বিবিধ, নৈতিক ও আনুষ্ঠানিক বিধান

1490 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

লেবীয় পুস্তক 17–18

1 সদাপ্রভু মোশিকে বললেন, 2 “তুমি হারোণকে এবং তার ছেলেদের ও ইস্রায়েলীদের সবাইকে এই কথা বলো, ‘সদাপ্রভু এই আদেশ দিয়েছেন: 3 যদি কোনো ইস্রায়েলী শিবিরের মধ্যে অথবা শিবিরের বাইরে গরু, অথবা মেষ কিংবা ছাগল হত্যা করে, 4 কিন্তু সদাপ্রভুর আবাসের সামনে, সদাপ্রভুর উদ্দেশে উপহার উৎসর্গ করতে সমাগম তাঁবুর প্রবেশদ্বারে তা না আনে, তাহলে সেই মানুষটি রক্তপাতের অপরাধী গণিত হবে; সে রক্তপাত করছে; সুতরাং তার পরিজনদের কাছ থেকে সে উচ্ছিন্ন হবে। 5 এরপরে ইস্রায়েলীরা সদাপ্রভুর উদ্দেশে বিভিন্ন বলিদান আনবে, যেগুলি ওই সময় পর্যন্ত তারা খোলা ময়দানে উৎসর্গ করছিল। তারা যাজকের কাছে সেগুলি অবশ্যই আনবে: অর্থাৎ সমাগম তাঁবুর প্রবেশদ্বারে সদাপ্রভুর সামনে এনে মঙ্গলার্থক বলিরূপে সেগুলি উৎসর্গ করবে। 6 সমাগম তাঁবুর প্রবেশদ্বারে সদাপ্রভুর বেদির সামনে যাজক রক্ত ছিটাবে এবং সদাপ্রভুর সুগন্ধি সন্তোষজনক উপহাররূপে মেদ পোড়াবে। 7 ছাগল প্রতিমাদের উদ্দেশে তারা আর কোনোরকম বলিদান করবে না, যাদের অনুগমনে তারা ব্যভিচার করেছে। তাদের জন্যে ও আগামী প্রজন্মের জন্য এটি চিরস্থায়ী বিধি।’

8 “তাদের বলো, ‘তাদের মধ্যে বসবাসকারী কোনো ইস্রায়েলী অথবা প্রবাসী যদি হোম অথবা বলিদান করে 9 এবং সদাপ্রভুর উদ্দেশে বলিদান করার জন্য সমাগম তাঁবুর প্রবেশদ্বারে ওই নৈবেদ্য না আনে, তাহলে তার পরিজনদের নিকট থেকে সে অবশ্যই উচ্ছিন্ন হবে।

10 “ ‘তোমাদের মধ্যে বসবাসকারী কোনো ইস্রায়েলী অথবা কোনো প্রবাসী যদি রক্ত ভোজন করে, তাহলে আমি ওই রক্ত ভোজনকারীর প্রতি বিমুখ হব ও তার পরিজনদের কাছ থেকে তাকে উচ্ছিন্ন করব। 11 কেননা একটি প্রাণীর রক্তে জীবন থাকে এবং এই জীবন আমি তোমাদের দিয়েছি, যেন তোমাদের জন্য তোমরা বেদির ওপরে প্রায়শ্চিত্ত করতে পারো; এই রক্ত প্রত্যেকজনের জন্য প্রায়শ্চিত্ত সাধন করে। 12 অতএব ইস্রায়েলীদের উদ্দেশে আমি এই কথা বলি, “তোমাদের কেউ অথবা তোমাদের মধ্যে বসবাসকারী কোনো প্রবাসী যেন রক্ত ভোজন না করে।”

13 “ ‘কোনো ইস্রায়েল সন্তান অথবা তোমাদের মধ্যে বসবাসকারী কোনো প্রবাসী যদি মৃগয়াতে গিয়ে ভোজনের উপযোগী পশু অথবা পাখি বধ করে, তাহলে মৃত পশুর অথবা পাখির প্রবাহিত রক্তধারাকে ধুলো দিয়ে ঢেকে দিতে হবে, 14 কারণ প্রত্যেক প্রাণীর জীবন রক্তের মধ্যে রয়েছে। এই কারণে আমি ইস্রায়েলীদের বলেছি, “তোমরা কোনো প্রাণীর রক্ত একেবারে ভোজন করবে না, কারণ রক্তের মধ্যে প্রত্যেক প্রাণীর জীবন রয়েছে, যদি কেউ তা ভোজন করে, তাকে উচ্ছিন্ন হতেই হবে।”

15 “ ‘স্বদেশি অথবা বিদেশি কেউ যদি কোনো মৃত অথবা বিদীর্ণ বন্যপশুর মাংস ভক্ষণ করে, তাহলে সে নিজের কাপড় অবশ্যই ধুয়ে নেবে ও জলে স্নান করবে এবং সন্ধ্যা পর্যন্ত সে আনুষ্ঠানিকভাবে অশুদ্ধ থাকবে; পরে সে শুদ্ধ হবে। 16 কিন্তু সে যদি তার কাপড় না ধোয় ও নিজে স্নান না করে, তাহলে সে নিজের অপরাধ বহন করবে।’ ”

18:1 সদাপ্রভু মোশিকে বললেন, 2 “ইস্রায়েলীদের বলো, ‘আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু। 3 মিশরে তাদের কর্মের মতো কাজ তোমরা কোরো না, যেখানে তোমরা বসবাস করতে এবং কনান দেশে তাদের কর্মানুযায়ী তোমরা কোনও কাজ কোরো না, যেখানে আমি তোমাদের আনছি। তাদের কোনও অনুশীলন অনুকরণ কোরো না। 4 আমার শাসন তোমরা অবশ্যই পালন করবে এবং আমার সব বিধি সযত্নে মানবে। আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু। 5 আমার বিধিলিপি ও নিয়মাবলি পালন করবে, কেননা যে ব্যক্তি সেগুলি পালন করে সে এসবের দ্বারা বাঁচবে। আমি সদাপ্রভু।

6 “ ‘যৌন সম্পর্ক স্থাপনের জন্য কেউ নিকট আত্মীয়ের কাছে যাবে না। আমি সদাপ্রভু।

7 “ ‘তোমাদের মায়ের সাথে যৌন সম্পর্ক রেখে তুমি তোমার বাবাকে অশ্রদ্ধা করো না। তিনি তোমার মা; তাঁর সাথে কোনো যৌন সম্পর্ক রেখো না।

8 “ ‘তোমার বাবার স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক রেখো না; এই কাজ তোমার বাবার অসম্মানজনক।

9 “ ‘তোমার বোনের সাথে অর্থাৎ তোমার বাবার মেয়ের সাথে অথবা তোমার মায়ের মেয়ের সাথে যৌন সম্পর্ক রেখো না; হতে পারে সে একই বাড়িতে অথবা অন্যত্র জন্মেছে।

10 “ ‘তোমার ছেলের মেয়ে অথবা তোমার মেয়ের কোনো মেয়ের সাথে যৌন সম্পর্ক রাখবে না, এই কাজ তোমার অসম্মানজনক।

11 “ ‘তোমার বাবার ঔরসে জাত মেয়ের সঙ্গে তুমি যৌন সম্পর্ক রাখবে না; সে তোমার বোন।

12 “ ‘তোমার বাবার বোনের সঙ্গে তুমি যৌন সম্পর্ক রাখবে না; সে তোমার বাবার নিকট আত্মীয়।

13 “ ‘তোমার মায়ের বোনের সঙ্গে যৌন সম্পর্ক রেখো না, কেননা সে তোমার মায়ের নিকট আত্মীয়।

14 “ ‘তোমার বাবার ভ্রাতৃবধূর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে গিয়ে বাবার ভাইকে অশ্রদ্ধা কোরো না; তিনি তোমার কাকীমা।

15 “ ‘তোমার ছেলের বউ-এর সঙ্গে যৌন সম্পর্ক রেখো না। সে তোমার পুত্রের বউ; তার সাথে অবৈধ সম্পর্ক রাখবে না।

16 “ ‘তোমার ভাই-এর বউ-এর সঙ্গে যৌন সম্পর্ক রাখবে না; এ কাজ তোমার ভাই-এর প্রতি অসম্মানজনক।

17 “ ‘কোনো এক মহিলা ও তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক রাখবে না। তার ছেলের মেয়ে অথবা তার মেয়ের কোনো মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক রাখবে না। তারা তার নিকট আত্মীয়; এটি পাপাচার।

18 “ ‘তোমার স্ত্রীর বোনকে এক প্রতিযোগিনী স্ত্রীরূপে গ্রহণ করবে না ও তোমার স্ত্রী জীবিত থাকাকালীন তার সঙ্গে যৌন সম্পর্ক রাখবে না।

19 “ ‘কোনো মহিলার মাসিক রক্তস্রাবের অশুচিতা থাকাকালীন যৌন সম্পর্ক স্থাপন করার জন্য তার কাছে যাবে না।

20 “ ‘তোমার প্রতিবেশীর স্ত্রী সঙ্গে যৌন সম্পর্ক রেখে তার দ্বারা নিজেকে অশুচি করবে না।

21 “ ‘মোলকের উদ্দেশে তোমার কোনো সন্তান বলিদানার্থে দিয়ো না, কেননা তোমার ঈশ্বরের নাম তুমি কখনও অপবিত্র করবে না। আমি সদাপ্রভু।

22 “ ‘কোনো পুরুষের সঙ্গে সংসর্গ করবে না, যেমন কেউ কোনো মহিলার সঙ্গে শয়ন করে। এই কাজ ঘৃণিত।

23 “ ‘কোনো পশুর সঙ্গে যৌন সম্পর্ক রেখে নিজেকে অশুচি করবে না। একটি নারী কামনা চরিতার্থ করতে যেন কখনও কোনো পশুর কাছে না যায়। এই কাজ চূড়ান্ত দুষ্কর্ম।

24 “ ‘এসব দুষ্কর্ম দ্বারা তোমরা নিজেদের কলুষিত করবে না, কারণ তোমাদের সামনে থেকে যে জাতিদের আমি বিতাড়িত করতে চলেছি, তারা এইভাবে কলুষিত হয়েছিল। 25 এমনকি দেশও কলুষিত হয়েছিল; সুতরাং দেশের পাপের জন্য তাকে শাস্তি দিলাম এবং দেশ তার বাসিন্দাদের উগরে ফেলল। 26 কিন্তু আমার বিধি ও আমার বিধান অবশ্যই পালন করবে। স্বদেশে জাত ও তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশিরা যেন কোনো ঘৃণিত কাজ না করে। 27 কারণ তোমাদের আগে এই দেশে বসবাসকারী লোকেরা এই সমস্ত করেছিল ও দেশ কলুষিত হয়েছিল। 28 আর তোমরা যদি দেশ কলুষিত করো, তাহলে দেশ তোমাদের উগরে দেবে, যেমন তোমাদের আগে সেই জাতিদের উগরে দিয়েছিল।

29 “ ‘যদি কেউ এই ঘৃণিত কাজগুলির মধ্যে কোনো একটি কাজ করে, তাহলে নিজের পরিজনদের মধ্য থেকে সে উচ্ছিন্ন হবে। 30 আমার চাহিদাগুলি পূরণ করবে ও ঘৃণিত কোনো কাজ অনুসরণ করবে না, তোমাদের আগে যেগুলি অনুশীলিত হয়েছিল এবং কুকাজগুলির দ্বারা নিজেদের কলুষিত করবে না। আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু।’ ”