মরিয়ম ম্যাগনিফিকাট গান করেন
যিহূদিয়ার পার্বত্য অঞ্চল
7 অথবা 6 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
লূক 1:46–56
1:46 তখন মরিয়ম বললেন,
“আমার প্রাণ প্রভুর মহিমাকীর্তন করে,
47 আমার পরিত্রাতা ঈশ্বরে আমার আত্মা উল্লাস করে।
48 কারণ তিনি তাঁর এই দীনদরিদ্র দাসীর প্রতি
দৃষ্টিপাত করেছেন।
এখন থেকে পুরুষ-পরম্পরা
আমাকে ধন্য বলে অভিহিত করবে।
49 কারণ যিনি পরাক্রমী, যিনি আমার জন্য কত মহৎ কাজ সাধন করেছেন—
তাঁর নাম পবিত্র।
50 যারা তাঁকে ভয় করে, তাদেরই জন্য
পুরুষ-পরম্পরায় তাঁর করুণার হাত প্রসারিত।
51 তাঁর বাহু সব পরাক্রম কাজ সাধন করেছে;
যারা অন্তরের গভীরতম ভাবনায় গর্বিত, তিনি তাদের ছত্রভঙ্গ করেছেন।
52 শাসকদের তিনি সিংহাসনচ্যূত করেছেন,
কিন্তু বিনম্রদের উন্নত করেছেন।
53 তিনি উত্তম দ্রব্যে ক্ষুধার্তদের তৃপ্ত করেছেন,
কিন্তু ধনীদের রিক্ত হাতে বিদায় করেছেন।
54 আপন করুণার কথা স্মরণ করে,
তিনি তাঁর সেবক ইস্রায়েলকে সহায়তা দান করেছেন।
55 যেমন আমাদের পিতৃপুরুষদের কাছে বলেছিলেন,
অব্রাহাম ও তাঁর বংশধরদের প্রতি চিরতরে করুণা প্রদান করেছেন।”
56 মরিয়ম প্রায় তিন মাস ইলিশাবেতের কাছে রইলেন, তারপর তিনি বাড়িতে ফিরে এলেন।
যোহনের জন্ম, শৈশব ও মরুপ্রান্তরের জীবন
বাপ্তিষ্মদাতা যোহনের জন্ম ও শৈশব এবং মরুপ্রান্তরে তাঁর জীবন।
যিহূদিয়ার পার্বত্য অঞ্চল। খ্রীষ্টপূর্ব 7 বা 6
লূক 1:57–80
1:57 প্রসবের সময় পূর্ণ হলে, ইলিশাবেত এক পুত্রসন্তানের জন্ম দিলেন। 58 তাঁর প্রতিবেশী এবং আত্মীয়পরিজনেরা শুনল যে, প্রভু তাঁর প্রতি মহৎ করুণা প্রদর্শন করেছেন, আর তারাও তাঁর আনন্দের অংশীদার হল।
59 অষ্টম দিনে তারা শিশুটিকে সুন্নত করার জন্য এসে তার পিতার নাম অনুসারে শিশুটির নাম সখরিয় রাখতে চাইল। 60 কিন্তু তার মা বলে উঠলেন, “না, ওর নাম হবে যোহন।”
61 তারা তাঁকে বলল, “কেন? আপনার আত্মীয়স্বজনদের মধ্যে কারও তো এই নাম নেই!”
62 তখন তারা তার পিতার কাছে ইশারায় জানতে চাইল, তিনি শিশুটির কী নাম রাখতে চান। 63 তিনি একটি লিপিফলক চেয়ে নিলেন এবং সবাইকে অবাক করে দিয়ে লিখলেন, “ওর নাম যোহন।” 64 সঙ্গে সঙ্গে তাঁর মুখ খুলে গেল, জিভের জড়তা চলে গেল, আর তিনি কথা বলতে লাগলেন ও ঈশ্বরের প্রশংসায় মুখর হলেন। 65 প্রতিবেশীরা সবাই ভীত হল এবং যিহূদিয়ার সমস্ত পার্বত্য অঞ্চলের লোকেরা এসব বিষয় নিয়ে আলোচনা করতে লাগল। 66 যারা শুনল, তারা প্রত্যেকেই বিস্মিত হয়ে বলাবলি করল, “এই শিশুটি তাহলে ভবিষ্যতে কী হবে?” কারণ প্রভুর হাত ছিল তার সহায়।
67 তখন তার পিতা সখরিয় পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে ভাববাণী করলেন। তিনি বললেন:
68 “প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের নাম প্রশংসিত হোক,
কারণ তিনি এসে তাঁর প্রজাদের মুক্ত করেছেন।
69 তিনি তাঁর দাস দাউদের বংশে আমাদের জন্য
এক ত্রাণশৃঙ্গ তুলে ধরেছেন,
70 (বহুকাল আগে তাঁর পবিত্র ভাববাদীদের মাধ্যমে তিনি যেমন বলেছিলেন),
71 যেন আমরা আমাদের সব শত্রুর কবল থেকে উদ্ধার পাই,
যারা আমাদের ঘৃণা করে,
তাদের হাত থেকে রক্ষা পাই,
72 আমাদের পিতৃপুরুষদের প্রতি করুণা প্রদর্শন
এবং তাঁর পবিত্র নিয়ম স্মরণ করার জন্য,
73 আমাদের পিতা অব্রাহামের কাছে তিনি যা শপথ করেছিলেন:
74 তিনি আমাদের সব শত্রুর হাত থেকে
আমাদের নিস্তার করবেন,
যেন নির্ভয়ে তাঁর সেবা করতে আমাদের সক্ষম করেন,
75 যেন তাঁর সামনে পবিত্রতায় ও ধার্মিকতায় আমরা তাঁর সেবা করে যাই।
76 “আর তুমি, আমার শিশুসন্তান,
তুমি পরাৎপরের ভাববাদী বলে আখ্যাত হবে,
কারণ প্রভুর পথ প্রস্তুতির জন্য
তুমি তাঁর অগ্রগামী হবে;
77 তাঁর প্রজাবৃন্দকে, তাদের পাপসমূহ ক্ষমার মাধ্যমে
পরিত্রাণের জ্ঞান দেওয়ার জন্য।
78 আমাদের ঈশ্বরের স্নেহময় করুণার গুণে,
স্বর্গ থেকে আমাদের মাঝে স্বর্গীয় জ্যোতির উদয় হবে।
79 যারা অন্ধকারে, মৃত্যুচ্ছায়ায় বসবাস করছে,
তাদের উপর আলো বিকীর্ণ করতে,
আমাদের পা শান্তির পথে চালিত করতে।”
80 আর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই শিশু আত্মাতে বলীয়ান হয়ে উঠলেন এবং ইস্রায়েলের জনসমক্ষে আত্মপ্রকাশ না করা পর্যন্ত, তিনি মরুপ্রান্তরে বসবাস করলেন।