শমূয়েল ইস্রায়েল শাসন করেন

1116 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

1 শমূয়েল 7:2–8:22

2 সিন্দুকটি বেশ কিছুকাল—প্রায় কুড়ি বছর কিরিয়ৎ-যিয়ারীমে রাখা ছিল।

সেই সময় ইস্রায়েলী জনগণ সদাপ্রভুর দিকে ফিরে এসেছিল। 3 অতএব শমূয়েল সব ইস্রায়েলীকে বললেন, “যদি তোমরা সর্বান্তঃকরণে সদাপ্রভুর দিকে ফিরে আসতে চাও, তবে তোমাদের মধ্যে থেকে ভিনদেশী দেবতাদের ও অষ্টারোৎ দেবীদের দূর করে দাও এবং সদাপ্রভুর উদ্দেশে নিজেদের সমর্পণ করো ও একমাত্র তাঁরই সেবা করো, তবে দেখবে তিনি ফিলিস্তিনীদের হাত থেকে তোমাদের উদ্ধার করবেন।” 4 অতএব ইস্রায়েলীরা তাদের বায়াল-দেবতাদের ও অষ্টারোৎ দেবীদের দূর করে দিল, এবং একমাত্র সদাপ্রভুরই সেবা করল।

5 তখন শমূয়েল বললেন, “ইস্রায়েলের সব লোকজনকে মিস্‌পাতে সমবেত করো, আর আমি তোমাদের জন্য সদাপ্রভুর কাছে অনুরোধ জানাব।” 6 তারা মিস্‌পাতে সমবেত হয়ে, জল সংগ্রহ করে সদাপ্রভুর সামনে তা ঢেলে দিল। সেদিন তারা উপবাস রেখে, সেখানে পাপস্বীকার করে বলল, “সদাপ্রভুর বিরুদ্ধে আমরা পাপ করেছি।” শমূয়েল তখন মিস্‌পাতে থেকে ইস্রায়েলের নেতা হয়ে সেবাকাজ চালিয়ে যাচ্ছিলেন।

7 ফিলিস্তিনীরা যখন শুনল যে ইস্রায়েল মিস্‌পাতে সমবেত হয়েছে, তখন ফিলিস্তিনী শাসনকর্তারা ইস্রায়েলীদের আক্রমণ করতে উঠে এল। ইস্রায়েলীরা তা শুনে ফিলিস্তিনীদের কারণে ভয় পেয়ে গেল। 8 তারা শমূয়েলকে বলল, “আমাদের জন্য আপনি আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে আর্তনাদ করা বন্ধ করবেন না, যেন তিনি আমাদের ফিলিস্তিনীদের হাত থেকে উদ্ধার করতে পারেন।” 9 তখন শমূয়েল একটি দুগ্ধপোষ্য মেষশাবক নিয়ে সদাপ্রভুর উদ্দেশে সেটিকে এক অখণ্ড হোমবলিরূপে উৎসর্গ করলেন। ইস্রায়েলের হয়ে তিনি সদাপ্রভুর উদ্দেশে আর্তনাদ করলেন, এবং সদাপ্রভু তাঁকে উত্তরও দিলেন।

10 শমূয়েল যখন হোমবলি উৎসর্গ করছিলেন, তখন ফিলিস্তিনীরা ইস্রায়েলীদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য এগিয়ে এল। কিন্তু সেদিন ফিলিস্তিনীদের বিরুদ্ধে সদাপ্রভু প্রচণ্ড গর্জনে বজ্রপাত করলেন এবং তাদের মধ্যে এমন আতঙ্ক ছড়িয়ে দিলেন যে তারা ইস্রায়েলীদের সামনে ছত্রভঙ্গ হয়ে পড়ল। 11 ইস্রায়েলীরা মিস্‌পা থেকে ছুটে এসে ফিলিস্তিনীদের পিছু ধাওয়া করল, ও তাদের হত্যা করতে করতে বেথ-করের তলদেশ পর্যন্ত পৌঁছে গেল।

12 তখন শমূয়েল একটি পাথর নিয়ে সেটিকে মিস্‌পা ও শেনের মাঝখানে প্রতিষ্ঠা করলেন। তিনি এই বলে সেটির নাম রাখলেন এবন-এষর যে, “এযাবৎ সদাপ্রভু আমাদের সাহায্য করেছেন।”

13 অতএব ফিলিস্তিনীরা বশীভূত হল এবং তারা ইস্রায়েলের এলাকায় সশস্ত্র আক্রমণ করা বন্ধ করল। শমূয়েলের সমগ্র জীবনকালে, সদাপ্রভুর হাত ফিলিস্তিনীদের বিরুদ্ধে প্রসারিত হয়েই ছিল। 14 ইক্রোণ থেকে গাৎ পর্যন্ত যেসব ছোটো ছোটো নগর ফিলিস্তিনীরা ইস্রায়েলের হাত থেকে কেড়ে নিয়েছিল, সেগুলি আবার ইস্রায়েলের কাছে ফিরিয়ে দিতে হল, এবং ইস্রায়েলীরা পার্শ্ববর্তী এলাকাগুলিও ফিলিস্তিনীদের হাত থেকে মুক্ত করল। ইস্রায়েল ও ইমোরীয়দের মধ্যেও শান্তি বলবৎ ছিল।

15 শমূয়েল আজীবন ইস্রায়েলের নেতা হয়েই থেকে গেলেন। 16 বছরের পর বছর তিনি বেথেল থেকে শুরু করে গিল্‌গল থেকে মিস্‌পা পর্যন্ত ঘুরে ঘুরে সেইসব স্থানে ইস্রায়েলের বিচার করে বেড়াতেন। 17 কিন্তু সবসময় তিনি সেই রামাতে ফিরে যেতেন, যেখানে তাঁর ঘরবাড়ি ছিল, এবং সেখানে তিনি ইস্রায়েলের জন্য বিচারসভারও আয়োজন করতেন। সেখানে তিনি সদাপ্রভুর উদ্দেশে একটি বেদিও নির্মাণ করলেন।

8:1 শমূয়েল যখন বৃদ্ধ হয়ে গেলেন, তখন তিনি তাঁর ছেলেদের ইস্রায়েলের নেতারূপে নিযুক্ত করলেন। 2 তাঁর প্রথমজাত ছেলের নাম যোয়েল ও দ্বিতীয়জনের নাম অবিয়, এবং তারা বের-শেবায় সেবাকাজে লিপ্ত ছিল। 3 কিন্তু তাঁর ছেলেরা তাঁর পথে চলত না। তারা অসাধু উপায়ে অর্থলাভের পথে গেল এবং ঘুস নিত তথা ন্যায়বিচার বিকৃত করত।

4 তাই ইস্রায়েলের সব প্রাচীন একজোট হয়ে রামাতে শমূয়েলের কাছে এলেন। 5 তারা তাঁকে বললেন, “আপনার বয়স হয়েছে, আর আপনার ছেলেরাও আপনার পথে চলে না; এখন তাই আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য একজন রাজা নিযুক্ত করুন, যেমন অন্য সব জাতিরও রাজা আছে।”

6 “আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য একজন রাজা দিন,” তাদের বলা এই কথাটি কিন্তু শমূয়েলকে অসন্তুষ্ট করল; তাই তিনি সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন। 7 সদাপ্রভু তাঁকে বললেন: “লোকেরা তোমায় যা যা বলছে তুমি তা শুনে নাও; তারা যে তোমায় প্রত্যাখ্যান করেছে তা নয়, কিন্তু তাদের রাজারূপে তারা আমাকেই প্রত্যাখ্যান করেছে। 8 যেদিন আমি তাদের মিশর দেশ থেকে বের করে এনেছিলাম, সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত তারা যেভাবে আমাকে ছেড়ে অন্যান্য দেবদেবীর সেবা করে এসেছে, সেরকম আচরণ তারা তোমার প্রতিও করছে। 9 এখন তুমি তাদের কথা শোনো; কিন্তু শপথপূর্বক তুমি তাদের সতর্ক করে দাও এবং তারা জানুক, যে রাজা তাদের উপর রাজত্ব করতে চলেছেন, তিনি তাঁর অধিকাররূপে কী দাবি জানাবেন।”

10 যারা শমূয়েলের কাছে একজন রাজা চেয়েছিল, তাদের তিনি সদাপ্রভুর বলা সব কথা বলে শোনালেন। 11 তিনি বললেন, “যে রাজা তোমাদের উপর রাজত্ব করবেন, তিনি তাঁর অধিকাররূপে তোমাদের কাছে এই দাবি জানাবেন: তিনি তোমাদের ছেলেদের নিয়ে তাঁর রথ ও অশ্বগুলির পরিচর্যাকাজে লাগাবেন, ও তারা তাঁর রথের সামনে সামনে দৌড়াবে। 12 তাদের মধ্যে কয়েকজনকে তিনি সহস্র-সেনাপতি ও পঞ্চাশ-সেনাপতি পদে নিযুক্ত করবেন, এবং অন্য কয়েকজনকে তিনি তাঁর জমি চাষ করার ও ফসল কাটার কাজে লাগাবেন, এবং অন্য আরও কয়েকজনকে যুদ্ধাস্ত্র ও তাঁর রথের সাজসরঞ্জাম তৈরির কাজে লাগাবেন। 13 তিনি তোমাদের মেয়েদের নিয়ে তাদের সুগন্ধি-প্রস্তুতকারিনী, রাঁধুনী ও রুটিওয়ালী করে ছাড়বেন। 14 তিনি তোমাদের সেরা চাষযোগ্য জমি, দ্রাক্ষাক্ষেত ও জলপাই-এর বাগানগুলি কেড়ে নিয়ে, সেগুলি তাঁর পরিচারকদের হাতে তুলে দেবেন। 15 তিনি তোমাদের ফসলের ও মরশুমী দ্রাক্ষারসের দশমাংশ আদায় করে তা তাঁর কর্মকর্তা ও পরিচারকদের হাতে তুলে দেবেন। 16 তোমাদের দাস-দাসীদের ও সেরা পশুপাল ও গাধার পাল তিনি নিজের ব্যবহারের জন্য দখল করে নেবেন। 17 তিনি তোমাদের পশুপালের দশমাংশ ছিনিয়ে নেবেন, ও তোমরা নিজেরাই তাঁর ক্রীতদাস-দাসীতে পরিণত হবে। 18 এমন একদিন আসতে চলেছে, যেদিন তোমরা তোমাদেরই মনোনীত রাজার হাত থেকে নিস্তার পাওয়ার জন্য আর্তনাদ করবে, কিন্তু সেদিন সদাপ্রভু তোমাদের কোনও উত্তর দেবেন না।”

19 কিন্তু লোকেরা শমূয়েলের কথা শুনতেই চায়নি। তারা বলল, “আরে ধুর! আমরা একজন রাজা চাই। 20 তবেই তো আমরা অন্য সব জাতির মতো হতে পারব, একজন রাজা আমাদের উপর রাজত্ব করবেন এবং তিনিই আমাদের অগ্রগামী হবেন ও আমাদের হয়ে যুদ্ধও করবেন।”

21 শমূয়েল লোকদের সব কথা শোনার পর তিনি সদাপ্রভুর কাছে আবার তা বলে শোনালেন। 22 সদাপ্রভু উত্তর দিলেন, “তাদের কথা শোনো ও তাদের জন্য একজন রাজা ঠিক করে দাও।”

পরে শমূয়েল ইস্রায়েলীদের বললেন, “তোমরা প্রত্যেকে নিজের নিজের নগরে ফিরে যাও।”