমাসা যখন যিহূদার লোকজনকে ডাকতে গেলেন, তখন তিনি তাঁর জন্য রাজার নির্দিষ্ট করে দেওয়া সময়ের থেকে কিছু বেশি সময় নিয়ে ফেলেছিলেন।
6 দাউদ অবীশয়কে বললেন, “অবশালোম আমাদের যত না ক্ষতি করল, এখন বিখ্রির ছেলে শেব তার চেয়েও বেশি ক্ষতি করবে। তোমার মনিবের লোকজনকে নিয়ে তার পিছু ধাওয়া করো, তা না হলে সে সুরক্ষিত কোনো নগর খুঁজে নিয়ে আমাদের কাছ থেকে পালিয়ে সেখানে চলে যাবে।” 7 তাই যোয়াবের লোকজন এবং করেথীয়রা ও পলেথীয়রা এবং সব বীর যোদ্ধা অবীশয়ের নেতৃত্বাধীন হয়ে বের হল। বিখ্রির ছেলে শেবের পশ্চাদ্ধাবন করার জন্য তারা জেরুশালেম থেকে কুচকাওয়াজ শুরু করল।
8 তারা যখন গিবিয়োনে বিশাল সেই পাথরটির কাছে ছিল, অমাসা তাদের সঙ্গে দেখা করতে এলেন। যোয়াবের পরনে ছিল সামরিক পোশাক, এবং তাঁর কোমরে বাঁধা ছিল একটি কোমরবন্ধ, ও সেখানে ঝুলছিল খাপে পোরা একটি ছোরা। তিনি সামনে এগিয়ে গেলে ছোরাটি খাপ থেকে খুলে পড়ে গেল।
9 যোয়াব অমাসাকে বললেন, “ভাই, তুমি কেমন আছ?” পরে যোয়াব ডান হাতে অমাসার দাড়ি টেনে ধরে তাঁকে চুম্বন করতে গেলেন। 10 অমাসা যোয়াবের হাতে থাকা ছোরার কথা খেয়াল করেননি, আর যোয়াব সেটি অমাসার পেটে ঢুকিয়ে দিলেন, ও তাঁর পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে মাটিতে পড়ে গেল। দ্বিতীয়বার আর যন্ত্রণা করতে হয়নি, অমাসা মারা গেলেন। পরে যোয়াব ও তাঁর ভাই অবীশয় বিখ্রির ছেলে শেবের পশ্চাদ্ধাবন করে গেলেন।
11 যোয়াবের লোকজনের মধ্যে একজন অমাসার পাশে দাঁড়িয়ে বলল, “যে কেউ যোয়াবকে পছন্দ করে, ও দাউদের পক্ষে আছে, সে যোয়াবের অনুগামী হোক!” 12 পথের মাঝখানে অমাসার দেহটি রক্তাক্ত অবস্থায় মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, ও সেই লোকটি দেখেছিল, যেসব সৈন্যসামন্ত সেখানে এসে দাঁড়িয়ে যাচ্ছিল। সে যখন বুঝেছিল যে প্রত্যেকেই অমাসার দেহটির কাছে এসে দাঁড়িয়ে যাচ্ছে, তখন সে তাঁর দেহটি পথের মাঝখান থেকে টেনে ক্ষেতে নিয়ে গেল ও সেটির উপর একটি কাপড় বিছিয়ে দিয়েছিল। 13 অমাসার দেহটি পথ থেকে সরিয়ে ফেলার পর প্রত্যেকেই বিখ্রির ছেলে শেবের পশ্চাদ্ধাবন করার জন্য যোয়াবের সাথে চলে গেল।
14 শেব ইস্রায়েলের সব গোষ্ঠীভুক্ত এলাকার মধ্যে দিয়ে ও বিখ্রিয়দের গোটা অঞ্চল দিয়ে গিয়ে আবেল-বৈৎমাখায় পৌঁছেছিল, ও বিখ্রিয়রা একত্রিত হয়ে শেবের অনুগামী হল। 15 যোয়াবের সব সৈন্যসামন্ত এসে আবেল বেথ-মাখায় শেবকে চারদিক থেকে ঘিরে ধরেছিল। নগর পর্যন্ত তারা অবরোধকারী এক খাড়া বেষ্টন-পথ তৈরি করল, ও সেটি বাইরের দিকের প্রাচীরে উঠে গেল। তারা যখন প্রাচীর ভেঙে ফেলার জন্য বারবার সেখানে সজোরে যন্ত্রণা করছিল, 16 নগর থেকে একজন বুদ্ধিমতী মহিলা বলে উঠেছিল, “শোনো! শোনো! যোয়াবকে এখানে আসতে বলো, যেন আমি তাঁর সাথে কথা বলতে পারি।” 17 তিনি মহিলাটির দিকে এগিয়ে গেলেন, ও সে জিজ্ঞাসা করল, “আপনিই কি যোয়াব?”
“হ্যাঁ, আমিই,” তিনি উত্তর দিলেন।
মহিলাটি বলল, “আপনার দাসীর যা বলার আছে, তা একটু শুনুন।”
“আমি শুনছি,” তিনি বললেন।
18 সে বলে যাচ্ছিল, “বহুকাল আগে লোকে বলত, ‘আবেলে গিয়ে উত্তরটি জেনে এসো,’ এবং সেভাবেই মামলার নিষ্পত্তি হত। 19 ইস্রায়েলে আমরাই শান্তিপূর্ণ ও বিশ্বস্ত গোষ্ঠী। আপনি এমন এক নগরকে ধ্বংস করতে চাইছেন, যা ইস্রায়েলে এক মাতৃস্থানীয় নগর। আপনি কেন সদাপ্রভুর উত্তরাধিকার গ্রাস করতে চাইছেন?”
20 “এ কাজ আমার কাছ থেকে দূরে থাকুক!” যোয়াব উত্তর দিলেন, “গ্রাস করার বা ধ্বংস করার বিষয়টি আমার কাছ থেকে দূরে থাকুক! 21 ব্যাপারটি এরকম নয়। ইফ্রয়িমের পার্বত্য এলাকা থেকে একজন লোক, বিখ্রির ছেলে শেব—মহারাজের বিরুদ্ধে, দাউদের বিরুদ্ধে হাত উঠিয়েছে। এই একটি লোককে আমার হাতে তুলে দাও, আর আমি নগর ছেড়ে চলে যাব।”
মহিলাটি যোয়াবকে বলল, “প্রাচীরের উপর থেকেই তার মুণ্ডুটি আপনার কাছে ছুঁড়ে ফেলে দেওয়া হবে।”
22 পরে সেই মহিলাটি তার বিচারবুদ্ধিসম্পন্ন পরামর্শ নিয়ে সব লোকজনের কাছে গেল, ও তারা বিখ্রির ছেলে শেবের মুণ্ডু কেটে সেটি যোয়াবের কাছে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তিনি তখন শিঙা বাজিয়েছিলেন, ও তাঁর লোকজন সেই নগরটি ছেড়ে নিজের নিজের বাসায় ফিরে গেল। যোয়াবও জেরুশালেমে রাজার কাছে ফিরে গেলেন।
23 যোয়াব ছিলেন ইস্রায়েলের সমগ্র সৈন্যদলের প্রধান সেনাপতি;
যিহোয়াদার ছেলে বনায় ছিলেন করেথীয় ও পলেথীয়দের প্রধান;
24 অদোনীরাম বেগার শ্রমিকদের দেখাশোনার দায়িত্বে ছিলেন;
অহীলূদের ছেলে যিহোশাফট ছিলেন লিপিকার;
25 শবা ছিলেন সচিব;
সাদোক ও অবিয়াথর ছিলেন যাজক;
26 এবং যায়ীরীয় ঈরা ছিলেন দাউদের ব্যক্তিগত যাজক।
21:1 দাউদের রাজত্বকালে পরপর তিন বছর দেশে দুর্ভিক্ষ হল; তাই দাউদ সদাপ্রভুর কাছে এর কারণ জানতে চেয়েছিলেন। সদাপ্রভু বললেন, “শৌল ও তার পরিবারে রক্তপাতের দোষ আছে বলেই এমনটি হয়েছে; শৌল যেহেতু গিবিয়োনীয়দের হত্যা করেছিল, তাই এমনটি হয়েছে।”
2 রাজামশাই গিবিয়োনীয়দের ডেকে পাঠিয়ে তাদের সঙ্গে কথা বললেন। (এদিকে গিবিয়োনীয়রা তো ইস্রায়েল জাতিভুক্ত ছিল না, কিন্তু তারা ছিল ইমোরীয়দের উত্তরজীবী; ইস্রায়েলীরা তাদের রেহাই দেওয়ার বিষয়ে শপথ করল, কিন্তু ইস্রায়েল ও যিহূদার হয়ে উদ্যোগ দেখাতে গিয়ে শৌল তাদের নির্মূল করার চেষ্টা চালিয়েছিলেন) 3 দাউদ গিবিয়োনীয়দের জিজ্ঞাসা করলেন, “আমি তোমাদের জন্য কী করতে পারি? আমি কীভাবে ক্ষতিপূরণ করব যে তোমরা সদাপ্রভুর উত্তরাধিকারকে আশীর্বাদ করবে?”
4 গিবিয়োনীয়রা তাঁকে উত্তর দিয়েছিল, “শৌল বা তাঁর পরিবারের থেকে রুপো বা সোনা দাবি করার আমাদের কোনও অধিকার নেই, আর না আমাদের এই অধিকার আছে যে আমরা ইস্রায়েলে কাউকে মেরে ফেলতে পারব।”
“তোমরা কী চাও, আমি তোমাদের জন্য কী করব?” দাউদ জিজ্ঞাসা করলেন।
5 তারা রাজামশাইকে উত্তর দিয়েছিল, “যিনি আমাদের সংহার করলেন এবং যেন আমরা ধ্বংস হয়ে যাই ও ইস্রায়েলে কোথাও আমাদের কোনও স্থান না থাকে, আমাদের বিরুদ্ধে যিনি এই ষড়যন্ত্র রচনা করলেন, 6 তাঁর পুরুষ বংশধরদের মধ্যে থেকে সাতজনকে আমাদের হাতে তুলে দেওয়া হোক, যেন আমরা তাদের হত্যা করে দেহগুলি সদাপ্রভুর মনোনীত লোক—শৌলের নগর গিবিয়াতে সদাপ্রভুর সামনে প্রকাশ্যে টাঙিয়ে দিতে পারি।”
রাজা তখন বললেন, “আমি তাদের তোমাদের হাতে তুলে দেব।”
7 রাজা দাউদ সদাপ্রভুর সামনে তাঁর ও শৌলের ছেলে যোনাথনের মধ্যে করা শপথের খাতিরে শৌলের নাতি ও যোনাথনের ছেলে মফীবোশৎকে রেহাই দিলেন। 8 কিন্তু রাজামশাই অয়ার মেয়ে রিস্পার গর্ভজাত শৌলের দুই ছেলে অর্মোণি ও মফীবোশৎকে, এবং শৌলের মেয়ে মীখলের সেই পাঁচ ছেলেকে, যাদের সে মহোলাতীয় বর্সিল্লয়ের ছেলে অদ্রীয়েলের জন্য জন্ম দিয়েছিল, তুলে এনেছিলেন। 9 তিনি তাদের গিবিয়োনীয়দের হাতে তুলে দিলেন, এবং তারা তাদের হত্যা করে দেহগুলি সদাপ্রভুর সামনে একটি পাহাড়ের চূড়ায় প্রকাশ্যে টাঙিয়ে দিয়েছিল। সাতজনের প্রত্যেকে একইসাথে মারা গেল; ফসল কাটার দিন আরম্ভ হওয়ামাত্র, যব কাটা মাত্র শুরু হতে চলেছে, ঠিক তখনই তাদের মেরে ফেলা হল।
10 অয়ার মেয়ে রিস্পা একটি বড়ো পাথরের উপর নিজের জন্য একটি চট বিছিয়েছিল। ফসল কাটার দিন শুরু হওয়া থেকে আরম্ভ করে যতদিন না আকাশ থেকে বৃষ্টি এসে সেই দেহগুলি ভিজিয়ে দিয়েছিল, সে না দিনে পাখিদের, না রাতে বুনো পশুদের সেগুলি স্পর্শ করতে দিয়েছিল 11 অয়ার মেয়ে তথা শৌলের উপপত্নী রিস্পা কী করল, তা যখন দাউদকে বলা হল, 12 তখন তিনি গিয়ে যাবেশ-গিলিয়দের নগরবাসীদের কাছ থেকে শৌল ও তাঁর ছেলে যোনাথনের অস্থি নিয়ে এলেন। (ফিলিস্তিনীরা গিলবোয়ে শৌলকে আঘাত করে মেরে ফেলে দেওয়ার পর যখন তাদের দেহগুলি বেথ-শানের খোলা চকে টাঙিয়ে রেখেছিল, তারা সেখান থেকে দেহগুলি চুরি করে এনেছিল) 13 দাউদ সেখান থেকে শৌল ও তাঁর ছেলে যোনাথনের অস্থি জোগাড় করে এনেছিলেন, এবং তাদেরও অস্থি সংগ্রহ করা হল, যাদের হত্যা করে টাঙিয়ে দেওয়া হল।
14 তারা বিন্যামীনের সেলায় শৌলের বাবা কীশের কবরে শৌল ও তাঁর ছেলে যোনাথনের অস্থি কবর দিয়েছিল, এবং সবকিছুই রাজার আদেশমতোই করল। পরেই, ঈশ্বর দেশের জন্য করা প্রার্থনার উত্তর দিলেন।