দাউদের রাজত্বকালে রচিত গীতগুলি, রচনাকাল অনিশ্চিত (continued)
রাজা হওয়ার পরে দাউদের রচিত গীতগুলি, যেগুলির রচনাকাল ও উপলক্ষ অনিশ্চিত।
1015 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
একটি আরোহণ সংগীত।
1 আমি সংকটকালে সদাপ্রভুকে ডাকলাম,
আর তিনি আমার ডাকে সাড়া দিলেন।
2 হে সদাপ্রভু, মিথ্যাবাদী মুখ,
ও ধাপ্পাবাজ জিভের কবল থেকে
আমাকে রক্ষা করো।
3 ধাপ্পাবাজ মুখ,
ঈশ্বর তোমার প্রতি কী করবেন?
তিনি কেমনভাবে তোমার শাস্তি বৃদ্ধি করবেন?
4 যোদ্ধার ধারালো তিরের আঘাতে তুমি বিদ্ধ হবে,
আর জ্বলন্ত কয়লায় তুমি দগ্ধ হবে।
5 হায় কী দুর্দশা আমার, আমি মেশকে বসবাস করছি,
কেদরের তাঁবুর মধ্যে আমি বসবাস করছি।
6 যারা শান্তি ঘৃণা করে,
তাদের মাঝে আমি বহুকাল বসবাস করেছি।
7 আমি শান্তির পক্ষে;
কিন্তু আমি যখন কথা বলি, ওরা তখন যুদ্ধ চায়।
একটি আরোহণ সংগীত।
121:1 আমি পর্বতমালার দিকে চেয়ে দেখি—
কোথা থেকে আমার সাহায্য আসে?
2 স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা,
সদাপ্রভুর কাছ থেকে আমার সাহায্য আসে।
3 তিনি তোমাকে হোঁচট খেতে দেবেন না,
তোমার রক্ষক তন্দ্রাচ্ছন্ন হবেন না;
4 সত্যিই, যিনি ইস্রায়েলের রক্ষক,
তিনি তন্দ্রাচ্ছন্ন বা নিদ্রামগ্ন হবেন না।
5 সদাপ্রভু তোমার রক্ষক,
সদাপ্রভু তোমার ডানদিকে তোমার ছায়া;
6 দিনে সূর্য তোমার ক্ষতি করবে না,
এমনকি রাতে চাঁদও করবে না।
7 সদাপ্রভু তোমাকে সব অমঙ্গল থেকে রক্ষা করবেন
আর তিনি তোমার প্রাণরক্ষা করবেন;
8 তোমার যাওয়া-আসার পথে সদাপ্রভু তোমাকে রক্ষা করবেন
এখন থেকে চিরকাল পর্যন্ত।
একটি আরোহণ সংগীত। দাউদের গীত।
122:1 আমি আনন্দিত হলাম, যখন লোকে আমাকে বলল,
“চলো, আমরা সদাপ্রভুর গৃহে যাই।”
2 এখন, হে জেরুশালেম নগরী,
তোমার প্রবেশদ্বারের ভিতরে আমরা দাঁড়িয়ে রয়েছি।
3 জেরুশালেম সেই নগরীর মতো নির্মিত
যা সংগঠিতরূপে তৈরি হয়েছে।
4 ইস্রায়েলের সমস্ত গোষ্ঠীগুলি—
সদাপ্রভুর লোকসকল—এখানে আরাধনা করতে আসে,
ইস্রায়েলের বিধিনিয়ম অনুযায়ী
তারা সদাপ্রভুর নামের ধন্যবাদ করতে আসে।
5 এই স্থানেই স্থাপিত হয়েছে বিচারের সিংহাসন,
এখানেই দাউদ কুলের সব সিংহাসন স্থাপিত।
6 তোমরা জেরুশালেমের শান্তির জন্য প্রার্থনা করো,
“যারা তোমাকে ভালোবাসে, তারা সুরক্ষিত থাকুক।
7 তোমার প্রাচীরের মধ্যে শান্তি বিরাজ করুক,
আর তোমার দুর্গগুলির মধ্যে সুরক্ষা থাকুক।”
8 আমার পরিবার ও বন্ধুদের জন্য,
আমি বলব “তোমার মধ্যে শান্তি বিরাজ করুক।”
9 সদাপ্রভু আমাদের ঈশ্বরের গৃহের কারণে
হে জেরুশালেম, আমি তোমার সমৃদ্ধি কামনা করব।
একটি আরোহণ সংগীত। দাউদের গীত।
1 সদাপ্রভু যদি আমাদের পক্ষে না থাকতেন—
সমগ্র ইস্রায়েল বলুক—
2 সদাপ্রভু যদি আমাদের পক্ষে না থাকতেন,
যখন লোকেরা আমাদের আক্রমণ করেছিল,
3 যখন তাদের ক্রোধ আমাদের বিরুদ্ধে জ্বলে উঠেছিল,
তখন হয়তো তারা আমাদের জীবন্তই গ্রাস করে ফেলত;
4 বন্যার জলরাশি হয়তো চারিদিক প্লাবিত করত,
জলস্রোত হয়তো আমাদের উপর দিয়ে বয়ে যেত,
5 উত্তাল জলরাশি
হয়তো ভাসিয়ে নিয়ে যেত আমাদের।
6 সদাপ্রভুর ধন্যবাদ হোক,
তিনি তাদের দাঁতের আঘাতে আমাদের ছিন্নভিন্ন হতে দেননি।
7 আমরা পাখির মতো পালিয়েছি
শিকারির ফাঁদ থেকে;
ফাঁদ ছিন্ন করা হয়েছে,
এবং আমরা পালিয়েছি।
8 সদাপ্রভু, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা
আমাদের সাহায্য তাঁর কাছ থেকে আসে।
একটি আরোহণ সংগীত। দাউদের গীত।
1 হে সদাপ্রভু, আমার হৃদয় অহংকারী নয়,
আমার দৃষ্টি উদ্ধত নয়;
নিজের থেকে বড় কোনও বিষয় নিয়ে আমি ভাবি না
আমার বোধের অতীত কোনও আশ্চর্য বিষয়ে সংযুক্ত থাকি না।
2 কিন্তু আমি নিজেকে শান্ত ও নীরব করেছি,
স্তন্য-ত্যাগ করা শিশুর মতো করেছি যে মায়ের দুধের জন্য আর কাঁদে না,
স্তন্যপানে বিরত শিশুর মতো আমি তৃপ্ত।
3 হে ইস্রায়েল, সদাপ্রভুর উপরে আশা রাখো
এখন এবং চিরকালের জন্য রাখো।
একটি আরোহণ সংগীত। দাউদের গীত।
1 যখন ঈশ্বরের লোকেরা ঐক্যবদ্ধ হয়ে একত্রে বসবাস করে
তা কত উত্তম ও মনোহর হয়!
2 তা মূল্যবান সেই তেলের মতো যা মাথায় ঢেলে দেওয়া হয়,
যা দাড়িতে গড়িয়ে পরে,
যা হারোণের দাড়িতে গড়িয়ে পরে,
যা তাঁর পোশাকের গলাবন্ধে গড়িয়ে পরে।
3 মনে হয় এ যেন হর্মোণ পাহাড়ের শিশির যা
সিয়োন পর্বতে ঝরে পড়ছে।
কারণ সেখানে সদাপ্রভু তাঁর আশীর্বাদ দিলেন,
এমনকি অনন্তকালের জন্য জীবন দিলেন।