শলোমনের মন্দিরে সিন্দুক স্থানান্তর উপলক্ষে গীতসমূহ

1004 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

গীত 47

সংগীত পরিচালকের জন্য। কোরহ বংশের সন্তানদের একটি গীত।

1 হে জাতিসকল, করতালি দাও;

মহানন্দে ঈশ্বরের উদ্দেশে জয়ধ্বনি করো।

2 কারণ পরাৎপর সদাপ্রভু ভয়ংকর,

সমস্ত জগতের উপর তিনিই রাজা।

3 বিভিন্ন লোকেদের তিনি আমাদের অধীন করেছেন,

আমাদের শত্রুদের আমাদের পদানত করেছেন।

4 তিনি আমাদের অধিকার আমাদের জন্য বেছে নিয়েছেন,

তা যাকোবের গর্বের বিষয়, যাকে তিনি ভালোবেসেছিলেন।

5 ঈশ্বর আনন্দের জয়ধ্বনিতে ঊর্ধ্বে আরোহণ করেছেন।

সদাপ্রভু তূরীধ্বনিতে ঊর্ধ্বে আরোহণ করেছেন।

6 ঈশ্বরের উদ্দেশে স্তব করো, স্তব করো;

আমাদের রাজার উদ্দেশে স্তব করো, স্তব করো।

7 কারণ ঈশ্বরই সমস্ত পৃথিবীর রাজা;

গীত সহযোগে তাঁর উদ্দেশে স্তব করো।

8 ঈশ্বর সমস্ত জাতির উপর শাসন করেন,

ঈশ্বর তাঁর পবিত্র সিংহাসনে অধিষ্ঠিত।

9 সমস্ত জাতির প্রধানেরা সম্মিলিত হয়,

অব্রাহামের ঈশ্বরের প্রজাদের সঙ্গে,

কারণ পৃথিবীর সব রাজা ঈশ্বরের;

তিনি সর্বত্র অতিশয় গৌরবান্বিত।

গীত 97–100

1 সদাপ্রভু রাজত্ব করেন, পৃথিবী উল্লসিত হোক;

সুদূর উপকূলবর্তী দেশ আনন্দিত হোক।

2 মেঘ ও ঘন অন্ধকার তাঁর চতুর্দিক ঘিরে রেখেছে,

ধর্মশীলতা ও ন্যায়বিচার তাঁর সিংহাসনের ভিত্তি।

3 আগুন তাঁর অগ্রগামী হয়,

এবং চারিদিকে তাঁর বিপক্ষদের দগ্ধ করে।

4 তাঁর বিদ্যুতের আলোতে পৃথিবী আলোকিত হয়,

জগৎ এসব দেখে আর কম্পিত হয়।

5 সদাপ্রভুর সামনে, সমস্ত জগতের সদাপ্রভুর সামনে,

পর্বতগুলি মোমের মতো গলে যায়।

6 আকাশমণ্ডল তাঁর ধার্মিকতা প্রচার করে,

এবং সব লোক তাঁর মহিমা দেখে।

7 যারা সবাই প্রতিমার আরাধনা করে,

যারা মূর্তিতে গর্ব করে, তারা লজ্জিত হয়;

দেবতারা সবাই, তোমরা সদাপ্রভুর আরাধনা করো।

8 তোমার বিচার হে সদাপ্রভু,

সিয়োন শোনে আর আনন্দিত হয়

আর যিহূদার সকল গ্রাম উল্লসিত হয়।

9 কারণ, হে সদাপ্রভু, তুমি সমস্ত জগতের ঊর্ধ্বে পরাৎপর;

সব দেবতার ঊর্ধ্বে তুমি মহিমান্বিত।

10 যারা সদাপ্রভুকে ভালোবাসে তারা অধর্মকে ঘৃণা করুক,

কারণ তিনি তাঁর বিশ্বস্তজনেদের প্রাণরক্ষা করেন,

এবং দুষ্টদের কবল থেকে তাদের উদ্ধার করেন।

11 ধার্মিকের জন্য আলো

আর হৃদয়ে ন্যায়পরায়ণের জন্য আনন্দ, উদিত হয়।

12 তোমরা যারা ধার্মিক, সদাপ্রভুতে আনন্দ করো,

আর তাঁর পবিত্র নামের প্রশংসা করো।

একটি গীত।

98:1 সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও,

কারণ তিনি অবিশ্বাস্য কাজ করেছেন;

তাঁর ডান হাত ও তাঁর পবিত্র বাহু

তাঁর পক্ষে পরিত্রাণ সাধন করেছেন।

2 সদাপ্রভু তাঁর পরিত্রাণ ঘোষণা করেছেন

এবং তাঁর ধার্মিকতা জাতিদের কাছে প্রকাশ করেছেন।

3 ইস্রায়েলের প্রতি তাঁর প্রেম

ও বিশ্বস্ততা তিনি স্মরণে রেখেছেন;

আমাদের ঈশ্বরের পরিত্রাণ

পৃথিবীর সমস্ত প্রান্ত প্রত্যক্ষ করেছে।

4 সমস্ত পৃথিবী, সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো,

প্রশংসায় মেতে ওঠো ও আনন্দগান করো;

5 বীণা সহযোগে সদাপ্রভুর উদ্দেশে গান গাও,

বীণা সহযোগে ও গানের শব্দে,

6 তূরীধ্বনির শব্দে এবং শিঙার সুদীর্ঘ শব্দে—

রাজা সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো।

7 সমুদ্র ও তার মধ্যে যা কিছু আছে গর্জন করুক,

পৃথিবী ও তাঁর মধ্যে যারা সবাই বসবাস করে।

8 নদীরা হাততালি দিক,

পর্বতগুলি একসঙ্গে আনন্দগান করুক;

9 সদাপ্রভুর সামনে তারা গান করুক;

কারণ তিনি জগতের বিচার করতে আসছেন।

তিনি ধার্মিকতায় এই পৃথিবী

এবং ন্যায়ে জাতিগণের বিচার করবেন।

99:1 সদাপ্রভু রাজত্ব করেন,

জাতিরা কম্পিত হোক;

করূবের মাঝে তিনি সিংহাসনে অধিষ্ঠিত,

পৃথিবী কেঁপে উঠুক।

2 সদাপ্রভু সিয়োনে মহান;

সব জাতির ঊর্ধ্বে তিনি উন্নীত।

3 তারা তোমার মহান ও ভয়াবহ নামের প্রশংসা করুক—

তিনি পবিত্র।

4 রাজা শক্তিশালী, তিনি ন্যায় ভালোবাসেন—

তুমি ন্যায় প্রতিষ্ঠা করেছ;

তুমি যাকোবের মধ্যে ন্যায় ও ধার্মিকতা

প্রতিষ্ঠা করেছ।

5 সদাপ্রভু আমাদের ঈশ্বরের গৌরব করো,

তাঁর পাদপীঠে আরাধনা করো;

তিনি পবিত্র।

6 মোশি ও হারোণ তাঁর যাজকদের মধ্যে ছিলেন,

শমূয়েল তাঁদের মধ্যে একজন ছিলেন যাঁরা সদাপ্রভুর নামে ডাকতেন

তাঁরা সদাপ্রভুর কাছে সাহায্যের প্রার্থনা করতেন,

এবং তিনি তাঁদের উত্তর দিতেন।

7 তিনি মেঘস্তম্ভের আড়াল থেকে তাঁদের উদ্দেশে কথা বলতেন,

তিনি যে বিধিবিধান এবং আদেশ তাঁদের দিয়েছিলেন সেসব তাঁরা মেনে চলতেন।

8 হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর,

তুমি তাঁদের উত্তর দিয়েছিলে;

যদিও তুমি তাঁদের দুষ্কর্মের শাস্তি দিয়েছিলে,

ইস্রায়েলের প্রতি তুমি ক্ষমাশীল ঈশ্বর।

9 আমাদের ঈশ্বর সদাপ্রভুকে মহিমান্বিত করো

এবং তাঁর পবিত্র পর্বতে আরাধনা করো,

কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভু, পবিত্র।

ধন্যবাদের সংগীত।

100:1 সমস্ত পৃথিবী! সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো।

2 মহানন্দে সদাপ্রভুর আরাধনা করো;

আনন্দগান সহকারে তাঁর সামনে এসো।

3 তোমরা জানো, সদাপ্রভুই ঈশ্বর।

তিনিই আমাদের সৃষ্টি করেছেন, আর আমরা তাঁরই;

আমরা তাঁর প্রজা, তাঁর চারণভূমির মেষ।

4 ধন্যবাদ সহকারে তাঁর দ্বারে

এবং প্রশংসা সহকারে তাঁর প্রাঙ্গণে প্রবেশ করো;

তাঁকে ধন্যবাদ জানাও, আর তাঁর নামের প্রশংসা করো।

5 কারণ সদাপ্রভু মঙ্গলময় এবং তাঁর দয়া অনন্তকালস্থায়ী;

তাঁর বিশ্বস্ততা বংশপরম্পরায় স্থায়ী।