শৌলের যুদ্ধসমূহ
1095 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 অম্মোনীয় নাহশ যাবেশ-গিলিয়দ আক্রমণ করে নগরটি অবরুদ্ধ করলেন। যাবেশের সব মানুষজন তাঁকে বলল, “আমাদের সঙ্গে আপনি এক শান্তিচুক্তি করুন, আর আমরাও আপনার বশীভূত হয়ে থাকব।”
2 কিন্তু অম্মোনীয় নাহশ উত্তর দিলেন, “আমি একমাত্র এই শর্তেই তোমাদের সঙ্গে শান্তিচুক্তি করব: আমি তোমাদের প্রত্যেকের ডান চোখ উপড়ে নেব ও এরকম করার দ্বারা সমগ্র ইস্রায়েল জাতিকে কলঙ্কিত করব।”
3 যাবেশের প্রাচীনেরা তাঁকে বললেন, “আমাদের সাত দিন সময় দিন যেন আমরা ইস্রায়েলের বিভিন্ন প্রান্তে দূত পাঠাতে পারি; যদি কেউ আমাদের রক্ষা করতে এগিয়ে না আসে, তবে আমরা আপনার হাতে নিজেদের সমর্পণ করে দেব।”
4 দূতেরা যখন শৌলের নগর গিবিয়াতে এসে লোকদের কাছে এইসব শর্তের খবর দিল, তারা সবাই চিৎকার করে কান্নাকাটি করল। 5 ঠিক সেই সময় শৌল বলদদের পিছু পিছু ক্ষেত থেকে বাড়ি ফিরছিলেন। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, “কী হয়েছে? এরা কাঁদছে কেন?” তখন যাবেশের লোকেরা যা যা বলল, তা তারা আরেকবার শৌলকে বলে শোনাল।
6 শৌল তাদের কথা শোনার পর, ঈশ্বরের আত্মা সপরাক্রমে তাঁর উপর নেমে এলেন, ও তিনি রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন। 7 তিনি এক জোড়া বলদ নিয়ে, সেগুলি টুকরো টুকরো করে কেটে দূতদের মাধ্যমে সেই টুকরোগুলি ইস্রায়েলের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিয়ে ঘোষণা করলেন, “যদি কেউ শৌল ও শমূয়েলের অনুসরণ না করে তবে তার বলদদের প্রতিও এরকমই করা হবে।” তখন সদাপ্রভুর আতঙ্ক লোকজনের মনে বাসা বাঁধল, ও তারা একজোট হয়ে বাইরে বের হয়ে এল। 8 শৌল যখন বেষকে তাদের সমবেত করলেন, তখন ইস্রায়েলের জনসংখ্যা হল 3,00,000 জন ও যিহূদার হল 30,000 জন।
9 সেখানে আসা দূতদের তারা বলল, “যাবেশ-গিলিয়দের লোকদের গিয়ে তোমরা বোলো, ‘আগামীকাল সূর্য যখন মধ্য-গগনে থাকবে, তখনই তোমাদের রক্ষা করা হবে।’ ” দূতেরা গিয়ে যখন যাবেশের লোকদের কাছে এ খবর দিল, তারা খুব খুশি হল। 10 তারা অম্মোনীয়দের বলল, “আগামীকাল আমরা তোমাদের হাতে নিজেদের সমর্পণ করে দেব, আর তোমরা আমাদের প্রতি যা ইচ্ছা হয়, তাই কোরো।”
11 পরদিন শৌল তাঁর লোকজনকে তিন দলে বিভক্ত করলেন; রাতের শেষ প্রহরে তারা অম্মোনীয়দের সৈন্যশিবিরে ঝাঁপিয়ে পড়ল ও রোদ প্রখর হওয়া পর্যন্ত তাদের উপর হত্যার তাণ্ডব চালিয়ে গেল। যারা বেঁচে গেল, তারা ছত্রভঙ্গ হয়ে পড়ল, তাতে এমন দশা হল যে তাদের মধ্যে দুজনও একসঙ্গে থাকতে পারেনি।
12 লোকজন তখন শমূয়েলকে বলল, “তারা কারা, যারা বলেছিল, ‘শৌল কি আমাদের উপর রাজত্ব করবে?’ সেইসব লোককে আমাদের হাতে তুলে দিন যেন আমরা তাদের মেরে ফেলতে পারি।”
13 কিন্তু শৌল বললেন, “আজ আর কাউকে মারা হবে না, কারণ আজকের এই দিনেই সদাপ্রভু ইস্রায়েলকে রক্ষা করেছেন।”
14 তখন শমূয়েল লোকদের বললেন, “এসো, আমরা সবাই গিল্গলে যাই ও সেখানে নতুন করে রাজপদটি প্রতিষ্ঠিত করি।” 15 অতএব সব লোকজন গিল্গলে গিয়ে সদাপ্রভুর উপস্থিতিতে শৌলকে রাজা করল। সেখানে তারা সদাপ্রভুর সামনে মঙ্গলার্থক-নৈবেদ্য উৎসর্গ করল, এবং শৌল ও ইস্রায়েলের সব লোকজন এক বড়ো অনুষ্ঠান করলেন।
12:1 শমূয়েল ইস্রায়েলের সব লোকজনকে বললেন, “তোমরা আমাকে যা যা বলেছিলে আমি সেসব শুনেছিলাম ও তোমাদের উপর একজন রাজা নিযুক্ত করে দিয়েছিলাম। 2 এখন তোমাদের নেতারূপে তোমরা একজন রাজা পেয়ে গিয়েছ। আমার ক্ষেত্রে বলি কি, আমার তো বয়স হয়েছে ও আমার চুলও পেকে গিয়েছে, আর আমার ছেলেরা এখানে তোমাদের সাথেই আছে। আমার যৌবনকাল থেকে আজকের এই দিনটি পর্যন্ত আমি তোমাদের নেতা হয়ে থেকেছি। 3 আমি এখানেই দাঁড়িয়ে আছি। সদাপ্রভু ও তাঁর অভিষিক্ত-জনের উপস্থিতিতে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলো দেখি: আমি কার বলদ নিয়েছি? কার গাধা নিয়েছি? কাকে ঠকিয়েছি? কার প্রতি অত্যাচার করেছি? কার হাত থেকে ঘুস নিয়ে আমি চোখ বন্ধ করে রেখেছি? যদি আমি এগুলির মধ্যে একটিও করে থাকি, তবে বলো, আমি তার ক্ষতিপূরণ করে দেব।”
4 তারা উত্তর দিল, “আপনি আমাদের ঠকাননি বা আমাদের উপর অত্যাচারও করেননি। আপনি কারও হাত থেকে কিছু গ্রহণও করেননি।”
5 শমূয়েল তাদের বললেন, “সদাপ্রভুই তোমাদের বিরুদ্ধে সাক্ষী রইলেন, আর আজ এই দিনে তাঁর অভিষিক্ত-জনও সাক্ষী রইলেন, যে তোমরা আমার হাতে কিছুই পাওনি।”
“তিনিই সাক্ষী,” তারা বলল।
6 তখন শমূয়েল লোকদের বললেন, “সদাপ্রভুই মোশি ও হারোণকে নিযুক্ত করেছিলেন ও তোমাদের পূর্বপুরুষদের মিশর থেকে বের করে নিয়ে এসেছিলেন। 7 এখন তাই, এখানে দাঁড়াও, যেহেতু আমি সদাপ্রভুর সামনেই তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের জন্য সদাপ্রভুর করা সব ন্যায়নিষ্ঠ কাজের প্রমাণ তোমাদের কাছে তুলে ধরছি।
8 “যাকোব মিশরে প্রবেশ করার পর, তারা সাহায্য পাওয়ার আশায় সদাপ্রভুর কাছে আর্তনাদ করেছিল, এবং সদাপ্রভু মোশি ও হারোণকে পাঠিয়ে দিয়েছিলেন। তাঁরা তোমাদের পূর্বপুরুষদের মিশর থেকে বের করে এনে এই স্থানেই তাদের স্থায়ীভাবে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছিলেন।
9 “কিন্তু তারা তাদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলে গেল; তাই তিনি তাদের হাৎসোরের সৈন্যদলের সেনাপতি সীষরার হাতে এবং ফিলিস্তিনীদের ও মোয়াবের রাজার হাতে বিক্রি করে দিলেন, যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করল। 10 তারা সদাপ্রভুর কাছে আর্তনাদ করে বলল, ‘আমরা পাপ করেছি; আমরা সদাপ্রভুকে ছেড়ে বায়াল-দেবতাদের ও অষ্টারোৎ দেবীদের পূজার্চনা করেছি। কিন্তু এখন তুমি এই শত্রুদের হাত থেকে আমাদের রক্ষা করো, আর আমরা তোমারই সেবা করব।’ 11 তখন সদাপ্রভু যিরুব্বায়াল, বারক, যিপ্তহ ও শমূয়েলকে পাঠিয়ে দিয়ে তোমাদের চারপাশে ঘিরে থাকা শত্রুদের হাত থেকে তোমাদের রক্ষা করলেন, যেন তোমরা নিরাপদে দেশে বসবাস করতে পারো।
12 “কিন্তু যখন তোমরা দেখলে যে অম্মোনীয়দের রাজা নাহশ তোমাদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করছেন, তোমরা আমাকে বললে, ‘না, আমাদের উপর রাজত্ব করার জন্য আমাদের একজন রাজা দরকার,’ যদিও তোমাদের ঈশ্বর সদাপ্রভুই তোমাদের রাজা হয়ে ছিলেন। 13 এখন এই তোমাদের সেই রাজা, যাঁকে তোমরা মনোনীত করেছ, যাঁকে তোমরা চেয়েছিলে; দেখো, সদাপ্রভু তোমাদের উপর একজন রাজা নিযুক্ত করেছেন। 14 যদি তোমরা সদাপ্রভুকে ভয় করো ও তাঁর বাধ্য হয়ে তাঁর সেবা করো এবং তাঁর আদেশগুলির বিরুদ্ধে যদি বিদ্রোহ না করো, তথা তোমরা ও তোমাদের উপর রাজত্বকারী রাজা, উভয়েই যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে অনুসরণ করো—তবে তো ভালোই! 15 কিন্তু তোমরা যদি সদাপ্রভুর বাধ্য না হও, ও তোমরা যদি তাঁর আদেশগুলির বিরুদ্ধে বিদ্রোহ করো, তবে তাঁর হাত তোমাদের বিরুদ্ধে উঠবে, যেভাবে তা তোমাদের পূর্বপুরুষদের বিরুদ্ধে উঠেছিল।
16 “তবে এখন, স্থির হয়ে দাঁড়াও এবং তোমাদের চোখের সামনে সদাপ্রভু যে মহৎ কাজ করতে চলেছেন তা দেখে নাও! 17 এখনই কি গম কাটার সময় নয়? আমি সদাপ্রভুকে ডেকে বজ্রবিদ্যুৎ ও বৃষ্টি পাঠাতে বলব। তখনই তোমরা বুঝতে পারবে যে রাজা দাবি করে সদাপ্রভুর দৃষ্টিতে তোমরা কতই না অন্যায় করেছ।”
18 পরে শমূয়েল সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, এবং সেদিনই সদাপ্রভু বজ্রবিদ্যুৎ ও বৃষ্টি পাঠিয়ে দিলেন। তখন সব মানুষজনের মনে সদাপ্রভুর ও শমূয়েলের প্রতি সম্ভ্রম উৎপন্ন হল।
19 সব মানুষজন শমূয়েলকে বলে উঠল, “আপনার দাসদের জন্য আপনি আপনার ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করুন, যেন আমরা মারা না পড়ি, কারণ একজন রাজা দাবি করে যে অন্যায় আমরা করেছি, তা আমাদের করা অন্যান্য পাপের সঙ্গেও যুক্ত হয়েছে।”
20 শমূয়েল উত্তর দিলেন, “তোমরা ভয় পেয়ো না।” তোমরা এত অন্যায় করেছ; তবু সদাপ্রভুর কাছ থেকে সরে যেয়ো না, কিন্তু সর্বান্তঃকরণে সদাপ্রভুর সেবা করো। 21 অসার প্রতিমাদের দিকে ঘুরে যেয়ো না। সেগুলি তোমাদের মঙ্গলও করতে পারবে না, আর তোমাদের রক্ষাও করতে পারবে না, যেহেতু তারা যে অসার। 22 সদাপ্রভুর মহৎ নামের খাতিরেই তিনি তাঁর প্রজাদের প্রত্যাখ্যান করবেন না, কারণ সদাপ্রভু তোমাদের তাঁর নিজস্ব প্রজা করতে পেরে খুব খুশি হয়েছেন। 23 আমার ক্ষেত্রে, আমি একথাই বলতে পারি, আমি যেন তোমাদের জন্য প্রার্থনা করতে ব্যর্থ হয়ে সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করে না বসি। আমি তোমাদের সেই পথ শিক্ষা দেব যা উত্তম ও সঠিক। 24 কিন্তু নিশ্চিত থেকো, যেন তোমরা সদাপ্রভুকে ভয় কোরো ও সর্বান্তঃকরণে বিশ্বস্ততাপূর্বক তাঁর সেবা কোরো; বিবেচনা কোরো তিনি তোমাদের জন্য কী মহৎ কাজ করেছেন। 25 তবুও যদি তোমরা অন্যায় করেই যাও, তবে তোমরা ও তোমাদের রাজা, সবাই ধ্বংস হয়ে যাবে।
13:1 শৌল ত্রিশ বছর বয়সে রাজা হলেন, এবং তিনি ইস্রায়েলের উপর বিয়াল্লিশ বছর রাজত্ব করলেন।
2 শৌল ইস্রায়েল থেকে 3,000 জনকে বেছে নিলেন; 2,000 জন তাঁর সঙ্গে মিক্মসে ও বেথেলের পার্বত্য এলাকায় ছিল, এবং 1,000 জন যোনাথনের সঙ্গে বিন্যামীন গোষ্ঠীভুক্ত গিবিয়াতে ছিল। অবশিষ্ট লোকজনকে তিনি তাদের ঘরে ফিরিয়ে দিলেন।
3 যোনাথন গেবাতে অবস্থিত ফিলিস্তিনীদের সেনা-ছাউনি আক্রমণ করলেন, এবং ফিলিস্তিনীরা তা শুনতে পেল। তখন শৌল গোটা দেশ জুড়ে শিঙা বাজিয়ে বললেন, “হিব্রু মানুষজন শুনুক!” 4 অতএব ইস্রায়েলের সব মানুষজন খবরটি শুনতে পেল: “শৌল ফিলিস্তিনীদের সেনা-ছাউনি আক্রমণ করেছেন, এবং ইস্রায়েল এখন ফিলিস্তিনীদের কাছে আপত্তিকর হয়ে গিয়েছে।” অতএব গিল্গলে শৌলের সঙ্গে যোগ দেওয়ার জন্য প্রজাদের ডেকে পাঠানো হল।
5 3,000 রথ, 6,000 সারথি, এবং সমুদ্র-সৈকতের বালুকণার মতো অসংখ্য সৈন্যসামন্ত নিয়ে ফিলিস্তিনীরা ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করার জন্য সমবেত হল। তারা বেথ-আবনের পূর্বদিকে অবস্থিত মিক্মসে গিয়ে শিবির স্থাপন করল। 6 ইস্রায়েলীরা যখন দেখল যে তাদের অবস্থা খুব শোচনীয় ও তাদের সৈন্যদল চাপে পড়ে গিয়েছে, তখন তারা গুহায় ও ঝোপঝাড়ে, শিলাস্তূপের খাঁজে, এবং খাদে ও জলাধারে গিয়ে লুকিয়ে পড়ল। 7 হিব্রুদের মধ্যে কয়েকজন এমনকি জর্ডন নদী পেরিয়ে গাদ ও গিলিয়দ দেশেও চলে গেল।
শৌল গিল্গলে থেকে গেলেন, এবং তাঁর সঙ্গে থাকা সব সৈন্যসামন্ত ভয়ে কাঁপছিল। 8 শমূয়েলের নির্দিষ্ট করে দেওয়া সময়ানুসারে তিনি সাত দিন অপেক্ষা করলেন; কিন্তু শমূয়েল গিল্গলে আসেননি, এবং শৌলের লোকজন ছত্রভঙ্গ হতে শুরু করল। 9 তাই তিনি বললেন, “আমার কাছে হোমবলি ও মঙ্গলার্থক-নৈবেদ্য নিয়ে এসো।” এই বলে শৌল হোমবলি উৎসর্গ করলেন। 10 তিনি বলি উৎসর্গ করতে না করতেই শমূয়েল সেখানে পৌঁছে গেলেন, এবং শৌল তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য বাইরে বেরিয়ে এলেন।
11 শমূয়েল জিজ্ঞাসা করলেন, “তুমি এ কী করলে?”
শৌল উত্তর দিলেন, “আমি যখন দেখলাম যে লোকজন ছত্রভঙ্গ হচ্ছে, এবং আপনিও নির্দিষ্ট সময়ে এলেন না, ইত্যবসরে আবার ফিলিস্তিনীরাও মিক্মসে সমবেত হচ্ছে, 12 তখন আমি ভাবলাম, ‘এবার ফিলিস্তিনীরা গিল্গলে আমার বিরুদ্ধে চড়াও হবে, আর আমি সদাপ্রভুর অনুগ্রহও প্রার্থনা করিনি।’ তাই বাধ্য হয়েই আমাকে হোমবলি উৎসর্গ করতে হল।”
13 শমূয়েল তাঁকে বললেন, “তুমি মূর্খের মতো কাজ করেছ। তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে আজ্ঞা দিয়েছিলেন, তা তুমি পালন করোনি; যদি তুমি তা করতে, তবে তিনি চিরতরে ইস্রায়েলের উপর তোমার রাজত্ব স্থায়ী করে দিতেন। 14 কিন্তু এখন তোমার রাজত্ব আর স্থায়ী হবে না; সদাপ্রভু তাঁর মনের মতো এক মানুষ খুঁজে নিয়েছেন এবং তাকে তাঁর প্রজাদের শাসনকর্তারূপে নিযুক্ত করেছেন, কারণ তুমি সদাপ্রভুর আজ্ঞা পালন করোনি।”
15 পরে শমূয়েল গিল্গল ছেড়ে বিন্যামীন প্রদেশের গিবিয়াতে চলে গেলেন, এবং শৌল তাঁর সঙ্গে থাকা লোকজনের সংখ্যা গণনা করলেন। তাদের সংখ্যা হল প্রায় 600।
16 শৌল ও তাঁর ছেলে যোনাথন এবং তাঁদের সঙ্গে থাকা লোকজন বিন্যামীন প্রদেশের গিবিয়াতে ছিলেন, অন্যদিকে ফিলিস্তিনীরা মিক্মসে শিবির স্থাপন করেছিল। 17 ফিলিস্তিনীদের শিবির থেকে আক্রমণকারী সৈন্যরা তিন দলে বিভক্ত হয়ে বেরিয়ে এল। একদল সৈন্য শূয়াল এলাকায় অবস্থিত অফ্রার দিকে গেল, 18 অন্য দলটি গেল বেথ-হোরোণের দিকে, এবং তৃতীয় দলটি মরুপ্রান্তরের দিকে দৃষ্টি রেখে সিবোয়িম উপত্যকা লক্ষ্য করে সীমান্ত এলাকার দিকে গেল।
19 গোটা ইস্রায়েল দেশে কোনও কামার পাওয়া যাচ্ছিল না, কারণ ফিলিস্তিনীরা বলেছিল, “পাছে হিব্রুরা তরোয়াল বা বর্শা তৈরি করে!” 20 তাই ইস্রায়েলের সব লোকজন তাদের লাঙলের ফাল, কোদাল, কুড়ুল ও কাস্তে ধার করার জন্য ফিলিস্তিনীদের কাছে যেত। 21 লাঙলের ফাল ও কোদাল ধার করার জন্য দিতে হত এক শেকলের দুই-তৃতীয়াংশ রুপো এবং কাঁটা-বেলচা ও কুড়ুল ধার করার তথা অঙ্কুশ শান দেওয়ার জন্য দিতে হত এক শেকলের এক-তৃতীয়াংশ রুপো।
22 তাই যুদ্ধের দিনে শৌল ও যোনাথনের সঙ্গে থাকা একজনও সৈনিকের হাতে কোনও তরোয়াল বা বর্শা ছিল না; শুধু শৌল ও যোনাথনের হাতেই সেগুলি ছিল।
23 ইতিমধ্যে ফিলিস্তিনী সৈন্যদলের একটি অংশ মিক্মসের সংকীর্ণ গিরিপথে চলে গিয়েছিল।