দুর্দশার গীতসংহিতা, প্রধানত বন্দিত্বকালের (continued)
মণ্ডলীর দুর্দশা ও ক্লেশের সময়ে, প্রধানত ব্যাবিলনে বন্দিত্বকালে রচিত গীতসংহিতা।
539 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
একটি গীত। বিশ্রামবারের জন্য রচিত।
1 সদাপ্রভুর প্রশংসা করা
এবং, হে পরাৎপর, তোমার নামের উদ্দেশে গান করা, উত্তম।
2 দশ-তারের সুরবাহার
এবং বীণার সুর সহযোগে
3 সকালে তোমার অবিচল প্রেম
এবং রাতে তোমার বিশ্বস্ততা প্রচার করা, উত্তম।
4 কারণ হে সদাপ্রভু, তোমার কাজ দ্বারা তুমি আমাকে আনন্দিত করেছ।
তোমার হাতের কাজ দেখে আমি আনন্দে গান করি
5 হে সদাপ্রভু, তোমার কাজগুলি কত মহান,
কত গভীর তোমার ভাবনা!
6 অচেতন লোকেরা জানে না,
মূর্খরা বুঝতে পারে না,
7 যে যদিও দুষ্টরা ঘাসের মতো গজিয়ে ওঠে
আর সব অনিষ্টকারী বৃদ্ধি পায়,
তারা চিরকালের জন্য ধ্বংস হবে।
8 কিন্তু তুমি, হে সদাপ্রভু, চিরকালের জন্য মহিমান্বিত।
9 হে সদাপ্রভু, নিশ্চয় আমাদের শত্রুরা
নিশ্চয়ই আমাদের শত্রুরা বিনষ্ট হবে;
সব অনিষ্টকারী ছিন্নভিন্ন হবে।
10 তুমি আমার শিং বন্য ষাঁড়ের মতো উন্নীত করেছ;
খাঁটি তেল আমার মাথায় ঢেলে দিয়েছ।
11 আমার চোখ আমার প্রতিপক্ষদের পরাজয় দেখেছে;
আমার কান আমার দুষ্ট বিপক্ষদের পতনের কথা শুনেছে।
12 ধার্মিক তাল গাছের মতো সমৃদ্ধ হবে,
লেবাননের দেবদারু গাছের মতো তারা বৃদ্ধি পাবে;
13 যাদের সদাপ্রভুর গৃহে লাগানো হয়েছে,
তারা আমাদের ঈশ্বরের প্রাঙ্গণে সমৃদ্ধ হয়ে উঠবে।
14 বৃদ্ধ বয়সেও তারা ফল প্রদান করবে,
তারা সতেজ ও সবুজ হয়ে রইবে,
15 এই প্রচার করবে, “সদাপ্রভু ন্যায়পরায়ণ;
তিনি আমার শৈল এবং তাতে কোনও অন্যায় নেই।”
93:1 সদাপ্রভু রাজত্ব করেন, তিনি মহিমায় সজ্জিত;
সদাপ্রভু গৌরবে আবৃত ও পরাক্রমে সজ্জিত;
সত্যিই, এই পৃথিবী প্রতিষ্ঠিত, সুদৃঢ় ও সুরক্ষিত।
2 তোমার সিংহাসন প্রাচীনকাল থেকে বিদ্যমান;
তুমি স্বয়ং অনন্তকাল থেকে।
3 হে সদাপ্রভু, সমুদ্রেরা উঠেছে,
সমুদ্রেরা তাদের আওয়াজ তুলেছে;
সমুদ্রেরা তাদের উত্তাল ঢেউ তুলেছে।
4 মহাজলধির গর্জন থেকেও,
সমুদ্রের উত্তাল ঢেউ থেকেও
উচ্চে অবস্থিত সদাপ্রভু বলবান।
5 হে সদাপ্রভু, তোমার বিধিবিধান, সুদৃঢ়;
অনন্তকাল ধরে
পবিত্রতাই তোমার গৃহের শোভা।
একটি আরোহণ সংগীত।
1 আমি তোমার দিকে চোখ তুলে দেখি,
তোমার দিকেই দেখি, যিনি স্বর্গের সিংহাসনে অধিষ্ঠিত।
2 যেমন কর্তার হাতের দিকে দাসের দৃষ্টি থাকে,
যেমন কর্ত্রীর হাতের দিকে দাসীর দৃষ্টি থাকে,
তেমনই আমাদের দৃষ্টি আমাদের ঈশ্বর সদাপ্রভুর দিকে থাকে,
যতদিন না পর্যন্ত তিনি আমাদের প্রতি দয়া করেন।
3 আমাদের প্রতি দয়া করো, হে সদাপ্রভু, আমাদের প্রতি দয়া করো,
কেননা আমরা অবজ্ঞায় পূর্ণ হয়েছি।
4 দাম্ভিকের বিদ্রুপ
ও অহংকারীর অবজ্ঞা
আমরা শেষ পর্যন্ত সহ্য করেছি।