পৌল ইফিষীয়দের কাছে পত্র লেখেন
ইফিষীয়দের খ্রীষ্টিয়ান বিশ্বাসে দৃঢ়প্রতিষ্ঠিত করার জন্য পৌল তাদের কাছে তাঁর পত্র লেখেন। তিনি অত্যন্ত প্রাণস্পর্শী ভাষায় ঈশ্বরের সেই দয়ার বর্ণনা দেন, যা অইহুদিদের মোশির বিধানের অধীন না করে খ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমে আহ্বান করায় প্রকাশিত হয়েছে। আর পরিত্রাণের জ্ঞান যারা লাভ করেছে, তাদের সকলের কাছে যে পবিত্রতা ও সুসংগত আচরণ প্রয়োজন, তা পালন করার জন্য তিনি তাদের আহ্বান জানান।
61 খ্রিস্টাব্দ
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
পৌল ইফিষীয়দের শুভেচ্ছা জানান
নির্দিষ্ট ও সাধারণ সম্ভাষণের পর পৌল আনন্দভরে ঈশ্বরকে ধন্যবাদ দেন, কারণ তিনি অইহুদিদের আত্মিক আশীর্বাদ দিয়েছেন এবং তাঁর করুণাময় অভিপ্রায় অনুসারে তাদের পবিত্র ও নির্দোষ মনোনীত প্রজা হওয়ার জন্য আহ্বান করেছেন। যীশু খ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমে তাঁর সন্তানরূপে দত্তক গ্রহণের জন্য তারা পূর্বনির্ধারিত হয়েছিল। তাঁর রক্তের দ্বারা তারা মুক্তি পেয়েছে ও তাদের পাপ ক্ষমা হয়েছে—মোশির বিধানের দ্বারা নয়, বরং তাঁর অপরিমেয় করুণার মাধ্যমে। তিনি প্রেরিতদের আত্মিক বিষয়ে প্রজ্ঞা এবং তা কাজে লাগানোর বিচক্ষণতা দিয়েছেন। তিনি তাদের কাছে তাঁর ইচ্ছার নিগূঢ়তত্ত্ব প্রকাশ করেছেন (অইহুদিদের ইহুদি বিধানের অধীন না করেই তাঁর মণ্ডলীতে গ্রহণ করা), সেই সঙ্গে সেই পরিকল্পনাও প্রকাশ করেছেন, যার মাধ্যমে ইহুদি ও অইহুদি উভয়েই যীশু খ্রীষ্টের অধীনে এক মণ্ডলীতে একত্রিত হবে। খ্রীষ্টের মাধ্যমে বিশ্বাসী ইহুদিরা সেই আত্মিক উত্তরাধিকার পেয়েছে, যা অব্রাহামের আত্মিক সন্তানদের কাছে প্রতিশ্রুত হয়েছিল; খ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের নিজ ইচ্ছার অভিপ্রায় অনুসারে তারা পূর্বনির্ধারিত, বা পুনরায় মনোনীত, হয়েছিল। তারাই প্রথমে খ্রীষ্টে বিশ্বাস করেছিল, আর জগতে পরিত্রাণের জ্ঞান পৌঁছে দিয়ে তাদের তাঁর মহিমার প্রশংসার কারণ হওয়ার কথা ছিল। প্রেরিতদের কাছ থেকে সত্যের বাক্য শুনে অইহুদিরাও তাঁতে বিশ্বাস করেছে। আর তাঁর মাধ্যমে পিতার প্রতিশ্রুত পবিত্র আত্মাকে দেওয়া হয়েছে ইহুদিদের এবং এখন অইহুদিদেরও চিরন্তন উত্তরাধিকারের অঙ্গীকারস্বরূপ, যতক্ষণ না তারা একসঙ্গে তাদের জন্য ক্রয় করা স্বর্গীয় অধিকারে প্রবেশ করে, খ্রীষ্টের প্রশংসা ও মহিমার জন্য।
1 ঈশ্বরের ইচ্ছা অনুসারে খ্রীষ্ট যীশুর প্রেরিতশিষ্য, আমি পৌল,
ইফিষ নগরীর সব পবিত্রগণ ও খ্রীষ্ট যীশুতে বিশ্বস্তজনদের প্রতি,
2 আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্ট থেকে অনুগ্রহ ও শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক।
3 ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা, যিনি খ্রীষ্টে স্বর্গীয় স্থানে সমস্ত আত্মিক আশীর্বাদে আমাদের আশীর্বাদ করেছেন। 4 কারণ জগৎ সৃষ্টির পূর্বেই তিনি আমাদের খ্রীষ্টে মনোনীত করেছিলেন, যেন তাঁর দৃষ্টিতে আমরা প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হতে পারি। 5 প্রেমে, তিনি তাঁর মঙ্গল সংকল্প ও ইচ্ছায়, যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের পুত্ররূপে দত্তক নেওয়ার জন্য পূর্ব থেকেই নির্ধারিত করেছিলেন— 6 এসব তিনি করেছেন তাঁর গৌরবময় অনুগ্রহের প্রশংসার জন্য, যাঁকে তিনি প্রেম করেন, তাঁর মাধ্যমে, যা তিনি বিনামূল্যে আমাদের দান করেছেন। 7 তাঁর দ্বারাই আমরা তাঁর রক্তে মুক্তি, অর্থাৎ সব পাপের ক্ষমা পেয়েছি। এসব ঈশ্বরের অনুগ্রহের প্রাচুর্যর কারণে হয়েছে, 8 যা তিনি সমস্ত প্রজ্ঞা ও বোধশক্তির সঙ্গে আমাদের উপরে পর্যাপ্ত পরিমাণে ঢেলে দিয়েছেন। 9 তিনি তাঁর সেই হিতসংকল্প অনুযায়ী সেই গুপ্তরহস্য আমাদের জানতে দিয়েছেন, যা তিনি খ্রীষ্টে পূর্বসংকল্প করেছিলেন, 10 যা কালের পূর্ণতার সঙ্গে সঙ্গে রূপায়িত করার সংকল্প করেছিলেন, যেন স্বর্গে ও পৃথিবীতে সবকিছুই, এক মস্তক, অর্থাৎ খ্রীষ্টের অধীনে একত্র করেন।
11 যিনি তাঁর সংকল্প অনুসারে সমস্ত কিছু সাধন করেন, তাঁরই পরিকল্পনামতো পূর্ব-নির্ধারিত হয়ে তাঁর মাধ্যমে আমরা মনোনীতও হয়েছি, 12 যেন আমরা যারা খ্রীষ্টের উপরে প্রথমে প্রত্যাশা রেখেছিলাম, সেই আমাদেরই মাধ্যমে তাঁর মহিমার গুণগান হতে পারে। 13 আর তোমরা যখন সত্যের বাণী, তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনেছ, তখনই তোমরা খ্রীষ্টে অন্তর্ভুক্ত হয়েছ। বিশ্বাস করে তোমরা তাঁর মাধ্যমে প্রতিশ্রুত পবিত্র আত্মার মুদ্রাঙ্কণে চিহ্নিত হয়েছ, 14 যিনি আমাদের উত্তরাধিকার সুনিশ্চিত করার জন্য অগ্রিম বায়নাস্বরূপ, যতক্ষণ না তিনি নিজের মহিমার প্রশস্তির জন্য তাঁর আপনজনদের মুক্ত করেন।
পৌল তাদের জ্ঞানালোক লাভের জন্য প্রার্থনা করেন
পৌল তাদের বিশ্বাস গ্রহণের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেন এবং প্রার্থনা করেন, যেন তারা সত্যের জ্ঞানে আরও আলোকিত হয় এবং সুসমাচারের আশীর্বাদ ও তার মহিমাময় প্রবর্তককে পূর্ণতমভাবে উপলব্ধি করতে পারে। তাঁর শক্তিতে খ্রীষ্ট মৃতদের মধ্য থেকে উত্থাপিত হয়েছেন এবং এই জগতে ও আগামী জগতে সর্বোচ্চ মর্যাদা ও কর্তৃত্বের আসনে উন্নীত হয়েছেন। মণ্ডলীর মঙ্গলের জন্য সবকিছু তাঁর অধীন করা হয়েছে; এই মণ্ডলীকে বিশেষভাবে তাঁর দেহ হিসেবে দেখা হয়, আর তিনিই তার সর্বোচ্চ মস্তক। যিনি সর্বত্র সকল মানুষকে পূর্ণ করেন এবং সকলের মধ্যে সর্বেসর্বা, তাঁর কাছ থেকেই মণ্ডলী তার আত্মিক দান ও অনুগ্রহের পূর্ণতা লাভ করে।
15 এই কারণে, প্রভু যীশুর প্রতি তোমাদের বিশ্বাসের ও পবিত্রগণের প্রতি তোমাদের ভালোবাসার কথা যখন শুনেছি, 16 তখন থেকেই আমার প্রার্থনায় তোমাদের স্মরণ করে তোমাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে বিরত হইনি। 17 আমি অবিরত মিনতি করি, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর, গৌরবময় পিতা, তোমাদের প্রজ্ঞা ও প্রত্যাদেশের আত্মা দান করুন, যেন তোমরা তাঁর পরিচয় অনেক বেশি জানতে পারো। 18 আমি আরও প্রার্থনা করি যে, তোমাদের অন্তর্দৃষ্টি আলোকিত হয়ে উঠুক, যেন তাঁর আহ্বানের প্রত্যাশা, পবিত্রগণের মধ্যে তাঁর গৌরবময় উত্তরাধিকারের ঐশ্বর্য 19 এবং আমাদের মতো বিশ্বাসীদের জন্য তাঁর অতুলনীয় মহান শক্তি তোমরা জানতে পারো। সেই শক্তি তাঁর প্রবল পরাক্রমের সঙ্গে কৃতকর্মের মতো সক্রিয়। 20 তিনি সেই শক্তি খ্রীষ্টে প্রয়োগ করেছেন, যখন তিনি তাঁকে মৃতলোক থেকে উত্থাপন করেছেন এবং স্বর্গীয় স্থানে তাঁর ডানদিকে তাঁকে বসিয়েছেন, 21 শুধু বর্তমান কালে নয়, কিন্তু আগামী দিনেও যে সমস্ত শাসন ও কর্তৃত্ব, ক্ষমতা ও আধিপত্য এবং পদাধিকার দেওয়া যেতে পারে, তারও ঊর্ধ্বে তিনি তাঁকে স্থাপন করেছেন। 22 আর ঈশ্বর সমস্তই খ্রীষ্টের পদানত করেছেন, তাঁকেই মণ্ডলীর সবকিছুর উপরে মস্তকরূপে প্রতিষ্ঠা করলেন, 23 সেই মণ্ডলীই তাঁর দেহ, তাঁরই পূর্ণতাস্বরূপ, যিনি সব বিষয় সমস্ত উপায়ে পূর্ণ করেন।
বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণপ্রাপ্ত, বিধান বা যোগ্যতার দ্বারা নয়
ইফিষীয়দের কৃতজ্ঞতা জাগিয়ে তোলার জন্য পৌল তাদের খ্রীষ্টের প্রেমের কথা মনে করিয়ে দেন, যিনি তারা যখন অপরাধে ও পাপে মৃত ছিল, তখন তাদের জীবিত করেছিলেন, বা তাঁর অনুগ্রহে তাদের পূর্ণ করেছিলেন। পৌত্তলিক থাকাকালীন তাদের চরিত্র ও আচরণ কেমন ছিল, তিনি তা বর্ণনা করেন। তারপর ইহুদি ধর্মান্তরিতদের পক্ষ থেকে তিনি স্বীকার করেন যে, তারাও মন পরিবর্তনের আগে একইভাবে জীবনযাপন করত, ফলে অইহুদিদের মতো তারাও স্বভাবগতভাবে ক্রোধের সন্তান হয়ে পড়েছিল। কিন্তু ঈশ্বর তাঁর মহা দয়ায়, তাঁর নিজের অবাধ অনুগ্রহে, তাদের পরিত্রাণের উপায় জুগিয়েছিলেন এবং তাদের জীবিত করেছিলেন: তিনি ইহুদিদের ও অইহুদিদের উভয়কেই খ্রীষ্টে, পাপের মৃত্যু থেকে ধার্মিকতার জীবনে জীবিত করেছিলেন। তিনি তাদের একসঙ্গে উত্থাপিত করেছিলেন, খ্রীষ্টের পুনরুত্থানের দ্বারা তাদের নিজেদের পুনরুত্থানের পূর্বাস্বাদ দিয়ে, এবং তাঁর মহিমান্বিত হওয়ার দ্বারা এই আশা দিয়ে যে, তাঁর মাধ্যমে তারা স্বর্গীয় স্থানে গৃহীত হতে পারে। এতে তিনি খ্রীষ্ট যীশুর মাধ্যমে তাঁর দয়া ও ক্ষমার অতুলনীয় ঐশ্বর্য দেখিয়েছিলেন। কারণ ঈশ্বরের দয়ায়, বিশ্বাসের মাধ্যমে, তারা পরিত্রাণ পেয়েছিল: মোশির বিধানের কাজের দ্বারা বা তাদের নিজেদের কোনো যোগ্যতার দ্বারা নয়, “যেন কেউ গর্ব করতে না পারে,” বরং ঈশ্বরের অবাধ দান ও ইচ্ছার দ্বারা। কারণ তারা ছিল তাঁরই হাতের কাজ, সৎকর্মের জন্য খ্রীষ্ট যীশুতে তাঁর দ্বারা সৃষ্ট, যে সৎকর্ম করার শক্তি তারা তাঁর পবিত্র আত্মার প্রভাবে পাবে বলে ঈশ্বর আগে থেকেই নির্ধারণ করে রেখেছিলেন।
1 তোমাদের কথা বলতে হলে, তোমরা নিজের নিজের অপরাধে ও পাপে মৃত ছিলে, 2 যেগুলির মধ্যে তোমরা জীবনযাপন করতে। তখন তোমরা এই জগতের ও আকাশের রাজ্যশাসকের পথ অনুসরণ করতে, যে আত্মা এখন যারা অবাধ্য, তাদের মধ্যে কার্যকরী রয়েছে। 3 আমরাও সকলে এক সময় তাদেরই মধ্যে জীবনযাপন করতাম। আমাদের পাপময় প্রকৃতির বাসনাকে চরিতার্থ করার জন্য আমরা তার কামনা ও ভাবনার বশে চলতাম। অন্য সকলের মতো, স্বভাবগতভাবে আমরা ছিলাম (ঈশ্বরের) ক্রোধের পাত্র। 4 কিন্তু আমাদের প্রতি মহাপ্রেমের জন্য ঈশ্বর, যিনি অপার করুণাময়, 5 আমরা যখন অপরাধের ফলে মৃত হয়েছিলাম, তখনই তিনি খ্রীষ্টের সঙ্গে আমাদের জীবিত করলেন। আর তোমরা অনুগ্রহেই পরিত্রাণ লাভ করেছ। 6 ঈশ্বর খ্রীষ্টের সঙ্গে আমাদের পুনরুত্থিত করে তাঁরই সঙ্গে আমাদের স্বর্গীয় স্থানে বসিয়েছেন, 7 যেন খ্রীষ্ট যীশুতে আমাদের প্রতি তাঁর যে করুণা প্রকাশ পেয়েছে, আগামী দিনেও তিনি তাঁর সেই অতুলনীয় অনুগ্রহের ঐশ্বর্য প্রদর্শন করতে পারেন। 8 কারণ বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহের দ্বারাই তোমরা পরিত্রাণ লাভ করেছ। তা তোমাদের থেকে হয়নি, কিন্তু ঈশ্বরেরই দান। 9 তা কোনো কাজের ফল নয় যে তা নিয়ে কেউ গর্ববোধ করবে। 10 কারণ আমরা ঈশ্বরের রচনা, সৎকর্ম করার জন্য খ্রীষ্ট যীশুতে সৃষ্ট, যা তিনি পূর্ব থেকেই আমাদের করার জন্য প্রস্তুত করেছিলেন।
খ্রীষ্টে ইহুদিরা ও অইহুদিরা এক মণ্ডলীতে পরিণত
ইহুদি ও অইহুদির পতিত অবস্থার বর্ণনা দেওয়ার পর, পৌল অইহুদিদের স্মরণ করতে বলেন যে, বিশ্বাসে আসার আগে খ্রীষ্ট সম্বন্ধে তাদের কোনো জ্ঞান ছিল না। তারা ইহুদি জাতির বিশেষ অধিকারগুলি থেকে বঞ্চিত ছিল, অব্রাহামের সঙ্গে স্থাপিত প্রতিশ্রুতির নিয়মে তাদের কোনো অংশ ছিল না, পাপের ক্ষমা বা আত্মার অমরত্ব সম্বন্ধে তাদের কোনো সুপ্রতিষ্ঠিত আশা ছিল না, আর তারা জগতে ঈশ্বরবিহীন ছিল। কিন্তু এখন, খ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমে, যারা প্রতিশ্রুতির নিয়ম থেকে দূরে ছিল, তাদের ঈশ্বর খ্রীষ্টের রক্তের দ্বারা কাছে এনেছেন। খ্রীষ্ট ইহুদি ও অইহুদির জন্য মৃত্যুবরণ করে শান্তির নৈবেদ্য হয়েছেন, এবং উভয় জাতির বিশ্বাসীদের নিয়ে তিনি এক মণ্ডলী গঠন করেছেন। দৈহিক মৃত্যুর দ্বারা তিনি সেই ইহুদি বিধিবিধানগুলি লোপ করেছেন, যা তাদের পৃথক করেছিল এবং তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করেছিল। তিনি তাদের মধ্যে শান্তি স্থাপন করে নিজের মধ্যে উভয়কে এক নতুন মানুষ, অর্থাৎ এক নতুন দেহরূপে এক করেছেন, যেন তাঁর দেহের প্রায়শ্চিত্তমূলক বলিদানের দ্বারা উভয়কে ঈশ্বরের সঙ্গে মিলিত করতে পারেন; এভাবে পাপের ফলে ঈশ্বর ও মানুষের মধ্যে যে শত্রুতা সৃষ্টি হয়েছিল, তা তিনি বধ করেছেন, অর্থাৎ ধ্বংস করেছেন। পুনরুত্থানের পরে তিনি তাঁর প্রেরিতদের মাধ্যমে ইহুদি ও অইহুদি উভয়ের কাছে শান্তি ও পুনর্মিলনের কথা প্রচার করেছেন, এবং তাঁর মাধ্যমে উভয়েই একই পবিত্র আত্মার দ্বারা একই পিতার কাছে যাওয়ার অধিকার পেয়েছে। অইহুদিরা আর অপরিচিত নয়, বরং ইহুদিদের সঙ্গে যুক্ত হয়েছে এবং তাঁর পবিত্র প্রজাদের মতো একই বিশেষ অধিকার পেয়েছে। তারা তাঁর পরিবারের, অর্থাৎ দৃশ্যমান মণ্ডলীর সদস্য; এই মণ্ডলী পুরাতন ব্যবস্থায় ভাববাদীদের ও নতুন ব্যবস্থায় প্রেরিতদের শিক্ষার ভিত্তিতে নির্মিত, এবং যীশু খ্রীষ্ট স্বয়ং তার প্রধান কোণপ্রস্তর, যিনি ইহুদি ও অইহুদিদের একই ভবনে যুক্ত করেন। তাঁর মধ্যে ইহুদি ও অইহুদিদের পরস্পরের সঙ্গে সংযুক্ত করে গড়ে তোলা এই ভবন নতুন বিশ্বাসীদের সংযোজনে বৃদ্ধি পেয়ে ঈশ্বরের উদ্দেশে এক পবিত্র মন্দির হয়ে ওঠে। আর খ্রীষ্টের মাধ্যমে তারা, তাঁর ভাইয়েরা, একসঙ্গে গঠিত হয়ে ঈশ্বরের বাসস্থান হয়ে ওঠে, যেখানে তাঁর আত্মা তাদের অন্তরে বাস করেন।
11 অতএব স্মরণ করো, এক সময় তোমরা, যারা জন্মসূত্রে অইহুদি ছিলে, মানুষের হাতে করা “সুন্নতপ্রাপ্ত” ব্যক্তিরা তোমাদের “সুন্নতহীন” বলে অভিহিত করত। 12 স্মরণ করো, সেই সময় তোমরা খ্রীষ্টের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলে, ইস্রায়েলের নাগরিকত্বের সঙ্গে তোমরা ছিলে সম্পর্কহীন এবং প্রতিশ্রুতির নিয়মের কাছে ছিলে অসম্পর্কিত। তোমাদের কোনও আশা ছিল না এবং পৃথিবীতে তোমরা ছিলে ঈশ্বরবিহীন। 13 কিন্তু তোমরা যারা এক সময় বহু দূরবর্তী ছিলে, এখন খ্রীষ্ট যীশুতে তাঁর রক্তের মাধ্যমে নিকটবর্তী হয়েছ।
14 কারণ তিনি স্বয়ং আমাদের শান্তি। তিনি উভয়কে এক করেছেন এবং প্রতিবন্ধকতাকে ধ্বংস করেছেন, বিদ্বেষের প্রাচীর ভেঙে ফেলেছেন, 15 বিধান ও তার নির্দেশমালা, নিয়ন্ত্রণবিধি, সব নিজের শরীরে বিলোপ করেই তা করেছেন। উভয়কে নিয়ে নিজের মধ্যে এক নতুন মানুষ গড়ে তোলা এবং এভাবে শান্তি প্রতিষ্ঠা করাই ছিল তাঁর উদ্দেশ্য। 16 আর এই এক দেহে, ক্রুশের মাধ্যমে তিনি উভয়কে ঈশ্বরের সঙ্গে সম্মিলিত করেছেন, যার দ্বারা তিনি দু-পক্ষের শত্রুতার অবসান ঘটিয়েছেন। 17 তোমরা যারা ছিলে বহুদূরে, আর যারা ছিলে কাছে, তোমাদের সকলের কাছে তিনি এসে শান্তির বাণী প্রচার করেছেন। 18 কারণ তাঁরই মাধ্যমে আমরা দু-পক্ষ একই আত্মার দ্বারা পিতার সান্নিধ্যে আসার অধিকার লাভ করেছি।
19 অতএব, তোমরা আর অসম্পর্কিত ও বহিরাগত নও, তোমরা এখন ঈশ্বরের প্রজাদের সহনাগরিক এবং ঈশ্বরের পরিবারের সদস্য। 20 প্রেরিতশিষ্যবর্গ ও ভাববাদীদের ভিত্তিমূলের উপর তোমাদের গেঁথে তোলা হয়েছে, স্বয়ং খ্রীষ্ট যীশু যার কোণের প্রধান পাথর। 21 তাঁরই মধ্যে সমগ্র কাঠামো একত্রে সন্নিবদ্ধ এবং প্রভুতে তা এক পবিত্র মন্দিররূপে গড়ে উঠছে। 22 তাঁতে তোমাদেরও একসঙ্গে একটি আবাসরূপে গঠন করা হচ্ছে, যেখানে ঈশ্বর তাঁর আত্মায় অধিষ্ঠান করেন।