সিদিকিয় ও ভণ্ড ভাববাদীদের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণীসমূহ (continued)

সিদিকিয়, ভণ্ড ভাববাদীদের, জেরুশালেম ও ইহুদি জাতিসমূহের বিরুদ্ধে বিভিন্ন ভবিষ্যদ্বাণী।

594 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

যিহিষ্কেল 18–19

1 সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল: 2 “ইস্রায়েল দেশ সম্বন্ধে প্রচলিত প্রবাদটি উদ্ধৃত করার দ্বারা লোকেরা কী অর্থ প্রকাশ করে:

“ ‘বাবারা টক আঙুর খেয়েছিলেন,

আর সন্তানদের দাঁত টকে গেছে’?

3 “আমার জীবনের দিব্য, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তোমরা এই প্রবাদ ইস্রায়েলে আর বলবে না। 4 জীবিত সব লোকই আমার, বাবা ও সন্তান উভয়ই আমার। যে পাপ করবে সেই মরবে।

5 “মনে করো, একজন ধার্মিক লোক আছে

যে ন্যায় ও ঠিক কাজ করে।

6 সে পাহাড়ের উপরের কোনো পূজার স্থানে খাওয়াদাওয়া করে না

কিংবা ইস্রায়েলীদের কোনো প্রতিমার পূজা করে না।

সে তার প্রতিবেশীর স্ত্রীকে কলুষিত করে না

কিংবা ঋতুমতী স্ত্রীলোকের সঙ্গে মিলিত হয় না।

7 সে কারও উপরে অত্যাচার করে না, বরং

ঋণীকে বন্ধকি জিনিস ফিরিয়ে দেয়।

সে চুরি করে না

কিন্তু যাদের খিদে পেয়েছে তাদের খাবার দেয়

এবং উলঙ্গদের কাপড় দেয়।

8 সে সুদে টাকা ধার দেয় না

কিংবা বাড়তি সুদ নেয় না।

সে অন্যায় করা থেকে হাত সরিয়ে রাখে

ও লোকদের মধ্যে ন্যায়ভাবে বিচার করে।

9 সে আমার নিয়মকানুন মেনে চলে

ও বিশ্বস্তভাবে আমার বিধান পালন করে।

সেই লোক ধার্মিক;

সে নিশ্চয় বাঁচবে,

এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।

10 “মনে করো যদি সেই লোকের এক হিংস্র ছেলে আছে, যে রক্তপাত করে অথবা এগুলির মধ্যে যে কোনও একটি করে 11 (যদিও তার বাবা এর কোনোটিই করেনি),

“সে পাহাড়ের উপরের পূজার স্থানগুলিতে খাওয়াদাওয়া করে।

সে তার প্রতিবেশীর স্ত্রীকে কলুষিত করে।

12 সে গরিব ও অভাবীদের উপর অত্যাচার করে।

সে চুরি করে।

সে বন্ধকি জিনিস ফিরিয়ে দেয় না।

সে মূর্তির প্রতি দৃষ্টিপাত করে।

সে ঘৃণ্য কাজ করে।

13 সে সুদে টাকা ধার দেয় ও বাড়তি সুদ নেয়।

সেই লোক কি বাঁচবে? সে বাঁচবে না! কারণ সে এসব ঘৃণ্য কাজ করেছে, সে মরবেই মরবে এবং তার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী হবে।

14 “কিন্তু মনে করো এই ছেলের একটি ছেলে আছে যে তার বাবাকে এসব পাপ করতে দেখেছে, এবং যদিও সেসব দেখেও সে তা করে না:

15 “সে পাহাড়ের উপরের পূজার স্থানগুলিতে খাওয়াদাওয়া করে না

কিংবা ইস্রায়েলীদের কোনও প্রতিমার পূজা করে না।

সে তার প্রতিবেশীর স্ত্রীকে কলুষিত করে না।

16 সে কারও উপরে অত্যাচার করে না

কিংবা ঋণীকে বন্ধকি জিনিস ফিরিয়ে দেয়।

সে চুরি করে না

কিন্তু যাদের খিদে পেয়েছে তাদের খাবার দেয়

এবং উলঙ্গদের কাপড় দেয়।

17 সে গরিবদের প্রতি খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকে

এবং সে সুদে টাকা ধার দেয় না কিংবা বাড়তি সুদ নেয় না।

সে আমার নিয়মকানুন মেনে চলে ও আমার বিধান পালন করে।

সে তার বাবার পাপের জন্য মরবে না; সে নিশ্চয় বাঁচবে। 18 কিন্তু তার বাবা নিজের পাপের জন্য মরবে, কারণ সে জোর করে টাকা আদায় করত, ভাইয়ের জিনিস চুরি করত এবং তার লোকদের মধ্যে অন্যায় কাজ করত।

19 “তবুও তোমরা বলছ, ‘বাবার দোষের জন্য কেন ছেলে শাস্তি পাবে না?’ যেহেতু সেই ছেলে তো ন্যায় ও ঠিক কাজ করেছে এবং যত্নের সঙ্গে আমার নিয়ম পালন করেছে, তাই সে নিশ্চয় বাঁচবে। 20 যে পাপ করবে সেই মরবে। ছেলে বাবার দোষের জন্য শাস্তি পাবে না আর বাবাও ছেলের দোষের জন্য শাস্তি পাবে না। ধার্মিক ধার্মিকতার ফল পাবে আর দুষ্ট দুষ্টতার ফল পাবে।

21 “কিন্তু যদি একজন দুষ্টলোক তার সব পাপ থেকে ফিরে আমার নিয়ম সকল পালন করে আর ন্যায় ও ঠিক কাজ করে তবে সে নিশ্চয়ই বাঁচবে; সে মরবে না। 22 যে সকল অপরাধ সে আগে করেছে তার কোনটাই মনে রাখা হবে না। তার ধার্মিক আচরণের জন্য, সে বাঁচবে। 23 দুষ্টলোকের মরণে কি আমি খুশি হই? এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন। বরং তারা তাদের কুপথ থেকে ফিরে বাঁচে, এতে কি আমি খুশি হই না?

24 “কিন্তু যদি একজন ধার্মিক লোক নিজের ধার্মিকতা থেকে ফিরে পাপ করে এবং সেই একই ঘৃণ্য কাজ করে যা দুষ্টলোক করে, তবে সে কি বাঁচবে? তার সব ধার্মিকতার কাজ যা সে আগে করেছে তা মনে রাখা হবে না। কারণ তার অবিশ্বস্ততার জন্য সে দোষী এবং যে পাপ সে করেছে, তার জন্য সে মরবে।

25 “তবুও তোমরা বলছ, ‘প্রভুর পথ ঠিক নয়।’ হে ইস্রায়েল কুল, শোনো, আমার পথ কি অন্যায়ের? তোমাদের পথ কি অন্যায়ের না? 26 যদি একজন ধার্মিক লোক নিজের ধার্মিকতা থেকে ফিরে পাপ করে, সে তার জন্য মরবে; কারণ যে পাপ সে করেছে, সে মরবে। 27 কিন্তু যদি একজন দুষ্টলোক তার দুষ্টতা থেকে ফেরে এবং যা ন্যায্য ও সঠিক তাই করে, সে তার জীবন রক্ষা করবে। 28 যেহেতু সে তার অপরাধের বিষয় বিবেচনা করে তার থেকে ফিরেছে, সে নিশ্চয়ই বাঁচবে; সে মরবে না। 29 অথচ ইস্রায়েল কুল বলছে, ‘প্রভুর পথ ঠিক নয়।’ হে ইস্রায়েল কুল, আমার পথ কি সঠিক নয়? তোমাদের পথ কি অন্যায়ের নয়?

30 “অতএব, হে ইস্রায়েল কুল, আমি তোমাদের প্রত্যেকের আচার-ব্যবহার অনুসারে বিচার করব, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন। মন ফেরাও! তোমাদের অপরাধ থেকে ফেরো; তাহলে পাপ তোমাদের পতনের কারণ হবে না। 31 তোমাদের সমস্ত অন্যায় তোমাদের নিজেদের মধ্য থেকে দূর করো এবং তোমাদের অন্তর ও মন নতুন করে গড়ে তোলো। হে ইস্রায়েল কুল, তুমি কেন মরবে? 32 কারণ আমি কারোর মৃত্যুতে খুশি হই না, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন। মন ফেরাও এবং বাঁচো!

19:1 “তুমি ইস্রায়েলের শাসনকর্তাদের জন্য বিলাপ 2 করে বলো,

“ ‘সিংহদের মধ্যে

তোমার মা ছিল সেরা সিংহী!

সে যুবসিংহদের মধ্যে শুয়ে থাকত;

তার শাবকদের সে লালনপালন করত।

3 তার একটি শাবক বড়ো হয়ে

শক্তিশালী সিংহ হয়ে উঠল।

সে পশু শিকার করতে শিখল

আর মানুষ খেতে লাগল।

4 জাতিরা তার বিষয় শুনতে পেল,

আর সে তাদের গর্তে ধরা পড়ল।

তারা তার নাকে বড়শি পরিয়ে

মিশর দেশে নিয়ে গেল।

5 “ ‘যখন সে দেখল তার আশা পূর্ণ হল না,

তার প্রত্যাশা চলে গেছে,

সে আর তার একটি শাবক নিয়ে তাকে

শক্তিশালী সিংহ করে তুলল।

6 সেই শাবক সিংহদের মধ্যে ঘোরাঘুরি করে

কারণ সে একটি শক্তিশালী সিংহ হয়ে উঠেছিল।

সে পশু শিকার করতে শিখল

আর মানুষ খেতে লাগল।

7 সে তাদের দুর্গগুলি ভাঙল

আর নগর সব ধ্বংস করে ফেলল।

সেই দেশ ও সেখানে যারা বাস করত

তারা তার গর্জনে ভয় পেল।

8 তখন তার চারপাশের জাতিরা

তার বিরুদ্ধে দাড়াল।

তার উপরে তাদের জাল পাতল,

আর সে তাদের গর্তে ধরা পড়ল।

9 তাকে বড়শি পরিয়ে খাঁচায় পুরল

আর তাকে ব্যাবিলনের রাজার কাছে নিয়ে গেল।

তাকে কারাগারে রাখল

যেন তার গর্জন আর শোনা না যায়

ইস্রায়েলের কোনও পাহাড়ে।

10 “ ‘তোমার দ্রাক্ষাক্ষেত্রে তোমার মা জলের ধারে লাগানো

একটি দ্রাক্ষালতার মতো ছিল,

প্রচুর জল পাবার দরুন

তা ছিল ফল ও ডালপালায় ভরা।

11 তার ডালগুলি ছিল শক্ত

শাসনকর্তার রাজদণ্ড হওয়ার উপযুক্ত।

সে খুব উঁচু

এবং ডালপালায় ভরা

সেইজন্য তাকে সুস্পষ্টভাবে দেখা যায়

তার বহু শাখার জন্য।

12 কিন্তু ক্রোধের প্রকোপে সেটিকে নির্মূল করে

মাটিতে ফেলা হল।

পূবের বাতাসে সেটি কুঁকড়ে গেল,

তার ফল পড়ে গেল;

তার শক্ত ডালগুলি শুকিয়ে গেল

এবং আগুন সেগুলিকে গ্রাস করল।

13 এখন সেটি কে মরুভূমিতে,

শুকনো, জলহীন দেশে লাগানো হয়েছে।

14 তার একটি ডাল থেকে আগুন ছড়িয়ে পড়ল

এবং তার ফল আগুন গ্রাস করল।

শাসনকর্তার রাজদণ্ড হওয়ার উপযুক্ত

কোনও শক্ত ডাল আর রইল না।’

এটি একটি বিলাপ এবং এটি বিলাপ হিসেবে ব্যবহার করা হবে।”