আগুর ও রাজা লমূয়েলের বাণী
984 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 যাকির ছেলে আগুরের নীতিবচন—যা এক অনুপ্রাণিত ভাষণ।
ঈথীয়েলের প্রতি, ঈথীয়েলের ও উকলের প্রতি এই লোকটির ভাষণ:
“হে ঈশ্বর, আমি ক্লান্ত,
কিন্তু আমি বিজয়লাভ করতে পারব।
2 আমি নিশ্চয় মানুষ নই, আমি এক মূঢ়মাত্র;
আমার মানবিক বোধবুদ্ধি নেই।
3 আমি প্রজ্ঞার শিক্ষা পাইনি,
আমি সেই মহাপবিত্র ঈশ্বর সম্পর্কীয় জ্ঞানও অর্জন করিনি।
4 কে স্বর্গে গিয়ে আবার ফিরে এসেছেন?
কার হাত বাতাস সংগ্রহ করেছে?
কে জলরাশিকে আলখাল্লায় মুড়ে রেখেছেন?
কে পৃথিবীর সব প্রান্ত স্থাপন করেছেন?
তাঁর নাম কী, ও তাঁর ছেলের নামই বা কী?
নিশ্চয় তুমি তা জানো!
5 “ঈশ্বরের প্রত্যেকটি বাক্য নিখুঁত;
যারা তাঁতে আশ্রয় নেয় তাদের কাছে তিনি এক ঢাল।
6 তাঁর বাক্যে কিছু যোগ কোরো না,
পাছে তিনি তোমাকে ভর্ৎসনা করেন ও তোমাকে এক মিথ্যাবাদী প্রতিপন্ন করেন।
7 “হে সদাপ্রভু, আমি তোমার কাছে দুটি জিনিস চাইছি;
আমি মারা যাওয়ার আগে আমাকে প্রত্যাখ্যান কোরো না:
8 ছলনা ও মিথ্যা কথা আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখো;
আমাকে দারিদ্র বা ধনসম্পত্তি কিছুই দিয়ো না,
কিন্তু আমার দৈনিক আহারটুকুই শুধু আমাকে দাও।
9 পাছে, অনেক কিছু পেয়ে আমি তোমাকে অস্বীকার করে বসি
ও বলে ফেলি, ‘সদাপ্রভু কে?’
বা দরিদ্র হয়ে গিয়ে চুরি করে বসি,
ও এভাবে আমার ঈশ্বরের নামের অসম্মান করে ফেলি।
10 “মনিবের কাছে তার কোনো দাসের নিন্দা কোরো না,
পাছে তারা তোমাকে অভিশাপ দেয় ও তোমাকে এর জন্য শাস্তি পেতে হয়।
11 “এমন অনেক লোক আছে যারা তাদের বাবাদের অভিশাপ
দেয় ও তাদের মা-দের মহিমান্বিত করে না;
12 যারা তাদের নিজেদের দৃষ্টিতেই বিশুদ্ধ
অথচ তারা তাদের মালিন্য থেকে শুচিশুদ্ধই হয়নি;
13 যাদের দৃষ্টি চিরকাল খুব উদ্ধত,
যাদের চাহনি খুব তাচ্ছিল্যপূর্ণ;
14 যাদের দাঁত তরোয়ালের মতো
ও যাদের চোয়ালে ছুরি গাঁথা আছে
যেন পৃথিবীর বুক থেকে দরিদ্রদের
ও মানবজাতির মধ্যে থেকে অভাবগ্রস্তদের তারা গ্রাস করে ফেলতে পারে।
15 “জোঁকের দুটি কন্যা আছে।
তারা চিৎকার করে বলে, ‘দাও, দাও!’
“তিনটি বিষয় আছে যেগুলিকে কখনও তৃপ্ত করা যায় না,
চারটি বিষয় আছে যেগুলি কখনও বলে না, ‘যথেষ্ট হয়েছে!’:
16 কবর
ও বন্ধ্যা জঠর;
জমি, যা কখনও জলে তৃপ্ত হয় না,
ও আগুন, যা কখনও বলে না, ‘যথেষ্ট হয়েছে!’
17 “যে চোখ একজন বাবাকে বিদ্রুপ করে,
যা বৃদ্ধা এক মাকে অবজ্ঞা করে,
সেটিকে উপত্যকার কাকেরা ঠুকরে ঠুকরে বের করে ফেলবে,
শকুনেরা সেটি খেয়ে ফেলবে।
18 “তিনটি বিষয় আমার আছে খুবই বিস্ময়কর,
চারটি বিষয় আমি বুঝে উঠতে পারি না:
19 আকাশে ওড়া ঈগল পাখির গতিপথ,
পাষাণ-পাথরের উপরে চলা সাপের গতিপথ,
মাঝসমুদ্রে ভেসে যাওয়া জাহাজের গতিপথ,
ও যুবতীর সঙ্গে পুরুষের প্রেমের সম্পর্ক।
20 “ব্যভিচারিণী মহিলার জীবনযাত্রার ধরন এরকম:
সে খাওয়াদাওয়া করে ও মুখ মুছে নেয়
ও বলে, ‘আমি কোনও অন্যায় করিনি।’
21 “তিনটি বিষয়ের ভারে পৃথিবী কম্পিত হয়,
চারটি বিষয়ের ভার তা সহ্য করতে পারে না:
22 এক দাস যে রাজা হয়ে বসেছে,
এক মূর্খ যে খাওয়ার জন্য প্রচুর খাদ্যদ্রব্য পেয়েছে,
23 এক নীচ মহিলা যার বিয়ে হয়ে গিয়েছে,
ও এক দাসী যে তার কর্ত্রীকে স্থানচ্যূত করেছে।
24 “পৃথিবীর বুকে চারটি প্রাণী ছোটো,
অথচ সেগুলি অত্যন্ত জ্ঞানী:
25 পিঁপড়েরা অল্প শক্তিবিশিষ্ট প্রাণী,
অথচ গ্রীষ্মকালে তারা তাদের খাদ্য সঞ্চয় করে রাখে;
26 পাহাড়ি খরগোশ সামান্যই শক্তি ধরে,
অথচ তারা পাষাণ-পাথরের চূড়ায় তাদের ঘর বাঁধে;
27 পঙ্গপালদের কোনও রাজা নেই,
অথচ তারা সারিবদ্ধভাবে এগিয়ে যায়;
28 টিকটিকিকে হাত দিয়ে ধরা যায়,
অথচ তাকে রাজপ্রাসাদে দেখতে পাওয়া যায়।
29 “তিনটি প্রাণী আছে যারা তাদের চলাফেরায় রাজসিক,
চারজন আছে যারা রাজকীয় ভঙ্গিতে নড়াচড়া করে:
30 সিংহ, যে পশুদের মধ্যে বলশালী, যে কোনো কিছুর সামনেই পশ্চাদগামী হয় না;
31 নির্ভীক মোরগ,
পাঁঠা,
ও রাজা, যিনি বিদ্রোহের আশঙ্কা থেকে মুক্ত।
32 “তুমি যদি মূর্খামি করো ও নিজেই নিজের প্রশংসা করো,
বা অনিষ্ট করার ফন্দি আঁটো,
তবে তোমার হাত দিয়ে মুখ ঢেকে রাখো!
33 কারণ ননি মন্থনে যেভাবে মাখন উৎপন্ন হয়,
ও নাকে মোচড় পড়লে যেভাবে রক্ত বের হয়,
সেভাবে ক্রোধ নাড়াচাড়া করলে বিবাদ উৎপন্ন হয়।”
31:1 রাজা লমূয়েলের নীতিবচন—সেই অনুপ্রাণিত ভাষণ যা তাঁর মা তাঁকে শিখিয়েছিলেন।
2 হে আমার বাছা, শোনো! হে আমার গর্ভজাত পুত্র, শোনো!
হে আমার বাছা, হে আমার প্রার্থনার উত্তর, শোনো!
3 নারীদের পিছনে তোমার শক্তি ব্যয় কোরো না,
যারা রাজাদের সর্বনাশ করে তাদের পিছনে তোমার প্রাণশক্তি নষ্ট কোরো না।
4 হে লমূয়েল, রাজাদের জন্য নয়—
দ্রাক্ষারস পান করা রাজাদের জন্য উপযুক্ত নয়,
সুরাপানে আসক্ত হওয়া শাসকদের জন্য অনুচিত,
5 পাছে তারা পান করেন ও ভুলে যান তারা কী আদেশ দিয়েছেন,
ও সব নিপীড়িতকে তাদের অধিকার বঞ্চিত করে ছাড়েন।
6 সুরা তাদের জন্যই রাখা থাক যারা মরতে চলেছে,
দ্রাক্ষারস তাদের জন্যই রাখা থাক যারা মনোবেদনায় ভুগছে!
7 তারা পান করুক ও তাদের দারিদ্র ভুলে যাক
ও তাদের দুর্দশা আর মনে না রাখুক।
8 তাদের হয়ে কথা বলো যারা নিজেদের কথা নিজেরা বলতে পারে না,
সেইসব লোকের অধিকারের স্বপক্ষে কথা বলো যারা সর্বস্বান্ত।
9 উচ্চকণ্ঠে বলো ও ন্যায়বিচার করো:
দরিদ্র ও অভাবগ্রস্তদের অধিকারের স্বপক্ষে ওকালতি করো।
10 কে উন্নত চরিত্রবিশিষ্ট এক স্ত্রী পেতে পারে?
তাঁর মূল্য পদ্মরাগমণির চেয়েও অনেক বেশি।
11 তাঁর উপর তাঁর স্বামীর পূর্ণ আস্থা বজায় থাকে
ও তিনি তাঁর স্বামীর জীবনে ভালো কোনো কিছুর অভাব হতে দেন না।
12 তিনি তাঁর জীবনের সমস্ত দিন
স্বামীর অনিষ্ট নয়, কিন্তু মঙ্গলই সাধন করেন।
13 তিনি পশম ও মসিনা মনোনীত করেন
ও আগ্রহী হাতে কাজকর্ম করেন।
14 তিনি বণিকদের জাহাজগুলির মতো,
বহুদূর থেকে তাঁর খাদ্যদ্রব্য নিয়ে আসেন।
15 তিনি অন্ধকার থাকতেই ঘুম থেকে উঠে পড়েন;
তিনি তাঁর পরিবারের জন্য খাদ্যের জোগান দেন
ও তাঁর দাসীদেরও অংশ বরাদ্দ করে দেন।
16 তিনি জমির মান বিচার করেন ও তা কিনে নেন;
নিজের আয় দিয়ে তিনি দ্রাক্ষাক্ষেত গড়ে তোলেন।
17 তিনি সবলে তাঁর কাজে লেগে পড়েন;
তাঁর কাজকর্মের পক্ষে তাঁর হাত দুটি বেশ শক্তিশালী।
18 তিনি সুনিশ্চিত হন যে তাঁর কেনাবেচা বেশ লাভজনক হয়েছে,
ও তাঁর প্রদীপ রাতেও নিভে যায় না।
19 তাঁর হাতে তিনি তকলি ধরে থাকেন
ও সুতো কাটার টাকু তাঁর আঙুল দিয়ে আঁকড়ে ধরে থাকেন।
20 তিনি দরিদ্রদের প্রতি মুক্তহস্ত হন
ও অভাবগ্রস্তদের দিকে তাঁর হাত বাড়িয়ে দেন।
21 তুষারপাতের সময় তাঁর পরিবারের লোকদের জন্য তাঁর কোনও ভয় হয় না;
কারণ তারা সকলেই টকটকে লাল রংয়ের কাপড় পরে থাকে।
22 তিনি তাঁর বিছানার জন্য চাদর তৈরি করেন;
তিনি মিহি মসিনা দিয়ে তৈরি বেগুনি রংয়ের কাপড় গায়ে দিয়ে থাকেন।
23 তাঁর স্বামী সেই নগরদ্বারে সম্মানিত হন,
যেখানে দেশের প্রাচীনদের মধ্যে তিনি তাঁর আসন গ্রহণ করেন।
24 তিনি মসিনার পোশাক তৈরি করে সেগুলি বিক্রি করেন,
ও বণিকদের উত্তরীয় সরবরাহ করেন।
25 তিনি শক্তি ও সম্মানে আচ্ছাদিত হন;
আগামী দিনগুলির কথা ভেবে তিনি সশব্দে হাসতে পারেন।
26 তিনি প্রজ্ঞামূলক কথাবার্তা বলেন,
ও তাঁর জিভের ডগায় আন্তরিক নির্দেশ থাকে।
27 তিনি তাঁর পরিবারের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখেন
ও অলসতার রুটি খান না।
28 তাঁর সন্তানেরা উঠে তাঁকে আশীর্বাদধন্যা বলে ডাকে;
তাঁর স্বামীও একই কথা বলেন ও তাঁর প্রশংসা করে বলেন:
29 “অনেক মহিলাই মহৎ মহৎ কাজ করেন,
কিন্তু তুমি সবাইকে ছাপিয়ে গিয়েছ।”
30 লাবণ্য বিভ্রান্তিকর, ও সৌন্দর্য অস্থায়ী;
কিন্তু যে নারী সদাপ্রভুকে ভয় করেন তাঁরই প্রশংসা করতে হবে।
31 তাঁর হাত যা কিছু করেছে, সেসবের জন্য তাঁকে সম্মান জানাও,
ও তাঁর কাজকর্মই নগরদ্বারে তাঁর কাছে প্রশংসা এনে দিক।