সিদিকিয় ও ভণ্ড ভাববাদীদের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণীসমূহ (continued)
সিদিকিয়, ভণ্ড ভাববাদীদের, জেরুশালেম ও ইহুদি জাতিসমূহের বিরুদ্ধে বিভিন্ন ভবিষ্যদ্বাণী।
594 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 পরে সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল, 2 “হে মানবসন্তান, ইস্রায়েলের যে ভাববাদীরা ভাববাণী বলে, তুমি তাদের বিরুদ্ধে ভাববাণী বলো। যারা নিজেদের মনগড়া কথা বলছে তুমি তাদের বলো যে: ‘সদাপ্রভুর বাক্য শোনো! 3 সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন ধিক্ সেই নির্বোধ ভাববাদীরা যারা কোনও দর্শন না পেয়ে তাদের মনগড়া কথা বলে! 4 হে ইস্রায়েল, তোমার ভাববাদীরা ধ্বংসস্থানের শিয়ালদের মতো। 5 তোমরা ইস্রায়েল কুলের দেয়ালের ফাটল মেরামত করতে ওঠোনি যেন সদাপ্রভুর দিনে যুদ্ধের সময়ে সেটি দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারে। 6 তাদের দর্শন অলীক ও তাদের ভবিষ্যৎ-কথন মিথ্যা। তারা বলে, “সদাপ্রভু বলেন,” অথচ সদাপ্রভু তাদের পাঠাননি; তবুও তারা আশা করে যে তাদের কথা সফল হবে। 7 তোমরা কি অলীক দর্শন দেখোনি এবং মিথ্যা ভবিষ্যদ্বাণী উচ্চারণ করোনি যখন তোমরা বলো, “সদাপ্রভু বলেন,” যদিও আমি বলিনি?
8 “ ‘সুতরাং সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তোমাদের অলীক কথা ও মিথ্যা দর্শনের জন্য, আমি তোমাদের বিরুদ্ধে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন। 9 আমার হাত সেই ভাববাদীদের বিরুদ্ধে যারা অলীক দর্শন দেখে এবং মিথ্যা ভবিষ্যদ্বাণী উচ্চারণ করে। তারা আমার প্রজাদের সভায় থাকবে না এবং ইস্রায়েল কুলের বংশতালিকায় তাদের নাম থাকবে না আর তারা ইস্রায়েল দেশে ঢুকবে না। তখন তারা জানবে যে, আমিই সার্বভৌম সদাপ্রভু।
10 “ ‘কারণ যখন কোনও শান্তি নেই তখন তারা “শান্তি” বলে আমার প্রজাদের বিপথে চালায় এবং তারা যেন লোকদের গাঁথা এমন দেয়ালের উপর চুনকাম করে যা শক্ত নয়, 11 সেইজন্য, যারা চুনকাম করছে তুমি তাদের বলো যে, সেই দেয়াল পড়ে যাবে। প্রবল বৃষ্টি পড়বে ও আমি বড়ো বড়ো শিলা পাঠাব এবং ঝোড়ো বাতাস সজোরে বইবে। 12 দেয়াল যখন ভেঙে পড়বে তখন লোকেরা কি তোমাদের জিজ্ঞাসা করবে না, “তোমরা যে চুনকাম করেছিলে তার কি হল?”
13 “ ‘এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমার ভীষণ ক্রোধে ঝোড়ো বাতাস মুক্ত করব, আমার অসন্তোষে আমি বড়ো বড়ো শিলা ও প্রবল বৃষ্টি ধ্বংসাত্মক উন্মত্ততায় পড়বে। 14 যে দেয়াল তোমরা চুনকাম করেছিলে তা আমি ধ্বংস করব ও মাটিতে মিশিয়ে দেব যেন তার ভিত্তি খোলা পড়ে থাকবে। সেটি যখন পড়বে তখন তোমরাও তার সঙ্গে ধ্বংস হবে, এবং তোমরা জানবে যে আমিই সদাপ্রভু। 15 সুতরাং আমি আমার ভীষণ ক্রোধ দেয়ালের ও যারা সেটি চুনকাম করেছিল তাদের উপর ব্যয় করব। আমি তোমাদের বলব, “দেয়াল ও যারা সেটি চুনকাম করেছিল তারা কেউ আর নেই, 16 যে ইস্রায়েলের ভাববাদীরা জেরুশালেমকে ভবিষ্যদ্বাণী করেছিল ও শান্তি না থাকলে তারা শান্তির দর্শন দেখেছিল তারাও নেই, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।” ’
17 “এখন, হে মানবসন্তান, তোমার জাতির যে মেয়েরা ভাববাদিনী হিসেবে নিজেদের কল্পনার কথা বলে এখন তুমি তাদের বিরুদ্ধে দাড়াও। তাদের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী করো, 18 আর বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন ধিক্ সেই মহিলারা যারা লোকদের হাতের জন্য তাবিজ এবং মাথা ঢাকবার জন্য বিভিন্ন মাপের কাপড় তৈরি করো যাতে তোমরা সেই লোকদের ফাঁদে ফেলতে পারো। তোমরা কি আমার লোকদের প্রাণ শিকার করে নিজেদের প্রাণরক্ষা করবে? 19 কয়েক মুঠো যব আর কয়েক টুকরো রুটির জন্য তোমরা আমার লোকদের সামনে আমাকে অসম্মানিত করেছ। আমার লোকেরা, যারা মিথ্যা কথা শোনে, তোমরা তাদের কাছে মিথ্যা কথা বলে যারা মরবার উপযুক্ত নয় তাদের মেরে ফেলেছ এবং যারা বাঁচবার উপযুক্ত নয় তাদের বাঁচিয়ে রেখেছ।
20 “ ‘এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন তোমরা যে তাবিজ দিয়ে পাখির মতো করে লোকদের ধরো আমি তার বিপক্ষে আর আমি তোমাদের হাত থেকে সেগুলি ছিঁড়ে ফেলে দেব; পাখির মতো করে যে লোকদের তোমরা ধরো তাদের আমি মুক্ত করব। 21 তোমাদের মাথা ঢাকবার কাপড়গুলি ছিঁড়ে ফেলে আমি তোমাদের হাত থেকে আমার লোকদের উদ্ধার করব, তারা আর তোমাদের হাতে শিকারের মতো ধরা পড়বে না। তখন তোমরা জানবে যে আমিই সদাপ্রভু। 22 যেহেতু ধার্মিকদের তোমরা তোমাদের মিথ্যা কথা দিয়ে দুঃখ দিয়েছ, যখন আমি তাদের জন্য কোনও দুর্দশা আনিনি, এবং দুষ্ট লোকদের তোমরা অনুপ্রাণিত করেছ যাতে তারা প্রাণ বাঁচাবার জন্য কুপথ থেকে না ফেরে, 23 সেইজন্য তোমরা আর অলীক দর্শন দেখবে না ও ভবিষ্যৎ-কথনের চর্চা করবে না। তোমাদের হাত থেকে আমি আমার লোকদের উদ্ধার করব। আর তখন তোমরা জানবে যে আমিই সদাপ্রভু।’ ”
14:1 ইস্রায়েলের কয়েকজন প্রাচীন আমার কাছে এসে আমার সামনে বসলেন। 2 তখন সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল, 3 “হে মানবসন্তান, এই লোকেরা তাদের অন্তরের মধ্যে প্রতিমা স্থাপন করে নিজেদের সামনে মন্দ প্রতিবন্ধক রেখেছে। আমি কি তাদের কখনও আমার কাছে অনুসন্ধান করতে দেব? 4 অতএব তুমি তাদের সঙ্গে কথা বলে বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, যখন কোনও ইস্রায়েলী তার অন্তরের মধ্যে প্রতিমা স্থাপন করে নিজেদের সামনে মন্দ প্রতিবন্ধক রাখে এবং ভাববাদীর কাছে যায়, আমি সদাপ্রভু নিজেই তার অনেক প্রতিমাপূজা অনুসারে তাকে উত্তর দেব। 5 ইস্রায়েলীদের অন্তর আবার জয় করার জন্যই আমি এটা করব, কারণ তারা সবাই তাদের প্রতিমাগুলির জন্য আমাকে ত্যাগ করেছে।’
6 “অতএব ইস্রায়েল কুলকে তুমি বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তোমরা মন ফিরাও! তোমাদের প্রতিমাগুলি থেকে ফেরো এবং সকল ঘৃণ্য কাজ ত্যাগ করো!
7 “ ‘কোনও ইস্রায়েলী কিংবা ইস্রায়েল দেশে বাসকারী কোনও বিদেশি যদি আমার কাছ থেকে আলাদা হয়ে যায় এবং তার অন্তরের মধ্যে প্রতিমা স্থাপন করে নিজেদের সামনে মন্দ প্রতিবন্ধক রাখে এবং আমার কাছে জিজ্ঞাসা করার জন্য ভাববাদীর কাছে যায়, আমি সদাপ্রভু নিজেই তাকে উত্তর দেব। 8 আমি সেই লোকের বিপক্ষে দাঁড়াব এবং তাকে একটি দৃষ্টান্ত ও একটি চলতি কথার মতো করব। আমার লোকদের মধ্য থেকে আমি তাকে ছেঁটে ফেলব। তখন তোমরা জানবে যে আমিই সদাপ্রভু।
9 “ ‘আর যে ভাববাদী প্ররোচিত হয়ে ভাববাণী বলে, আমি, সদাপ্রভুই সেই ভাববাদীকে প্ররোচিত করেছি, এবং আমি আমার হাত তার বিরুদ্ধে বাড়াব এবং আমার লোক ইস্রায়েলীদের মধ্য থেকে তাকে ধ্বংস করব। 10 তারা তাদের অন্যায়ের শাস্তি পাবে—সেই ভাববাদী এবং যে তার সঙ্গে পরামর্শ করবে সেও দোষী হবে। 11 তখন ইস্রায়েল কুল আর আমার কাছ থেকে বিপথে যাবে না, এবং তাদের সব পাপ দিয়ে নিজেদের আর অশুচি করবে না। তারা আমার লোক হবে এবং আমি তাদের ঈশ্বর হব, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।’ ”
12 সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল, 13 “হে মানবসন্তান, যদি কোনও দেশ আমার প্রতি অবিশ্বস্ত হয়ে পাপ করে আমি তাদের বিরুদ্ধে হাত বিস্তার করে তাদের খাবারের যোগান বন্ধ করে দিই এবং দুর্ভিক্ষ পাঠিয়ে সেখানকার মানুষ ও তাদের পশুদের মেরে ফেলি, 14 এমনকি এই তিনজন লোক—নোহ, দানিয়েল ও ইয়োব—যদি সেখানে থাকত, তারা তাদের ধার্মিকতার জন্য কেবল নিজেদের রক্ষা করতে পারত, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।
15 “আমি যদি দেশে বুনো পশু পাঠাই আর তারা লোকদের নিঃসন্তান করে এবং দেশকে জনশূন্য করে যেন সেই পশুদের ভয়ে কেউ দেশের মধ্যে দিয়ে যাতায়াত না করতে পারে, 16 সার্বভৌম সদাপ্রভু বলেন, আমার জীবনের দিব্য, যদি তিনজন লোক সেখানে থাকত, তারা তাদের নিজেদের ছেলে অথবা মেয়েদেরও রক্ষা করতে পারত না। তারা শুধু নিজেদের বাঁচাতে পারত, কিন্তু দেশ জনশূন্য হত।
17 “অথবা আমি যদি সেই দেশের বিরুদ্ধে তরোয়াল এনে বলি, ‘দেশের মধ্যে দিয়ে তরোয়াল যাক,’ এবং আমি সেখানকার মানুষ ও তাদের পশুদের মেরে ফেলি, 18 সার্বভৌম সদাপ্রভু বলেন, আমার জীবনের দিব্য, যদি তিনজন লোক সেখানে থাকত, তারা তাদের নিজেদের ছেলে অথবা মেয়েদেরও রক্ষা করতে পারত না। তারা শুধু নিজেদের বাঁচাতে পারত।
19 “অথবা আমি যদি দেশের মধ্যে মহামারি পাঠাই এবং সেখানকার মানুষ ও তাদের পশুদের মেরে ফেলার জন্য আমার ক্রোধ ঢেলে রক্ত বহাই, 20 সার্বভৌম সদাপ্রভু বলেন, আমার জীবনের দিব্য, এমনকি যদি সেখানে নোহ, দানিয়েল ও ইয়োব থাকত, তারা তাদের ছেলে অথবা মেয়েদেরও রক্ষা করতে পারত না। তারা তাদের ধার্মিকতার জন্য কেবল নিজেদের রক্ষা করতে পারত।
21 “কারণ সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন এমন যদি হয় তবে আমি মানুষ ও পশুদের মেরে ফেলার জন্য জেরুশালেমের বিরুদ্ধে আমার চারটে ভয়ংকর শাস্তি পাঠাই—তরোয়াল ও দুর্ভিক্ষ ও বুনো পশু ও মহামারি! 22 তবুও সেখানকার কয়েকজন বেঁচে যাবে—ছেলে ও মেয়ে যাদের সেখান থাকে বের করে আনা হবে। তারা তোমাদের কাছে আসবে, এবং যখন তোমরা তাদের কাজ ও আচরণ দেখবে, জেরুশালেমের বিরুদ্ধে যে বিপর্যয় আমি নিয়ে এসেছি সে বিষয় তোমরা সান্ত্বনা পাবে—প্রত্যেক বিপর্যয় যা আমি তার উপরে নিয়ে এসেছি। 23 তাদের কাজ ও আচরণ দেখে তোমরা সান্ত্বনা পাবে, কারণ তোমরা জানতে পারবে যে অকারণে আমি কিছুই করিনি, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।”
15:1 পরে সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল, 2 “হে মানবসন্তান, কেমন করে দ্রাক্ষালতার ডাল অন্য সকল বনের গাছের ডালের থেকে আলাদা? 3 দরকারি কোনও কিছু তৈরি করবার জন্য কি তা থেকে কাঠ নেওয়া হয়? জিনিসপত্র ঝুলিয়ে রাখার জন্য কি তা দিয়ে গোঁজ তৈরি করে? 4 আর যখন সেটি জ্বালানি হিসেবে আগুনে ফেলা হয় এবং কাঠের দুই দিক পুড়ে যায় ও মাঝখানটা কালো হয়ে যায় তখন কি সেটি কোনও কাজে লাগে? 5 আগুনে ফেলার আগে অক্ষত অবস্থায় যদি সেটি কোনো কাজে না লেগে থাকে তবে আগুনে পুড়ে কালো হয়ে গেলে কি তা দিয়ে কোনো দরকারি কিছু তৈরি করা যেতে পারে?
6 “অতএব সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন বনের গাছপালার মধ্যে দ্রাক্ষালতার কাঠকে আমি যেমন জ্বালানি কাঠ হিসেবে আগুনে দিয়েছি, তেমনি জেরুশালেমে বসবাসকারী লোকদেরও আগুনে দেব। 7 আমি তাদের বিরুদ্ধে মুখ রাখব। আগুন থেকে তারা বের হয়ে আসলেও আগুনই তাদের পুড়িয়ে ফেলবে। আমি যখন তাদের বিরুদ্ধে মুখ রাখব, তোমরা তখন জানবে যে আমিই সদাপ্রভু। 8 আমি দেশকে জনশূন্য করব কারণ তারা অবিশ্বস্ত হয়েছে, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।”