বলিদানের বিধান

1490 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

লেবীয় পুস্তক 1–3

1 সদাপ্রভু মোশিকে ডাকলেন ও সমাগম তাঁবু থেকে তাঁর সঙ্গে কথা বললেন। তিনি বললেন, 2 “ইস্রায়েলীদের সঙ্গে কথা বলো, তাদের বলো: ‘তোমাদের মধ্যে যদি কেউ সদাপ্রভুর উদ্দেশে উপহার দেয়, সে পশুপাল থেকে অর্থাৎ গোপাল অথবা মেষপাল থেকে একটি পশু উৎসর্গ করুক।

3 “ ‘যদি সে পশুপাল থেকে হোমবলি উপহার দেয়, তাহলে নিষ্কলঙ্ক এক পুংপশু উৎসর্গ করুক। সে অবশ্যই সমাগম তাঁবুর প্রবেশদ্বারে এই উপহার রাখবে, যেন তা সদাপ্রভুর গ্রহণযোগ্য হয়। 4 হোমবলির মাথায় সে হাত রাখবে ও তা প্রায়শ্চিত্তরূপে তার পক্ষে গৃহীত হবে। 5 পরে সদাপ্রভুর সামনে সে এঁড়ে বাছুরটি বধ করবে এবং এরপরে হারোণের পুত্র যাজকেরা রক্ত নেবে ও সমাগম তাঁবুর প্রবেশদ্বারের চারপাশে বেদির সর্বত্র রক্ত ছিটিয়ে দেবে। 6 সে ওই হোমবলির চামড়া খুলবে ও বলিকৃত পশু কেটে খণ্ড খণ্ড করবে। 7 এরপর হারোণের পুত্র যাজকেরা বেদিতে অগ্নি সংযোগ করবে ও আগুনের মধ্যে কাঠ দেবে। 8 পরে হারোণের পুত্র যাজকেরা পশুর মাথা ও চর্বি সমেত খণ্ডগুলি সাজাবে, এবং বেদিতে জ্বলন্ত কাঠের উপরে রাখবে। 9 পশুর শরীরের ভিতরের অংশ ও পাগুলি সে জলে ধোবে এবং যাজক সে সকল বেদির আগুনে পোড়াবে। এটি হোমবলি, সদাপ্রভুর উদ্দেশে সন্তোষজনক সৌরভার্থক অগ্নিকৃত এক উপহার।

10 “ ‘যদি মেষপাল থেকে হোমবলি উৎসর্গ করা হয়, পালের মেষ কিংবা ছাগল হোক, তা হবে নিষ্কলঙ্ক এক পুংশাবক। 11 সদাপ্রভুর সামনে বেদির উত্তর দিকে সে পশুটি হত্যা করবে ও হারোণের পুত্র যাজকেরা বেদির চারপাশে বলিদানের রক্ত ছিটিয়ে দেবে। 12 সে পশুটিকে খণ্ড খণ্ড করে কাটবে এবং পশুটির মাথা ও চর্বি সমেত সমস্ত অর্ঘ্য যাজক সাজাবে ও বেদিতে জ্বলন্ত কাঠের উপরে রাখবে। 13 সে ওই পশুর অন্ত্র ও পা জলে ধুয়ে নেবে এবং যাজক সমস্ত নৈবেদ্য তুলবে ও বেদিতে পোড়াবে। এটি হোমবলি, সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক সন্তোষজনক উপহার।

14 “ ‘যদি সদাপ্রভুর উদ্দেশে পাখিদের হোমবলি উৎসর্গ করা হয়, তাহলে ঘুঘু অথবা কপোতশাবক সে উপহার দেবে। 15 যাজক ওই পাখিকে বেদিতে আনবে, তার মাথা মুচড়ে বেদিতে পোড়াবে; পাখির রক্ত বেদির পাশ দিয়ে প্রবাহিত হতে দেবে। 16 সে ওই পাখির কণ্ঠনালীর থলি ও অন্যান্য আবর্জনা তুলবে ও ভস্মস্থানের বেদির পূর্বদিকে নিক্ষেপ করবে। 17 সে পাখিটির ডানা ভাঙবে, কিন্তু পাখিটিকে পুরোপুরি ছিঁড়ে ফেলবে না, এবং বেদিতে জ্বলন্ত কাঠে যাজক পাখিটিকে পোড়াবে। এটি হোমবলি, যা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক সন্তোষজনক এক উপহার।

2:1 “ ‘যখন কেউ সদাপ্রভুর উদ্দেশে শস্য-নৈবেদ্য আনবে, সে মিহি ময়দার উপহার আনবে, ময়দাতে জলপাই তেল ঢালবে, নৈবেদ্যের উপরে ধূপ রাখবে 2 এবং হারোণের পুত্র যাজকদের কাছে নিয়ে যাবে। যাজক সমস্ত ধূপ সমেত একমুঠো মিহি ময়দা ও তেল নেবে এবং নৈবেদ্যের স্মরণীয় অংশরূপে তা বেদিতে পোড়াবে, যা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক সন্তোষজনক অগ্নিকৃত উপহার। 3 শস্য-নৈবেদ্যের অবশিষ্টাংশ হারোণের ও তাঁর ছেলেদের হবে; এটি সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত সমস্ত উপহারের অতি পবিত্র অংশ।

4 “ ‘যদি তুমি উনুনে শেঁকা শস্য-নৈবেদ্য আনো, তাহলে মিহি ময়দা দিয়ে তা তৈরি করতে হবে, যা হবে খামিরবিহীন, অথচ তেলমিশ্রিত পিঠে, তৈলাক্ত সরু চাকলী। 5 যদি পিঠে সেঁকার পাত্রে তোমার শস্য-নৈবেদ্য প্রস্তুত করো, তাহলে তেলমিশ্রিত মিহি ময়দা দিয়ে তা তৈরি করতে হবে, কিন্তু সেই খাদ্য খামিরবিহীন রাখতে হবে। 6 নৈবেদ্য খণ্ড খণ্ড করো, তাতে তেল ঢালো; এটি শস্য-নৈবেদ্য। 7 যদি তোমার শস্য-নৈবেদ্য একটি পাত্রে রান্না করা হয়, তা মিহি ময়দা ও জলপাই তেল সহযোগে রান্না করতে হবে। 8 এই সমস্ত উপাদান মিশ্রিত শস্য-নৈবেদ্য সদাপ্রভুর কাছে আনো; যাজকের হাতে দাও, যাজক সেটি বেদিতে নিয়ে যাবেন। 9 তিনি শস্য-নৈবেদ্য থেকে স্মরণীয় অংশ তুলে নেবেন, এবং অগ্নিকৃত নৈবেদ্যরূপে বেদিতে পোড়াবেন, যা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক সন্তোষজনক উপহার। 10 শস্য-নৈবেদ্যের অবশিষ্টাংশ হারোণের ও তাঁর ছেলেদের হবে। এটি সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত সমস্ত উপহারের অতি পবিত্র অংশ।

11 “ ‘সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত তোমার যে কোনো শস্য-নৈবেদ্য অবশ্যই খামিরবিহীন হবে। মধুমিশ্রিত কোনো নৈবেদ্য তুমি পোড়াতে পারবে না। 12 তুমি সেগুলি তোমার প্রথম ফসলরূপে সদাপ্রভুর কাছে আনবে, কিন্তু সৌরভার্থক প্রীতিজনক উপহাররূপে সেগুলি উৎসর্গ করা যাবে না। 13 তুমি তোমার শস্য-নৈবেদ্যের সব বস্তু লবণাক্ত করবে। তোমার শস্য-নৈবেদ্য তোমার ঈশ্বরের সঙ্গে সন্ধিচুক্তির লবণ বিহীন রাখবে না। তোমার সব নৈবেদ্যে লবণ মিশ্রিত করো।

14 “ ‘যদি তুমি সদাপ্রভুর উদ্দেশে তোমার প্রথম ফসলের শস্য-নৈবেদ্য নিবেদন করতে চাও, তাহলে আগুনে ঝলসানো নতুন ফসলের মর্দিত শিষ নিবেদন করবে। 15 এই নৈবেদ্যে তেল ঢালো ও এর উপরে ধূপ রাখো; এটি শস্য-নৈবেদ্য। 16 যাজক সমস্ত ধূপ সমেত মর্দিত ফসলের স্মরণীয় অংশ ও তেল পোড়াবে, যা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহাররূপে নিবেদিত হবে।

3:1 “ ‘যদি কেউ মঙ্গলার্থক বলিদান দেয় এবং পশুপাল থেকে একটি পশু উৎসর্গ করে, সেটি পুংপশু বা স্ত্রীপশু যাই হোক না কেন, সদাপ্রভুর সামনে সেটি নির্দোষ হওয়া চাই। 2 সে ওই পশুর মাথায় হাত রাখবে ও সমাগম তাঁবুর প্রবেশদ্বারে সেটিকে বধ করবে। পরে হারোণের পুত্র যাজকেরা বেদির চারপাশে রক্ত ছিটাবে। 3 মঙ্গলার্থক বলিদান থেকে সে এক অর্ঘ্য আনবে, যা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার, ভিতরের অঙ্গ এবং সমস্ত মেদ তার সঙ্গে যুক্ত, 4 অন্ত্র আচ্ছাদনকারী সমস্ত মেদ অথবা এর সঙ্গে সংযুক্ত প্রত্যঙ্গ, কোমরের কাছাকাছি মেদসহ দুটি কিডনি ও কিডনির পর্দা সে বাদ দেবে। 5 তারপর হোমবলির শীর্ষ ভাগে বেদির উপরে হারোণের ছেলেরা নৈবেদ্য পোড়াবে, অর্থাৎ কাঠে অর্ঘ্য ঝলসানো হবে; এটি অগ্নিকৃত এক নৈবেদ্য যা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক প্রীতিজনক উপহার।

6 “ ‘যদি সে সদাপ্রভুর উদ্দেশে পশুপাল থেকে কোনো পুংশাবক অথবা স্ত্রীশাবক মঙ্গলার্থক নৈবেদ্যরূপে উৎসর্গ করে, তাহলে তা যেন ত্রুটিমুক্ত হয়। 7 যদি সে এক মেষশাবক বলি দেয়, সদাপ্রভুর সামনে সে তাকে রাখবে। 8 সে তার বলির পশুর মাথায় হাত রাখবে ও সমাগম তাঁবুর সামনে বধ করবে। পরে হারোণের ছেলেরা বেদির চারপাশে বধ করা পশুর রক্ত ছিটাবে। 9 মঙ্গলার্থক বলি থেকে অগ্নিকৃত উপহার সে সদাপ্রভুর উদ্দেশে নিবেদন করবে। বলিকৃত পশুর সমস্ত মেদ, অথবা এতে সংযুক্ত অন্যান্য প্রত্যঙ্গ, 10 কোমরের কাছাকাছি মেদসহ দুটো কিডনি ও যকৃতের পর্দা সে সরিয়ে দেবে। 11 যাজক খাদ্যরূপে সেগুলি বেদিতে পোড়াবে, যা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত এক উপহার।

12 “ ‘যদি সে একটি ছাগল উৎসর্গ করতে চায়, সদাপ্রভুর সামনে সে তাকে রাখবে, 13 ছাগটির মাথায় সে হাত রাখবে ও সমাগম তাঁবুর সামনে তাকে বধ করবে। পরে হারোণের পুত্রেরা বেদির চারপাশে বধ করা পশুর রক্ত ছিটাবে। 14 তার যে কোনো বলিদান সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার হতেই হবে; অন্ত্র আচ্ছাদনকারী সমস্ত মেদ অথবা এতে সংযুক্ত প্রত্যঙ্গ 15 কোমরের কাছাকাছি মেদসহ দুটো কিডনি ও যকৃতের পর্দা সে সরিয়ে দেবে। 16 যাজক সেগুলি ভক্ষ্যরূপে বেদিতে পোড়াবে, যা সৌরভার্থক প্রীতিজনক অগ্নিকৃত এক উপহার। সমস্ত মেদ সদাপ্রভুর।

17 “ ‘পুরুষানুক্রমে তোমরা যেখানেই বসবাস করো এটি হবে তোমাদের জন্য চিরস্থায়ী বিধি, তোমরা মেদ অথবা রক্ত ভোজন করবে না।’ ”