শলোমনের আরও হিতোপদেশ (continued)
984 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 গ্রীষ্মকালের তুষারপাত বা ফসল কাটার মরশুমের বৃষ্টিপাতের মতো,
মূর্খের পক্ষেও সম্মান মানানসই নয়।
2 উড়ে যাওয়া চড়ুইপাখি বা ক্ষিপ্রগতিবিশিষ্ট ফিঙে জাতীয় পাখির মতো
অযাচিত অভিশাপও শান্ত হয় না।
3 ঘোড়ার জন্য চাবুক, গাধার জন্য লাগাম,
ও মূর্খদের পিঠের জন্য লাঠি!
4 মূর্খের মূর্খতা অনুসারে তাকে উত্তর দিয়ো না,
পাছে তুমিও তার মতো হয়ে যাও।
5 মূর্খের মূর্খতা অনুসারে তাকে উত্তর দাও,
পাছে সে নিজের দৃষ্টিতে জ্ঞানবান হয়।
6 যে মূর্খের হাত দিয়ে খবর পাঠায়
তার দশা পা কেটে ফেলার বা বিষ পান করার মতো হয়।
7 মূর্খের মুখের হিতোপদেশ
খঞ্জের অনুপযোগী পায়ের মতো হয়।
8 মূর্খকে যে সম্মান দেয় তার দশা
গুলতিতে নুড়ি-পাথর বেঁধে দেওয়ার মতো হয়।
9 মূর্খের মুখের হিতোপদেশ
মাতালের হাতে ধরা কাঁটাগুল্মের মতো হয়।
10 কোনো মূর্খকে বা পথিককে যে ভাড়া খাটায়
সে সেই তিরন্দাজের মতো যে এলোমেলোভাবে মানুষকে আঘাত করে।
11 কুকুর যেভাবে তার বমির কাছে ফিরে যায়
মূর্খরাও বারবার বোকামি করে।
12 এমন মানুষদের কি দেখেছ যারা নিজেদের দৃষ্টিতে জ্ঞানবান?
তাদের চেয়ে মূর্খের জীবনে অনেক বেশি আশা আছে।
13 অলস বলে, “রাস্তায় সিংহ আছে,
হিংস্র এক সিংহ পথে পথে ঘুরে বেড়াচ্ছে!”
14 দরজা যেভাবে কবজাগুলিতে ঘোরে,
অলসও সেভাবে তার বিছানাতে ঘোরে।
15 অলস তার হাত থালায় ডুবিয়ে রাখে;
সে এতই অলস যে তা মুখেও তোলে না।
16 যারা বুদ্ধিপূর্বক উত্তর দেয় সেই সাতজন লোকের চেয়েও
অলস নিজের দৃষ্টিতে বেশি জ্ঞানবান।
17 যে অন্যদের বিবাদে নাক গলায়
সে এমন একজনের মতো যে কান ধরে দলছুট কুকুরকে পাকড়াও করে।
18 যে পাগল লোক
মৃত্যুজনক জ্বলন্ত তির ছোঁড়ে সে তেমনই,
19 যে তার প্রতিবেশীকে প্রতারণা করে
ও বলে, “আমি শুধু একটু মশকরা করছিলাম!”
20 কাঠের অভাবে আগুন নিভে যায়;
পরনিন্দা পরচর্চার অভাবেও বিবাদ থেমে যায়।
21 জ্বলন্ত অঙ্গারের ক্ষেত্রে কাঠকয়লা যেমন ও আগুনের ক্ষেত্রে কাঠ যেমন,
বিবাদে ইন্ধন জোগানোর ক্ষেত্রে কলহপ্রিয় মানুষও তেমন।
22 পরনিন্দা পরচর্চার কথাবার্তা সুস্বাদু খাদ্যের মতো লাগে;
সেগুলি মানুষের অন্তরের গভীরে প্রবেশ করে।
23 দুষ্ট হৃদয় সমেত মধুভাষী ঠোঁট
মাটির পাত্রের উপর দেওয়া রুপোর প্রলেপের মতো।
24 শত্রুরা তাদের ঠোঁট দিয়ে নিজেদের আড়াল করে রাখে,
কিন্তু মনে মনে তারা প্রতারণার আশ্রয় নেয়।
25 যদিও তাদের কথাবার্তা মনোমোহিনী, তাদের বিশ্বাস কোরো না,
কারণ তাদের অন্তর সাতটি জঘন্য বিষয়ে পরিপূর্ণ হয়ে আছে।
26 প্রতারণা দ্বারা তাদের আক্রোশ লুকিয়ে রাখা যেতে পারে,
কিন্তু তাদের দুষ্টতা লোকসমাজে প্রকাশিত হয়ে যাবে।
27 যারা খাত খনন করে তারা তাতেই গিয়ে পড়ে;
যারা পাথর গড়িয়ে দেয়, সেটি তাদেরই উপর গড়িয়ে এসে পড়বে।
28 মিথ্যাবাদী জিভ যাদের আহত করে তাদের ঘৃণাও করে,
ও তোষামোদকারী মুখ সর্বনাশ করে ছাড়ে।
27:1 আগামীকালের বিষয়ে গর্ব কোরো না,
কারণ একদিন কী নিয়ে আসবে তা তুমি জানো না।
2 অন্য কেউ তোমার প্রশংসা করুক, ও তোমার নিজের মুখ তা না করুক;
একজন বহিরাগত মানুষই করুক, ও তোমার নিজের ঠোঁট তা না করুক।
3 পাথর ভারী ও বালি এক বোঝা,
কিন্তু মূর্খের প্ররোচনা উভয়ের চেয়েও বেশি ভারী।
4 ক্রোধ নিষ্ঠুর ও ক্ষিপ্ততা অপ্রতিরোধ্য,
কিন্তু ঈর্ষার সামনে কে দাঁড়াতে পারে?
5 গুপ্ত ভালোবাসার চেয়ে
প্রকাশ্য ভর্ৎসনা ভালো।
6 বন্ধুর আঘাতকে বিশ্বাস করা যায়,
কিন্তু শত্রু চুমুর সংখ্যা বৃদ্ধি করে।
7 যার পেট ভরা আছে সে মৌচাকের মধু ঘৃণা করে,
কিন্তু ক্ষুধার্ত মানুষের কাছে তেতো জিনিসও মিষ্টি লাগে।
8 যে ঘর ছেড়ে পালায় তার দশা
নীড় ছেড়ে উড়ে যাওয়া পাখির মতো।
9 সুগন্ধি ও ধূপ হৃদয়ে আনন্দ নিয়ে আসে,
ও বন্ধুর মধুরতা
তাদের আন্তরিক পরামর্শ থেকে উৎপন্ন হয়।
10 তোমার নিজের বন্ধুকে বা তোমার পারিবারিক বন্ধুকে পরিত্যাগ কোরো না,
ও যখন দুর্যোগ ঘনিয়ে আসে তখন তোমার আত্মীয়স্বজনের বাড়িতে যেয়ো না—
দূরবর্তী আত্মীয়ের চেয়ে নিকটবর্তী প্রতিবেশী ভালো।
11 হে আমার বাছা, জ্ঞানবান হও, ও আমার হৃদয়কে আনন্দিত করে তোলো;
তবেই তো আমি তাকে উত্তর দিতে পারব যে আমাকে অবজ্ঞা করেছে।
12 বিচক্ষণ মানুষেরা বিপদ দেখে কোথাও আশ্রয় নেয়,
কিন্তু অনভিজ্ঞ লোকেরা এগিয়ে যায় ও শাস্তি পায়।
13 যে আগন্তুকের হয়ে জামিন রাখে তার কাপড়চোপড় নিয়ে নাও;
যদি কোনও বহিরাগতের জন্য তা করা হয়েছে তবে তা বন্ধক রেখে নাও।
14 যদি কেউ ভোরবেলায় তাদের প্রতিবেশীকে জোর গলায় আশীর্বাদ করে,
তবে তা অভিশাপরূপেই গণ্য হবে।
15 কলহপ্রিয়া স্ত্রী ঝড়বৃষ্টির দিনে
ফুটো ছাদ থেকে ফোঁটায় ফোঁটায় পড়া জলের মতো;
16 তাকে সংযত করার অর্থ বাতাসকে সংযত করা
বা হাতের মুঠোয় তেল ধরে রাখা।
17 লোহা যেভাবে লোহাকে শান দেয়,
মানুষও সেভাবে অন্যজনকে শান দেয়।
18 যে ডুমুর গাছ পাহারা দেয় সে তার ফল খাবে,
যারা তাদের প্রভুকে রক্ষা করে তারা সম্মানিত হবে।
19 জল যেভাবে মুখমণ্ডল প্রতিফলিত করে,
মানুষের জীবনও সেভাবে অন্তর প্রতিফলিত করে।
20 মৃত্যু ও বিনাশ কখনোই তৃপ্ত হয় না,
ও মানুষের চোখও হয় না।
21 রুপোর জন্য গলনপাত্র ও সোনার জন্য হাপর,
কিন্তু মানুষ তাদের প্রশংসা দ্বারাই প্রমাণিত হয়।
22 তুমি যতই মূর্খকে হামানদিস্তায় ফেলে পেষাই করো,
মুষল দিয়ে শস্যমর্দন করার মতো তাদের পেষাই করো,
তুমি তাদের জীবন থেকে মূর্খতা দূর করতে পারবে না।
23 তোমার মেষপালের দশা জানার বিষয়ে নিশ্চিত থেকো,
যত্নসহকারে তোমার পশুপালের প্রতি মনোযোগ দিয়ো;
24 কারণ ধনসম্পত্তি চিরকাল স্থায়ী হয় না,
ও মুকুটও পুরুষানুক্রমে নিরাপদ থাকে না।
25 যখন খড় সরিয়ে নেওয়া হবে ও নতুন চারা আবির্ভূত হবে
এবং পাহাড়ের গা থেকে ঘাস সংগ্রহ করা হবে,
26 তখন মেষশাবকেরা তোমার পোশাকের জোগান দেবে,
ও ছাগলেরা ক্ষেতের দাম চোকাবে।
27 তোমার পরিবারের লোকজনকে খাওয়ানোর জন্য
ও তোমার দাসীদের পুষ্টি জোগানোর জন্য তুমি যথেষ্ট পরিমাণ ছাগলের দুধ পাবে।