পশ্হূরের পরিণতি সম্বন্ধে ভবিষ্যদ্বাণী
609 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 যিরমিয় যখন এসব ভাববাণী বলছিলেন, তখন ইম্মেরের পুত্র, যাজক পশ্হূর, যিনি সদাপ্রভুর মন্দিরের প্রধান কর্মকর্তা ছিলেন, 2 তিনি ভাববাদী যিরমিয়কে প্রহার করে সদাপ্রভুর মন্দিরের বিন্যামীনের উচ্চতর ফটকে হাড়িকাঠে বদ্ধ করে রাখলেন। 3 পরের দিন, পশ্হূর যখন তাঁকে হাড়িকাঠ থেকে মুক্ত করলেন, যিরমিয় তাঁকে বললেন, “সদাপ্রভু তোমার নাম পশ্হূর রাখেননি, কিন্তু মাগোরমিষাবীব রেখেছেন। 4 কারণ সদাপ্রভু এই কথা বলেন: ‘আমি তোমাকে তোমার নিজেরই কাছে ও তোমার সমস্ত বন্ধুর কাছে আতঙ্কস্বরূপ করব; তুমি নিজের চোখে শত্রুদের তরোয়ালের আঘাতে তাদের পতন দেখতে পাবে। আমি সমস্ত যিহূদাকে ব্যাবিলনের রাজার হাতে সমর্পণ করব, সে তাদের ব্যাবিলনে নির্বাসিত করবে, অথবা তরোয়াল দ্বারা মেরে ফেলবে। 5 আমি এই নগরের সমস্ত ঐশ্বর্য তাদের শত্রুদের হাত তুলে দেব—এর সমস্ত উৎপন্ন দ্রব্য, এর সমস্ত মূল্যবান জিনিস এবং যিহূদার রাজাদের সমস্ত ধনসম্পদ তুলে দেব। তারা লুন্ঠিত বস্তুরূপে সেগুলি বহন করে ব্যাবিলনে নিয়ে যাবে। 6 আর পশ্হূর তুমি ও তোমার গৃহে বসবাসকারী প্রত্যেকে ব্যাবিলনে নির্বাসিত হবে। সেখানেই তোমার ও তোমার বন্ধুদের, যাদের কাছে তুমি মিথ্যা ভাববাণী বলেছ, তাদের সকলের মৃত্যু ও কবর হবে।’ ”
7 হে সদাপ্রভু, তুমি আমার বিশ্বাস উৎপন্ন করেছ, তাই আমি বিশ্বাস করেছি;
তুমি আমার উপরে শক্তি প্রয়োগ করে বিজয়ী হয়েছ।
সমস্ত দিন আমাকে উপহাস করা হয়;
প্রত্যেকে আমাকে বিদ্রুপ করে।
8 যখনই আমি কথা বলি, আমি চিৎকার করে উঠি,
আমি হিংস্রতা ও ধ্বংসের কথা ঘোষণা করি।
তাই সদাপ্রভুর বাক্য আমার কাছে
সমস্ত দিন অপমান ও দুর্নাম নিয়ে আসে।
9 কিন্তু আমি যদি বলি, “আমি তাঁর কথা উল্লেখ করব না
বা তাঁর নামে আর কিছু বলব না,”
তাঁর বাক্য আমার হৃদয়ে যেন আগুনের মতো হয়,
যেন আমার হাড়গুলির মধ্যে দাহকারী আগুন বদ্ধ হয়।
আমি তা অন্তরে রেখে ক্লান্ত হই,
সত্যিসত্যিই আমি তা ধরে রাখতে পারি না।
10 আমি অনেক ফিসফিস ধ্বনি শুনি,
“সবদিকেই আতঙ্কের পরিবেশ!
নালিশ করো! এসো তার নামে নালিশ করি!”
আমার সব বন্ধু
আমার স্খলনের অপেক্ষায় আছে।
তারা বলে, “হয়তো সে প্রতারিত হবে;
তখন আমরা তার উপরে জয়ী হব,
আর তার উপরে আমাদের প্রতিশোধ নেব।”
11 কিন্তু এক পরাক্রান্ত বীরের মতো সদাপ্রভু আমার সঙ্গে আছেন;
তাই আমার নির্যাতনকারীরা হোঁচট খাবে, তারা জয়ী হবে না।
তারা ব্যর্থ হবে এবং সম্পূর্ণভাবে অপমানিত হবে;
তাদের অসম্মান কখনও ভোলা যাবে না।
12 হে বাহিনীগণের সদাপ্রভু, তুমি যে ধার্মিকদের পরীক্ষা করে থাকো
এবং তাদের হৃদয় ও মনের অনুসন্ধান করো,
শত্রুদের উপরে তোমার প্রতিশোধ নেওয়া আমাকে দেখতে দাও,
কারণ তোমারই কাছে আমি আমার অভিযোগের বিষয় জানিয়েছি।
13 সদাপ্রভুর উদ্দেশ্যে গান গাও!
সদাপ্রভুরই উদ্দেশ্যে প্রশংসা করো!
তিনি দুষ্টদের হাত থেকে
অভাবগ্রস্তদের প্রাণ উদ্ধার করেন।
14 আমার যেদিন জন্ম হয়েছিল, সেদিনটি অভিশপ্ত হোক!
যেদিন আমার মা আমাকে জন্ম দিয়েছিলেন, সেদিনটি আশীর্বাদবিহীন হোক!
15 সেই মানুষ অভিশপ্ত হোক, যে আমার বাবার কাছে সংবাদ বহন করেছিল,
যে তাঁকে এই কথা বলে ভীষণ আনন্দ দিয়েছিল,
“আপনার এক সন্তানের জন্ম হয়েছে—এক পুত্রসন্তান!”
16 সে মানুষ সেই নগরগুলির মতো হোক,
সদাপ্রভু যাদের নির্মমরূপে উৎপাটিত করেছেন।
সে সকালে শুনুক বিলাপের রব,
দুপুরবেলা শুনুক রণহুঙ্কার।
17 কারণ তিনি আমাকে গর্ভের মধ্যে মেরে ফেলেননি,
তাহলে আমার মা-ই হতেন আমার কবরস্থান,
তাঁর জঠর নিত্য গুরুভার থাকত।
18 কষ্টসমস্যা ও দুঃখ দেখার জন্য,
লজ্জায় আমার জীবন কাটানোর জন্য,
কেন আমি গর্ভ থেকে নির্গত হয়েছি?
শল্লুম ও যিহোয়াকীমের পরিণতি সম্বন্ধে ভবিষ্যদ্বাণী
1 সদাপ্রভু এই কথা বলেন, “তুমি যিহূদার রাজার প্রাসাদে নেমে যাও ও সেখানে এই বার্তা ঘোষণা করো। 2 ‘হে যিহূদার রাজা, তুমি যে দাউদের সিংহাসনে বসে থাকো, তুমি সদাপ্রভুর এই বাক্য শ্রবণ করো—তুমি, তোমার কর্মচারীরা এবং তোমার সব প্রজা, যারা এই দুয়ারগুলি দিয়ে প্রবেশ করো, সকলে শোনো। 3 সদাপ্রভু এই কথা বলেন, যা কিছু যথার্থ ও ন্যায়সংগত, তোমরা তাই করো। যাদের সবকিছু হরণ করা হয়েছে, তাদের অত্যাচারীদের হাত থেকে তাদের রক্ষা করো। বিদেশি, পিতৃহীন বা বিধবাদের প্রতি কোনো অন্যায় বা হিংস্রতার কাজ কোরো না এবং এই স্থানে কোনো নির্দোষ ব্যক্তির রক্তপাত কোরো না। 4 কারণ, যদি তোমরা এসব আদেশ যত্নের সঙ্গে পালন করো, তাহলে দাউদের সিংহাসনে যারা বসে, সেইসব রাজা রথে বা অশ্বদের উপরে আরোহণ করে এই প্রাসাদের দুয়ারগুলি দিয়ে ভিতরে আসবে। তাদের কর্মচারীরা ও তাদের লোকজন তাদের সঙ্গে থাকবে। 5 কিন্তু যদি তোমরা এসব আদেশ পালন না করো, সদাপ্রভু বলেন, আমি নিজের নামেই শপথ করে বলছি যে, এই স্থান এক ধ্বংসস্তূপে পরিণত হবে।’ ”
6 কারণ সদাপ্রভু যিহূদার রাজার এই প্রাসাদ সম্পর্কে এই কথা বলেন:
“তুমি যদিও আমার কাছে গিলিয়দের মতো,
লেবাননের শিখরচূড়ার মতো,
আমি তোমাকে নিশ্চয়ই পতিত জমির তুল্য করব,
তুমি হবে জনবসতিহীন নগরের মতো।
7 আমি তোমার বিরুদ্ধে বিনাশকদের প্রেরণ করব,
প্রত্যেক ব্যক্তি তার অস্ত্র নিয়ে আসবে,
তারা তোমাদের মনোরম সিডার গাছগুলি
কেটে আগুনে নিক্ষেপ করবে।
8 “বহু দেশ থেকে আগত লোকেরা, এই নগরের পাশ দিয়ে যাওয়ার সময় পরস্পরকে জিজ্ঞাসা করবে, ‘সদাপ্রভু কেন এই মহানগরের প্রতি এরকম আচরণ করেছেন?’ 9 তাদের এই উত্তর দেওয়া হবে: ‘কারণ তারা তাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম ত্যাগ করেছিল এবং অন্যান্য দেবদেবীর উপাসনা ও সেবা করেছিল।’ ”
10 তোমরা মৃত রাজার জন্য কেঁদো না বা তাঁর চলে যাওয়ার জন্য বিলাপ কোরো না;
বরং তার জন্য তীব্র রোদন করো, যে নির্বাসিত হয়েছে,
কারণ সে আর কখনও ফিরে আসবে না,
বা তার জন্মভূমি আর দেখতে পাবে না।
11 কারণ, যোশিয়ের পুত্র শল্লুম, যে যিহূদার রাজারূপে তার বাবার উত্তরসূরি হয়েছিল, কিন্তু এই স্থান থেকে যাকে চলে যেতে হয়েছে, তার সম্পর্কে সদাপ্রভু এই কথা বলেন: “সে আর কখনও ফিরে আসবে না। 12 তাকে যেখানে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে, সেই স্থানে সে মৃত্যুবরণ করবে; সে এই দেশ আর কখনও দেখতে পাবে না।”
13 “ধিক্ সেই মানুষকে, যে অধার্মিকতায় তার প্রাসাদ নির্মাণ করে,
অন্যায়ের সঙ্গে তার উপরতলার কক্ষ তৈরি করে,
যে বিনামূল্যে তার স্বদেশি লোকদের কাজ করায়,
তাদের পরিশ্রমের কোনো মজুরি দেয় না।
14 সে বলে, ‘আমি নিজের জন্য এক বিশাল প্রাসাদ নির্মাণ করব,
যার উপরতলার ঘরগুলিতে যথেষ্ট প্রশস্ত স্থান থাকবে।’
তাই সে তার মধ্যে বড়ো বড়ো জানালা বসায়,
তার তক্তাগুলি হয় সিডার-কাঠের
এবং লাল রং দিয়ে সে তা রাঙিয়ে দেয়।
15 “কিন্তু সুন্দর সিডার-কাঠের প্রাসাদ থাকলেই
কেউ মহান রাজা হয় না!
তোমার বাবা কি যথেষ্ট ভোজনপান করত না?
যা যথার্থ ও ন্যায়সংগত, সে তাই করত,
তাই তার পক্ষে সবকিছু ভালোই হয়েছিল।
16 সে দরিদ্র ও নিঃস্বদের পক্ষসমর্থন করত,
তাই সবকিছু ভালোই হয়েছিল।
আমাকে জানার অর্থ কি তাই নয়?”
সদাপ্রভু এই কথা বলেন।
17 “কিন্তু তোমাদের চোখ ও তোমাদের মন
কেবলমাত্র অন্যায্য লাভের প্রতি নিবদ্ধ থাকে,
তোমরা নির্দোষের রক্তপাত করে থাকো,
অত্যাচার ও অন্যায় শোষণ।”
18 সেই কারণে, যিহূদার রাজা যোশিয়ের পুত্র যিহোয়াকীম সম্পর্কে সদাপ্রভু এই কথা বলেন:
“ ‘হায়, আমার ভাই! হায়, আমার বোন!’ বলে
তার জন্য তারা বিলাপ করবে না;
তারা তার জন্য এই বলে শোক করবে না,
‘হায়, আমার মনিব! হায়, তার চোখ ঝলসানো জৌলুস!’
19 গাধার মতো তার কবর হবে,
লোকে তাকে টেনে নিয়ে নিক্ষেপ করবে
জেরুশালেমের ফটকগুলির বাইরে।”
20 “তুমি লেবাননে উঠে যাও ও গিয়ে চিৎকার করো,
বাশনে তোমার কণ্ঠস্বর শোনা যাক,
তুমি অবারীম থেকে চিৎকার করো,
কারণ তোমার সমস্ত মিত্রপক্ষ চূর্ণ হয়েছে।
21 তুমি যখন নিজেকে নিরাপদ মনে করছিলে, আমি তোমাকে সাবধান করেছিলাম,
কিন্তু তুমি বলেছিলে, ‘আমি শুনব না!’
তোমার যৌবনকাল থেকে এই ছিল তোমার অভ্যাস,
তুমি আমার কথা শোনোনি।
22 বাতাস তোমার সমস্ত পালককে উড়িয়ে নিয়ে যাবে,
তোমার মিত্রশক্তি সকলে নির্বাসিত হবে।
তখন তোমার সব দুষ্টতার জন্য,
তুমি লজ্জিত ও অপমানিত হবে।
23 তোমরা যারা লেবাননে বসবাস করো,
যারা সিডার-কাঠের অট্টালিকায় বাসা বেঁধে থাকো,
স্ত্রীলোকের প্রসববেদনার মতো বেদনা যখন তোমাদের ঘিরে ধরবে,
তখন তোমরা কেমন আর্তনাদ করবে!