নাদব ও অবীহূ বিনষ্ট হন
1490 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 হারোণের ছেলে নাদব ও অবীহূ তাদের ধূপাধার নিল, এবং তাতে ধূপ দিয়ে আগুন সংযোগ করল ও সদাপ্রভুর সামনে অসমর্থিত আগুন উৎসর্গ করল, যা তাঁর আজ্ঞার পরিপন্থী। 2 সুতরাং সদাপ্রভুর উপস্থিতি থেকে অগ্নি নির্গত হয়ে তাদের গ্রাস করল ও সদাপ্রভুর সামনে তারা মারা গেল। 3 পরে মোশি হারোণকে বললেন, সদাপ্রভু এমন কথাই বলেছিলেন যখন তিনি আমাকে বলেছিলেন:
“ ‘যারা আমার নিকটবর্তী হয়,
তাদের আমি আমার পবিত্রতা দেখাব
ও সব মানুষের দৃষ্টিতে
আমি সম্মানিত হব।’ ”
হারোণ নীরব থাকলেন।
4 হারোণের কাকা উষীয়েলের ছেলে মীশায়েল ও ইল্সাফনকে মোশি ডাকলেন ও তাদের বললেন, “তোমরা এখানে এসো; ধর্মধামের সামনে থেকে দূরে, শিবিরের বাইরে তোমাদের জ্ঞাতিদের নিয়ে যাও।” 5 সুতরাং তারা এল, জ্ঞাতিদের বহন করল ও কাপড় পরা অবস্থাতেই তাদের শিবিরের বাইরে নিয়ে গেল, যেমন মোশি আদেশ দিয়েছিলেন।
6 পরে হারোণ, তাঁর ছেলে ইলীয়াসর ও ঈথামরকে মোশি বললেন, “তোমাদের মাথা নেড়া কোরো না ও তোমাদের পরিধান ছিঁড়ো না, পাছে তোমরাও মারা যাও, এবং সমগ্র জনমণ্ডলীর উপরে সদাপ্রভুর ক্রোধ বর্ষিত হয়। কিন্তু তোমাদের পরিজন, ইস্রায়েলের সমগ্র সমাজ সদাপ্রভুর কৃত অগ্নিদ্বারা মৃতদের জন্য কাঁদুক। 7 সমাগম তাঁবুর প্রবেশদ্বার ত্যাগ কোরো না, অন্যথায় তোমরা মরবে, কেননা তোমাদের গায়ে সদাপ্রভুর অভিষেকার্থক তেল আছে।” সুতরাং মোশি যেমন বললেন তারা তেমনই করল।
8 পরে সদাপ্রভু হারোণকে বললেন, 9 “সমাগম তাঁবুতে যাওয়ার সময় তোমরা দ্রাক্ষারস অথবা মদ্যপান করবে না, নইলে তোমরা মরবে। এটি বংশপরম্পরায় তোমাদের পালনীয় চিরস্থায়ী বিধি, 10 যেন পবিত্র ও সাধারণের মধ্যে, শুচি ও অশুচির মধ্যে তুমি অবশ্যই পার্থক্য রাখো 11 এবং মোশির মাধ্যমে সদাপ্রভু যেসব বিধি দিয়েছেন সেগুলি তুমি ইস্রায়েলীদের অবশ্যই শেখাবে।”
12 মোশি হারোণকে ও তাঁর দুই ছেলে ইলীয়াসর ও ঈথামরকে বললেন, “সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত অগ্নিকৃত উপহারের অবশিষ্ট যে শস্য-নৈবেদ্য আছে, তা নিয়ে বেদির পাশে খামিরবিহীন খাদ্য প্রস্তুত ও ভোজন করো, কেননা এটি অত্যন্ত পবিত্র। 13 এক পবিত্রস্থানে এই খাদ্য ভোজন করো, কেননা এটি তোমার ও তোমার ছেলেদের অংশ যা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার; কেননা আমি এই আজ্ঞা পেয়েছি। 14 কিন্তু তুমি, তোমার ছেলেমেয়েরা বক্ষ ভোজন করবে, যা দোলানো হল এবং জাং যা সামনে রাখা হল; আনুষ্ঠানিকভাবে শুচি জায়গায় তোমরা এই খাদ্য ভোজন করবে; ইস্রায়েলীদের মঙ্গলার্থক বলি থেকে তোমাদের অংশরূপে এই ভক্ষ্য তোমাকে ও তোমার সন্তানদের দেওয়া হয়েছে। 15 নিবেদিত জাং ও দোলায়িত বক্ষ অগ্নিকৃত উপহারের মেদযুক্ত অংশগুলির সঙ্গে অবশ্যই আনতে হবে, যেন দোদুল্যমান উপহাররূপে সদাপ্রভুর সামনে সেগুলি দোলানো হয়। এগুলি তোমার ও তোমার সন্তানদের নিয়মিত অংশ হবে, যেমন সদাপ্রভু আদেশ দিয়েছেন।”
16 যখন মোশি পাপার্থক বলির জন্য ছাগল অন্বেষণ করলেন, তিনি জানতে পারলেন যে হারোণের অবশিষ্ট দুই ছেলে ইলীয়াসর ও ঈথামর ছাগল পুড়িয়ে দিয়েছে, মোশি ক্রুদ্ধ হয়ে জানতে চাইলেন, 17 “পবিত্রস্থানের এলাকায় তোমরা পাপার্থক বলি ভোজন করলে না কেন? এটি অত্যন্ত পবিত্র এবং জনমণ্ডলীর অপরাধ বহনার্থে সদাপ্রভুর সামনে প্রায়শ্চিত্ত করণার্থে তিনি এটি তোমাদের দিয়েছেন। 18 যেহেতু এর রক্ত পবিত্রস্থানে আনা হয়নি, তাই আমার আজ্ঞানুসারে পবিত্রস্থানের এলাকায় তোমাদের এই ছাগল ভোজন করা উচিত ছিল।”
19 হারোণ মোশিকে উত্তর দিলেন, “আজ সদাপ্রভুর সামনে তারা তাদের পাপার্থক বলি ও হোমবলি উৎসর্গ করল, কিন্তু এই ধরনের ঘটনা আমার প্রতি ঘটল। সদাপ্রভু কি সন্তুষ্ট হতেন, যদি আজ আমি পাপার্থক বলি ভোজন করতাম?” 20 এই কথা শুনে মোশি সন্তুষ্ট হলেন।
দ্বিতীয় নিস্তারপর্ব
1 মিশর থেকে বের হয়ে আসার পর, দ্বিতীয় বছরের প্রথম মাসে, সদাপ্রভু সীনয় মরুভূমিতে মোশির সঙ্গে কথা বললেন। তিনি বললেন, 2 “ইস্রায়েলীরা নিরূপিত সময়ে নিস্তারপর্ব পালন করুক। 3 নির্দিষ্ট সময়ে, অর্থাৎ এই মাসের চতুর্দশ দিনের সন্ধ্যাবেলায়, সমস্ত বিধিনিয়ম অনুসারে, তারা তা সম্পন্ন করুক।”
4 মোশি তখন ইস্রায়েলীদের নিস্তারপর্ব পালন করতে বললেন। 5 তারা সীনয় মরুভূমিতে, প্রথম মাসের চতুর্দশ দিনের সন্ধ্যাবেলায় তা সম্পন্ন করল। ইস্রায়েলীরা ঠিক তাই করল, যে রকম সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।
6 কিন্তু তাদের মধ্যে কয়েকজন একটি মৃতদেহ স্পর্শ করায় আনুষ্ঠানিকভাবে অশুচি হয়েছিল। তাই তারা সেইদিন নিস্তারপর্ব পালন করতে পারেনি। তারা সেদিনই মোশি ও হারোণের কাছে এল 7 এবং মোশিকে বলল, “আমরা একটি মৃতদেহ স্পর্শ করে অশুচি হয়েছি; তা সত্ত্বেও, অন্য ইস্রায়েলীদের সঙ্গে, নিরূপিত সময়ে, সদাপ্রভুর উদ্দেশে নৈবেদ্য আনতে আমরা কেন বঞ্চিত হব?”
8 মোশি তাদের উত্তর দিলেন, “সদাপ্রভু তোমাদের সম্পর্কে কী আদেশ দেন, আমি তা জেনে আসা অবধি, তোমরা অপেক্ষা করো।”
9 সদাপ্রভু তখন মোশিকে বললেন, 10 “তুমি ইস্রায়েলীদের বলো, ‘যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি বা তার বংশধরদের কেউ, শবজনিত কারণে অশুচি হয়, অথবা ভ্রমণপথে দূরে থাকে, তারা তা সত্ত্বেও, সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব পালন করতে পারবে। 11 তারা দ্বিতীয় মাসের চতুর্দশ দিনের সন্ধ্যেবেলা সেই পর্ব সম্পন্ন করবে। খামিরবিহীন রুটি ও তিক্ত শাকের সঙ্গে তারা সেই মেষশাবক আহার করবে। 12 তার কোনো কিছুই তারা সকাল পর্যন্ত রাখবে না, বা তার কোনো অস্থি ভঙ্গ করবে না। তারা যখন নিস্তারপর্ব পালন করবে, তখন তার সমস্ত বিধিনিয়ম অনুসরণ করবে। 13 কিন্তু, যদি কোনো ব্যক্তি আনুষ্ঠানিকভাবে শুচি থাকে, ভ্রমণপথে না থাকে, অথচ নিস্তারপর্ব পালন না করে, সেই ব্যক্তিকে, তার গোষ্ঠী থেকে অবশ্যই উচ্ছেদ করতে হবে। কারণ, সে নির্দিষ্ট সময়ে সদাপ্রভুর নৈবেদ্য নিবেদন করেনি। সেই ব্যক্তি তার পাপের পরিণতি ভোগ করবে।
14 “ ‘তোমাদের মধ্যে কোনো প্রবাসী, কোনো বিদেশি ব্যক্তি যদি সদাপ্রভুর নিস্তারপর্ব পালন করতে ইচ্ছুক হয়, সমস্ত বিধিনিয়ম অনুসরণ করে সে তা অবশ্য করবে। বিদেশি ব্যক্তি হোক অথবা স্বদেশ জাত, প্রত্যেকের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে।’ ”