ভাগ 14: মনঃশির রাজত্ব
যিহূদার রাজ্য
মনঃশির প্রতিমাপূজা
698 খ্রিস্টপূর্ব
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
1 মনঃশি বারো বছর বয়সে রাজা হলেন, এবং জেরুশালেমে তিনি পঞ্চান্ন বছর রাজত্ব করলেন। তাঁর মায়ের নাম হিফসীবা। 2 ইস্রায়েলীদের সামনে থেকে সদাপ্রভু যে জাতিদের দূর করে দিলেন, তাদের ঘৃণ্য প্রথা অনুসরণ করে তিনি সদাপ্রভুর দৃষ্টিতে যা যা মন্দ, তাই করলেন। 3 তাঁর বাবা হিষ্কিয় প্রতিমাপুজোর যেসব উঁচু উঁচু স্থান ভেঙে ফেলেছিলেন, তিনি আবার সেগুলি নতুন করে গড়ে দিলেন; এছাড়াও ইস্রায়েলের রাজা আহাবের মতো তিনিও বায়ালের কয়েকটি যজ্ঞবেদি তৈরি করলেন ও আশেরার একটি খুঁটি দাঁড় করিয়েছিলেন। তিনি আকাশের সব তারকাদলের সামনে মাথা নত করতেন ও তাদের পুজোও করতেন। 4 সদাপ্রভুর সেই মন্দিরের মধ্যে তিনি কয়েকটি যজ্ঞবেদি তৈরি করলেন, যে মন্দিরের বিষয়ে সদাপ্রভু বললেন, “জেরুশালেমে আমি আমার নাম প্রতিষ্ঠিত করব।” 5 সদাপ্রভুর মন্দিরের দুটি প্রাঙ্গণে তিনি আকাশের সব তারকাদলের জন্য কয়েকটি বেদি তৈরি করে দিলেন। 6 তিনি নিজের ছেলেকে আগুনে বলিরূপে উৎসর্গ করলেন। তিনি দৈববিচার প্রয়োগ করতেন, শুভ-অশুভ লক্ষণের খোঁজ করতেন, এবং প্রেতমাধ্যম ও অশরীরী আত্মার কাছে পরামর্শ নিতে যেতেন। সদাপ্রভুর দৃষ্টিতে প্রচুর মন্দ কাজ করে তিনি তাঁর ক্রোধ জাগিয়ে তুলেছিলেন।
7 তিনি আশেরার যে বাঁকা খুঁটিটি তৈরি করলেন, সেটি তিনি সদাপ্রভুর সেই মন্দিরে নিয়ে গিয়ে রেখেছিলেন, যেখানকার বিষয়ে সদাপ্রভু দাউদ ও তাঁর ছেলে শলোমনকে বলে দিলেন, “যে মন্দির ও জেরুশালেম নগরটি আমি ইস্রায়েলের সব গোষ্ঠীর মধ্যে থেকে আলাদা করে বেছে রেখেছি, সেখানেই আমি চিরকালের জন্য আমার নাম প্রতিষ্ঠিত করে রাখব। 8 যে দেশটি আমি ইস্রায়েলীদের পূর্বপুরুষদের দিয়েছিলাম, আমি আর কখনও তাদের সেই দেশ ছেড়ে চলে যেতে দেব না, শুধু যদি তারা সেইসব কাজ করার জন্য একটু সতর্ক হয়, যেগুলি করার আদেশ আমি তাদের দিয়েছিলাম এবং আমার দাস মোশি তাদের যে বিধান দিয়েছিল, তা যদি তারা পুরোপুরি পালন করে।” 9 কিন্তু লোকেরা সেকথা শোনেনি। মনঃশি এমনভাবে তাদের বিপথে পরিচালিত করলেন, যে তারা সেইসব জাতির চেয়েও বেশি পরিমাণে কুকাজ করল, যাদের সদাপ্রভু তাদের সামনেই ধ্বংস করে দিলেন।
10 সদাপ্রভু তাঁর দাস ভাববাদীদের মাধ্যমে বললেন: 11 “যিহূদার রাজা মনঃশি এইসব ঘৃণ্য পাপ করেছে। তার আগে যারা ছিল, সেই ইমোরীয়দের চেয়েও সে বেশি পরিমাণে কুকাজ করেছে এবং তার প্রতিমার মূর্তিগুলি দিয়ে সে যিহূদাকে পাপপথে পরিচালিত করেছে। 12 তাই ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু একথাই বলেন: আমি জেরুশালেমে ও যিহূদায় এমন বিপর্যয় আনতে চলেছি, তা যে কেউ শুনবে, তার কান ভোঁ ভোঁ করে উঠবে। 13 শমরিয়ার বিরুদ্ধে মাপার যে ফিতে ব্যবহার করা হল, এবং আহাব কুলের বিরুদ্ধে যে ওলন-দড়ি ব্যবহার করা হল, আমি জেরুশালেমের উপরেও সেগুলি ছড়িয়ে দেব। মানুষ যেভাবে থালা মুছে রাখে, আমি জেরুশালেমকেও সেভাবে মুছে রাখব, সেটি মুছে উল্টো করে রাখব। 14 আমার উত্তরাধিকারের অবশিষ্টাংশকে আমি ত্যাগ করব এবং শত্রুদের হাতে তাদের তুলে দেব। তাদের সব শত্রুর দ্বারা তারা লুন্ঠিত হবে; 15 তারা আমার দৃষ্টিতে কুকাজ করেছে এবং যেদিন তাদের পূর্বপুরুষেরা মিশর থেকে বের হয়ে এসেছিল, সেদিন থেকে শুরু করে আজও পর্যন্ত তারা আমার ক্রোধ জাগিয়েই চলেছে।”
16 এছাড়াও, মনঃশি এত নির্দোষ লোকের রক্তপাত করলেন যে তা দিয়ে তিনি জেরুশালেমের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পূর্ণ করে ফেলেছিলেন। এর পাশাপাশি, তিনি যিহূদাকে দিয়ে এমন সব পাপ করিয়েছিলেন যে তারা সদাপ্রভুর দৃষ্টিতে যা যা মন্দ, তাই করল।
যিশাইয় শিব্নের বন্দিদশার ভবিষ্যদ্বাণী করেন
15 প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু, এই কথা বলেন:
“তুমি শিব্ন, যে প্রাসাদের তত্ত্বাবধায়ক,
ওই পরিচারকের কাছে গিয়ে বলো:
16 তুমি এখানে কী করছ আর কে-ই বা তোমাকে অনুমতি দিয়েছে
তোমার কবর এখানে কেটে রাখার,
পাহাড়ের উপরে তোমার কবর খোদাই করার,
শৈলের মধ্যে তোমার বিশ্রামস্থান বাটালি দিয়ে নির্মাণ করার?
17 “তুমি সাবধান হও, ওহে শক্তিশালী মানুষ,
সদাপ্রভু তোমাকে শক্ত হাতে ধরে নিক্ষেপ করতে চলেছেন।
18 তিনি তোমাকে শক্ত করে গুটিয়ে বলের মতো করবেন
এবং বৃহৎ এক দেশে তোমাকে ছুঁড়ে দেবেন।
সেখানে তোমার মৃত্যু হবে
আর তোমার অহংকারের রথগুলি সেখানেই থাকবে,
যেগুলি তোমার মনিবের গৃহের কলঙ্কস্বরূপ হবে!
19 আমি তোমার কার্যালয় থেকে তোমাকে বরখাস্ত করব,
তোমার পদ থেকে তুমি বহিষ্কৃত হবে।
20 “সেদিন, আমি আমার দাস, হিল্কিয়ের পুত্র ইলিয়াকীমকে আহ্বান করব। 21 আমি তাকে তোমার পোশাক পরিয়ে দেব এবং তোমার কোমরবন্ধনী তার কোমরে জড়াব ও তোমার শাসনপদ তার হাতে দেব। যারা জেরুশালেমে থাকে ও যিহূদা কুলে বসবাস করে, আমি তাকে তাদের পিতৃস্বরূপ করব। 22 আমি দাউদ কুলের চাবি তার স্কন্ধে ন্যস্ত করব; সে যা খুলবে, কেউ তা বন্ধ করতে পারবে না এবং সে যা বন্ধ করবে, কেউ তা খুলতে পারবে না। 23 আমি এক সুদৃঢ় স্থানে তাকে গোঁজের মতো স্থাপন করব; সে তার পিতৃকুলে এক সম্মানের আসনস্বরূপ হবে। 24 তার বংশের সব গরিমা তারই উপরে ঝুলবে: তার সন্তানসন্ততি ও বংশধরেরা, যেমন কোনো গোঁজের উপরে ছোটো-বড়ো নির্বিশেষে সব পাত্র ঝুলতে থাকে।”
25 সর্বশক্তিমান সদাপ্রভু ঘোষণা করেন, “সেদিন, সেই দৃঢ় স্থানে স্থাপিত গোঁজ আলগা হয়ে যাবে; তা উপড়ে নিচে পড়ে যাবে এবং তার মধ্যে ঝুলে থাকা সমস্ত ভার কেটে ফেলা হবে।” কারণ সদাপ্রভু স্বয়ং এই কথা বলেছেন।