মোশি মৃত্যুবরণ করতে নেবো পর্বতে ওঠেন
1451 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
48 সেদিনই সদাপ্রভু মোশিকে বললেন, 49 “তুমি যিরীহোর উল্টোদিকে মোয়াব দেশের অবারীম পর্বতমালার মধ্যে নেবো পর্বতে গিয়ে ওঠো এবং অধিকার হিসেবে যে কনান দেশটি আমি ইস্রায়েলীদের দিচ্ছি তা একবার দেখে নাও। 50 তোমার দাদা হারোণ যেমন হোর পাহাড়ে মারা গিয়ে তার পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হয়েছে তেমনি করে তুমিও যে পাহাড়ে উঠবে সেখানে তুমি মারা যাবে এবং তোমার পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হবে। 51 এর কারণ হল, সীন মরুভূমিতে কাদেশের মরীবার জলের কাছে ইস্রায়েলীদের সামনে তোমরা দুজনেই আমার প্রতি অবিশ্বস্ততার কাজ করেছিলে এবং ইস্রায়েলীদের সামনে আমাকে পবিত্র বলে মান্য করোনি। 52 সেইজন্য যে দেশটি আমি ইস্রায়েলীদের দিতে যাচ্ছি তা তুমি কেবল দূর থেকে দেখতে পাবে কিন্তু সেখানে তোমার ঢোকা হবে না।”
মোশি লোকদের আশীর্বাদ করেন
1 ঈশ্বরের লোক মোশি মৃত্যুর আগে ইস্রায়েলীদের এই বলে আশীর্বাদ করেছিলেন: 2 তিনি বলেছিলেন:
“সদাপ্রভু সীনয় থেকে আসলেন
তিনি সেয়ীর থেকে তাদের উপর আলো দিলেন;
পারণ পাহাড় থেকে নিজের উজ্জ্বলতা প্রকাশ করলেন।
অসংখ্য পবিত্রজনেদের কাছ থেকে আসলেন
দক্ষিণ থেকে, তাঁর পাহাড়ের ঢাল থেকে।
3 সত্যিই তুমিই যে লোকদের ভালোবাসো;
সকল পবিত্রজন তোমার হাতে।
তোমার পায়ের নিচে তারা নত হয়,
এবং তোমার কাছ থেকে নির্দেশ নেয়,
4 মোশি আমাদের যে বিধান দিয়েছিলেন,
সেটি হল যাকোব গোষ্ঠীর ধন।
5 লোকদের নেতারা যখন একত্র হল,
ইস্রায়েলের সমস্ত বংশের সাথে,
তখন তিনি ছিলেন যিশুরূণের রাজা।
6 “রূবেণ যেন বেঁচে থাকে ও না মরে,
তার লোকসংখ্যা যেন কম না হয়।”
7 এবং তিনি যিহূদার বিষয়ে এই কথা বলেছিলেন:
“হে সদাপ্রভু, তুমি যিহূদার কান্না শোনো;
তার লোকদের কাছে তাকে আনো।
সে নিজের হাতে তার উদ্দেশ্য রক্ষা করে।
শত্রুর বিরুদ্ধে তুমি তার সাহায্যকারী হও!”
8 লেবির বিষয়ে তিনি বলেছিলেন:
“তোমার তুম্মীম ও ঊরীম আছে
তোমার বিশ্বস্ত দাসের কাছে।
মঃসাতে তুমি তার পরীক্ষা করেছিলে;
মরীবার জলের কাছে তুমি তার সঙ্গে ঝগড়া করেছিলে।
9 সে তার বাবা-মায়ের সম্বন্ধে বলেছিল,
‘তাদের প্রতি আমার কোনও সম্মান নেই।’
সে তার ভাইদের চিনতে পারেনি
বা সে তার নিজের সন্তানদের স্বীকার করেনি,
কিন্তু সে তোমার বাক্য পাহারা দিয়েছিল
এবং তোমার নিয়ম রক্ষা করেছে।
10 তোমার আদেশ সে যাকোবকে
এবং তোমার বিধান ইস্রায়েলকে শিক্ষা দেয়।
সে তোমার সামনে ধূপ জ্বালায়
এবং তোমার বেদির উপরে পূর্ণাহুতি রাখে।
11 সদাপ্রভু, তার সকল দক্ষতাতে আশীর্বাদ করো,
এবং তার হাতের কাজে খুশি হও।
যারা তার বিরুদ্ধে যাবে তাদের আঘাত করো,
যেন তার শত্রুরা আর উঠতে না পারে।”
12 বিন্যামীনের বিষয়ে তিনি বলেছিলেন:
“সদাপ্রভু যাকে ভালোবাসেন সে নিরাপদে তাঁর কাছে থাকবে,
তিনি সবসময় তাকে আড়ালে রাখেন,
এবং সদাপ্রভু যাকে ভালোবাসেন তাঁরই কাঁধের উপরে তার স্থান।”
13 যোষেফের বিষয়ে তিনি বলেছিলেন,
“সদাপ্রভু যেন তার দেশ আশীর্বাদ করেন
আকাশের মহামূল্য শিশির দিয়ে
এবং মাটির নিচের জল দিয়ে;
14 সূর্যের সেরা দান দিয়ে
এবং চাঁদের সেরা ফসল দিয়ে;
15 পুরোনো পাহাড়ের সম্পদ দিয়ে
এবং চিরকালীন পাহাড়ের উর্বরতা দিয়ে;
16 পৃথিবীর ভালো ভালো জিনিস দিয়ে
আর জ্বলন্ত ঝোপে যিনি ছিলেন তাঁর দয়া দিয়ে।
যোষেফের মাথায় এসব আশীর্বাদ ঝরে পড়ুক,
ভাইদের মধ্যে যে রাজকুমার তার মাথার তালুতে পড়ুক।
17 তার মহিমা প্রথমজাত ষাঁড়ের মতো;
তার শিং বন্য ষাঁড়ের শিং।
তা দিয়ে সে জাতিদের গুঁতাবে,
এমনকি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত।
এরকমই হবে ইফ্রয়িমের লক্ষ লক্ষ লোক;
এরকমই হবে মনঃশির হাজার হাজার লোক।”
18 সবূলূনের বিষয়ে তিনি বলেছিলেন:
“সবূলূন, তোমার নিজের বাইরে যাওয়াতে আনন্দ করো,
আর তুমি, ইষাখর, নিজের তাঁবুতে আনন্দ করো।
19 তারা লোকদের পাহাড়ে ডাকবে
আর সেখানে ধার্মিকতার বলি উৎসর্গ করবে;
সমুদ্র থেকে তারা প্রচুর ধন তুলবে,
আর বালি থেকে তুলে আনবে বালির তলার ধন।”
20 গাদের বিষয়ে তিনি বলেছিলেন:
“ধন্য তিনি, যিনি গাদের রাজ্যের সীমানা বাড়াবেন!
গাদ সেখানে সিংহের মতো বসবাস করে,
সে হাত ও মাথা ছিঁড়বে।
21 সে নিজের জন্য সব থেকে ভালো স্থান নিয়েছে;
নেতার অংশ তার জন্য রাখা আছে।
লোকদের প্রধানেরা যখন একত্র হয়,
সে সদাপ্রভুর ধার্মিকতার ইচ্ছা পালন করেছে,
এবং ইস্রায়েল সম্বন্ধে তার বিচার পালন করেছে।”
22 দানের বিষয়ে তিনি বলেছিলেন:
“দান সিংহশাবক,
সে যেন বাশন থেকে লাফিয়ে আসে।
23 “নপ্তালির বিষয়ে তিনি বলেছিলেন:
“নপ্তালি সদাপ্রভুর করুণায় তৃপ্ত
আর তাঁর আশীর্বাদে পরিপূর্ণ;
সে সমুদ্র ও দক্ষিণ অধিকার করবে।”
24 আশেরের বিষয়ে তিনি বলেছিলেন:
আশের অন্যদের চেয়ে বেশি আশীর্বাদ পাবে;
সে যেন ভাইদের কাছে প্রিয় হয়,
তার পা-দুটি যেন তেলের মধ্যে ডুবে থাকে।
25 তোমার দ্বারের হুড়কাগুলি লোহা ও ব্রোঞ্জের হবে,
এবং তোমার যেমন দিন তেমন শক্তি হবে।
26 “যিশুরূণের ঈশ্বরের মতো আর কেউ নেই,
যিনি তোমাকে সাহায্য করার জন্য আকাশপথে চলেন,
ও নিজের মহিমায় মেঘরথে চড়েন।
27 যিনি আদিকালের ঈশ্বর তিনিই তোমার আশ্রয়,
এবং তার নিচে তাঁর অনন্তস্থায়ী হাত।
তিনি তোমাদের সামনে তোমাদের শত্রুদের তাড়িয়ে দেবেন,
আর বলবেন, ‘এদের ধ্বংস করো!’
28 তাই ইস্রায়েল নিরাপদে থাকবে;
যাকোব বিপদ সীমার বাইরে বসবাস করবে
শস্যের ও নতুন দ্রাক্ষারসের দেশে
যেখানে আকাশ থেকে শিশির পড়বে।
29 হে ইস্রায়েল, তুমি ধন্য!
তোমার মতো কে,
যে জাতিকে সদাপ্রভু রক্ষা করেছেন?
তিনি তোমার ঢাল ও সাহায্যকারী
এবং তোমার গৌরবজনক তরোয়াল।
তোমার শত্রুরা তোমার সামনে ভয়ে জড়সড় হয়ে থাকবে,
আর তুমি তাদের উচ্চস্থলী পদদলিত করবে।”
মোশির মৃত্যু ও লোকদের শোক
1 এরপর মোশি মোয়াবের সমতল থেকে যিরীহোর উল্টোদিকে পিস্গা পর্বতমালার মধ্যে নেবো পর্বতে উঠলেন। সেখান থেকে সদাপ্রভু তাঁকে সমগ্র দেশটি দেখালেন—গিলিয়দ থেকে দান পর্যন্ত, 2 নপ্তালির সমস্ত স্থান, ইফ্রয়িম ও মনঃশির দেশ, যিহূদার দেশ ভূমধ্যসাগর পর্যন্ত, 3 নেগেভ এবং খেজুর নগর যিরীহোর তলভূমির সমস্ত অঞ্চল থেকে সোয়র পর্যন্ত। 4 তারপর সদাপ্রভু তাঁকে বললেন, “এই সেই দেশ যা আমি অব্রাহাম, ইস্হাক ও যাকোবের কাছে শপথ করে বলেছিলাম, ‘দেশটি আমি তোমার বংশধরদের দেব।’ আমি সেটি তোমাকে নিজের চোখে দেখতে দিলাম, কিন্তু তুমি পার হয়ে সেই স্থানে যাবে না।”
5 তখন সদাপ্রভুর দাস মোশি মোয়াব দেশে মারা গেলেন, যেমন সদাপ্রভু বলেছিলেন। 6 মোয়াব দেশের বেথ-পিয়োরের সামনের উপত্যকাতে সদাপ্রভুই তাঁকে কবর দিলেন, কিন্তু তাঁর কবরটি যে কোথায় তা আজ পর্যন্ত কেউ জানে না। 7 মারা যাবার সময় মোশির বয়স হয়েছিল 120 বছর, তবুও তাঁর দৃষ্টিশক্তি দুর্বল হয়নি কিংবা তাঁর গায়ের জোরও কমে যায়নি। 8 ইস্রায়েলীরা মোয়াবের সমভূমিতে মোশির জন্য সেই ত্রিশ দিন শোক পালন করল, যতক্ষণ না কান্নাকাটি ও দুঃখপ্রকাশের সময় শেষ হল।
9 আর নূনের ছেলে যিহোশূয় বিজ্ঞতার আত্মায় পরিপূর্ণ হয়েছিলেন, কারণ মোশি তাঁর উপরে হাত রেখেছিলেন। সেইজন্য ইস্রায়েলীরা তাঁর কথা শুনত এবং সদাপ্রভু মোশিকে যে আজ্ঞা দিয়েছিলেন সেই অনুসারে কাজ করত।
10 আজও পর্যন্ত ইস্রায়েলীদের মধ্যে মোশির মতো আর কোনও ভাববাদী জন্মাননি যার সঙ্গে সদাপ্রভু বন্ধুর মতো সামনাসামনি কথা বলতেন, 11 যিনি সেইসব চিহ্ন ও আশ্চর্য কাজ করেছিলেন যেগুলি সদাপ্রভু তাঁকে দিয়ে করাবার জন্য মিশরে পাঠিয়েছিলেন—ফরৌণের ও তার কর্মচারীদের এবং তার সমস্ত দেশের কাছে। 12 কেননা কেউ এমন পরাক্রম কিংবা ভয়ংকর কাজ করেনি যা মোশি সমস্ত ইস্রায়েলের সামনে করেছিলেন।