পৌল প্রেরিত হিসেবে নিজের অধিকারের পক্ষে যুক্তি দেন
এখানে পৌল প্রতিমাপূজা থেকে তাদের বিশ্বাসে আসা এবং তিনি তাদের যে আধ্যাত্মিক দানগুলি দিয়েছিলেন, সেগুলির উল্লেখ করে নিজের প্রেরিতপদের পক্ষে যুক্তি দেন। তাঁর শত্রুদের মতামত ও আচরণ ছিল তাঁর নিজের সম্পূর্ণ বিপরীত; প্রেরিত হিসেবে তাঁর চরিত্রের বিরুদ্ধে তাদের তোলা আপত্তিগুলির তিনি উত্তর দেন। তিনি দৃঢ়ভাবে বলেন যে, করিন্থের মানুষদের কাছ থেকে ভরণপোষণ গ্রহণ করতে অস্বীকার করলেও, অন্য প্রেরিতদের মতো তাঁরও নিজের এবং তাঁর বোন বা স্ত্রীর জন্য তা দাবি করার পূর্ণ অধিকার ছিল। মানুষের সাধারণ রীতি, মোশির বিধান এবং খ্রীষ্টের সুস্পষ্ট আদেশের ভিত্তিতে তিনি ভরণপোষণ পাওয়ার অধিকারের পক্ষে যুক্তি দেন।
57 খ্রিস্টাব্দ
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 আমি কি স্বাধীন নই? আমি কি প্রেরিতশিষ্য নই? আমি কি আমাদের প্রভু, যীশুকে দেখিনি? তোমরা কি প্রভুতে আমার কাজের ফলস্বরূপ নও? 2 আমি যদিও অন্যদের কাছে প্রেরিতশিষ্যরূপে গণ্য না হই, তোমাদের কাছে নিশ্চিতরূপে আমি তো তাই! কারণ প্রভুতে তোমরাই আমার প্রেরিতশিষ্য হওয়ার সিলমোহর।
3 যারা আমার বিচার করে, তাদের কাছে এই হল আমার আত্মপক্ষ সমর্থন। 4 খাওয়াদাওয়া করার অধিকার কি আমাদের নেই? 5 অন্য সব প্রেরিতশিষ্য, প্রভুর ভাইয়েরা ও কৈফার মতো কোনো বিশ্বাসী স্ত্রীকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে যাওয়ার অধিকার কি আমাদের নেই? 6 অথবা, পরিশ্রম না করার অধিকার কি কেবলমাত্র আমার ও বার্ণবার নেই?
7 কে নিজের খরচে সৈনিকের কাজ করে? কে দ্রাক্ষাক্ষেত প্রস্তুত করে ও নিজে তার ফল গ্রহণ করে না? কে পশুপাল চরায় ও তার দুধ পান করে না? 8 আমি কি কেবলমাত্র মানবিক দৃষ্টিভঙ্গি থেকে একথা বলছি? বিধানও কি এই একই কথা বলে না? 9 কারণ মোশির বিধানে একথা লেখা আছে, “শস্য মাড়াই করার সময় বলদের মুখে জালতি বেঁধো না।” ঈশ্বর কি কেবলমাত্র বলদের বিষয়েই চিন্তা করেন? 10 নিশ্চিতরূপে, তিনি আমাদেরও বিষয়ে একথা বলেন, তাই নয় কি? হ্যাঁ, একথা আমাদের জন্য লেখা হয়েছে, কারণ যে চাষ করে, সেই প্রত্যাশাতেই তার চাষ করা উচিত এবং যে শস্য মাড়াই করে, ফসলের ভাগ পাওয়ার প্রত্যাশাতেই তার শস্য মাড়াই করা উচিত। 11 আমরা যদি তোমাদের মধ্যে আত্মিক বীজবপন করে থাকি, তাহলে তোমাদের মধ্য থেকে যদি পার্থিব ফসলের প্রত্যাশা করি, তাহলে কি খুব বেশি চাওয়া হবে? 12 অন্যদের যদি তোমাদের কাছ থেকে সাহায্য লাভের অধিকার থাকে, তাহলে আমাদের এই প্রাপ্য কি আরও বেশি হওয়া উচিত নয়?
কিন্তু আমরা এই অধিকার প্রয়োগ করিনি। কিন্তু তার পরিবর্তে, আমরা সবকিছু সহ্য করেছি, যেন খ্রীষ্টের সুসমাচারের কোনো বাধা সৃষ্টি না করি।
13 তোমরা কি জানো না যে, যারা মন্দিরের কাজ করে, তারা তাদের খাবার মন্দির থেকেই পায় এবং যারা যজ্ঞবেদিতে সেবাকাজ করে, যজ্ঞবেদিতে উৎসর্গ করা নৈবেদ্যের অংশ তারা পায়? 14 একইভাবে, প্রভু এরকম আদেশ দিয়েছেন যে, যারা সুসমাচার প্রচার করে, তাদের জীবিকা সুসমাচার থেকেই হবে।
পৌল ভরণপোষণ পাওয়ার অধিকার ত্যাগ করেন
পৌল করিন্থের খ্রীষ্টিয়ান মণ্ডলীর কাছ থেকে ভরণপোষণ পাওয়ার অধিকার দাবি না করার কারণগুলি জানান: তাঁর আশঙ্কা ছিল যে, তাদের উপর বোঝা চাপিয়ে তিনি হয়তো সুসমাচারের সাফল্য কমিয়ে দেবেন। তিনি নিজের পরিচর্যায় উৎকর্ষ লাভের প্রবল আকাঙ্ক্ষা প্রকাশ করেন। যে কর্তব্য তিনি অসম্পূর্ণ রাখতে পারেন না, সেই প্রচারকাজে সন্তুষ্ট থেকে তিনি দেখান যে, কীভাবে সব ধরনের মানুষের দুর্বলতা ও পূর্বধারণার সঙ্গে তিনি নিজেকে মানিয়ে নেন, যাতে তাদের খ্রীষ্টের কাছে আনতে পারেন। 24 পদ থেকে পৌল তাদের স্বদেশীয়দের একটি রীতির উল্লেখ করে দেখান যে, কষ্ট ও অপ্রয়োজনীয় পরিশ্রম স্বীকার করা তাঁর পক্ষে যথার্থ। সেই লোকেরা কেবল ক্ষয়শীল এক মুকুট জেতার আশা করে। তিনি বিশ্বাসে আসা সকলকে অক্ষয় মুকুটের নিশ্চিত আশায় উৎসাহিত হয়ে তাঁর দৃষ্টান্ত অনুসরণ করতে আহ্বান জানান। তাদের অবিরাম আত্মত্যাগ ও আত্মসংযমের জীবনযাপন করতে অনুরোধ করা হয়।
15 কিন্তু আমি এ সমস্ত কোনো অধিকারই প্রয়োগ করিনি। আর আমি এসব এজন্য লিখছি না যে, তোমরা আমার জন্য এসব কিছু করবে। আমার এই গর্ব থেকে কেউ আমাকে বঞ্চিত করুক, তার থেকে বরং মৃত্যুবরণই আমি শ্রেয় মনে করব। 16 তবুও, আমি যখন সুসমাচার প্রচার করি, আমি গর্ব করতে পারি না, কারণ তা প্রচার করতে আমি বাধ্য। ধিক্ আমাকে, যদি আমি সুসমাচার প্রচার না করি! 17 আমি যদি স্বেচ্ছায় প্রচার করি, তাহলে আমার পুরস্কার আছে। যদি স্বেচ্ছায় না করি, তাহলে আমার উপর দেওয়া দায়িত্ব আমি শুধু পালন করে চলেছি মাত্র। 18 তাহলে আমার পুরস্কার কী? শুধু এই যে, আমি যেন বিনা পারিশ্রমিকে সুসমাচার প্রচার করি, এভাবে তা প্রচার করার জন্য আমার অধিকার যেন আমাকে প্রয়োগ করতে না হয়।
19 যদিও আমি মুক্ত ও কারও অধীন নই, আমি নিজেকে সকলের ক্রীতদাস করে তুলেছি, যেন যতজনকে সম্ভব, ততজনকে জয় করতে পারি। 20 ইহুদিদের কাছে আমি ইহুদির মতো হয়েছি, যেন ইহুদিদের জয় করতে পারি। যারা বিধানের অধীন, তাদের কাছে আমি বিধানের অধীন একজনের মতো হয়েছি (যদিও আমি স্বয়ং বিধানের অধীন নই), যেন বিধানের অধীন মানুষদের আমি জয় করতে পারি। 21 যারা বিধানের অধীন নয়, তাদের জন্য আমি বিধানবিহীন মানুষের মতো হয়েছি (যদিও আমি ঈশ্বরের বিধান থেকে মুক্ত নই, কিন্তু খ্রীষ্টের বিধানের অধীন), যেন যারা বিধানের অধীন নয়, তাদের জয় করতে পারি। 22 দুবর্লদের জন্য আমি দুর্বল হলাম, যেন দুর্বলদের জয় করতে পারি। সব মানুষের কাছে আমি সবকিছু হয়েছি, যেন সম্ভাব্য সমস্ত উপায়ে, আমি কিছু মানুষের পরিত্রাণ সাধন করতে পারি। 23 আমি সুসমাচারের কারণে এ সমস্ত করি, যেন আমি এর সমস্ত আশীর্বাদের অংশীদার হতে পারি।
24 তোমরা কি জানো না যে, দৌড়ের প্রতিযোগিতায় সব দৌড়বাজ দৌড়ায়, কিন্তু কেবলমাত্র একজনই পুরস্কার পায়। তোমরা এমনভাবে দৌড়াও, যেন পুরস্কার পেতে পারো। 25 যারা ক্রীড়া প্রতিযোগী, তারা সকলেই প্রশিক্ষণের মধ্য দিয়ে যায়। তারা এক অস্থায়ী মুকুট পাওয়ার প্রত্যাশায় তা করে, কিন্তু আমরা তা করি এক অক্ষয় মুকুট পাওয়ার প্রত্যাশায়। 26 সেই কারণে, আমি কোনো লক্ষ্যহীন মানুষের মতো ছুটে চলি না; যে বাতাসে মুষ্টিযুদ্ধ করে, আমি তার মতো লড়াই করি না। 27 না, আমি আমার দেহকে প্রহার করে আমার দাসত্বে রাখি, যেন অপর মানুষদের কাছে সুসমাচার প্রচার করার পর, আমি স্বয়ং যেন পুরস্কার লাভের অযোগ্য হয়ে না পড়ি।
ইস্রায়েলের দৃষ্টান্ত করিন্থের মানুষদের সতর্ক করে
প্রাচীনকালের ইস্রায়েলীদের আচরণ থেকে পৌল করিন্থের মানুষদের বোঝাতে চান যে, ঈশ্বরের অনুগ্রহপ্রাপ্ত লোকেরা যেমন তাদের উচ্ছৃঙ্খলতা ও প্রতিমাপূজার জন্য কঠোর শাস্তি পেয়েছিল, তেমনি সুসমাচারের অধীনে থাকা খ্রীষ্টিয়ানেরাও একই পাপ ও সুখভোগে লিপ্ত হলে বিধানের অধীনে থাকা ইস্রায়েলীদের মতো নিশ্চিতভাবেই শাস্তি পাবে। এই দৃষ্টান্তগুলি থেকে তিনি তাদের একই অপরাধ এড়িয়ে চলতে সতর্ক করেন। খ্রীষ্টিয়ান মণ্ডলীর সদস্য বলে নিজেদের উপর অতিরিক্ত ভরসা না করে, তারাও যেন পাপে পতিত না হয় সে বিষয়ে সাবধান থাকতে তিনি তাদের সতর্ক করেন।
1 কারণ ভাইবোনেরা, আমি চাই না, তোমরা এ বিষয়ে অজ্ঞাত থাকো যে, আমাদের পিতৃপুরুষেরা সকলে সেই মেঘের নিচে ছিলেন এবং তাঁরা সকলে সমুদ্রের মধ্য দিয়ে অতিক্রম করেছিলেন। 2 তাঁরা সবাই মোশির উদ্দেশে মেঘে ও সমুদ্রে বাপ্তাইজিত হয়েছিলেন। 3 তাঁরা সকলে একই আত্মিক খাদ্যগ্রহণ করেছিলেন এবং একই আত্মিক পানীয় পান করেছিলেন। 4 কারণ তাঁরা তাঁদের সঙ্গে পথ চলেছিলেন সেই আত্মিক শৈল থেকে পান করতেন এবং সেই শৈল ছিলেন খ্রীষ্ট। 5 তবুও, ঈশ্বর তাঁদের অধিকাংশদের প্রতিই সন্তুষ্ট ছিলেন না; তাই, তাঁদের দেহ মরুপ্রান্তরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রইল।
6 এখন এ সমস্ত বিষয় দৃষ্টান্তস্বরূপ হয়েছিল, যেন তাঁদের মতো আমরাও মন্দ বিষয়ে আসক্ত না হই। 7 তাঁদের মধ্যে যেমন কিছু প্রতিমাপূজক ছিল, তোমরা তাঁদের মতো হোয়ো না, যেমন লেখা আছে: “লোকেরা ভোজনপান করার জন্য বসে পড়ল, তারপর উঠে পরজাতীয়দের মতো হুল্লোড়ে মত্ত হল।” 8 তাঁদের মধ্যে কেউ কেউ যেমন অনৈতিক যৌনাচারে মত্ত হয়েছিল এবং একদিনে তেইশ হাজার মানুষের মৃত্যু হয়েছিল, আমরাও যেন তেমনই ব্যভিচার না করি। 9 তাঁদের কেউ কেউ যেমন মশীহের পরীক্ষা করেছিল ও সাপের কামড়ে মৃত্যুবরণ করেছিল, আমরাও যেন তেমন না করি। 10 আবার তাদের কেউ কেউ অসন্তোষ প্রকাশ করে যেমন মৃত্যুদূতের দ্বারা নিহত হয়েছিল, তোমরাও তেমন কোরো না।
11 এসব বিষয় তাঁদের প্রতি দৃষ্টান্তস্বরূপ ঘটেছিল এবং আমাদের সতর্ক করার জন্যই সেগুলি লেখা হয়েছে—যাদের উপরে শেষ সময় এসে উপস্থিত হয়েছে। 12 তাই, তোমরা যদি মনে করো যে, তোমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছ, সতর্ক থেকো, যেন তোমাদের পতন না ঘটে।
করিন্থের মানুষদের অবশ্যই প্রতিমাপূজা এড়িয়ে চলতে হবে
করিন্থের মানুষেরা অন্যদের মতো একই প্রলোভনের মুখোমুখি হয়; তাদের প্রতিমাপূজা ও প্রতিমার উদ্দেশে উৎসর্গ করা খাবার খাওয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। পৌল আমাদের নিজেদের প্রভুভোজ এবং আনুষ্ঠানিক বিধান থেকে প্রমাণ করেন যে, এমন কাজ আসলে সেইসব মন্দ আত্মার বাহ্যিক উপাসনা, যাদের উদ্দেশে উৎসর্গ করা বলির খাবার তারা খেত এবং যাদের সঙ্গে নিজেদের যুক্ত করত। সত্য ঈশ্বরের উপাসনা ও প্রতিমাপূজা একসঙ্গে চলতে পারে না, আর তা খ্রীষ্টের অসম্মান করে।
13 মানুষের কাছে সাধারণভাবে যেমন ঘটে থাকে, তা ছাড়া অন্য কোনো প্রলোভন তোমাদের প্রতি ঘটেনি। আর ঈশ্বর বিশ্বস্ত। তোমরা যা সহ্য করতে পারো, তার অতিরিক্ত কোনো প্রলোভনে তিনি তোমাদের পড়তে দেবেন না। কিন্তু তোমরা যখন প্রলোভিত হও, তিনিই তোমাদের রক্ষা পাওয়ার পথও করে দেবেন, যেন তার মধ্যেও তোমরা দাঁড়িয়ে থাকতে পারো।
14 সেই কারণে, আমার প্রিয় বন্ধুরা, তোমরা প্রতিমাপূজা থেকে পালিয়ে যাও। 15 তোমাদের বিচক্ষণ মনে করেই আমি একথা বলছি; আমি যা বলি, তা তোমরা নিজেরাই বিচার করো। 16 ধন্যবাদ দেওয়ার যে পানপাত্রটি নিয়ে আমরা ধন্যবাদ দিই, তা কি খ্রীষ্টের রক্তের সহভাগিতা নয়? আবার, যে রুটি আমরা ভেঙে থাকি, তা কি খ্রীষ্টের দেহের সহভাগিতা নয়? 17 কারণ, আমরা যারা অনেকে, আমরা এক রুটি, একই দেহ, কারণ আমরা সকলেই এক রুটি থেকে অংশগ্রহণ করে থাকি।
18 ইস্রায়েল জাতির বিষয়ে বিবেচনা করে দেখো: যারা বিভিন্ন বলির মাংস আহার করে, তারা কি যজ্ঞবেদিতে অংশগ্রহণকারী হয়ে ওঠে না? 19 তাহলে আমি একথাই বোঝাতে চাইছি যে, প্রতিমার কাছে উৎসর্গ করা খাবারের কী মূল্য? বা কোনো প্রতিমারই বা কী মূল্য? 20 কিছুই নয়, কিন্তু যারা প্রতিমাপূজা করে তাদের নিবেদিত সব বলি ভূতদের উদ্দেশে নিবেদিত হয়, ঈশ্বরের উদ্দেশে নয়। আর আমি চাই না যে তোমরা ভূতদের সঙ্গে অংশগ্রহণকারী হও। 21 তোমরা একইসঙ্গে প্রভুর পানপাত্র ও ভূতদের পানপাত্র থেকে অংশগ্রহণ করতে পারো না। 22 আমরা কি প্রভুর ঈর্ষা জাগিয়ে তোলার চেষ্টা করছি? আমরা কি তাঁর চেয়েও শক্তিমান?